ফেস অব এশিয়ায় বাংলাদেশকে তুলে ধরতে প্রস্তুত আফসানা–অদিত
‘ফেস অব বাংলাদেশ ২০২৬’–এর বিজয়ী আফসানা সুলতানা ও অদিত সারজিল কোরেশির পরবর্তী গন্তব্য দক্ষিণ কোরিয়া। ৯ নভেম্বর বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে দেশ ছাড়বেন তাঁরা। এশিয়ার প্রায় ৩০টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াইয়ে প্রস্তুত এখন এই দুই তরুণ মডেল।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়েই শুরু হয়েছিল আফসানা সুলতানা ও অদিত সারজিল কোরেশির যাত্রা। সেই স্বপ্নপূরণের প্রথম ধাপ ছিল ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’। প্রতিযোগিতার বিভিন্ন পর্ব পেরিয়ে নারী ও পুরুষ বিভাগে বিজয়ী হয়েছেন আফসানা সুলতানা ও অদিত সারজিল কোরেশি। এবার তাঁদের সামনে নতুন চ্যালেঞ্জ। ৯ নভেম্বর দক্ষিণ কোরিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন তাঁরা। সেখানে এশিয়ার প্রায় ৩০টি দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেবেন ‘ফেস অব এশিয়া ২০২৬’–এ। মুকুট জয়ের পাশাপাশি পোশাক, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাই এখন তাঁদের লক্ষ্য।
স্বপ্নের শুরু যেভাবেদক্ষিণ কোরিয়ার মঞ্চে পৌঁছানোর আগে পেরোতে হয়েছে দেশের প্রতিযোগিতার ধাপ। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয় ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’–এর গ্র্যান্ড ফিনালে। তিন পর্বের বিচারপ্রক্রিয়া শেষে নারী বিভাগে আফসানা সুলতানা এবং পুরুষ বিভাগে অদিত সারজিল কোরেশিকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী হওয়ার মুহূর্তটি আফসানার কাছে ছিল বেশ রোমাঞ্চকর। তিনি বলেন, ‘আমাকে বিজয়ী ঘোষণা করার আগপর্যন্ত আমি আসলে কিছুই জানতাম না। তবে নিজের ওপর বিশ্বাস ও আত্মবিশ্বাস ছিল। যখন বিজয়ীর নাম ঘোষণা করা হলো, তখন ভীষণ উত্তেজিত ছিলাম।’
অন্যদিকে মডেলিং ও আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে অদিতের এটাই প্রথম যাত্রা। বিজয়ী হবেন, এমনটা ভাবেননি তিনি। তবে নিজের ওপর বিশ্বাস ছিল। অদিত বলেন, ‘আমার নাম ঘোষণা করা হবে, এটা ভাবিনি। কিন্তু বিশ্বাস ছিল, হয়তো আমি পারব। দিনটি আমার জীবনের অন্যতম সেরা দিন।’ অদিতের মডেলিংয়ে পথচলাও খুব বেশি দিনের নয়। প্রতিযোগিতার অডিশনের প্রায় দুই মাস আগে দুজন বাংলাদেশি ডিজাইনারের সঙ্গে প্রথম ফটোশুট করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেস অব এশিয়া সম্পর্কে জানতে পেরে নতুন অভিজ্ঞতার আশায় অডিশনে অংশ নেন। সেই সিদ্ধান্তই খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার।
অদিতের ভাষায়, ‘আমি এই ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন। ফেস অব বাংলাদেশের মাধ্যমে র্যাম্প ওয়াক থেকে শুরু করে অনেক কিছু শিখেছি। এ ক্ষেত্রে এএমটিসির (আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প) সহযোগিতা অনেক বেশি পেয়েছি। গ্রুমিংয়ের জন্য হয়তো পরিবার থেকে আর্থিক সহায়তা পাওয়া সম্ভব হতো না। কিন্তু এই প্রতিযোগিতার মাধ্যমে সেই সুযোগ হয়েছে।’
দুই ভিন্ন পথের গল্পআফসানার কাছে মডেলিং ও সৌন্দর্য প্রতিযোগিতা অবশ্য নতুন নয়। ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’–এ অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় তাঁর এই যাত্রা। এরপর ২০২৪ সালে ‘মিস বাংলাদেশ’–এ অংশ নিয়ে জায়গা করে নেন সেরা ১৫ জনের মধ্যে। এবার ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’–এর বিজয়ী হয়ে পৌঁছে গেছেন আন্তর্জাতিক মঞ্চের আরও কাছে।
সাভারে বেড়ে ওঠা আফসানার বাড়ি মানিকগঞ্জে। বিজ্ঞান বিভাগ থেকে স্কুল ও কলেজের পড়াশোনা শেষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিষয়ে স্নাতক করেছেন। কয়েক বছর একটি শিক্ষাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানে কাজও করেছেন। এখন অবশ্য মডেলিংয়েই বেশি মনোযোগী। আপাতত তাঁর লক্ষ্য ফেস অব এশিয়ার মঞ্চে নিজের সেরাটা দেওয়া। অন্যদিকে অদিত পড়ছেন ব্র্যাক ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে। পড়াশোনার পাশাপাশি এখন তাঁর ব্যস্ততা আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে। মুড বোর্ড তৈরি, পোশাক নির্বাচন, হাঁটাচলা ও শারীরিক ভঙ্গির অনুশীলন—সবকিছুতেই চলছে প্রস্তুতি। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে মডেলিং করার ইচ্ছাও আছে তাঁর।
শেষ মুহূর্তের প্রস্তুতিএশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াইয়ে শুধু মঞ্চে ভালো করলেই হবে না, আয়োজনজুড়েই থাকতে হবে বিশেষভাবে প্রস্তুত। আফসানা জানান, প্রতিযোগিতার প্রি–ভোটিং পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে। সামনে আছে দ্বিতীয় ভোটিং পর্ব। পাশাপাশি মানসিক ও শারীরিক প্রস্তুতিতেও জোর দিচ্ছেন তিনি।
আফসানা বলেন, ‘এখানে মার্কিং অনেক গুরুত্বপূর্ণ। ৩০ শতাংশ নম্বর নির্ভর করছে ভোটিংয়ের ওপর। বাকি ৭০ শতাংশ অন্যান্য কার্যক্রমের ওপর। সকাল থেকে ঘুমাতে যাওয়ার আগপর্যন্ত আমাদের মূল্যায়ন করা হবে। আগের প্রতিযোগীদের কাছ থেকে জানছি, কীভাবে ভালো নম্বর পাওয়া যায়, ভোট সংগ্রহ করা যায় এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। পাশাপাশি নতুন একটি সংস্কৃতির সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হবে, সেসব বিষয়ও জানছি।’
অদিতও আগের প্রতিযোগীদের অভিজ্ঞতা থেকে প্রস্তুতির নানা দিক জানছেন। খাবারের অভ্যাস, শরীরচর্চা ও সময়ানুবর্তিতায় গুরুত্ব দিচ্ছেন তিনি। পছন্দের খাবার বাদ দিয়ে নির্দিষ্ট খাদ্যাভ্যাস মেনে চলা এবং অল্প সময়ে কার্যকর শরীরচর্চার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করছেন।
পোশাকে বাংলাদেশের গল্প তুলে ধরবেন দুই প্রতিযোগী‘ফেস অব এশিয়া’র অন্যতম আকর্ষণ ন্যাশনাল কস্টিউম রাউন্ড। এ পর্বে পোশাকের মাধ্যমে প্রতিযোগীরা তুলে ধরেন নিজ নিজ দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস। বাংলাদেশের প্রতিনিধিদের পোশাকেও থাকছে দেশের গল্প।
আফসানার জন্য তৈরি হয়েছে দুটি থিমের পোশাক। একটিতে ফুটে উঠবে লোকচিত্র গাজীর পট, অন্যটিতে কাপ্তাই বাঁধের ইতিহাস। কাপ্তাই বাঁধের থিমে পোশাকটি তৈরি করছেন ডিজাইনার মনীষা চাকমা। গাজীর পটের পোশাকটির নকশা করেছেন এমডি নাসিরুল্লাহ সাদিক। এ ছাড়া বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে ডিজাইনার খালিদ ত্বকী ও রাইশা আমিন শৈলী তৈরি করছেন আরও দুটি পোশাক। খালিদ ত্বকীর নকশায় থাকছে রিকশাচিত্রের অনুপ্রেরণা। আর রাইশা আমিন শৈলীর পোশাকে ফুটে উঠবে রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জি। এসব পোশাকের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরতে চান তাঁরা। অন্য দেশের প্রতিযোগীরা কীভাবে নিজেদের ঐতিহ্য উপস্থাপন করেন, তা দেখারও অপেক্ষায় আছেন দুজন।
নতুন সংস্কৃতির অপেক্ষায়প্রতিযোগিতার মঞ্চের বাইরেও দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা নিয়ে আগ্রহী আফসানা ও অদিত। বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হওয়া, বন্ধুত্ব গড়ে তোলা এবং নতুন সংস্কৃতি সম্পর্কে জানার অপেক্ষায় আছেন তাঁরা। বিশেষ করে খাবার নিয়ে কৌতূহলী আফসানা। আয়োজকেরা ইতিমধ্যে প্রতিযোগীদের খাবারের পছন্দ, অ্যালার্জি ও ধর্মীয় বিধিনিষেধ সম্পর্কে জানতে চেয়েছেন। আফসানা বলেন, ‘আমি নতুন একটি সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে যাচ্ছি। বাংলাদেশের খাবারের সংস্কৃতির সঙ্গে দক্ষিণ কোরিয়ার খাবারের অনেক পার্থক্য। তাই সেখানকার খাবার নিয়েও বেশ আগ্রহী। কিছু বিধিনিষেধের বাইরে কোরিয়ান সংস্কৃতির বিভিন্ন খাবারের স্বাদ নিতে চাই।’
মডেলিংয়ে ভবিষ্যৎ পরিকল্পনাআন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতির পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও ভাবছেন দুজন। দেশে ফিরে পূর্ণকালীন মডেল হিসেবে কাজ করতে চান আফসানা। তাঁর মতে, বিবাহিত বা সন্তান আছে—এমন নারীদের ফ্যাশন অঙ্গনে কাজ করার সুযোগ নিয়ে এখনো অনেকের মধ্যে সংকীর্ণ ধারণা রয়েছে। সেই ধারণা বদলাতে চান তিনি।
আফসানা বলেন, ‘অনেকেই মনে করেন, বিবাহিত মেয়েদের জন্য ফ্যাশন সেক্টর নয়। কিন্তু আমার মনে হয়, এই ধারার পরিবর্তন আমাদের মাধ্যমেই আসবে। কারও মনোবল ও যোগ্যতা থাকলে এই অঙ্গনে অবশ্যই ভালো করা সম্ভব।’ মডেলিংয়ে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম অগ্রণী ব্যক্তিত্ব আজরা মাহমুদকে অনুসরণ করেন আফসানা। পাশাপাশি আইনজীবী, মা ও মডেল—তিন পরিচয়েই সফল জান্নাতুল পিয়ার কাছ থেকেও অনুপ্রেরণা পান। তরুণ মডেলদের মধ্যে তাঁর পছন্দ শিরিন শিলা।
এএমটিসির হাত ধরে আন্তর্জাতিক মঞ্চে‘ফেস অব বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজক আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি)। ফ্যাশন ও পেজেন্ট অঙ্গনে কাজ করছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আজরা মাহমুদ। নতুন প্রতিভা খুঁজে বের করা, প্রশিক্ষণ ও গ্রুমিংয়ের মাধ্যমে তাঁদের আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। ২০১৯ সাল থেকে ‘ফেস অব এশিয়া’র সঙ্গে যুক্ত এএমটিসি।
বাংলাদেশে প্রতিযোগিতাটির জাতীয় লাইসেন্সধারী প্রতিষ্ঠানও এটি। এর আগে নিজেদের উদ্যোগে প্রতিযোগিতার আয়োজন করলেও এবারই প্রথম বড় পরিসরে ‘ফেস অব বাংলাদেশ’–এর বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। নতুন মডেলদের ক্যাটওয়াক, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের বিকাশেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
ভোট দিতে পারবেন যেভাবে৯ নভেম্বর দক্ষিণ কোরিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন আফসানা ও অদিত। ১১ নভেম্বর শুরু হয়ে প্রতিযোগিতার মূল আয়োজন চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। সেদিনই তাঁদের দেশে ফেরার কথা রয়েছে। আন্তর্জাতিক মঞ্চে তাঁদের এগিয়ে যেতে দর্শকের সমর্থন গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে ভোট দিতে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ‘অল চার্ট’ অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এরপর অ্যাকাউন্ট খুলে আফসানা সুলতানা ও অদিত সারজিল কোরেশির নাম খুঁজে নিতে হবে। অ্যাপের মাধ্যমে বিনা মূল্যে হার্ট সংগ্রহ করে তাঁদের ভোট দেওয়া যাবে।
সূত্র: প্রথম আলো
-
ফেস অব এশিয়ায় বাংলাদেশকে তুলে ধরতে প্রস্তুত আফসানা–অদিত
-
যে দেশে বারান্দায় কাপড় শুকানো নিষিদ্ধ, ভুল করলেই বড় জরিমানা
-
তরুণেরা কোথায় খবর পড়েন
-
দিনে চার মণ দুধের চা বিক্রি, ফেসবুক-টিকটকে লাখো অনুসারী, আয়করও দেন সাইদুর
-
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ১০ অধিনায়ক
-
গাছ না কেটেই প্রাপ্য টাকা বুঝিয়ে দিন
-
জোটে থেকেই জামায়াতকে ‘লাইনে’ রাখতে চায় এনসিপি
-
সিলেট বন্ধুসভার পাঠচক্রে হেমেন্দ্রকুমার রায়ের ‘যকের ধন’
-
‘জানি না, মেয়েকে শ্মশানে রেখে কীভাবে কাজে যাব’
-
মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৬: শেষ সময়ের প্রস্তুতিতে যে কৌশল
-
এআইয়ের প্রভাবে প্রাথমিক স্তরে কমছে চাকরি, তাহলে পরবর্তী সিইও কিভাবে হবেন
-
‘পথের দাবী’ উপন্যাস প্রকাশের ১০০ বছর পর ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’
-
সন্ধ্যা হলেই হাসপাতাল চত্বরে বসে চড়ুই পাখির মিলনমেলা
-
মজুরি বোর্ডের সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ
-
২০ হাজার টাকা ঘুষ দাবি ও নামের মিলে বিনা অপরাধে এক বছর ধরে কারাভোগের কাহিনি