শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

ব্যবসায়ীদের ওপর কেন এতটা ক্ষুব্ধ হলেন নরেন্দ্র মোদি, কথা বললেন রাহুলের সুরে

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ১২:৩০ পিএম
৪০৭ Shares
শিল্পপতিদের কড়া সমালোচনা করে মোদি বলেন, ‘আপনাদের ভালো করে চিনি। আপনাদের চাহিদার শেষ নেই। যতই খান, আপনাদের পেট ভরে না। এভাবেই চলে আসছে।’

এত দিন ধরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ‘বেহাল’ ভারতীয় অর্থনীতির ছবি তুলে ধরছিলেন। সম্প্রতি নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়েও তিনি বলেছেন ভারত ‘অর্থনৈতিক বিপর্যয়ের’ মুখে দাঁড়িয়ে রয়েছে। কী আশ্চর্য, গতকাল বৃহস্পতিবার তারই প্রতিধ্বনি শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে।

দেশের শিল্পপতিদের কড়া ভাষায় সমালোচনা করে মোদি বলেন, ‘আপনাদের আমি ভরিয়ে দিয়েছি। ঝুড়ি ঝুড়ি সুবিধা দিয়েছি। কিন্তু আপনারা না বাড়িয়েছেন কর্মসংস্থান, না বাড়িয়েছেন কর্মীদের বেতন। কিছুই করেননি আপনারা। শুধু নিয়েই গেছেন।’

.গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে বণিকসভা ‘ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’-এর (এফআইসিসিআই) শতবর্ষ সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তাঁর এই অসন্তোষ প্রকাশ করেন। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ‘ক্ষমতায় এসে আমরা শিল্পবাণিজ্যের পরিবেশ সহজ করতে চেয়েছি। কোম্পানি কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করেছি। আজ কাউকে বছরে ১২ লাখ টাকা আয় পর্যন্ত কোনো কর দিতে হয় না। কিন্তু আপনারা কী করেছেন? নিজেদের শিল্পে কর্মসংস্থান বাড়িয়েছেন? নিজেদের কর্মীদের বেতন বাড়িয়েছেন? কিছুই করেননি আপনারা।’

শিল্পপতিদের মানসিকতা ও চাহিদার কড়া সমালোচনা করে মোদি বলেন, ‘আপনাদের ভালো করে চিনি। আপনাদের চাহিদার শেষ নেই। যতই খান, আপনাদের পেট ভরে না। এভাবেই চলে আসছে। এভাবেই চলবে।’

.ভারতীয় অর্থনীতির সমালোচনায় রাহুল গান্ধী বারবার মুখর হয়েছেন। দেশে ও বিদেশে। বারবার বলে আসছেন, অর্থনৈতিক অগ্রগতির ঢাক পেটানো সত্ত্বেও কর্মহীনতা বেড়ে চলেছে। বেতন বৃদ্ধি হচ্ছে না। দেশের সম্পদ মুষ্টিমেয় শিল্পপতি কুক্ষিগত করে নিচ্ছেন।

সম্প্রতি নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েও রাহুল দেশের অর্থনীতি ও গণতন্ত্রের হাল নিয়ে এমনই সমালোচনা করেছেন। গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘সহজ কথা হলো, ভারত অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে বসে আছে। এটাই বাস্তব।’

রাহুল অনেক দিন ধরেই দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও কৃষির সর্বনাশের চিত্রটি তুলে ধরছেন। বলে আসছেন, কৃষি এবং এই দুই শিল্পই ভারতীয় অর্থনীতির মূল চালিকা শক্তি। কর্মসংস্থানের মূল আয়োজক। দশকের পর দশক এই ক্ষেত্রগুলোই কর্মসংস্থান তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে এসেছে। অথচ মোদি সরকার এই দুটি ক্ষেত্রকেই একেবারে শেষ করে দিয়েছে। এদের অস্তিত্বই বিপন্ন হয়ে গেছে।

.কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়েও রাহুল ওই মন্তব্য করে বলেছিলেন, ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘স্টার্টআপ ইন্ডিয়া’ কী করেছে কেউ জানে না। সরকার লাগাতার পরিষেবা ক্ষেত্রের সাফল্য প্রচার করে চলেছে। অথচ ওই ক্ষেত্রের মাধ্যমে বিপুল কর্মসংস্থান সম্ভব নয়। পরিষেবা ক্ষেত্র বড়জোর ৫ শতাংশ কাজ দিতে পারে। প্রয়োজন উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান। অথচ সেখানেই ব্যর্থতা।’

রাহুল বলেছিলেন, ‘দেশে বেসরকারি বিনিয়োগ থমকে রয়েছে। সমৃদ্ধি স্রেফ হাতে গোনা কয়েকজন শিল্পপতির। গোটা দেশ অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে বাস করছে।’

রাহুলের ওই মন্তব্যের সঙ্গে সঙ্গেই বিজেপি তাঁর সমালোচনায় মুখর হয়ে ওঠে। বরাবর তারা যা করে এসেছে, এবারও তা–ই করেছে। বিদেশে গিয়ে ‘দেশের বদনাম’ করার অভিযোগ এনে বিজেপির মুখপাত্ররা বলেছেন, ‘রাহুল স্বভাবগত অপরাধী। নৈরাজ্যবাদী। বারবার তিনি এভাবেই দেশের বদনাম করেন। বিদেশে বসে দেশকে অসম্মান করেন। অপমান করেন। তিনি দেশবিরোধী প্রচারের নেতা।’

.অথচ গতকাল দেশের শিল্পপতিদের সামনে বসিয়ে প্রধানমন্ত্রী যেভাবে ও যে ভাষায় তাঁদের ভর্ৎসনা করেছেন, তা অভূতপূর্বই শুধু নয়, তা যেন লোকসভার বিরোধী নেতার বক্তব্যেরই প্রতিধ্বনি।

শিল্পপতিদের মানসিকতার তীব্র সমালোচনা করে মোদি বলেন, ‘আপনারা ধরেই নিয়েছেন, যা কিছু তৈরি করবেন তা বিক্রি হয়ে যাবে। ১৪০ কোটি মানুষের বাজার। ভাবেন, যা–ই উৎপাদন করবেন, ঠিকই বিক্রি হয়ে যাবে। কেউ না কেউ তা কিনবেনই। বড় শহরে বিক্রি না হলে ছোট শহরে বিক্রি হবে। ছোট শহরে না হলে বড় মফস্‌সল শহরে বিক্রি হবে। সেখানে না হলে বড় গ্রামগঞ্জে হবে। এটা চলতে পারে না।’

মোদি আরও বলেন, ‘আপনাদের পণ্যের গুণমান বাড়াতেই হবে। আপনাদের কি মনে হয় না, দেশের প্রত্যেক মানুষ মানসম্পন্ন পণ্য কেনার অধিকারী?’ শিল্পপতিদের উদ্দেশে তীব্র কটাক্ষে মোদি বলেন, ‘আমার লজ্জা হয়। এই মানসিকতা বদলাতে হবে। দেশের মানুষের উন্নত মানের পণ্য কেনার অধিকার আছে।’

.শিল্পপতিদের দোষারোপ করা সত্ত্বেও মোদি অবশ্য নিজের সরকারের সাফল্যের খতিয়ান দিয়েছেন। ‘ভঙ্গুর ৫’ অর্থনীতির তালিকা থেকে দেশ এগিয়ে এসেছে জানিয়ে তিনি বলেন, ৫০ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে। যখন ‘গরিবি হটাও’ স্লোগান দেওয়া হয়েছিল, তখন দেশের জনসংখ্যা ছিল ৫০ কোটি। কেন তখন দারিদ্র্য দূর হয়নি?

মোদি বলেন, আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশ বা তার বেশি হবে বলে পূর্বাভাস দিচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো। গত অক্টোবরে পণ্য রপ্তানি প্রায় ৫ হাজার কোটি ডলারে পৌঁছেছে। এক মাসে এটাই সর্বোচ্চ পণ্য রপ্তানি।

প্রধানমন্ত্রী যে ভাষায় শিল্পপতিদের সমালোচনা করলেন, কার্যত তা রাহুল গান্ধীরই অভিযোগেরই মান্যতা দেওয়া। গত ১২ বছরে এমনটি দেখা যায়নি।

সূত্র: প্রথম আলো