ঈদের সিনেমা জুটি সিয়াম–তুষি, শঙ্খর নতুন সিনেমায় থাকছে যেসব চমক
২০২৪ সালের ডিসেম্বরে প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ দিয়ে চমকে দিয়েছিলেন শঙ্খ দাশগুপ্ত। পুরান ঢাকার প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি দেশে-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করে পুরস্কার জিতেছিলেন মেহজাবীন চৌধুরী। বিরতির পর এবার নতুন সিনেমা নিয়ে আসছেন শঙ্খ।
২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘আবার দেখা হলে’। সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সময়ের আলোচিত অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসছেন তাঁরা। বড় পর্দায় সিয়াম-তুষির নতুন রসায়ন দর্শকদের জন্য হতে যাচ্ছে বিশেষ আকর্ষণ।
তারকার চমক এখানেই শেষ নয়। ‘আবার দেখা হলে’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। আছেন দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ, রেজওয়ান পারভেজ।
সিঙ্গার । বেকো প্রেজেন্টস ‘আবার দেখা হলে’ সিনেমাটি প্রযোজনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফিল্মি ফিচারস’। সিনেমাটির সঙ্গে সহপ্রযোজক এবং অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’, ইন অ্যাসোসিয়েশন উইথ এমআইবি স্টুডিওস।
‘প্রিয় মালতী’র পর চলতি বছর চরকিতে মুক্তি পাওয়া ‘চা গরম’ সিনেমাটি ব্যাপক প্রশংসিত হয়। নির্মাতা জানান, ‘আবার দেখা হলে’ ড্রামা ঘরানার সিনেমা, যা প্রেক্ষাগৃহে উপভোগ করা যাবে পরিবারের সব বয়সী সদস্যদের নিয়ে।
শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘গল্পটি সমাজের মধ্যবিত্ত শ্রেণির। আবেগ, পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক আবহের বিষয় রয়েছে সিনেমাটিতে, রয়েছে বাস্তব জীবনের দ্বন্দ্ব এবং নাটকীয়তা। এসব শুনে দর্শকেরা আবার মনে করবেন না যে এটি খুব গম্ভীর কোনো সিনেমা হতে যাচ্ছে। মূল আবেগকে ঘিরে সিনেমায় হাস্যরসও রয়েছে অনেক। এ ছাড়া দর্শকদের পছন্দের অভিনয়শিল্পীরা রয়েছেন, তাঁদের অভিনয়টাও আমার গল্পের অন্যতম শক্তি।’
গল্পের ধরন জানিয়ে শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘এটা মূলত নিজেকে ফিরে পাওয়ার গল্প। এই ফিরে পাওয়ার মধ্যে এত কিছু রয়েছে, যেটা একটা একটা করে বলা মুশকিল। সহজ হবে, যদি কেউ তাঁর নিজেকে চিন্তা করেন। নিজের ফেলে আসা সময়কে ফিরে পেতে, খুঁজে দেখতে, প্রশ্ন করতে বা কারণ জানতে চাইলে যে যে অনুভূতি ও পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, এই সিনেমার গল্পও সেইভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে, প্রতিটি দর্শকই এটা নিজের সঙ্গে মেলাতে পারবেন।’
নির্মাতার কথা থেকে ধারণা করা যায়, সিনেমাটির মূল বিষয় বা ভাবনা হলো নিজের শিকড়কে নতুন করে খুঁজে পাওয়া কিংবা নিজেকে ফিরে দেখা, ফেলে আসা বিষয়গুলো খোঁজা বা আত্মিক সংযোগ। নির্মাতা জানিয়েছেন, দর্শকের সামনে এই বিষয়গুলো ফুটিয়ে তোলা হবে ভিন্ন ভিন্ন সময়কালে, যা দর্শকদের নিয়ে যেতে পারে স্মৃতিঘেরা সফরে। আর এসব আবেগকে অর্থপূর্ণ করে তুলবে সিনেমার আবহসংগীত ও গান, যা চলচ্চিত্রের অন্যতম প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে বলে মনে করেন নির্মাতা।
সিনেমার সহপ্রযোজক চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়ার কারণ জানিয়ে বলেন, ‘চরকি বিশ্বাস করে নানা অনুভূতির গল্প হওয়া জরুরি। আমাদের সিনেমাগুলো দেখলে দর্শকেরা সেটা বুঝতে পারবেন। “আবার দেখা হলে” সিনেমাটি পরিবারের গল্প, নিজেকে ফিরে দেখার গল্প। সিনেমা হলে দর্শকেরা পরিবার নিয়ে দারুণ কিছু অনুভূতি ও মুহূর্তের মধ্যে দিয়ে যাবেন বলে বিশ্বাস করি।’
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ।
সূত্র: প্রথম আলো
-
পবিত্র মসজিদুল হারামের ২১ কিমি দূরে আছড়ে পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ
-
চোখের চিকিৎসা করাতে ঢাকায় এসে সড়কে প্রাণ গেল শফিকুলের
-
বিয়ে করলেন অনিরুদ্ধ, পাত্রী ২৫ হাজার কোটি টাকার উত্তরাধিকারী
-
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল
-
ঈদের সিনেমা জুটি সিয়াম–তুষি, শঙ্খর নতুন সিনেমায় থাকছে যেসব চমক
-
ব্যাংক এশিয়ায় অফিসার পদে চাকরির সুযোগ, আবেদন ১৯ নভেম্বরের মধ্যে
-
‘সাইন্টোলজি’: বিজ্ঞান কল্পকাহিনির আড়ালে কি রহস্যময় ধর্মব্যবসা
-
ব্যাংকে আমানত ও ঋণ, দুই হিসাবই বাড়ছে নারীদের
-
ইরানের হামলার ভয়ে যুক্তরাজ্য থেকে একে একে সরছে মার্কিন উড়োজাহাজ, যুদ্ধ কি ছড়াচ্ছে নতুন দেশে
-
দুই দিনে সোনার দাম কমল প্রায় ৫ হাজার টাকা
-
প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা অক্ষত দ্বীপের খোঁজ
-
নতুন সমীকরণে ‘হোয়াইট হাউস’, এদের হাতে আমেরিকার গণতন্ত্র!
-
নুসরাত তাবাসসুম বললেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব’
-
দুইবার ক্যানসারে আক্রান্ত হয়ে সেরে উঠেছেন সোনিয়া গান্ধী
-
চট্টগ্রামে ১৯ মামলার আসামি ছুরিকাঘাতে নিহত