কালাইকেশর খালে দ্রুত সেতু বানান
একটি সেতুর অভাবে একটি জনপদ কতটা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে, পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রাম তার দৃষ্টান্ত। কালাইকেশর খালের ওপর নির্মিত লোহার সেতুটি ভেঙে পড়েছে পাঁচ বছর আগে। এর পর থেকে স্থানীয় মানুষের উদ্যোগে তৈরি একটি বাঁশের সাঁকোই প্রায় সাত হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা। সেই সাঁকো দিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করতে হয় দেড় শতাধিক শিক্ষার্থীকে। অথচ সাঁকোটি দিয়ে কোনো যানবাহন চলাচলের সুযোগ নেই।
এটি কেবল একটি অবকাঠামোগত সমস্যার বিবরণ নয়; বরং নাগরিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে স্থানীয় সরকারের দায়িত্ব ও উন্নয়ন পরিকল্পনার অগ্রাধিকার নিয়ে গুরুতর প্রশ্ন। একটি গ্রামের সাত হাজার মানুষ পাঁচ বছর ধরে একটি সেতুর জন্য অপেক্ষা করছেন। তাঁদের মধ্যে রয়েছে শিশু, নারী, প্রবীণ, অসুস্থ মানুষ, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী। একটি পাকা সেতুর অভাবে তাঁদের প্রতিদিনের জীবনযাত্রা কতটা দুর্বিষহ হয়ে উঠেছে, তা সহজেই অনুমেয়।
.সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি শিক্ষার্থীদের। কালাইকেশর খালের ওপর বাঁশের সাঁকোটি পার হয়েই দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীর মধ্যে ৬০ জন এই সাঁকো ব্যবহার করে। অন্যদিকে পশ্চিম তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫০ শিক্ষার্থীর প্রায় অর্ধেকের বিদ্যালয়ে যাওয়ার পথও এটি। বর্ষা মৌসুমে সাঁকো ভিজে পিচ্ছিল হয়ে যায়। তখন শিশুদের খালে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সাঁকো পার হওয়ার সময় বই-খাতা পানিতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে। এমন ঝুঁকিপূর্ণ পথে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করতে হলে শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ ও উপস্থিতি কমে যাওয়াই স্বাভাবিক। সাঁকোর কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমছে।
.সমস্যাটি শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নয়। গ্রামের অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে ভোগান্তি পোহাতে হয়। কৃষকদের উৎপাদিত পণ্য মাথায় করে সাঁকো পার হয়ে অন্য পাশে নিয়ে যেতে হয়। এরপর ভ্যান বা রিকশায় করে আমখোলা বাজারে পৌঁছাতে হয়। সাঁকো দিয়ে যানবাহন চলাচল করতে না পারায় কৃষিপণ্য পরিবহন ব্যয়বহুল ও সময়সাপেক্ষ হয়ে পড়েছে। একই কারণে স্থানীয় ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাছের সেরুখার বাজারে আগে ৩০ থেকে ৪০টি দোকানে কেনাবেচা হতো। কিন্তু সেতু ভেঙে যাওয়ার পর ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। অনেক ব্যবসায়ী দোকান সরিয়ে অন্য বাজারে চলে গেছেন। অর্থাৎ একটি সেতুর অভাবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও স্থানীয় অর্থনীতি—সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ছে।
এসব দিক বিবেচনায় নিয়ে কালাইকেশর খালের ওপর একটি পাকা সেতু নির্মাণ জরুরি। কারণ, এটি কেবল উন্নয়নকাজ নয়, এটি মানুষের নিরাপত্তা, শিক্ষা ও জীবনযাত্রার অধিকার নিশ্চিত করার বিষয়।
সূত্র: প্রথম আলো
-
ফাঁদ
-
সরকারি পর্যায়ে চিকিৎসার সুযোগ বাড়াতে হবে
-
পত্রিকা: 'গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে'
-
বিএনপি ও জামায়াতের বিরোধ কত দূর যাবে
-
কালাইকেশর খালে দ্রুত সেতু বানান
-
মশার গুনগুনানির চেয়ে বড় মিউজিক আর কী আছে, ওটা হলো ন্যাচারাল অটোটিউন! —ফেরদৌস ওয়াহিদ
-
কখনোই সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাইনি: জোভান
-
আজ টিভিতে যা দেখবেন (১৫ নভেম্বর ২০২৬)
-
চীনে খাড়া গিরিখাতে ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা মেটায় সাড়ে ৭ কোটি মানুষের
-
২০৩৮ সালে কি কম্পিউটারের ঘড়ি থেমে যাবে
-
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ব্যানবেইসে ২৭৩ জনের চাকরি, আবেদনের শেষ ২৬ নভেম্বর
-
‘আমার ভিডিওগুলোতে সব সময় ব্যর্থতার দৃশ্যও রাখি’
-
সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন
-
রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা গ্রেপ্তার
-
‘বাবাকে না পেয়ে আমরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম’