সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

যেখানে দেখা যায় লালঘাড় পেঙ্গা

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম
২৩০ Shares
আমি সেখানে থাকতেই দোকানি পাউরুটি দিলেন। যথারীতি লালঘাড় পেঙ্গার দল এসে হাজির। দৃশ্যটি ছিল অভাবনীয়। দুর্লভ এই পাখি মানুষের কতটা কাছাকাছি আসতে পারে!

লালঘাড় পেঙ্গা দুর্লভ পাখি। দেশের সব অঞ্চলে এর দেখা মেলে না। সাধারণত চট্টগ্রাম ও সিলেটের গহিন বনে এ পাখি দেখা যায়। পাখিচিত্রীরা এ পাখির ছবি তুলতে বিশেষ আগ্রহী। অথচ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংহীমারী, বৈদ্যের বাজারসহ পাশাপাশি তিন-চারটি গ্রামে সহজেই দেখা মেলে লালঘাড় পেঙ্গার। এরা অনেকটা শালিকের মতোই মানুষের কাছাকাছি থাকে। সংখ্যায়ও বেশ। কিছুক্ষণ খুঁজলেই দেখা পাওয়া যায়। এরা পরিযায়ী নয়, আবাসিক পাখি। সারা বছরই ওই এলাকায় থাকে।

বছর তিনেক আগের কথা। বন্যার্তদের সহায়তা করতে ঢাকা থেকে আশকার ইবনে ফিরোজসহ কয়েকজন আলোকচিত্রী এসেছিলেন কুড়িগ্রামে। তাঁদের মূল আগ্রহ পাখির ছবি তোলা। সাধারণত পাখির ছবি যাঁরা তোলেন, তাঁরা সঙ্গে ক্যামেরার পাশাপাশি বিশেষ লেন্সও রাখেন; কিন্তু সেবার এই আলোকচিত্রীরা কেউ বিশেষ লেন্স নিয়ে আসেননি। আমার কাছে তাঁরা জানতে চাইলেন, কুড়িগ্রামে বিশেষ কোনো পাখি দেখা যায় কি না? আমি বললাম, ‘লালঘাড় পেঙ্গা খুব সহজেই দেখা সম্ভব। একটি জায়গা আছে, সেখানে গেলেই দেখা মিলবে। পাখিটি মানুষের খুব কাছাকাছি থাকে।’

আলোকচিত্রীরা প্রথমে আমার কথা বিশ্বাস করতে চাননি। ত্রাণ বিতরণ শেষ হলে এক ফাঁকে তাঁদের নিয়ে গেলাম লালঘাড় পেঙ্গা দেখাতে। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তাঁরা পাখিটির দেখা পেলেন, বিস্মিতও হলেন। সেদিন রাতেই তাঁদের ঢাকায় ফেরার কথা ছিল; কিন্তু তাঁরা আর ফিরলেন না। রংপুরে আমরা যাঁরা পাখির ছবি তুলি, পরদিন তাঁদের সবার লেন্স নিয়ে তাঁরা আবার গেলেন লালঘাড় পেঙ্গার ছবি তুলতে। ছবি তোলা শেষে তারপর ঢাকায় ফিরলেন। এরপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাখিচিত্রীরা সিংহীমারী এলাকায় আসতে শুরু করেন।

সিংহীমারীর পাশেই বৈদ্যের বাজার গ্রাম। সেখানে পথের ধারে একটি ছোট্ট দোকান আছে। দোকানি মাঝবয়সী এক নারী। মাস কয়েক আগে দেখলাম, দোকানের আশপাশে ৮-১০টি লালঘাড় পেঙ্গা ঘুরে বেড়াচ্ছে। জানতে পারলাম, দোকানি নিয়মিত পাখিগুলোকে খাবার দেন। তিনি বললেন, ‘এই পাখি পাউরুটি খায়। আমি সকাল-বিকেল এদের খেতে দিই। খাবার না দিলে পাউরুটি খেতে দোকানে ঢুকে পড়ে।’

আমি সেখানে থাকতেই দোকানি পাউরুটি দিলেন। যথারীতি লালঘাড় পেঙ্গার দল এসে হাজির। দৃশ্যটি ছিল অভাবনীয়। দুর্লভ এই পাখি মানুষের কতটা কাছাকাছি আসতে পারে!

সিংহীমারী এলাকার কয়েকজনের কাছে শুনেছি, মুরগির জন্য ভাত বা চাল দিলে সেখানেও পাখিগুলো চলে আসে। বিশেষ করে শালিক ও ছাতারে পাখির সঙ্গে এদের ঘুরে বেড়াতে দেখা যায়।

লালঘাড় পেঙ্গা মানুষকে প্রায় ভয়ই করে না। কখনো দল বেঁধে, কখনো একাকী ঘুরে বেড়ায়। ওই এলাকায় এরা বাচ্চাও দেয়। একবার আগস্ট মাসে একটি লটকনগাছে এ পাখির বাসা দেখেছিলাম।

লালঘাড় পেঙ্গা মূলত ছাতারে পাখির একটি প্রজাতি। ছাতারে গোত্রের পাখিগুলোর মধ্যে এটি দেখতে বেশ সুন্দর। এর গায়ের রং কালো হলেও সহজেই নজর কাড়ে। ঘাড়ের লাল রঙের কারণে নাম হয়েছে লালঘাড় পেঙ্গা। পেটের দিকে এবং লেজের নিচে রয়েছে লাল পালক। লাল অংশ বাদ দিলে শরীরের বাকি অংশ ধূসর ও কালো রঙের। পাখিটির বৈজ্ঞানিক নাম Garrulax ruficollis.

কখনো দেখেছি, রাস্তার মাটি থেকে খাবার সংগ্রহ করছে পাখিটি। কখনো ছোট ছোট ঝোপঝাড়ে উড়ে বেড়াচ্ছে। ভুট্টাখেতেও খাবার খেতে দেখেছি।

যে পাখি এতটাই দুর্লভ, সেটি একটি নির্দিষ্ট এলাকায় নিয়মিত দেখা যায়, বিষয়টি কিছুটা বিস্ময়কর। লালঘাড় পেঙ্গা নিশ্চয়ই সেখানে খাবার ও বসবাসের অনুকূল পরিবেশ পেয়েছে। ওই এলাকায় সুপারির বড় বড় বাগান রয়েছে। আশপাশের অনেক গ্রামের তুলনায় এলাকাটি বেশি গাছপালায় ঘেরা, ছায়াঘন। সেখানে আরও কয়েকটি বিরল পাখির দেখা মেলে—গলাফোলা ছাতারে, ধূসর হাঁড়িচাঁচা ও সিঁদুরে মৌটুসিও আসে। কয়েকজন প্রবীণ মানুষের কাছে শুনেছি, একসময় সেখানে সবুজ ঘুঘুও দেখা যেত।

লালঘাড় পেঙ্গা দেশের অন্য এলাকাতেও থাকতে পারে। বিরল এই পাখি যেখানেই দেখা যাক না কেন, তার বেঁচে থাকার অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি। পাখির জন্য নিরাপদ আবাস ও পর্যাপ্ত খাবারের ব্যবস্থা থাকলে প্রকৃতির এই সুন্দর প্রাণীও মানুষের আশপাশে নিশ্চিন্তে বেঁচে থাকতে পারে।

তুহিন ওয়াদুদ, অধ্যাপক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

সূত্র: প্রথম আলো