বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

ক্যালকুলেটরে নয়, টেবিলে আঙুলের টোকায় লাখ লাখ টাকার হিসাব করেন রিপন

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬, ১১:০০ এএম
৩৫৯ Shares
আঙুলের টোকায় দ্রুত ও নির্ভুল হিসাব করাই গাজীপুরের শ্রীপুরের পাইবারি মুদি পণ্যের ব্যবসায়ী রিপন সরকারের বিশেষত্ব।

দোকানের কর্মীরা একের পর এক বিক্রি করা পণ্যের নাম ও দাম বলে যাচ্ছেন। রিপন সরকার তা নিমেষেই ছোট্ট কাগজে লিখে নিচ্ছেন। এরপর শুরু হয় তাঁর হিসাবের খেলা। টেবিলের ওপর আঙুল ঠুকতে শুরু করেন তিনি। কয়েক মুহূর্তের মধ্যেই জানিয়ে দেন সব পণ্যের মোট দাম। কয়েক লাখ টাকার হিসাব মিলে যায় চোখের পলকে। অথচ তাঁর সামনে নেই কোনো ক্যালকুলেটর বা কম্পিউটার। আঙুলের টোকায় এমন দ্রুত ও নির্ভুল হিসাব করাই তাঁর বিশেষত্ব।

রিপন সরকারের হিসাব করার এমন দৃশ্য যাঁরা দেখেন, তাঁরাই বিস্মিত হন। বিষয়টি সহকর্মী, ক্রেতাদের কাছেও কৌতূহলের। ফাহিম আশরাফ নামের এক ক্রেতা বলেন, ‘যতবার কেনাকাটা করতে আসি, ততবারই এই দৃশ্য অবাক হয়ে দেখি। দাদার হিসাব করতে কোনো ক্যালকুলেটর লাগে না। এটা তাঁর আশ্চর্য ক্ষমতা।’

রিপন সরকার গাজীপুরের শ্রীপুর পৌর শহরের ব্যবসায়ী, বাড়ি শ্রীপুর পৌর শহরেই। তাঁর বাবার নাম রতন সরকার। তিনি ওই এলাকার ব্যবসায়ী রতন সরকারের ছেলে। প্রায় ৩০ বছর ধরে মুদিপণ্যের পাইকারি ব্যবসা করছেন রিপন। তাঁর বাবা ওষুধের ব্যবসা করতেন।

ছোট থেকে বাবার ব্যবসায় সহযোগিতা করতেন রিপন। বাবার কাছ থেকে পাওয়া ব্যবসার অভিজ্ঞতা নিয়েই মুদি মালামালের পাইকারি দোকান দিয়েছেন। তাঁর দোকানের নাম মেসার্স রিপন এন্টারপ্রাইজ। শ্রীপুর অঞ্চলের বড় পাইকারি মুদিদোকানগুলোর এটি একটি। প্রতিদিন অসংখ্য ক্রেতার কাছে কয়েক লাখ টাকার পণ্য বিক্রি করেন রিপন। তবে বড় ব্যবসার মতো তাঁর বিশেষ পরিচিতি হয়ে উঠেছে আঙুলের টোকায় দ্রুত হিসাব করার অদ্ভুত কৌশল।

গত মঙ্গলবার বিকেল চারটার দিকে রিপন সরকারের দোকানে গিয়ে দেখা যায়, বহুতল ভবনের নিচতলা ও দোতলাজুড়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান। দুই তলাতেই সাজানো রয়েছে বিপুল পরিমাণ মুদিপণ্য। দোকানের সামনে দাঁড়িয়ে ৮ থেকে ১০ জন পাইকারি ক্রেতা। কর্মীরা ক্রেতাদের চাহিদামতো পণ্য একত্র করছেন। একেকটি পণ্যের নাম বলে যাচ্ছেন তাঁরা। আর সেসব নাম ও দাম ছোট কাগজে লিখে নিচ্ছেন রিপন।

প্রায় ৪০ মিনিট ধরে দোকানটিতে দাঁড়িয়ে রিপনের হিসাবের কৌশল দেখেন এই প্রতিবেদক। প্রথমে নিমেষেই বিক্রি করা পণ্যের তালিকা দামসহ একটি তালিকা করে ফেলেন রিপন। এরপর শুরু হয় হিসাব। এ সময় রিপন টেবিলের ওপর আঙুল ঠুকতে থাকেন তিনি। মুহূর্তের মধ্যেই বলে দেন মোট দাম। ক্রেতাকে জানিয়ে দেন কত টাকা দিতে হবে।

রিপনের দোকানে অনেক বেচাবিক্রি হয়। ব্যবসার কাজে তাঁকে সহযোগিতা করেন চারজন কর্মী। মাঝেমধ্যে স্ত্রী ঝুমা সরকারও দোকানে এসে সহযোগিতা করেন। প্রতিদিন লাখ লাখ টাকার পণ্য বিক্রি হলেও হিসাবের জন্য তাঁর টেবিলে কোনো ক্যালকুলেটর কিংবা কম্পিউটার নেই। নেই কোনো হিসাবযন্ত্রের ব্যবহার। নিজের তৈরি কৌশলেই সব হিসাব মেলান রিপন।

এভাবে হিসাব করা কীভাবে আয়ত্ত করলেন, জানতে চাইলে রিপন সরকার বলেন, ‘এটা আমার নিজস্ব পদ্ধতি। এর কোনো নাম নেই। হিসাব করতে করতেই অভ্যাস হয়ে গেছে। আঙুল দিয়ে টেবিলে টোকা দিলে মনের মধ্যে হিসাবের ধারাবাহিকতা তৈরি হয়। প্রতিটি টোকায় হিসাবের একেকটি ধাপ মাথায় কাজ করে। কীভাবে এটা হয়েছে, কিংবা কীভাবে হিসাব করছি, তা আসলে বুঝিয়ে বলার মতো কিছু নেই। এটা আমার অভ্যাস। এই পদ্ধতিতে খুব দ্রুত ও নির্ভুলভাবে হিসাব মিলে যায়।’

হিসাবে কখনো ক্যালকুলেটর ব্যবহারের অভ্যাস গড়ে তোলেননি বলে জানালেন রিপন। তিনি বলেন, ‘আমার দোকানে কোনো ক্যালকুলেটর ব্যবহার করি না। ক্যালকুলেটর ব্যবহারের অভ্যাস একেবারেই নেই। কখনো ব্যবহার করা হয়নি।’

এই গণনাপদ্ধতি অ্যাবাকাস থিউরি (একধরনের গণনাপদ্ধতি), এমন প্রশ্নে রিপন বলেন, ‘অ্যাবাকাস থিউরির বিষয়টি সম্প্রতি শোনা যাচ্ছে। এই থিউরির নাম শুনেছি, বিস্তারিত কিছুই জানি না। আমার এই পদ্ধতি অ্যাবাকাস থিউরি না, এটা আমার একটা অভ্যাস বলতে পারেন।’

স্নাতক পর্যন্ত পড়াশোনা করেছেন রিপন সরকার। ১৯৯৯ সালে বিয়ে করেছেন ঝুমা সরকারকে। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে স্নাতকে পড়ছেন, ছোট মেয়ে এইচএসসি পাস করেছেন। ছেলে পড়ে ষষ্ঠ শ্রেণিতে।

স্বামীর এই হিসাব করার কৌশল বহু বছর ধরে খুব কাছ থেকে দেখেছেন ঝুমা সরকার। তিনি বলেন, ‘বিয়ের পর থেকেই স্বামীকে ব্যবসার জটিল হিসাবনিকাশ করতে দেখেছি। কয়েক বছরের মধ্যেই তাঁকে আঙুলের টোকায় হিসাব করার এই পদ্ধতি আয়ত্ত করতে দেখি। প্রথম প্রথম খুব অবাক হতাম। এখন আর অবাক হই না। এটা আমাদের কাছে একেবারেই স্বাভাবিক দৃশ্য। ক্রেতারাও তাঁর এই পদ্ধতির সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন।’

ব্যতিক্রমী হিসাবের কৌশল রিপন সরকারের কাছে নিছক অভ্যাস হলেও ক্রেতা ও সহকর্মীদের কাছে তা বিস্ময়ের। দোকানটিতে এক বছর ধরে সহকারী হিসেবে কাজ করছেন হাদিউল ইসলাম। আঙুলের টোকায় রিপনের হিসাব করার দৃশ্য দেখে প্রথম প্রথম তিনিও অবাক হতেন। এখন বিষয়টি তাঁর কাছে স্বাভাবিক মনে হয়। হাদিউল বলেন, ‘আমি তাঁর কাছ থেকে এই পদ্ধতি শেখার জন্য বায়না ধরেছিলাম। তিনি বলেছেন, আগে ব্যবসার কাজ ভালোভাবে শিখতে হবে। এরপর এই হিসাবের পদ্ধতি শেখাবেন।’

পাঁচ বছর ধরে রিপন সরকারের দোকান থেকে পাইকারি পণ্য কেনেন অনন্ত রানী পাল। তিনি বলেন, ‘আমরা ক্যালকুলেটর দিয়েও অনেক সময় হিসাব করতে সমস্যায় পড়ি। অথচ দাদা বড় বড় হিসাব আঙুলের টোকায় করে ফেলেন। এটা আশ্চর্যের বিষয়। পাঁচ বছর ধরে তাঁর সঙ্গে ব্যবসা করছি। কখনো এক টাকার হিসাবেও ভুল হতে দেখিনি।’

সূত্র: প্রথম আলো