ইউক্রেন যুদ্ধে ১ হাজারের বেশি রুশ আত্মহত্যা করেছেন: ফাঁস হওয়া নথিতে দাবি
ইউক্রেনে প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন বলে সম্প্রতি ফাঁস হওয়া রুশ সরকারি নথিতে উঠে এসেছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের এ গোপন নথি বিশ্লেষণ করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। বেলারুশের সাইবার পার্টিজানস ও ইউক্রেনীয় হ্যাকার গোষ্ঠী সাইলেন্ট ক্রো ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদের এই তথ্যভান্ডার সংগ্রহ করেছে।
২০২৪ সালের অক্টোবরে অধিকৃত দোনেৎস্ক অঞ্চলের একটি সামরিক সদর দপ্তরের পাহারায় থাকা সার্জেন্ট অ্যালেক্সি বোলগভ ফোনে স্ত্রী নাতালিয়াকে বলেছিলেন, ‘এখানে যা চলছে, তা ভয়াবহ। ফিরে এসে সব বলব।’ কিন্তু তাঁর আর বাড়ি ফেরা হয়নি। পাঁচ সপ্তাহ পর, ২৯ বছরে পা দেওয়ার কিছুদিন পরই ইউনিটের কমান্ড পোস্ট থেকে প্রায় ৩০০ মিটার দূরের বনে গিয়ে আত্মহত্যা করেন তিনি। কমান্ডারের বিবরণেও সেদিন তাঁর বিমর্ষ থাকার কথা উল্লেখ ছিল।
.গার্ডিয়ানের বিশ্লেষণে রসস্ট্যাটের নথিতে অন্তত ১ হাজার ৮৭ জন রুশ সেনার আত্মহত্যার তথ্য মিলেছে। এর বাইরে ইউক্রেন বা সীমান্তবর্তী অঞ্চলে আরও ৮৮৫ জন সেনার মৃত্যু আগ্নেয়াস্ত্রজনিত ‘অনিশ্চিত উদ্দেশ্যে’ আঘাতের কারণে হয়েছে বলে নথিবদ্ধ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই শ্রেণির আড়ালে বহু আত্মহত্যার ঘটনা চাপা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আত্মহত্যাকারী সেনার সংখ্যা প্রায় একটি রুশ রেজিমেন্টের সমান।
নথি অনুযায়ী, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে সেনাদের মধ্যে আত্মহত্যার ঘটনাও বেড়েছে। ২০২২ সালে ৫০টির বেশি থেকে ২০২৪ সালে তা ২০০ ছাড়িয়েছে এবং ২০২৫ সালে সর্বোচ্চ ৩৬৫ জনে পৌঁছেছে। ২০২৬ সালের হিসাব এখনো অসম্পূর্ণ হলেও এরই মধ্যে প্রায় ৩০০টি আত্মহত্যার তথ্য যুক্ত হয়েছে। চিহ্নিত ১ হাজার ৮৭টি ঘটনার অন্তত ৬১৪টি ঘটেছে ইউক্রেনের অধিকৃত এলাকা কিংবা রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ ও ব্রিয়ানস্ক অঞ্চলে। যুদ্ধক্ষেত্রে আত্মহত্যাকারীদের ৪৩ জন ছিলেন ১৮ বা ১৯ বছর বয়সী তরুণ। এ ছাড়া যুদ্ধক্ষেত্রের বাইরে রাশিয়ার ভেতরে ২৫ বছরের কম বয়সী আরও ১০৮ জন আত্মহত্যা করেছেন।
.সামরিক বিশ্লেষকেরা বলছেন, ব্যাপক প্রাণহানি, কঠোর শৃঙ্খলা, সহকর্মী ও কমান্ডারদের তীব্র চাপ এবং যুদ্ধ ছাড়ার কোনো পথ না থাকা চুক্তির কারণে সেনাদের মনোবল ভেঙে পড়েছে। ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো রব লি বলেন, সেনাদের সামনে এগিয়ে যেতে বাধ্য করতে রুশ বাহিনীতে ব্যাপক বলপ্রয়োগ ও শারীরিক নির্যাতন চালানো হয়ে থাকে। ফলে অনেকের আত্মহত্যার পথ বেছে নেওয়া অবাক করার মতো কিছু নয়।
রুশ সেনাদের দলত্যাগে সহায়তাকারী সংগঠন ‘ইদিতে লেসোম’-এর মুখপাত্র ইভান চুভিলিয়ায়েভের মতে, যুদ্ধক্ষেত্র যেন একটি ‘বদ্ধ টিনের কৌটা’, যেখান থেকে তথ্য খুব কমই বাইরে আসে। তাঁর ভাষায়, ‘একজন সেনা আত্মহত্যা করলেও কাগজে-কলমে তাঁকে বীর হিসেবে দেখানো হয়।’
গার্ডিয়ানের অনুসন্ধানেও দেখা গেছে, ২০২২ সালে দোনেৎস্কে সৈনিক আলেকজান্ডার লাজোরের পরিবারকে যুদ্ধে নিহত হওয়ার কথা জানানো হলেও সহকর্মীরা বলেছেন, তিনি আত্মহত্যা করেছিলেন। এ ছাড়া মিডিয়াজোনা ও আইস্টোরিজের তথ্যানুযায়ী, অন্তত ৪৯ হাজার রুশ সেনাকে পলাতক বা অনুপস্থিত ঘোষণা করা হয়েছে।
.যুদ্ধে নিহত ৭ লাখের বেশি সেনা
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেদুজা ও মিডিয়াজোনার নতুন হিসাব অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাত লাখের বেশি সেনা নিহত হয়েছেন। রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্যের পাশাপাশি উত্তরাধিকারসংক্রান্ত নথি, মৃত্যুসংবাদ, সিভিল রেজিস্ট্রি ও সরকারি তথ্য বিনিময়ব্যবস্থা বিশ্লেষণ করে এ হিসাব পাওয়া গেছে।
এতে দেখা গেছে, সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়া সরকারিভাবে অন্তত ৪ লাখ ৯০ হাজার সেনার মৃত্যু নথিভুক্ত করেছে; তবে দেরিতে হিসাব যুক্ত হওয়ায় ২০২৫ ও ২০২৬ সালের অনেক মৃত্যু এতে নেই। ক্রেমলিন দমন-পীড়ন, সংবাদমাধ্যমে নিয়ন্ত্রণ ও প্রচারের মাধ্যমে প্রকৃত তথ্য গোপন রাখায় এ যুদ্ধের প্রাণহানি সম্পর্কে বেশির ভাগ রুশ নাগরিকের ধারণা খুবই সীমিত।
সূত্র: প্রথম আলো
-
দুই ঘণ্টা আগে স্বামীকে বলেছিলেন বাজার করে আনতে, বাসায় ফিরে দেখলেন কলেজশিক্ষক স্ত্রীর মরদেহ
-
ডিআইজি, অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
-
এইচএসসি পুনর্নিরীক্ষণ: স্বপ্ন দেখছে ৭,১৬৮ শিক্ষার্থী
-
পরিচালনা পর্ষদের সভাপতি হতে ন্যূনতম স্নাতকধারী, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল
-
ইউক্রেন যুদ্ধে ১ হাজারের বেশি রুশ আত্মহত্যা করেছেন: ফাঁস হওয়া নথিতে দাবি
-
মৃত্যুর কিছুদিন আগে গানে গানে বলেছেন, ‘দ্য শো মাস্ট গো অন’
-
পদ্মা ব্যাংককে রেজোল্যুশন প্রক্রিয়ায় আনল বাংলাদেশ ব্যাংক, আপাতত প্রশাসক বসবে না
-
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক বিজ্ঞান উৎসব আয়োজিত
-
১২৫ রুপির কেরানির চাকরি থেকে বলিউড তারকা, ধর্মেন্দ্র সম্পর্কে ২৫ তথ্য
-
‘শিবির শিবির, গুপ্ত গুপ্ত’ বলে ছাত্রশক্তির মিছিলে স্লোগান
-
কলা ও পেঁপে দিয়ে ড্রাই ফ্রুটস বানান বাড়িতেই, দেখুন রেসিপি
-
হাজির নভেম্বর
-
চার দশকের রক-ঐতিহ্য এবার পোশাকে, ওয়ারফেজের সঙ্গে ব্লুচিজের বিশেষ সংগ্রহ
-
নির্যাতনের শিকার নারীদের আইনের দ্বারস্থ হতে হবে, এগিয়ে আসতে হবে পুরুষদেরও
-
প্রেসক্লাব মিলনায়তনে উৎসবের বিকেল: প্রথম আলোর ২৮ বছর উদ্যাপন