বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

অভিনেত্রী জ্যোতিকে গ্রেপ্তার দেখাল ডিবি, নাশকতার অভিযোগ নিয়ে তদন্ত

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৪:৪৫ পিএম
২৪১ Shares

রাজধানীর উত্তরা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উত্তরা বিভাগের একটি দল গতকাল বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিয়াজ মেহেদী জানান, জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে মামলা রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মামলার বিস্তারিত তথ্য কিংবা সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

এর আগে গভীর রাতে পুলিশ বাসায় যাওয়ার পর একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। কান্নাজড়িত কণ্ঠে দাবি করেন, তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন। তাঁকে কেন আটক করা হচ্ছে, তা–ও জানেন না। একপর্যায়ে তিনি বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’

পুলিশ সদস্যদের উদ্দেশে জ্যোতি আরও বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি অফিসে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’ লাইভের শেষ দিকে মা–বাবাকে আশ্বস্ত করে অভিনেত্রী বলেন, ‘আমি ভয় পাচ্ছি না। বাবা–মা, তোমরা ভয় পেয়ো না।’

পরে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ছাত্র–জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগপন্থী কয়েকজন শিল্পীর হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’–এর সদস্য ছিলেন জ্যোতিকা জ্যোতি। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে আন্দোলনকারী শিক্ষার্থী ও তাঁদের সমর্থন জানানো কয়েকজন অভিনয়শিল্পী ও নির্মাতাকে নিয়ে নেতিবাচক মন্তব্যের বিষয়টি সামনে আসে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা।

পরে ফেসবুক লাইভে এসে জ্যোতি দাবি করেন, ওই গ্রুপে থাকার উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা ছিল না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য সেখানে জানাতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যাকে সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী।

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন জ্যোতিকা জ্যোতি। তিনি দলটির বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। ২০১৬ সালে ময়মনসিংহ–৩ আসনের উপনির্বাচন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে কোনোবারই মনোনয়ন পাননি।

আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন জ্যোতি। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সেপ্টেম্বরে কর্মস্থলে গেলে সহকর্মীদের একাংশের প্রতিবাদের মুখে পড়েন তিনি। পরে ওই বছরের ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

২০০৪ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন জ্যোতিকা জ্যোতি। এরপর টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলি’, ‘অনিল বাগচীর একদিন’, ‘মায়া: দ্য লস্ট মাদার’ ও ‘লাল মোরগের ঝুঁটি’।

কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করেছেন ময়মনসিংহের গৌরীপুরের এই অভিনেত্রী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সিনেমায় রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করেন জ্যোতিকা। এতে তাঁর বিপরীতে ছিলেন ঋত্বিক চক্রবর্তী।

সূত্র: প্রথম আলো