শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

আগামীকাল শুরু হচ্ছে এসএমই পণ্য মেলা, অংশ নেবে ৩৫০ প্রতিষ্ঠান

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৯:১৫ পিএম
২০৪ Shares
রাজধানীর আগারগাঁওয়ে আগামীকাল রোববার শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা।

রাজধানীর আগারগাঁওয়ে আগামীকাল রোববার শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত সপ্তাহব্যাপী এ মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এতে সারা দেশের প্রায় ৩৫০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) অংশ নেবে। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী।

আজ শনিবার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে।

শিল্পমন্ত্রী জানান, আগামীকাল সকাল ৯টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আট শ্রেণিতে আটজনকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’ দেওয়া হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি স্টার্টআপ, পরিবেশবান্ধব ব্যবসা ও প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোগও এ পুরস্কার পাবে।

মেলায় দেশীয় উদ্যোক্তাদের তৈরি জুতা, চামড়া ও পাটজাত পণ্য, হস্তশিল্প, পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্রসাধনী ও গয়না পাওয়া যাবে। ফ্যাশন ডিজাইন ও পোশাক খাতের ৯৮টি, জুতা ও চামড়াজাত পণ্যের ৩৭টি, পাটজাত পণ্যের ৩৫টি এবং হস্ত ও কারুশিল্পের ৩৫টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। এ ছাড়া কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্যের ৩০টি এবং হালকা প্রকৌশল পণ্যের ১৬টি প্রতিষ্ঠানও থাকবে।

সরকারের ‘এক গ্রাম, এক পণ্য’ উদ্যোগ, এসএমই ক্লাস্টার ও অগ্রাধিকার খাতের ৭৮টি প্রতিষ্ঠানও মেলায় অংশ নেবে। মেলায় বিদেশি বা আমদানি করা পণ্যের প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধ থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশে কোনো ফি দিতে হবে না।

মেলায় ২৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও অংশ নেবে বলে জানিয়েছে আয়োজকেরা। উদ্যোক্তারা এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ঋণের শর্ত ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। ব্যাংক ও উদ্যোক্তা একমত হলে মেলাতেই ঋণের আবেদন করা যাবে। এ ছাড়া মেলায় প্রতিদিন এসএমই–বিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকারদের সঙ্গে উদ্যোক্তাদের ঋণসংযোগের আয়োজন থাকবে।

এসএমই ফাউন্ডেশন জানায়, ২৩ ও ২৪ নভেম্বর সম্মেলনকেন্দ্রের উইন্ডি টাউন হলে তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে। আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে এসএমই খাতের উন্নয়ন, তরুণ উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ঋণ ও বিমার মাধ্যমে জলবায়ুঝুঁকি মোকাবিলা এবং ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের পণ্যের বাজার সম্প্রসারণে বড় শিল্পের ভূমিকা।

এসএমই ফাউন্ডেশন জানায়, এ পর্যন্ত অনুষ্ঠিত ১২টি জাতীয় এসএমই পণ্য মেলায় প্রায় ৪ হাজার উদ্যোক্তা অংশ নিয়েছেন। তাঁরা ৭২ কোটি টাকার পণ্য বিক্রি করেছেন এবং প্রায় ১০৯ কোটি টাকার পণ্যের ক্রয়াদেশ পেয়েছেন। জাতীয় মেলার পাশাপাশি এসএমই ফাউন্ডেশন প্রতিবছর আঞ্চলিক ও বিভাগীয় পণ্য মেলার আয়োজন করে।

মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, দেশে প্রায় ১ কোটি ১৭ লাখ সিএমএসএমই ইউনিট রয়েছে। এটি দেশের মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশই এ খাতে। সিএমএসএমই খাতে কর্মরত মানুষের সংখ্যা ৩ কোটি ৬ লাখ। এই উদ্যোক্তাদের ৭০ শতাংশ ঢাকার বাইরে রয়েছেন। জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩৩ শতাংশ।

শিল্পমন্ত্রী আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। এই টাস্কফোর্সের সুপারিশের আলোকে ২০০৫ সালে প্রথম জাতীয় এসএমই নীতি-কৌশল প্রণয়ন করা হয়। ২০০৬ সালে শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন।

সূত্র: প্রথম আলো