সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

অসমাপ্ত গল্প

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৬:১৫ পিএম
৩৭১ Shares
প্রবাসী হাবিবুর রহমানের অসমাপ্ত চিঠি, যেখানে তিনি পুরোনো ভালোবাসা আর সম্পর্ক হারানোর বিষয়টি নিয়ে আবেগপ্রবণভাবে লিখেছেন।

জানি না, এ চিঠি তুমি কখনো পড়বে কি না। হয়তো তুমি এখন অন্য কারও গল্পে ভালো আছ আর আমি আজও সেই একই জায়গায় আটকে আছি, যেখানে তুমি আমাকে শেষবার রেখে গিয়েছিলে।

মনে করেছিলাম, তুমি ফিরে আসবে। কোনো কারণ না জানিয়েই তুমি চলে গিয়েছিলে। প্রথমে ভেবেছিলাম, হয়তো রাগ করেছ। অভিমান ভাঙলে আবার ফিরে আসবে। কিন্তু তুমি আর ফিরলে না।

সেদিন বুঝেছিলাম, সব ভালোবাসার পরিণতি সুন্দর হয় না। কিছু ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু স্মৃতির পাতায় নীরবে চাপা পড়ে থাকে।

তোমাকে এখনো মিস করি। কিন্তু সে কথা বলার অধিকার হয়তো আমার আর নেই। তুমি কেমন আছ, কী করো, আগের মতো হাসো কি না, কিছুই জানি না। জানতেও চাই না। কারণ, তোমার বর্তমানের খবর জানলে হয়তো আবারও ভেঙে পড়ব।

কখনো কখনো ভাবি, মানুষ কি সত্যিই কাউকে ভুলে যায়, নাকি ভুলে থাকার অভিনয় করতে করতে একসময় অভ্যস্ত হয়ে পড়ে?

যাকে একসময় সবচেয়ে আপন ভেবেছিলাম, আজ তার কাছেই আমি সবচেয়ে অচেনা। কিছু মানুষ জীবন থেকে অনেক দূরে চলে যায়, অথচ মনের একটা অংশ সারা জীবন তাদের কাছেই পড়ে থাকে।

আজ থেকে তোমার গল্পে আমি হয়তো আর নেই। তোমার জীবনে নতুন স্বপ্ন আসুক, নতুন আনন্দে ভরে উঠুক প্রতিটি দিন।

তোমাকে আর ফিরে পাওয়ার কোনো প্রত্যাশা নেই। শুধু কিছু না বলা কথা বুকের ভেতর জমে ছিল, আজ সেগুলোই চিঠির পাতায় রেখে গেলাম।

আর আমার গল্পটা তোমাকে হারিয়েই অসম্পূর্ণ থেকে গেল।

সূত্র: প্রথম আলো