গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার, নিরাপত্তায় চারজন
তার গলায় ঝলমলে হীরার হার। একনজর দেখলেই চোখ আটকে যাওয়ার মতো। তবে এটি সাধারণ কোনো গয়না নয়, এর ওজন ১৮৬ ক্যারেট! যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪৫ কোটি টাকা। আর সেই দামি গয়না সামলাতে নিয়োগ দিতে হয়েছে চারজন নিরাপত্তাকর্মী। তাঁদের মধ্যে দুজন ছিলেন দায়িত্বের বাইরে থাকা সশস্ত্র পুলিশ কর্মকর্তা। বলছি মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের কথা।
গত বৃহস্পতিবার রাতে তাঁর কনসার্টভিত্তিক চলচ্চিত্র ‘দ্য জে-লো শো’র প্রিমিয়ারে এমনই চোখধাঁধানো সাজে হাজির হন লোপেজ। ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানার নকশা করা পোশাকে তাঁকে দেখাচ্ছিল রাজকীয়। পরনে ছিল শ্যান্টিলি লেসের গাউন, সঙ্গে সাটিনের শাল-কোট। তবে পুরো সাজের সবচেয়ে আকর্ষণীয় অনুষঙ্গ ছিল ১৮৬ ক্যারেটের হীরার হার।
হারটির নাম ‘সিসিলিয়া’। এর সবচেয়ে বড় আকর্ষণ মাঝখানে থাকা ১১০ ক্যারেটের হলুদ রঙের নাশপাতি আকৃতির হীরা। এত দামি গয়না যে বিশেষ নিরাপত্তায় রাখতে হবে, সেটাই স্বাভাবিক। প্রিমিয়ারের লালগালিচায় মার্ক ম্যালকিনকে দেওয়া সাক্ষাৎকারে লোপেজ বলেন, হারটির চারপাশে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। সবাই শুধু হারটির দিকে নজর রাখছেন।
যেভাবে পছন্দ হয়েছিল পোশাক ও গয়না
এই পোশাক ও গয়নার সঙ্গে লোপেজের পরিচয় অবশ্য নতুন নয়। গত জুলাইয়ে ইতালির তাওরমিনায় ডলচে অ্যান্ড গাবানার আলতা মোদা ফ্যাশন শোতে পারফর্ম করতে গিয়ে প্রথম তাঁর চোখে পড়ে গাউন, কোট ও হারটি।
লোপেজ বলেন, ‘সেখানে গিয়ে হারটি দেখলাম, কোটটিও দেখলাম। আমার খুব ভালো লেগে গেল। আমি বললাম, এগুলো আমার দারুণ পছন্দ হয়েছে। তারা জানাল, প্রিমিয়ারের জন্য এগুলো আমার কাছে পাঠিয়ে দেবে। কোটটি আমাকে উপহার দিয়েছে আর হারটি পাঠিয়েছে আজকের রাতের জন্য।’
তবে এত দামি হার নিজের সংগ্রহে রাখার কোনো পরিকল্পনা নেই লোপেজের। বরং গয়নার মূল্য ও সৌন্দর্য নিয়ে কথা বলতে গিয়ে হেসে ফেলেন তিনি। বলেন, ‘এটি ভীষণ দামি হার। অসাধারণ সুন্দর। শেষ পর্যন্ত যিনি এর মালিক হবেন, তিনি সত্যিই ভাগ্যবান। এটি এমন গয়না, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে উত্তরাধিকার হিসেবে রেখে দেওয়া যায়।’
নতুন জীবনের গল্প বলতে চান লোপেজ
‘দ্য জে-লো শো’ শুধু জেনিফার লোপেজের জনপ্রিয় গানগুলোর পরিবেশনা নয়। লাস ভেগাসের মঞ্চে ধারণ করা এ কনসার্ট চলচ্চিত্রে গানের পাশাপাশি উঠে এসেছে তাঁর জীবনের গল্পও। ব্রঙ্কসে ছোটবেলার বেড়ে ওঠা থেকে শুরু করে বিশ্বজোড়া তারকা হয়ে ওঠা—সবকিছুরই ছাপ রয়েছে এতে।
লোপেজের কাছে অনুষ্ঠানটি তাঁর ক্যারিয়ারের একটি বিশেষ অধ্যায়। তিনি বলেন, ‘আমি এখন পরবর্তী অ্যালবাম নিয়ে কাজ করছি। অনেক গান তৈরি করছি। জীবনও উপভোগ করছি। আমার মনে হয়, এই শো আমার ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি আমার জীবনের একটি বিশেষ সময়কে চিহ্নিত করছে। এত দিন যা করেছি, তার সবকিছুর শেষে যেন একটি দাঁড়ি, বিস্ময়চিহ্ন বসিয়ে দিচ্ছে। এবার আমরা নতুন গল্প বলতে পারব।’
জীবনের এ নতুন অধ্যায় নিয়ে লোপেজের কথায় যেমন উচ্ছ্বাস, তেমনি কিছুটা শঙ্কাও আছে। কারণ, ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। চারবার বিয়ে করেছেন, প্রতিটি বিয়েই শেষ হয়েছে বিচ্ছেদে। দীর্ঘদিনের সম্পর্ক ও প্রেমের নানা অভিজ্ঞতার পর এখন একাই থাকতে স্বচ্ছন্দ এই তারকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আপাতত নতুন করে প্রেম বা সম্পর্কে জড়ানোর কোনো তাড়া নেই। তাঁর ভাষায়, ‘আমার এখন প্রেম করার প্রয়োজন নেই। আমি ভালো আছি, সুখে আছি। এই ভালো থাকাটা নষ্ট করতে চাই না।’
প্রেম সম্পর্কে নিজের পুরোনো ধারণা নিয়েও নতুন করে ভাবছেন লোপেজ। তাঁর কথায়, ‘গত ২০ বছরে অনেক কিছু শিখেছি। বিশেষ করে গত কয়েক বছর নিজের সম্পর্কে আরও সচেতন হওয়ার এবং ভালোবাসা আসলে কী, তা বোঝার সময় ছিল। ছোটবেলায় ভালোবাসা নিয়ে আমার একটা ধারণা ছিল। জীবনের এত উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে যেতে বুঝেছি, যেটাকে ভালোবাসা মনে করতাম, সব সময় তা ভালোবাসা ছিল না।’
সন্তানদের ছাড়া ফাঁকা বাড়ি
ব্যক্তিগত জীবনে আরেকটি বড় পরিবর্তন এসেছে সন্তানদের বাড়ি ছেড়ে কলেজে যাওয়ার মধ্য দিয়ে। সাবেক স্বামী মার্ক অ্যান্টনির সঙ্গে লোপেজের যমজ সন্তান এমে ও ম্যাক্স। দুজনই এখন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
সন্তানদের ছাড়া বাড়িতে ফিরে একধরনের শূন্যতা অনুভব করেন লোপেজ। তিনি বলেন, ‘বাড়িতে ঢুকলেই বিষয়টি টের পাওয়া যায়। ওদের ঘরগুলো আগের মতোই রেখেছি। দরজা বন্ধ করি না। পাশ দিয়ে যাওয়ার সময় ওদের জিনিসপত্র দেখি। কখনো কখনো ঘরে ঢুকেও বসি।’
সন্তানদের কথা মনে করে প্রায়ই কেঁদে ফেলেন বলেও জানিয়েছেন লোপেজ। তিনি বলেন, ‘ওরা আমার সত্তারই অংশ। আমার যমজ সন্তান দুজনই আমার সবকিছু। সবচেয়ে কঠিন বিষয় হলো, দুজন একই সময়ে বাড়ি ছেড়ে গেছে।’
তবে দূরত্ব তৈরি হলেও যোগাযোগে ঘাটতি নেই। নিয়মিত ফোনে কথা বলেন, ভিডিও কল করেন। লোপেজের মতে, সন্তানদের জন্যও এটি জীবনের নতুন এক অভিজ্ঞতা। দূরে গিয়ে তারাও বুঝতে পারছে, মাকে কতটা প্রয়োজন।
এদিকে নতুন অ্যালবামের কাজের পাশাপাশি নিজের জীবন ও ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে ব্যস্ত লোপেজ। তাঁর কাছে ‘দ্য জে-লো শো’ যেন পুরোনো অধ্যায়ের সমাপ্তি এবং নতুন সূচনার ঘোষণা।
‘দ্য জে-লো শো: লাইভ ইন লাস ভেগাস’ ২৬ নভেম্বর রাত ৮টায় যুক্তরাষ্ট্রের সিবিএস ও প্যারামাউন্ট প্লাসে প্রচারিত হবে। এর বর্ধিত সংস্করণ দেখা যাবে শুধু প্যারামাউন্ট প্লাসে।
সূত্র: প্রথম আলো
-
৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায় আটকে গেল ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল
-
থমসন ফাউন্ডেশনের নতুন কোর্স, ৬০টির বেশি বিষয়ে শেখার সুযোগ
-
পালংশাকের ক্যালসিয়াম কি সত্যিই দেহের কাজে আসে না?
-
গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার, নিরাপত্তায় চারজন
-
ওয়ানডেতে সফল রান তাড়ায় সর্বোচ্চ ইনিংস
-
এআইয়ের যুগে গুরুত্বপূর্ণ দক্ষতা হলো সঠিক প্রশ্ন করতে পারা—সোহেল রহমান, কম্পিউটারবিজ্ঞানী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
-
আজ টিভিতে যা দেখবেন (২৩ নভেম্বর ২০২৬)
-
পচেত্তিনোর দুঃস্বপ্নের অভিষেক, ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিল লিভারপুল
-
দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে
-
আওয়ামী ফ্যাসিস্টরা আবার লগি-বইঠার কালচার ফিরিয়ে আনছে: আরিফুল হক চৌধুরী
-
জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, আলোচনা ভেস্তে যাওয়া ঠেকাতে নতুন খসড়া
-
ওসমান ফারুক সরে দাঁড়াতেই প্রার্থী হতে সক্রিয় বিএনপির পাঁচ নেতা
-
কৃষক দল নেতা হত্যার ঘটনায় নিক্সনকে প্রধান আসামি করে ৯৬ জনের নামে মামলা
-
নাশকতা, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারের নির্দেশ
-
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে: প্রসিকিউটর