সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

বাড়ি পরিষ্কার করতে গিয়ে উল্টো বিষাক্ত করে তুলছেন না তো? বিশেষজ্ঞরা কী করেন?

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ০৩:০০ পিএম
৪৭৩ Shares
ঘর পরিষ্কারের স্প্রেতে থাকা কড়া রাসায়নিক ফুসফুসের ক্ষতি করতে পারে। অতিরিক্ত সুগন্ধি ও রাসায়নিক ব্যবহার না করে, পরিমিত উপায়ে ঘর পরিষ্কার রাখা জরুরি।

ঘর পরিষ্কারের স্প্রে বা জীবাণুনাশকের কড়া রাসায়নিক ফুসফুসের বড় ক্ষতি করতে পারে। অনেক সময় বাসা পরিষ্কারের ক্লিনার বা এয়ার ফ্রেশনার থেকেও ক্ষতিকর গ্যাস ছড়িয়ে পড়ে, বাড়ায় কাশি ও শ্বাসকষ্ট। তাই অতিরিক্ত সুগন্ধি ও রাসায়নিক ব্যবহার না করে, পরিমিত উপায়ে ঘর পরিষ্কার রাখা জরুরি। আর ঘরে সব সময় হাওয়া চলাচলের ব্যবস্থা রাখতে হবে।

সারা দিন অফিস বা বাইরে ঘোরাঘুরি শেষে যখন বাড়ি ফেরেন, তখন নিজের ঘরটাকেই মনে হয় সবচেয়ে নিরাপদ। কিন্তু কখনো ভেবে দেখেছেন কী, নিজের বাসা ভেতর থেকে ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠছে কি না? বাইরের বাতাসের দূষণের কথা আমরা প্রায়ই খবরের দেখি। কিন্তু আমাদের ঘরের ভেতরের বাতাস যে বাইরের চেয়েও বেশি দূষিত হতে পারে, তা কি জানেন?

আমাদের শহরের ঘরবাড়িগুলো সাধারণত কেমন হয়? সারা দিন ফ্ল্যাট বা ঘরের দরজা-জানালা প্রায় বন্ধ থাকে। এসি বা ফ্যানের বাতাসে ঘর ঠান্ডা রাখা হয়। এ ছাড়া ঘরের মেঝে পরিষ্কার করার ক্লিনার, মশা তাড়ানোর কয়েল বা স্প্রে, প্লাস্টিকের জিনিসপত্র ও এয়ার ফ্রেশনারের মতো নানা জিনিস ব্যবহার করা হয়। এ কারণে প্রতিনিয়ত বাতাসে মিশছে নানা ক্ষতিকর রাসায়নিক পদার্থ।

বাইরে বের হলে আমরা মুখে মাস্ক পরি, কিন্তু ঘরের ভেতরে তো আমরা খোলামেলা নিশ্বাস নিই। ঘরের বদ্ধ বাতাসে ঘুরে বেড়ানো এই অদৃশ্য বিষাক্ত কণাগুলো তখন শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকে পড়ে। এ কারণে ছোটখাটো সর্দি-কাশি থেকে শুরু করে শ্বাসকষ্ট বা অ্যালার্জির মতো নানা সমস্যা দেখা দিতে পারে।

২০২৪ সালে এনভায়রনমেন্টাল ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত ৭৭টি গবেষণার একটি পর্যালোচনায় দেখা গেছে, অনেক পরিষ্কারক পণ্যে এমন সব রাসায়নিক থাকে, যা স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। এর মধ্যে কিছু পণ্য বাতাসে সূক্ষ্ম কণা ও মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে দেয়। আবার কিছু উপাদান এমন দূষণ তৈরি করে, যা সরাসরি আমাদের ফুসফুসের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে।

যেভাবে ঘর পরিষ্কারের রাসায়নিক ক্ষতি করছেজীবাণুনাশক ও এয়ার ফ্রেশনার থেকে একধরনের জৈব যৌগ বাতাসে ছড়িয়ে পড়ে। যাদের ফুসফুসে সমস্যা, এগুলো তাদের শ্বাসকষ্ট বাড়িয়ে দেয়। এমনকি যাদের কোনো সমস্যা নেই, তাদেরও চোখ, নাক ও গলায় জ্বালাপোড়া করতে পারে।

গবেষকদের মতে, স্প্রে করার পণ্যগুলো আমাদের ফুসফুসের জন্য বেশি ক্ষতিকর। কারণ, এগুলোয় থাকা কৃত্রিম সুগন্ধি, সাবানজাতীয় উপাদান বা সারফ্যাক্ট্যান্ট এবং অ্যাসিড সহজেই নিশ্বাসের সঙ্গে শরীরে ঢুকে পড়ে। ক্লোরিন, অ্যামোনিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের মতো রাসায়নিকগুলো অত্যন্ত ক্ষতিকর। কারণ, এগুলো শরীরের ভেতরের কোষ ও টিস্যুর মারাত্মক ক্ষতি করতে পারে।

আর সস্তা অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লিনার ব্যবহার শরীরের জন্য আরও বেশি ক্ষতিকর। এগুলো দিয়ে রান্নাঘর বা বাথরুম পরিষ্কার করার সময় বাতাসে ওড়া কণাগুলো নাক ও গলার ভেতরের পাতলা শ্লেষ্মাঝিল্লিতে জ্বালাপোড়া তৈরি করতে পারে।

ক্লিনিং স্প্রেতে রাসায়নিকের কটু গন্ধ ঢাকতে যে সুগন্ধি মেশানো হয়, তাতে আবার অনেকের অ্যালার্জি থাকতে পারে। আর যদি একাধিক পণ্য একসঙ্গে ব্যবহার করা হয়, তবে বিপদ আরও বাড়ে। তবে সবার শরীর সব উপাদানের প্রতি সমানভাবে সংবেদনশীল নয়, তাই সবার এমন সমস্যা হয় না।

যুক্তরাজ্যের পরিবেশবান্ধব হোমকেয়ার ও ক্লিনিং পণ্য উৎপাদক প্রতিষ্ঠান ‘স্মোল’ দুই হাজার মানুষের ওপর একটি জরিপ করে। সেই জরিপে দেখা গেছে, পরিষ্কারের জিনিস কেনার সময় ৩৮ শতাংশ মানুষ ভেতরের রাসায়নিক উপাদানগুলো দেখে নেন। অনেকে প্রাকৃতিক উপাদান লেখা ক্লিনার দেখে কেনেন।

কিন্তু প্রাকৃতিক জিনিসও শরীরের ক্ষতি করতে পারে। ইউনিভার্সিটি অব ইয়র্কের অধ্যাপক নিকোলা কার্সল বলেন, অনেকের ধারণা উদ্ভিদ থেকে আসা মানেই কারখানার রাসায়নিকের চেয়ে ভালো। কিন্তু পরিষ্কারের পণ্যের ক্ষেত্রে সব সময় এই ধারণা সত্যি নয়।

বিজ্ঞানীরা যেভাবে ঘর পরিষ্কার করেনএর মানে এই নয় যে ঘরদোর পরিষ্কার করা বাদ দিতে হবে। পরিবেশ ও ফুসফুস বাঁচাতে ময়লা জমিয়ে রাখার চেয়ে ঘর পরিষ্কার রাখাটাই অনেক বেশি নিরাপদ। তবে ভারসাম্য রাখতে হবে। পরিবেশের কথা ভাবতে হবে, আবার ঘর নোংরা রাখাও চলবে না।

ঘর পরিষ্কার ও পরিপাটি রাখতে বিশেষজ্ঞরা ঠিক কী ধরনের উপায় বা জিনিস ব্যবহার করেন, চলুন, সেটাই জেনে নেওয়া যাক। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব লেস্টারের মাইক্রোবায়োলজির সহযোগী অধ্যাপক প্রিমরোজ ফ্রিস্টোন এ বিষয়ে কিছু সহজ পরামর্শ দিয়েছেন—

ব্লিচ ব্যবহার করতে পারেন

ব্লিচ সবকিছু খুব ভালোভাবে পরিষ্কার করে। এটি ব্যবহারের পর প্রকৃতিতে দ্রুত মিশে যায়, তাই পরিবেশের জন্যও এটি বেশ ভালো। নির্দেশনা মতো ব্যবহার করলে এটি নিরাপদ।

এগুলো প্রাকৃতিক উপাদান ও খুব দ্রুত ভেঙে যায়। জীবাণু মারতে ভিনেগার বেশ ভালো, আর লেবুর রসের ঘ্রাণও দারুণ। তবে ভুলেও ব্লিচের সঙ্গে লেবুর রস মেশাবেন না। এতে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হতে পারে।

নিয়মিত সিঙ্ক পরিষ্কার রাখুন

ঘরের সিঙ্ক হলো জীবাণুর সবচেয়ে বড় আস্তানা। এখানে হাত ধোয়া হয়, নোংরা থালা-বাসন মাজা হয় এবং শাকসবজি ধোয়া হয়।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের এক গবেষণায় দেখা গেছে, কাঁচা খাবার ও ফলমূল ধোয়ার পর সিঙ্ক মারাত্মকভাবে জীবাণুতে ভর্তি থাকে। তাই সিঙ্ক নিয়মিত পরিষ্কার বা ব্লিচ করা দরকার।

ডিশওয়াশার হতে পারে অস্বাস্থ্যকর

অনেকে মনে করেন ডিশওয়াশারে থালা-বাসন ধোয়া সবচেয়ে স্বাস্থ্যকর। কিন্তু এতে খাবার আটকে গিয়ে ব্যাকটেরিয়া ও ছত্রাকের আস্তরণ বা বায়োফিল্ম তৈরি হতে পারে।

অনেক সময় ধোয়ার পর প্লেটগুলো আগের চেয়েও বেশি জীবাণুযুক্ত হয়ে বের হতে পারে। তাই সাধারণ থালাবাটি লিকুইড সাবান ও স্পঞ্জ দিয়ে ধোয়া অনেক নিরাপদ।

তবে স্পঞ্জ একদিনের বেশি ব্যবহার করা উচিত নয়। কারণ, এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে।

টেবিল মোছার জন্য কিচেন টিস্যু ব্যবহার

রান্নাঘরের টেবিল বা স্ল্যাব পরিষ্কারের জন্য অ্যান্টিমাইক্রোবিয়াল পণ্য ব্যবহার করা ভালো।

টেবিল মোছার কাজে স্পঞ্জ বা কাপড় ব্যবহার না করাই ভালো। কারণ একটি স্পঞ্জের ময়লা বা জীবাণু খুব সহজেই অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এর চেয়ে রান্নাঘরের জন্য কিচেন টিস্যু ব্যবহার করা অনেক নিরাপদ।

মেঝে যতটা সম্ভব পরিষ্কার রাখা

পায়ের মাধ্যমে নানা রকম জীবাণু ও ময়লা ঘরে এক জায়গা থেকে আরেক জায়গাতে যায়। তাই প্রতিদিন হালকা ব্লিচ বা সাধারণ জীবাণুনাশক দিয়ে ঘরের মেঝে মুছে ফেলা উচিত।

রান্নাঘর যেহেতু খাবার তৈরির জায়গা, তাই মেঝেতে কিছু পড়লে দ্রুত তা পরিষ্কার করতে হবে। বাড়িতে পোষা প্রাণী থাকলে মেঝে প্রতিদিন পরিষ্কার করা আরও জরুরি।

সপ্তাহে কয়েকবার কার্পেট ভ্যাকুয়াম করা

যাঁদের বাসায় কার্পেট আছে, তাঁদের জন্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কার্পেটের ভেতরে মানুষের মৃত ত্বকের কোষ, ধুলাবালুসহ নানা রকম ময়লা জমে থাকে। এগুলো পরিষ্কার করার জন্য শক্তিশালী ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে প্রতিদিন বা নিয়মিত কার্পেট পরিষ্কার করা প্রয়োজন এবং প্রতি মাসে একবার তা ধুয়ে ফেলা দরকার।

‘রাসায়নিক মুক্ত’ কথাটি সম্পূর্ণ মিথ্যা

পানি, বাতাস থেকে শুরু করে দুনিয়ার সবকিছুই কোনো না কোনো রাসায়নিক দিয়ে তৈরি। তাই কোনো পরিষ্কারক পণ্য রাসায়নিক মুক্ত হওয়া বৈজ্ঞানিকভাবে অসম্ভব। কোম্পানিগুলো আকর্ষণ করার জন্য এ ধরনের শব্দ ব্যবহার করে।

অপ্রয়োজনীয় রাসায়নিকের ব্যবহার কমাতে হবে

পরিষ্কারের পণ্যে ফেনা তৈরির জন্য অতিরিক্ত সোডিয়াম লরিল সালফেট বা অপ্রয়োজনীয় রং মেশানো হয়। এই রঙিন জিনিসগুলো পরিষ্কার করার কাজে কোনো বাড়তি সাহায্য করে না। উল্টো রাসায়নিকের পরিমাণ বাড়ায়। তাই সাধারণ ও কম রাসায়নিকযুক্ত পণ্য ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।

পানি ও ব্লিচের ব্যবহার

অনেক কাজ শুধু পানি দিয়েই ভালোভাবে করা সম্ভব। আর দাগ বা জীবাণু মারার জন্য ব্লিচ বেশ কার্যকর।

শেষ কথাস্প্রে করলে তরল পদার্থ বাতাসে খুব সূক্ষ্ম কণা হিসেবে ছড়িয়ে পড়ে, যা সহজে আমাদের নিশ্বাসের সঙ্গে ফুসফুসে ও রক্তে প্রবেশ করে। তাই স্প্রে ব্যবহার না করে ক্রিমজাতীয় ক্লিনার ব্যবহার করা নিরাপদ।

যতটা সম্ভব সুগন্ধহীন পণ্য ব্যবহার করুন। লেবু বা সাইট্রাসের গন্ধযুক্ত পণ্যে লিমোনিন নামক যৌগ থাকে। এটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্যানসারের জন্য দায়ী ‘ফরমালডিহাইড’ তৈরি করতে পারে। সুগন্ধি উদ্ভিদ থেকে আসুক বা ল্যাবরেটরিতে তৈরি হোক, এর ক্ষতিকর প্রভাব একই রকম।

এয়ার ফ্রেশনার বা সুগন্ধি স্প্রে ব্যবহার বেশি না করাই ভালো। ঘরের দুর্গন্ধ দূর করতে এয়ার ফ্রেশনার স্প্রে না করে বরং গন্ধের উৎস খুঁজে তা পরিষ্কার করা উচিত। ঘর সব সময় হাওয়া চলাচলের উপযোগী রাখলে এগুলোর কোনো দরকারই পড়ে না।

অনেকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি পরিষ্কারক পণ্য বা স্প্রে ব্যবহার করেন। এতে বাতাসে ক্ষতিকর রাসায়নিকের পরিমাণ বেড়ে যায়।

ঘর পরিষ্কার রাখা জরুরি, তবে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার না করে নিয়মিত ও পরিমিত উপায়ে ঘর পরিষ্কার রাখাই সবচেয়ে ভালো।

সূত্র: দ্য টাইম ম্যাগাজিন ও দ্য গার্ডিয়ান

সূত্র: প্রথম আলো