সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

বয়সের সঙ্গে বদলায় শরীরের ঘ্রাণ, কারণটা জানেন?

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৩০ এএম
১৬৬ Shares
কৈশোর ও তারুণ্যের দিন পেরিয়ে একসময় শরীরে চলে আসে ‘বয়স্ক মানুষের ঘ্রাণ’। বয়সের সঙ্গে কেন বদলায় শরীরের ঘ্রাণ?

শৈশবে শরীরে যে মিষ্টি ঘ্রাণটা থাকে, সময়ের সঙ্গে তা বদলাতে থাকে। কৈশোর ও তারুণ্যের দিন পেরিয়ে একসময় শরীরে চলে আসে ‘বয়স্ক মানুষের ঘ্রাণ’। বয়সের সঙ্গে কেন বদলায় শরীরের ঘ্রাণ?

বয়সের সঙ্গে শরীরে ঘটে নানা পরিবর্তন। এমনকি শরীরের ঘ্রাণও বদলায়। শৈশব থেকেই আপনি হয়তো খেয়াল করেছেন, নানি-দাদি বা তাঁদের বয়সী অন্যদের কাছ থেকে একটা আলাদা ধরনের ঘ্রাণ পাওয়া যায়। এই ঘ্রাণ তখন আপনার মা-বাবার শরীরে নেই, নেই আপনার বন্ধুদের শরীরেও। তবে তাঁদের বয়স বাড়লে একসময় তাঁদের কাছ থেকেও সেই ‘বয়স্ক মানুষের ঘ্রাণ’টা পেতে পারেন আপনি।

কেন বয়সভেদে ঘ্রাণ আলাদা হয়মানুষের শরীরের ঘ্রাণ তাঁর নিজস্ব এক বৈশিষ্ট্য। তবে বয়সের সঙ্গে এই ঘ্রাণে কিছু পরিবর্তন আসে। শরীরের স্বাভাবিক ঘ্রাণের সঙ্গে জড়িয়ে আছে বয়সের কিছু বৈশিষ্ট্য।

শরীরের ঘ্রাণের জন্য যেসব গ্রন্থি দায়ী, শৈশবে সেসব পরিণত হয়ে ওঠে না।

তাই শিশুর শরীরের ঘ্রাণ হয় মিষ্টি। শিশুর শরীরের ঘ্রাণের সঙ্গে দুধের ঘ্রাণেরও মিল থাকে। কৈশোরে সেই গ্রন্থিগুলো পরিণত হতে থাকে। এ ছাড়া হরমোনেরও একটা বড় প্রভাব থাকে। তাই শরীর থেকে কিছুটা তীব্র ঘ্রাণ আসতে পারে।

তারুণ্য ও মধ্যবয়সে শরীরের ঘ্রাণ কিছুটা একই ধরনের থাকে। হরমোনের ‘উদ্দাম ঢেউ’ তখন আর থাকে না। কর্মমুখী জীবনের রোজকার স্বাভাবিকতা ও ঘামের কারণে শরীরের ঘ্রাণের ধরনটা দীর্ঘদিন অনেকটা একই রকম থাকে। বয়স বাড়তে থাকলে ত্বকের স্বাভাবিক তৈলাক্ততায় কিছু পরিবর্তন আসে। এর সঙ্গে জড়িয়ে থাকে কিছু রাসায়নিক ব্যাপারস্যাপার। তাই বদলাতে থাকে শরীরের ঘ্রাণ।

বয়স্ক মানুষের ঘ্রাণ কেন আলাদানানা বয়সের ঘ্রাণের মধ্যে বয়স্ক মানুষের ঘ্রাণ একটু আলাদাই বটে। বয়স্ক মানুষের সঙ্গে কাটানো সময়ের স্মৃতি হাতড়ে হয়তো আপনিও বিষয়টা অনুভব করেন। চোখ বুজে কল্পনা করবেন নাকি একবার? নানা-নানি, দাদা-দাদি বা তাঁদের বয়সীদের শরীরের ঘ্রাণটা ঠিক কেমন?

পান-সুপারি-জর্দা, শর্ষের তেল, নারকেল তেল, রান্নার মসলা, মাটির চুলার ধোঁয়াটে ঘ্রাণ—এমন নানা কিছুর সঙ্গেই আপনার চেনা বয়স্ক মানুষটির ঘ্রাণের মিল থাকতে পারে। কিংবা নানা কিছুর সংমিশ্রণে একটা ‘মায়ার ঘ্রাণ’ও উঁকি দিতে পারে আপনার স্মৃতিতে। তবে এসবের কোনোটিই আদতে বয়স্ক মানুষের ঘ্রাণ নয়।

বৈজ্ঞানিকভাবে বয়স্ক মানুষের ঘ্রাণ হলো ‘২-ননেনাল’ নামের এক বিশেষ পদার্থের ঘ্রাণ। রাসায়নিকভাবে এটি একধরনের অ্যালডিহাইড। এটির ঘ্রাণ কিছুটা গুমোট বা ভ্যাপসা ধরনের। একটু স্যাঁতসেতে, পুরোনো ধাঁচের এই বিশেষ ঘ্রাণই বয়স্ক মানুষের ঘ্রাণ।

কীভাবে সৃষ্টি হয় এই পদার্থত্বকের স্বাভাবিক তৈলাক্ত নিঃসরণে যে ফ্যাটি অ্যাসিড থাকে, বয়স বাড়তে থাকলে প্রাকৃতিক নিয়মেই তার গঠন কিছুটা বদলে যায়। ত্বকের সুরক্ষাব্যবস্থাও কিছুটা দুর্বল হতে থাকে। দৈনন্দিন জীবনের স্বাভাবিকতায় যখন ওই ফ্যাটি অ্যাসিডগুলো ভাঙে, তখন সৃষ্টি হয় ২-ননেনাল। বুঝতেই পারছেন, পুরোটাই একধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া।

তবে ২-ননেনাল কতটা তৈরি হবে কিংবা ত্বকে কতটা থাকবে, তা ব্যক্তিভেদে আলাদা হয়। এর সঙ্গে জিনগত বৈশিষ্ট্য, ত্বকের তেলের গঠনগত ব্যাপার, খাদ্যাভ্যাস, পোশাক, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পরিবেশ, স্বাস্থ্য প্রভৃতির সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হয়।

এটা কি তাহলে অপরিচ্ছন্নতার লক্ষণবয়সের সঙ্গে সঙ্গে শরীরে বয়স্ক মানুষের ঘ্রাণ আসাটা খুব স্বাভাবিক। এর সঙ্গে অপরিচ্ছন্নতার কোনো সম্পর্ক নেই। ঠিক কোন বয়সে এই ঘ্রাণ আসবে, তা অবশ্য নির্দিষ্টভাবে বলা মুশকিল। ৪০ বছর বা তার কাছাকাছি বয়সে এই ঘ্রাণ আসা শুরু হতে পারে।

অস্বস্তি এড়াতেঘাম যেভাবে ধুয়েমুছে ফেলা যায়, ২-ননেনাল সেভাবে সরিয়ে ফেলা সম্ভব নয়। তাই খুব সহজে এর ঘ্রাণ পুরোপুরি দূর করাও সম্ভব নয়। কিছু উপকরণ ব্যবহার করলে ২-ননেনাল কমানো যায় বলে ধারণা করা হয়। তবে বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণিত নয়।

অস্বস্তি এড়াতে খেয়াল রাখতে পারেন এসব বিষয়—

অ্যান্টি-অক্সিডেন্ট–জাতীয় খাবার খান (যেমন নানা রঙের শাকসবজি ও ফলমূল)।

রোদে গেলে নিয়মমাফিক সানস্ক্রিনসামগ্রী ব্যবহার করুন, যাতে রোদের প্রভাবে

ত্বকের ক্ষতি না হয়। তবে শরীরে ভিটামিন ডি তৈরির জন্য সানস্ক্রিনসামগ্রী ছাড়া কিছু সময় রোদে থাকার কথাও ভোলা যাবে না।

নিয়মমাফিক গোসল করুন।

এমন পোশাক পরুন, যার মধ্য দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে। ঘাম হলে জামাকাপড় বদলে ফেলুন।

ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন।

প্রয়োজনে শরীরে কিংবা ঘরে সুগন্ধি ব্যবহার করুন।

সূত্র: দ্য গার্ডিয়ান

সূত্র: প্রথম আলো