আইসিজের রায় রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার শেষ সুযোগ
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা নিয়ে রায় দিয়েছেন। সেই রায় নিয়ে লিখেছেন মোহাম্মদ সুফিউর রহমান
.২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো দমন–পীড়নের ঘটনায় মিয়ানমারকে গণহত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। সাত বছর ধরে বিচারকাজ শেষে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গতকাল বৃহস্পতিবার ঘোষিত রায়ে এ কথা বলেছেন।
নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত এই আদালতের সভাপতি বিচারক ইওয়াসাওয়া ইয়ুজি বলেছেন, ২০১৭ সালের তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশনে’ মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। তারা ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।
গণহত্যার লক্ষ্য নিয়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী যে এসব কাজ করেছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি রয়েছে বলে উল্লেখ করেছেন ইওয়াসাওয়া ইয়ুজি। তিনি বলেন, ২০১৭ সালে ওই অভিযান ঘিরে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছিল। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার বিষয়ে মিয়ানমারের অভিপ্রায় গড়ে ওঠার ভিত্তিও তৈরি করেছিল। আন্তর্জাতিক বিচার আদালতের এই বিচারক বলেন, আদালতের কাছে উপস্থাপিত সব প্রমাণ একসঙ্গে বিবেচনায় নিলে এ সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি পাওয়া যায় যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী জাতিগত নিধনের লক্ষ্য নিয়ে কাজ করেছে।
.২০১৭ সালের আগস্টে বাংলাদেশ সীমান্তবর্তী আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক দমন অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। তাদের নিষ্ঠুরতার মুখে ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় সাত লাখের বেশি রোহিঙ্গা। এখনো তারা বাংলাদেশের কক্সবাজার ও নোয়াখালীর ভাসানটেকে শরণার্থীশিবিরে আশ্রয় নিয়ে আছে।
রোহিঙ্গাদের ওপর চালানো এই হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা (জেনোসাইড) সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে আইসিজেতে এই মামলা করেছিল গাম্বিয়া। সাত বছর ধরে বিচারকাজ পরিচালনার পর রায় ঘোষণা করলেন আইসিজের বিচারকেরা। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করা হয়েছিল। একই সঙ্গে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগও আনা হয় দেশটির বিরুদ্ধে।
.আইসিজের রায়ের প্রধান দিকগুলো
আইসিজে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে একটি জাতিগত ও ধর্মীয় গোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের ধ্বংস করার বিষয়ে মিয়ানমারের কর্তৃপক্ষের, বিশেষ করে দেশটির সামরিক বাহিনীর মধ্যে সুস্পষ্টভাবে এই অভিপ্রায় ছিল। রায়ে বলা হয়েছে, হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করার মতো সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছিল অপরাধীরা। কয়েক দশক ধরে রোহিঙ্গাদের এমন জীবনযাপনের পরিস্থিতির মধ্যে রাখা হয়েছিল, যার পরিণতি ছিল এই জনগোষ্ঠীর শারীরিক ধ্বংস। এ প্রক্রিয়ায় রাখাইনসহ পুরো মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠী রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে প্রান্তিক হয়ে পড়েছিল।
মিয়ানমারের সেনাবাহিনী, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মকর্তাদের গণহত্যার ষড়যন্ত্র এবং গণহত্যার পর্যায়ের নৃশংস অপরাধ সংঘটনের জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। বেসামরিক সরকারের কর্মকর্তারাও এই গণহত্যায় সহযোগিতা করেছেন বলে আইসিজে সিদ্ধান্ত দিয়েছেন। অং সান সু চির নেতৃত্বাধীন তৎকালীন বেসামরিক সরকারও গণহত্যা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি, যদিও এ বিষয়ে তারা অবগত ছিলেন। বরং ২০১৬-১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা উচ্ছেদ অভিযানের পক্ষে সাফাই গেয়েছিল সু চির এনএলডি সরকার। রোহিঙ্গাদের ওপর নির্বিচার বলপ্রয়োগ ও সহিংসতার ঘটনাকেও তারা গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা করে। এমনকি সু চি নিজে নেদারল্যান্ডসের হেগে গিয়ে অপরাধীদের পক্ষে সাফাই দিয়েছিলেন।
.এই রায় কার্যকর করা সম্ভব কি?
আইসিজের নিজস্ব কোনো আইনগত ব্যবস্থা নেই, যার মাধ্যমে আদালত তাঁর রায় বাস্তবায়ন করতে পারেন। তবে কোনো জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া এবং শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। জাতিসংঘ সনদের সপ্তম অধ্যায়ে এ ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। অতীতে নিজেদের ব্যর্থতা পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে নিরাপত্তা পরিষদের সদস্যদের সম্মিলিতভাবে ভাবা উচিত।
গণহত্যা সনদের ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সনদে স্বাক্ষরকারী দেশগুলো গণহত্যা প্রতিরোধ ও দমনে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জাতিসংঘ সনদ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাতে পারে। আইসিজে যখন অতীতে সংঘটিত এবং চলমান গণহত্যা ও সনদের তৃতীয় অনুচ্ছেদে শাস্তিযোগ্য অন্যান্য অপরাধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন, তখন প্রভাবশালী দেশ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার উচিত উপযুক্ত পদক্ষেপ নিয়ে ভাবা। প্রয়োজনে জাতিসংঘ সনদের সপ্তম অধ্যায়ের ৪১ ও ৪২ অনুচ্ছেদ এবং ‘রাইট টু প্রটেক্ট’ বা সুরক্ষার দায়িত্বের আওতায় ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করতে হবে।
.এ ছাড়া মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগের বিচার করার দায়িত্ব আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)। আইসিজের রায়ে পাওয়া তথ্যপ্রমাণ ব্যক্তিগত দায় নির্ধারণের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। ফলে জবাবদিহি নিশ্চিত করতে আইসিসির কার্যক্রম আরও গতিশীল হওয়া প্রয়োজন। জেনারেল মিন অং হ্লাইং এবং তাঁর সহযোগীদের বিচারের মুখোমুখি করতে হবে।
.সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপর রায়ের প্রভাব
আইসিজের রায়ে বিপুল তথ্যপ্রমাণ ও বিশ্লেষণ উঠে এসেছে। এখন সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্ব হচ্ছে এসব তথ্য ও সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া। গণহত্যার অভিপ্রায় নির্ধারণের ক্ষেত্রে এই রায় একটি গুরুত্বপূর্ণ আইনি নজির তৈরি করেছে। ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলার মতো আন্তর্জাতিক অঙ্গনের অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রেও এই রায়ের প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
মিয়ানমারের অভ্যন্তরীণ পক্ষগুলোর মধ্যে দেশটির সরকার ও সেনাবাহিনীকে রায়ের আইনি গুরুত্ব উপলব্ধি করতে হবে। আরাকান আর্মিকে ওই জবাবদিহির প্রক্রিয়া থেকে শিক্ষা নেওয়া উচিত। ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার, অগ্নিসংযোগ ও হত্যার মতো গণহত্যামূলক কর্মকাণ্ড থেকে তাদের বিরত থাকতে হবে। রোহিঙ্গা সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রান্তিক অবস্থার অবসান ঘটানোর দায়িত্বও তাদের রয়েছে।
.বাংলাদেশের অবস্থান ও করণীয় কী হওয়া উচিত?
আইসিজের রায়কে কাজে লাগিয়ে মিয়ানমারের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করা এবং দেশটির ওপর চাপ সৃষ্টি করা উচিত বাংলাদেশের। ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্মত হওয়া রূপরেখার সমঝোতার আওতায় আরও সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের জন্য মিয়ানমারকে চাপ দিতে হবে। এসব ব্যবস্থায় কয়েকটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। প্রথমত, চট্টগ্রাম অঞ্চলে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা ও অগ্রগতির ধাপ নির্ধারণ। দ্বিতীয়ত, রাখাইনে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি। তৃতীয়ত, ফিরে যাওয়া রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা।
আন্তর্জাতিক সমর্থন আদায়ের পাশাপাশি বাংলাদেশকে ১৯৮২ সালের বৈষম্যমূলক নাগরিকত্ব আইন পর্যালোচনা এবং মিয়ানমারে তথাকথিত স্বীকৃত ১৩৫টি জাতিগোষ্ঠীর তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্ত করার দাবি জানাতে হবে। মিয়ানমারকে বোঝাতে হবে, রাখাইন ও মিয়ানমারের সমাজে সমান অধিকার নিয়ে রোহিঙ্গাদের আবার একীভূত করার অপরিহার্য শর্ত হচ্ছে তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া।
.রোহিঙ্গা সংকট সমাধানে এই রায় কীভাবে সহায়ক হতে পারে?
রাখাইন রাজ্য এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একটি পূর্ণাঙ্গ শুমারি করার উদ্যোগ নেওয়ার বিষয়ে মিয়ানমার ও আরাকান কর্তৃপক্ষের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সৃষ্টি করা উচিত। এর মাধ্যমে রোহিঙ্গাদের রাষ্ট্রহীনতার অবসান ঘটানোর পথ সুগম করতে হবে। জাতিসংঘের জনসংখ্যাবিষয়ক সংস্থা ইউএনএফপিএ ২০১৪ সালে মিয়ানমারের জনসংখ্যা ও আবাসন শুমারিতে কারিগরি সহায়তা দিয়েছিল। কিন্তু সেই শুমারিতে রোহিঙ্গাদের অন্তর্ভুক্ত করা হয়নি। রোহিঙ্গাদের অদৃশ্য করে দেওয়ার ক্ষেত্রে জাতিসংঘের এই সংস্থারও দায় রয়েছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং জাতিসংঘের আরও কয়েকটি সংস্থা মিয়ানমারে নিজেদের অবস্থান শক্তিশালী করতেই বেশি মনোযোগী ছিল। ওই সংস্থাগুলোর নিজেদের ভূমিকা নিয়ে বিব্রত হওয়া উচিত। আইসিজের রায় এসব সংস্থাকে তাদের নিষ্ক্রিয়তা ও পক্ষপাত থেকে বেরিয়ে এসে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ দাবি করতে উদ্বুদ্ধ করবে—এটাই প্রত্যাশা। গত কয়েক বছরে জাতিসংঘের অবস্থান অনেকটা এমন ছিল যে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের কাছে নানা দাবি জানানোই যেন তাদের দায়িত্ব, অথচ গণহত্যার জন্য দায়ী মিয়ানমারের বিষয়ে তারা নীরব থেকেছে।
.আরাকান আর্মির গুরুতর কর্মকাণ্ডের বিষয়ে পশ্চিমা কয়েকটি দেশের রাজধানীতেও একই ধরনের প্রবণতা দেখা গেছে। এখন দ্বৈতনীতি ও কূটনৈতিক সুবিধাবাদ পরিহার করে মিয়ানমারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণের সময় এসেছে। মিয়ানমার ও আশপাশের অঞ্চলে নিজেদের কৌশলগত স্বার্থের সঙ্গে রোহিঙ্গা ইস্যুকে কোনোভাবেই এক করে দেখা সমীচীন হবে না।
মিয়ানমার ও রাখাইনের যেসব কর্তৃপক্ষ সরাসরি এসব অপরাধের জন্য দায়ী এবং যেসব পক্ষ এসব অপরাধে সহযোগিতা করেছে, তাদের জবাবদিহির আওতায় আনার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আর কোনো অজুহাত থাকা উচিত নয়। আইসিজের রায় বাস্তবায়নে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ বিবেচনা করতে হবে। একই সঙ্গে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা—এই দুই দিকেই সমান গুরুত্ব দিতে হবে।
.রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ ও অধিকার ফিরিয়ে দেওয়ার শেষ সুযোগ
আন্তর্জাতিক আদালত যখন সত্য উদ্ঘাটন করেছেন, তখন মিয়ানমারকে অপরাধীদের ব্যক্তিগত দায় স্বীকার ও জবাবদিহি নিশ্চিত করার পথ খুঁজতে হবে। রাখাইন ও মিয়ানমারের সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিজেদের ভুল ও অপরাধ স্বীকার করতে হবে। একই সঙ্গে অতীতের নৃশংসতার স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। রোহিঙ্গা, রাখাইন ও রাখাইনের অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে সম্পর্ক উন্নয়ন ও পুনর্মিলনের লক্ষ্যে সংলাপ শুরু করা প্রয়োজন। এর মধ্য দিয়ে ভেঙে যাওয়া মানবিক ও সামাজিক সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি হতে পারে।
রোহিঙ্গাদের ঝুঁকিপূর্ণ অবস্থার অবসান ঘটাতে গণহত্যার পেছনে থাকা প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার সংস্কার এবং পরিবর্তনের জন্য মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। বিশেষ করে চীন, ভারত, জাপান ও আসিয়ানভুক্ত দেশগুলোর উচিত ক্ষত নিরাময়, সংলাপ এবং রোহিঙ্গাদের সমাজে পুনরেকীভূত করার প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়া। পরবর্তী পর্যায়ে রোহিঙ্গাদের জীবন-জীবিকার জন্য সুনির্দিষ্ট সহায়তা, ক্ষতিপূরণ এবং মানসিক আঘাত, শারীরিক ক্ষতি, সম্পদ ও জীবিকার ক্ষতির জন্য প্রতিকার নিশ্চিত করার বিষয়গুলো বিবেচনা করতে হবে।
.দেরিতে হলেও আইসিজের এই রায় রোহিঙ্গাদের দুর্দশা ও দীর্ঘদিনের বঞ্চনার বিষয়টি আবারও আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে নিয়ে এসেছে। রাখাইনে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি এবং রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও আইনি সংস্কারের জন্য এই সুযোগ কাজে লাগাতে হবে। অপরাধের তথ্যপ্রমাণ প্রতিষ্ঠিত হয়েছে এবং নিরপেক্ষ ও ন্যায়সংগত বিচারপ্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর আইনি বাধ্যবাধকতাও চিহ্নিত হয়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের আবারও ব্যর্থ হতে দিতে পারে না।
মোহাম্মদ সুফিউর রহমান মিয়ানমারে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং জেনেভায় বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি।
সূত্র: প্রথম আলো
-
পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের নয়!
-
ব্যবসায়ীদের ওপর কেন এতটা ক্ষুব্ধ হলেন নরেন্দ্র মোদি, কথা বললেন রাহুলের সুরে
-
মুগ্ধতার মোহনায় একটি দিন
-
প্যারেন্টিংয়ের ধরনগুলো কেমন হতে পারে
-
আইসিজের রায় রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার শেষ সুযোগ
-
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় হলে উত্তেজনা, ছাত্রদলের দুঃখ প্রকাশ
-
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইউরোপ, বলছেন নেতারা
-
‘থ্রি ইডিয়টস’–এর ফারহানের গল্পে লুকিয়ে আছে হিরানির নিজের জীবন
-
আন্তর্জাতিক বিচার আদালতের রায়: বাংলাদেশের নৈতিক জয় হলো
-
ঢাকার রাস্তায় নতুন ই-রিকশা, দাম ৫ লাখ, জমা দিনে ৮০০, ভাড়া ইচ্ছেমতো
-
১৯ বছর ধরে কী কৌশলে গদি আঁকড়ে আছেন নেতানিয়াহু
-
বারো হাত বাঁশ!
-
‘নো’ বলের বড় মাশুল দিচ্ছে বাংলাদেশ, অন্যদের কী হাল
-
নিজের সম্ভাবনাকে কখনো সীমাবদ্ধ ভাববেন না—অধ্যাপক কামরুন্নাহার, অধ্যাপক, উদ্ভিদ শারীরতত্ত্ববিদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
-
নারায়ণগঞ্জে ধরা পড়া কুমিরটি প্রাপ্তবয়স্ক, নেওয়া হয়েছে গাজীপুর সাফারি পার্কে