শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

বছরের শেষ ম্যাচটা খেললেন মেসি, কেমন গেল তাঁর ২০২৬

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০২:৩০ পিএম
২৬২ Shares
ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০২৬ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে মেসি গোল করেছেন ৪১টি, অ্যাসিস্ট ২১টি।

ফুটবল মাঠে একজনের আলোয় ঝলমল করতে পারে পুরো স্টেডিয়াম। কিন্তু সেই আলোয় সব সময় আলোকিত হয় না একটি দল। লিওনেল মেসির ২০২৬ সালটা যেন সেই কথারই প্রতিচ্ছবি।

যুক্তরাষ্ট্রে আবারও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মৌসুম শুরু করেছিল ইন্টার মায়ামি। কিন্তু প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে। তাতেই শেষ হয়ে গেছে ২০২৬ সালে মেসির ফুটবল সূচি। এ বছর আর ম্যাচ নেই তাঁর।

প্লে-অফে তিন ম্যাচ সিরিজে দ্বিতীয় ম্যাচে কলম্বাস ক্রুর মাঠে ১-০ গোলে হারে ইন্টার মায়ামি। যোগ করা সময়ে সান্তিয়াগো রদ্রিগেজের গোলে নিশ্চিত হয়েছে এই হার। প্রথম ম্যাচে দলটি হেরেছিল ৩-০ গোলে। প্রথম দুই ম্যাচেই হারায় মায়ামি আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি।

দলের এমন বিদায়ের মধ্যেও মেসির ব্যক্তিগত পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়। ৩৯ বছর বয়সেও গোল করা আর সতীর্থদের দিয়ে গোল করানোর সেই পুরোনো জাদু দেখিয়ে গেছেন আর্জেন্টাইন মহাতারকা। ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০২৬ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ৪১টি, অ্যাসিস্ট ২১টি। অর্থাৎ সরাসরি ৬২টি গোলে অবদান তাঁর।

ব্যক্তিগত অর্জনের তালিকাটাও বেশ সমৃদ্ধ। জিতেছেন এমএলএসের গোল্ডেন বুট। জায়গা পেয়েছেন ফিফপ্রো বিশ্ব একাদশে। জাতীয় দলের হয়ে হয়েছেন বিশ্বকাপের রানার্সআপ। এমএলএসে তাঁর পরিসংখ্যান আরও দারুণ। ৩২ ম্যাচে করেছেন ২৬ গোল, অ্যাসিস্ট ১৩টি। বড় সুযোগ তৈরি করেছেন ২৬টি। সতীর্থদের জন্য সুযোগ তৈরি করেছেন ৭৬টি।

কিন্তু মেসির এমন ব্যক্তিগত সাফল্য দলীয় ব্যর্থতার ছবিটা ঢাকতে পারেনি।

বড় বাজেটের দল গড়েও গত মৌসুমের লিগ শিরোপা ধরে রাখতে পারেনি ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ন্যাশভিলের কাছে শেষ ষোলো থেকে বিদায়। লিগস কাপে গ্রুপ পর্বই পেরোতে পারেনি। হাতছাড়া হয়েছে সাপোর্টার্স শিল্ডও। মৌসুমে একমাত্র ট্রফি হিসেবে জিতেছে ক্যাম্পেওনেস কাপ।

সব মিলিয়ে মেসির ২০২৬ সাল রেখে গেল দুটি বিপরীত ছবি। একদিকে ৩৯ বছর বয়সেও গোল আর অ্যাসিস্টে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখার অবিশ্বাস্য ক্ষমতা। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে আবারও রাজত্ব করার স্বপ্ন নিয়ে শুরু করা মৌসুমে হতাশার সমাপ্তি।

মেসি নিজের কাজটা করেছেন। কিন্তু ফুটবল তো শেষ পর্যন্ত ১১ জনের খেলা। সেখানে একজনের আলোয় সব অন্ধকার দূর হয় না।

সূত্র: প্রথম আলো