একের পর এক মামলার পর, এবার তিশার পাল্টা মামলা
শাড়ি নিয়ে বিরোধের জেরে মামলায় জড়িয়ে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ, হত্যার হুমকির মামলা, মানহানির অভিযোগ—সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে এখন একাধিক আইনি প্রক্রিয়া চলমান। এর মধ্যে একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। যদিও আদালত এখনো এ বিষয়ে কোনো আদেশ দেননি। আগামী ১৪ ডিসেম্বর আবেদনের শুনানির দিন ধার্য করেছেন বিচারক। অন্যদিকে চুপ করে বসে নেই তানজিন তিশাও। সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে দুই নারীর বিরুদ্ধে মামলা করেছেন তিনি। সব মিলিয়ে একটি শাড়িকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ এখন দুই পক্ষের পাল্টাপাল্টি আইনি লড়াইয়ে রূপ নিয়েছে।
তবে এসব মামলায় পিছিয়ে আসার ইচ্ছা নেই তানজিন তিশার। তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আইনিভাবেই সব অভিযোগের মোকাবিলা করতে চান অভিনেত্রী। কোনো মামলা এড়িয়ে না গিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে চান তিনি।
ঘটনার সূত্রপাত গত বছরের নভেম্বরে। নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়্যা আনাম ওয়াফিকাহর অভিযোগ, একটি অনুষ্ঠানে পরার জন্য তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। কিন্তু পরে সেটি ফেরত দেননি। এ ঘটনায় গত বছরের ২৭ নভেম্বর তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করেন সানায়্যা।
মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ২৫ মে আদালতে দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে পিবিআই জানায়, তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট হননি বাদী। আদালতে নারাজি আবেদন করেন তিনি। গত ২৫ অক্টোবর সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন আদালত। অর্থাৎ শাড়ি নিয়ে বিরোধের মামলাটির তদন্ত এখনো শেষ হয়নি।
এরপর বিরোধ আরও জটিল হয়। ২৬ অক্টোবর তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আরেকটি মামলা করেন সানায়্যা। বাদীর অভিযোগ, আগের মামলা প্রত্যাহারের জন্য তাঁকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয়েছে। এমনকি পল্লবীতে তাঁর বাসায় লোক পাঠিয়েও ভয়ভীতি দেখানো হয়েছে। এ মামলায় ২৩ নভেম্বর তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত দিনে তানজিন তিশা আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায়। তাঁর দাবি, আদালতের নোটিশ তিশার পক্ষে গ্রহণ করা হলেও তিনি হাজির হননি। তবে বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় সেদিন আবেদনের শুনানি হয়নি। ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে। ফলে এখনই তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। এ বিষয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।
এদিকে সানায়্যার করা মামলার বাইরে ৮ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে মানহানির আরেকটি হয়। অভিযোগ, তিশা নিজের ফেসবুক পেজে বাদীর ছবি প্রকাশ করে আপত্তিকর মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। এতে তাঁর ব্যক্তিগত মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।
অন্যদিকে পাল্টা আইনি পদক্ষেপ হিসেবে ৪ নভেম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেন তানজিন তিশা। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটি করেন তিনি। তিশার অভিযোগ, একটি ভিডিওতে তাঁকে জড়িয়ে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন।
এ বিষয়ে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আইনি বিষয়ে যা বলার, তাঁর আইনজীবী বলবেন। তাঁর আইনজীবীও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
একটি শাড়ি নিয়ে শুরু হওয়া বিরোধে এখন দুই পক্ষের বিরুদ্ধেই একাধিক অভিযোগ ও মামলা। একদিকে সানায়্যার করা মামলাগুলোর তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলছে, অন্যদিকে তানজিন তিশার দায়ের করা মানহানির মামলাটিও তদন্তাধীন। তবে কোনো অভিযোগই এখন পর্যন্ত আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। ফলে দুই পক্ষের বক্তব্য, তদন্তের ফলাফল ও আদালতের সিদ্ধান্তই নির্ধারণ করবে বিরোধের পরিণতি।
ছোট পর্দায় অভিনয় দিয়ে জনপ্রিয়তা পাওয়া তানজিন তিশার জন্য বিষয়টি এখন শুধু ব্যক্তিগত বিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই। একের পর এক মামলার কারণে তাঁর অভিনয় ও নতুন কাজের খবরের চেয়ে আইনি জটিলতাই বেশি আলোচনায় আসছে। বিশেষ করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন তাঁর পরিস্থিতিকে আরও আলোচনায় এনেছে। তবে ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, এসব ঘটনায় পেশাগত জীবন থেকে সরে দাঁড়াতে বা আইনি লড়াই থেকে পিছিয়ে আসতে চান না তিশা; বরং সব মামলার শেষ দেখে নিজের অবস্থান সবার কাছে পরিষ্কার করতে চান তিনি।
সূত্র: প্রথম আলো
-
একের পর এক মামলার পর, এবার তিশার পাল্টা মামলা
-
ভ্রাম্যমাণ লাইব্রেরির সঙ্গে সাতক্ষীরা বন্ধুসভার সাংস্কৃতিক আড্ডা
-
শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে যাচ্ছে—এটি ‘পরিকল্পিত অপপ্রচার’: রিজভী
-
কলকাতায় বিশ্বখ্যাত কমিউনিস্ট নেতাদের নামে থাকা সড়কের নাম পাল্টাচ্ছে বিজেপি সরকার
-
রাজার অবিশ্বাস্য রানআউট মিস, সোশ্যাল মিডিয়ায় নানা ফিসফাস
-
বাঙালি ও মাছের মুড়ো নিয়ে যা লিখেছিলেন ‘সানন্দা’র সাবেক সম্পাদক সদ্যপ্রয়াত শর্মিলা বসুঠাকুর
-
২৪ ঘণ্টায় হামে ৮ জনের মৃত্যু
-
রাজশাহীতে তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক
-
টেস্ট চুক্তি থেকে বাদ পড়ে লাল বলে ফাটাফাটি আফ্রিদি, ৪ ম্যাচে ২৭ উইকেট
-
উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে শুরু বিশ্ববিদ্যালয়ছাত্রদের ফুটবল–লড়াই
-
শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান
-
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রযুক্ত নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলেন পুতিন
-
পশ্চিমবঙ্গের এসআইআরে বাদ দেওয়া ভোটারদের নথি যাচাইয়ে বাড়ি বাড়ি পুলিশ
-
নির্ভুল হাদিস সংরক্ষণে হাজার বছরের পদ্ধতি: ‘সনদ’ ও ‘ইজাজত’
-
ফুটবল খেলতে গিয়ে চোট, অস্ত্রোপচারের পর ক্রাচে ভর দিয়ে হাঁটছেন জোহরান মামদানি