শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে এনসিপির ওপর আ.লীগের হামলা, কী ঘটেছিল সেদিন রাতে

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ১০:৪৫ পিএম
২১৪ Shares
লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপির ওপর আওয়ামী লীগের হামলা হয়েছে।

রাত তখন ৯টা ৫৯ মিনিট। পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথের সিডার পার্ক গার্ডেনস সড়কের বাসিন্দা কারিন ফোন করেন পুলিশের জরুরি নম্বরে। তখনো তিনি বুঝতে পারছিলেন না, কী নিয়ে তাঁর বাড়ির সামনের রাস্তায় সংঘর্ষ হচ্ছে। পুলিশের সঙ্গে তাঁর কথা চলার মধ্যেই সহিংসতা তীব্র আকার ধারণ করে। একদল লোক পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের পাত্র থেকে কাচের বোতল বের করছিলেন, গাছের ডাল ভাঙছিলেন। এমনকি তাঁর বাড়ির সামনের বাগান থেকে পাথর ও সাজসজ্জার সামগ্রী নিয়ে রাস্তার অপর প্রান্তে থাকা লোকজনের দিকে ছুড়ে মারছিলেন।

স্থানীয় সময় গত সোমবার (১৬ নভেম্বর) রাতে এভাবেই বাংলাদেশের রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব লন্ডনের একটি আবাসিক সড়ক। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতা–কর্মীদের ওপর বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকদের হামলা এবং দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে ১৬ জন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে অন্তত তিনজন আহত হওয়ার কথা জানানো হয়েছে। তবে লন্ডন মেট্রোপলিটন পুলিশ ও লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের হিসাবে হাসপাতালে নেওয়া ও ঘটনাস্থলে চিকিৎসা পাওয়া মানুষের সংখ্যা এর চেয়ে কম।

কীভাবে এ ঘটনার সূত্রপাত হয়েছিল, তা জানতে প্রথম আলো ঘটনার প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা, সংবাদকর্মী, দুই রাজনৈতিক পক্ষের নেতা–কর্মী ও ঘটনা সম্পর্কে অবগত অন্তত ১৬ জনের সঙ্গে কথা বলেছে। এ ছাড়া ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন এবং ঘটনার অন্তত ২০টি ভিডিও পর্যালোচনা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, ভিডিও চিত্র ও পুলিশের দেওয়া তথ্য মিলিয়ে এর সূত্রপাত, পাল্টাপাল্টি ধাওয়া এবং পরবর্তী সহিংসতার ঘটনাপ্রবাহ জানার চেষ্টা করেছে প্রথম আলো।

পুলিশে ফোন করেন একজন ব্রিটিশ

সিডার পার্ক গার্ডেনসের বাসিন্দা কারিন প্রথম আলোকে জানান, ঘটনার দিন রাত আটটার দিকে রাস্তায় কিছুটা হইচই শুনতে পান তিনি। তবে তখন পরিস্থিতি অস্বাভাবিক মনে হয়নি তাঁর। মনে হচ্ছিল, কয়েকজন পুরুষ নিজেদের মধ্যে তর্ক করছেন। বিষয়টিকে গুরুত্ব না দিয়ে অন্য বাসিন্দাদেরও কৌতূহলবশত বাইরে গিয়ে পরিস্থিতি দেখতে নিষেধ করেন তিনি।

কারিন বলেন, ‘রাত ১০টার কিছু আগে আমি বিছানায় যাই। হঠাৎ অনেক বেশি হইচই, গালিগালাজ ও আঘাত করার শব্দ শুনতে পাই। তখন বিছানা থেকে উঠে জানালা দিয়ে বাইরে তাকাই। অনেক ক্ষুব্ধ পুরুষ, কয়েকজন নিরাপত্তাকর্মী এবং অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার চেষ্টা করছে এমন কয়েকটি গাড়ি দেখতে পাই। প্রথমে ভেবেছিলাম, অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েকজনের মধ্যে কোনো ভুল–বোঝাবুঝি হয়েছে।’

একজন নিরাপত্তাকর্মী সেখানে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে অত্যন্ত রূঢ় ও দাপুটে ভঙ্গিতে কথা বলছিলেন বলে জানান কারিন। ওই নিরাপত্তাকর্মী তাঁর জানালার পাশ দিয়ে যাওয়ার সময় তাঁকে জিজ্ঞাসা করেন, কী হচ্ছে। নিরাপত্তাকর্মীকে পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে মনে হচ্ছিল তাঁর। ওই নিরাপত্তাকর্মী তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে ভিড়ের মধ্যে চলে যান। এরপর পুলিশকে ফোন করার সিদ্ধান্ত নেন কারিন।

সিডার পার্ক গার্ডেনসের এই বাসিন্দা বলেন, ‘রাত ৯টা ৫৯ মিনিটে আমি পুলিশকে ফোন করি। ততক্ষণে পরিস্থিতির অবনতি হয়েছিল। তবে পুলিশের সঙ্গে আমার ফোনে কথা বলার সময়ই সহিংসতা চরম আকার ধারণ করে।’ তিনি আরও বলেন, ‘কয়েকজন পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের পাত্র থেকে কাচের বোতল বের করছিলেন, গাছের ডাল ভাঙছিলেন এবং আমার বাড়ির সামনের বাগান থেকে পাথর ও সাজসজ্জার সামগ্রী তুলে নিচ্ছিলেন। এসব তাঁরা রাস্তার অপর প্রান্তে থাকা অন্য পক্ষের লোকজনের দিকে ছুড়ে মারছিলেন।’

কারিনের ভাষ্য অনুযায়ী, ফোন করার প্রায় ১৫ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে ভিড়ের অধিকাংশ মানুষ ছত্রভঙ্গ হন। কারিনের পুলিশকে ফোন করার সময়ের সঙ্গে মেট্রোপলিটন পুলিশের বিবৃতিতে উল্লেখ করা সময়ের মিল রয়েছে।

আতঙ্কে ঘর থেকে বের হননি মারিয়া

একই সড়কের আরেক বাসিন্দা মারিয়া ঘটনার রাতে নিজ বাড়িতে ছিলেন। তিনি প্রথম আলোকে জানান, বাড়ির ভেতর থেকেই বাইরে মানুষের জটলা, চিৎকার–চেঁচামেচি, উচ্চ স্বরে ঝগড়া ও মারামারির শব্দ শুনতে পাচ্ছিলেন। তবে ভয়ে তিনি ঘর থেকে বের হননি। তাঁর পরিবারের অন্য সদস্যরা বাইরে বেরিয়ে ঘটনাটি দেখেন। পরিবারের সদস্যদের বরাতে মারিয়া জানান, দুই পক্ষের লোকজন একে অপরের দিকে বোতল ছুড়ে মারছিলেন, রাস্তার পাশের গাছের ডাল ভেঙে একে অপরকে আঘাত করার চেষ্টা করছিলেন এবং স্থানীয় বাসিন্দাদের বাড়ির সামনের বাগান থেকে ইট নিয়ে ছুড়ে মারছিলেন। প্রতিবেদকের সরেজমিন পরিদর্শনের সময় মারিয়ার পরিবারের ওই সদস্যরা বাড়িতে না থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সিডার পার্ক গার্ডেনসের আরেক বাসিন্দা ঘটনার রাতে নিজ বাড়ি থেকে ঘটনাটি দেখেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি প্রথম আলোকে জানান, দুই দল যুবককে একে অপরের দিকে কাচের বোতল ছুড়ে মারতে দেখেছেন তিনি। রাস্তার দুই পাশে থাকা বাড়িগুলোর সামনে রাখা ময়লার পাত্র থেকে এসব বোতল সংগ্রহ করছিলেন তাঁরা। রাস্তার পাশের গাছের ডাল ভেঙে সেগুলো নিয়ে একে অপরকে ধাওয়াও করছিলেন। শুধু বোতল নয়, বাড়ির সামনে রাখা ময়লার পাত্রগুলোও একে অপরের দিকে ছুড়ে মারতে দেখেছেন তিনি।

তবে সংঘর্ষে জড়িত কাউকে চিনতে পারেননি এই বাসিন্দা। কোন পক্ষের লোকজন কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, সে সম্পর্কেও তাঁর কোনো ধারণা ছিল না।

ঘটনার আকস্মিকতায় ওই সড়কের অনেক বাসিন্দা ঘর থেকে বেরিয়ে আসেন। কেউ বাড়ির সামনে দাঁড়িয়ে, কেউ জানালা দিয়ে ঘটনাটি দেখেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কী নিয়ে মারামারি হচ্ছে কিংবা কারা কাদের ওপর হামলা করছেন, তা বুঝতে পারছিলেন না তাঁরা। নিজেদের আবাসিক এলাকায় এমন সহিংসতায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।

আগে থেকেই ছিল প্রতিহত করার ঘোষণা

নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফরের খবর প্রকাশের পর থেকেই তাঁকে প্রতিহত করার ঘোষণা দিয়ে আসছিল যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকদের একাংশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের একাধিক অ্যাকটিভিস্ট নাহিদ ইসলামের বিভিন্ন কর্মসূচিতে প্রতিবাদ ও তাঁকে প্রতিহত করার ঘোষণা দেন। ঘোষণাপত্রে ঠিকানা ও সময় উল্লেখ করে সবাইকে অংশ নেওয়ার আহ্বান অনেকের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। এই প্রতিবেদকের কাছেও এমন একটি বার্তা এসেছে।

এর আগে কেমব্রিজে নাহিদ ইসলামের একটি অনুষ্ঠান ঘিরেও বিক্ষোভ করেন আওয়ামী লীগ–সংশ্লিষ্ট নেতা–কর্মীরা। সেখানে তাঁকে হেনস্তা করার চেষ্টা করা হয়। তবে উপস্থিত এনসিপি নেতা–কর্মীদের তৎপরতায় তাঁদের সেই চেষ্টা ব্যর্থ হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার পূর্ব লন্ডনে নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা। তাঁরা এ কর্মসূচিকে তাঁদের গণতান্ত্রিক প্রতিবাদের অধিকারের অংশ হিসেবে তুলে ধরেন।

অনুষ্ঠান শুরুর আগে অতিথিরা যখন মেফেয়ার ভেন্যুতে প্রবেশ করছিলেন, তখন একটি ভিডিওতে বিক্ষোভকারীদের মধ্য থেকে একজনকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর ও সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদের দিকে পানির বোতল ছুড়ে মারতে দেখা যায়।

অনুষ্ঠান শুরুর আগে হলের সামনে ও পেছনে পুলিশের উপস্থিতি ছিল। এ সময় বিক্ষোভকারীদের চিৎকার–চেঁচামেচি ও উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে তৎপর থাকতে দেখা গেছে।

নাহিদকে নিরাপদে সরিয়ে নিতে এনসিপির কৌশল

আওয়ামী লীগের নেতা–কর্মীদের সম্ভাব্য বিক্ষোভ ও বাধার আশঙ্কায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। পুলিশের পাশাপাশি এনসিপির পক্ষ থেকে নিয়োগ করা হয়েছিল ৩০ জনের বেশি বেসরকারি নিরাপত্তাকর্মী। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনুষ্ঠান শুরুর অন্তত তিন ঘণ্টা আগে মেফেয়ার ভেন্যুতে পৌঁছান নাহিদ ইসলাম।

সরেজমিনে দেখা যায়, মেফেয়ার ভেন্যুর মূল প্রবেশপথ হাই রোডের দিকে। হলের পেছনে রয়েছে সিডার পার্ক গার্ডেনস নামের একটি আবাসিক সড়ক। সড়কটির মাঝামাঝি স্থানে রয়েছে হলের পেছনের দরজা ও গাড়ি পার্কিংয়ের প্রবেশ ও বহির্গমনপথ।

ঘটনার রাতে এই সড়কের পশ্চিম দিকে আওয়ামী লীগ এবং পূর্ব দিকে এনসিপির নেতা–কর্মীদের অবস্থান ছিল বলে অনুসন্ধানে জানা গেছে।

অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, নাহিদ ইসলামকে নিরাপদে অনুষ্ঠানস্থল থেকে বের করে নিতে একটি কৌশল অবলম্বন করেছিল এনসিপি। পরিকল্পনা ছিল, দলের নেতা–কর্মীরা হলের সামনের প্রবেশপথ দিয়ে বের হয়ে স্লোগান দেবেন। এতে আওয়ামী লীগের নেতা–কর্মীরা ধারণা করবেন, নাহিদ ইসলাম সামনের দরজা দিয়ে বের হচ্ছেন। অন্যদিকে নাহিদ ইসলাম পেছনের দরজা দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করবেন।

রাত ৯টা ৫৫ মিনিটে নাহিদ ইসলাম অনুষ্ঠান শেষ করে নিরাপত্তাকর্মীদের সহায়তায় পেছনের দরজা দিয়ে বের হয়ে যান। সিডার পার্ক গার্ডেনসের সঙ্গে সংযুক্ত গাড়ি পার্কিংয়ের পথ দিয়ে তাঁর গাড়ি বেরিয়ে যায়।

অন্যদিকে এনসিপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের নেতৃত্বে দলের নেতা–কর্মীরা সামনের প্রবেশপথ দিয়ে বের হয়ে স্লোগান দিতে থাকেন। এভাবে কোনো ধরনের অপ্রীতিকার পরিস্থিতির মুখোমুখি না হয়েই নিরাপদে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন নাহিদ ইসলাম।

কাচের বোতল নিক্ষেপ ও গাছের ডাল ভেঙে হামলা

আওয়ামী লীগ ও এনসিপি—কোনো রাজনৈতিক দলের সঙ্গেই সম্পৃক্ত নন, এমন দুজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা ওই দিনের ঘটনার বিশদ বিবরণ দিয়েছেন। তাঁদের ভাষ্যমতে, ঘটনার সময় সিডার পার্ক গার্ডেনস সড়কে কয়েকটি গাড়ির ভেতরে আওয়ামী লীগের নেতা–কর্মীরা অবস্থান করছিলেন। হলের সামনের দিক থেকে এনসিপির নেতা–কর্মীদের স্লোগান শুনে তাঁরা গাড়ি থেকে বের হয়ে আসেন।

এদিকে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের নেতৃত্বে এনসিপির নেতা–কর্মীরা হলের সামনের দিক থেকে পেছনের সড়কে আসেন। এই প্রতিবেদক নিজে নুরুল হুদা জুনেদকে স্লোগান দিয়ে হল থেকে বের হতে দেখেছেন।

ওই দুই প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, এনসিপির নেতা–কর্মীদের উদ্দেশে গালিগালাজ শুরু করেন আওয়ামী লীগের লোকজন। একপর্যায়ে এনসিপির নেতা–কর্মীরা জড়ো হয়ে আওয়ামী লীগের লোকজনকে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে আওয়ামী লীগের লোকজন সড়কের পশ্চিম প্রান্তে চলে যান।

সেখানে বাড়িঘরের সামনে রাখা বর্জ্যের পাত্র থেকে খালি কাচের বোতল সংগ্রহ করে এনসিপির নেতা–কর্মীদের দিকে ছুড়ে মারতে থাকেন তাঁরা। একটি কাচের বোতল এনসিপির একজন কর্মীর মাথায় আঘাত করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এরপর রাস্তার পাশের গাছের ডাল ভেঙে এনসিপির নেতা–কর্মীদের পাল্টা ধাওয়া দেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

বোতল নিক্ষেপ, গাছের ডাল ভাঙা ও স্থানীয় বাসিন্দাদের বাড়ির সামনে থেকে বিভিন্ন বস্তু নিয়ে প্রতিপক্ষের ওপর আক্রমণের তথ্য স্থানীয় বাসিন্দা কারিন ও অপর বাসিন্দার বক্তব্যেও এসেছে। তবে কারা প্রথম শারীরিক আঘাত করেছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাল্টা ধাওয়া খেয়ে এনসিপির নেতা–কর্মীরা হলের সামনের সড়ক হাই রোডে চলে যান। সেখানে তাঁরা আবার হলের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এদিকে ওই পরিস্থিতিতে নিজেদের প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে হলের সামনের শাটার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে এনসিপির নেতা–কর্মীরা তাৎক্ষণিকভাবে হলের ভেতরে আশ্রয় নিতে পারেননি।

বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সভাপতি ও এবি নিউজের সম্পাদক সাকির আহমদ প্রথম আলোকে বলেন, সিডার পার্ক গার্ডেনস থেকে ধাওয়া করে এসে আওয়ামী লীগের নেতা–কর্মীরা লাঠিসোঁটা ও গাছের ডাল দিয়ে এনসিপির নেতা–কর্মীদের মারধর করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে হলের প্রবেশপথে মারধরের দৃশ্য দেখা গেছে।

দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

সংঘর্ষের সূত্রপাত নিয়ে আওয়ামী লীগ ও এনসিপির পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।

এনসিপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ প্রথম আলোকে বলেন, হলের পেছনের সড়ক ও পার্কিং এলাকায় তাঁদের গাড়ি রাখা ছিল। অনুষ্ঠান শেষে তাঁরা গাড়ির কাছে যাচ্ছিলেন। এ সময় সেখানে আগে থেকে অবস্থানরত আওয়ামী লীগের নেতা–কর্মীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালান।

অন্যদিকে আওয়ামী লীগ–সংশ্লিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট সুশান্ত দাস গুপ্ত প্রথম আলোকে বলেন, তাঁরা হলের পেছনের সড়কে অবস্থান করছিলেন। এ সময় একজন নিরাপত্তাকর্মীর সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই নিরাপত্তাকর্মী আওয়ামী লীগের একজন কর্মীকে ধাক্কা দিলে ঘটনার সূত্রপাত হয় বলে দাবি করেন তিনি। সুশান্ত দাসের দাবি, ৫ আগস্টের পর বাংলাদেশে হবিগঞ্জে দুবার তাঁর বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। এই কারণে তিনি নাহিদের অনুষ্ঠানে প্রতিবাদ করতে আসেন।

স্থানীয় বাসিন্দা কারিনও একজন নিরাপত্তাকর্মীকে সেখানে অবস্থানরত লোকজনের সঙ্গে রূঢ়ভাবে কথা বলতে দেখেছেন বলে জানিয়েছেন। তবে নিরাপত্তাকর্মী কাউকে ধাক্কা দিয়েছিলেন কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মী ও সমর্থকের দেওয়া পোস্টে উল্লাসসূচক বক্তব্য দেখা যায়। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এ ঘটনার পর ফেসবুক পোস্টে লেখেন, ‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগ শক্তিশালী, সুসংগঠিত ও অপ্রতিরোধ্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

তবে নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা ঘিরে মারামারির ঘটনায় বিব্রত হওয়ার কথা বলছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের কেউ কেউ। নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্তত দুজন জ্যেষ্ঠ নেতা প্রথম আলোকে বলেছেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য ছিল না। ওই দুই নেতার ভাষ্য, নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি আওয়ামী লীগের দলীয় ব্যানারে দেওয়া হয়নি। দলের সমর্থকদের পক্ষ থেকে এ কর্মসূচি দেওয়া হয়েছিল। এমন কর্মসূচি পালনের বিষয়েও তাঁরা নিরুৎসাহিত করেছিলেন।

অনুষ্ঠান শেষে পুলিশ ছিল না কেন, উঠেছে প্রশ্ন

সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় অনুষ্ঠান শুরুর আগে মেফেয়ার ভেন্যুর সামনে ও পেছনে পুলিশের উপস্থিতি ছিল। তবে অনুষ্ঠান শেষে দুই পক্ষের মধ্যে যখন মারামারির সূত্রপাত হয়, তখন আগের মতো পুলিশের উপস্থিতি ছিল না বলে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে।

আগে থেকেই উত্তেজনা বিরাজ করার পরও অনুষ্ঠান শেষে পুলিশের উপস্থিতি কেন বজায় রাখা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ঘটনার বিষয়ে অবগত কয়েকজন। তাঁদের মতে, অনুষ্ঠান শুরুর আগে যেভাবে পুলিশ মোতায়েন ছিল, অনুষ্ঠান শেষে সেভাবে উপস্থিত থাকলে হয়তো এ সহিংসতা এড়ানো যেত।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের বিবৃতি উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার রাত ৯টা ৫৯ মিনিটে রমফোর্ডের হাই রোডে বিশৃঙ্খলার খবর পায় পুলিশ। সহিংসতা শুরুর আগে প্রায় ৫০ জন পুরুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, এ ঘটনায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের কারও আঘাত প্রাণঘাতী কিংবা জীবনকে স্থায়ীভাবে বদলে দেওয়ার মতো গুরুতর নয়।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, রাত ১০টা ১২ মিনিটে তারা জরুরি কল পায়। ঘটনাস্থলে দুটি অ্যাম্বুলেন্স দল পাঠানো হয়। সেখানে ছয়জনকে চিকিৎসা দেওয়া হয় এবং তাঁদের মধ্যে একজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

মেফেয়ার ভেন্যুর পাশে সিডার পার্ক গার্ডেনসের পূর্ব প্রান্তের মোড়ে অবস্থিত আল হুদা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে। ইসলামিক এই ধর্মীয় প্রতিষ্ঠানে মসজিদ ও মাদ্রাসা রয়েছে। এই মসজিদের একজন বাংলাদেশি মুসল্লি হোসাইন প্রথম আলোকে জানান, ঘটনার পর কয়েকজন স্থানীয় বাসিন্দা তাঁর কাছে বাংলাদেশিদের এমন আচরণের নিন্দা জানিয়েছেন। তাঁদের কথা শুনে একজন বাংলাদেশি হিসেবে তিনি লজ্জিত হয়েছেন। দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাঁদের সুসম্পর্ক রয়েছে। তিনি চান, যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশিরা আর যেন এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন।

সূত্র: প্রথম আলো