নদীর মাঝখানে খুঁটি ছাড়াই হবে ২৫৬টি দীর্ঘ সেতু
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি বলেছেন, দীর্ঘ সেতু নির্মাণের ক্ষেত্রে নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে মাঝনদীতে কোনো খুঁটি বসানো হবে না।
প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের সেতু নির্মাণে দেশীয় প্রকৌশলীদের দক্ষতা বাড়াতে বিদেশ থেকে প্রশিক্ষক এনে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রয়োজনে প্রকৌশলীদের বিদেশেও প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।
আজ বুধবার সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি।
উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, নদীতে মাঝখানে খুঁটি না বসিয়ে সেতু নির্মাণের অভিজ্ঞতা বাংলাদেশের প্রকৌশলীদের কম। এ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জেলায় ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। এসব সেতুর প্রতিটির দৈর্ঘ্য ১০০ মিটারের বেশি। নদীর পানির স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে সেতুগুলো নির্মাণের সময় মাঝনদীতে কোনো খুঁটি না বসানোর সিদ্ধান্ত হয়েছে একনেক সভায়।
তবে ২৫৬টি সেতুর মধ্যে ৯৮টির কোনো সমীক্ষা ছাড়াই কীভাবে প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিকল্পনা কমিশনের কৃষি, পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সচিব কবির আহামদ বলেন, এসব সেতুর সমীক্ষা করার পরই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। সমীক্ষার আগে কোনো কাজ শুরু হবে না।
সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আজকের একনেক সভায় মোট ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৪ কোটি টাকা, প্রকল্প ঋণ ৪২৪ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।
জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, গ্রামীণ অর্থনীতিকে চাঙা করতে বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারেও গ্রামীণ অর্থনীতিকে চাঙা করার বিষয়টি রয়েছে।
সামনে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের নজর শুধু শহরকেন্দ্রিক নয়, গ্রামের প্রতিও রয়েছে। গ্রামেও মানুষ বসবাস করে। গ্রামীণ অর্থনীতিকে চাঙা করতেই এসব প্রকল্প নেওয়া হয়েছে।
একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ; জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধিত); ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায় (দ্বিতীয় সংশোধিত)।
এ ছাড়া রয়েছে দাশেরকান্দি পয়োশোধনাগারের জন্য পয়োবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ (ফেজ-১); দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচসুবিধা বৃদ্ধি; জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ; সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা (প্রথম পর্যায়)।
অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ (প্রথম পর্যায়); জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন (অংশ-১); ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ; বাংলাদেশ বিমানবাহিনীর ঢাকায় কর্মকর্তাদের আবাসন সমস্যার সমাধানে অবকাঠামোগত উন্নয়ন; জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক সার্ভিস লেনসহ চার লেনে উন্নীতকরণ।
প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।
সূত্র: প্রথম আলো
-
নদীর মাঝখানে খুঁটি ছাড়াই হবে ২৫৬টি দীর্ঘ সেতু
-
বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবক সমন্বয়ের বার্ষিক সভা অনুষ্ঠিত
-
ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল হামলা, অগ্নিসংযোগ – পরিস্থিতি সামলাতে কী করছে পুলিশ?
-
১০ জনের ৮ জনই তাঁর হাতে আউট, বিশ্ব রেকর্ড গড়লেন লিটন
-
অনুষ্ঠানের প্যান্ডেলে আগে ঢোকা নিয়ে ছাত্রদল–ছাত্রশিবিরের হাতাহাতি
-
পুরুষের স্বাস্থ্য সুরক্ষায় নভেম্বর কেন মুভেম্বর, জানেন?
-
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন
-
ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ের নিচে হামলা–ভাঙচুর
-
সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা-নেওয়ার আবেদন
-
একসময় ছিলেন ‘বোন’, এখন প্রতিপক্ষ, অপু–পরীমনির সম্পর্কের অবনতি কেন
-
মাদকের টাকার খোঁজে অনুসন্ধান সীমিত, তালিকায় ‘গডফাদার’ ২৩ হাজার
-
ভ্রূণের চিকিৎসার জন্য গর্ভাবস্থাতেই যেসব অস্ত্রোপচার করা হয়
-
ছাত্র ইউনিয়ন নেতাকে গভীর রাতে বাসা থেকে তুলে নিল ডিবি, ছাড়া হলো ১০ ঘণ্টা পর
-
অলিভারের মহাজাগতিক অভিযান
-
একসঙ্গে হাঁটলে কি সম্পর্কও ভালো হয়, কী বলছে আলোচিত গবেষণা