হারিয়ে গেছে জলপথের সেই জীবনচিত্র
‘হাঁড়িপাতিল নেবেন, হাঁড়িপাতিল! ঘরের দরকারি সদাই নেবেন?’—চলনবিলের বিস্তীর্ণ জলরাশিতে একসময় এমন চেনা ডাকেই মুখর হয়ে উঠত গ্রামবাংলার জনপদ। নৌকার পাটাতনে সারি সারি সাজানো মাটির হাঁড়িপাতিল, কলস, থালা-বাসনসহ সংসারের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে মাঝিরা ঘুরে বেড়াতেন এক ঘাট থেকে অন্য ঘাটে। সেই ডাক শুনে ঘর থেকে ছুটে আসতেন গৃহিণীরা, কৌতূহলী চোখে নৌকাকে ঘিরে দাঁড়াত শিশুরা। নৌকাটি তখন কেবল যাতায়াতের বাহন ছিল না, ছিল মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়া এক ভাসমান বাজার। দুই-তিন দশক আগের চলনবিলের গ্রামীণ জীবনের সেই চেনা দৃশ্য আজ সময়ের স্রোতে প্রায় হারিয়ে গেছে।
একসময় চলনবিলের মানুষের জীবন ছিল জলকেন্দ্রিক। বর্ষা এলেই বিস্তীর্ণ বিল পানিতে থইথই। চারদিকে অথই জলরাশি, মাঝেমধ্যে জেগে থাকা গ্রামগুলোকে মনে হতো বিচ্ছিন্ন একেকটি দ্বীপ। এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া, আত্মীয়স্বজনের বাড়িতে পৌঁছানো কিংবা নিত্য প্রয়োজনে বাজারে যাওয়া—সবই ছিল কষ্টের। কোথাও কাঁচা রাস্তা, কোথাও গভীর পানি, আবার কোথাও কোমরসমান জল। ছেলেমেয়েদের বিদ্যালয়ে যাওয়া কিংবা অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও নৌকাই ছিল অন্যতম ভরসা। এমন বাস্তবতায় নৌকা হয়ে উঠেছিল মানুষের চলাচল, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও জীবনধারণের প্রধান অবলম্বনগুলোর একটি।
এই জলনির্ভর জীবনব্যবস্থাকে ঘিরেই গড়ে উঠেছিল অনন্য ভ্রাম্যমাণ বাণিজ্যসংস্কৃতি। ক্ষুদ্র ব্যবসায়ীরা নৌকাকেই বানিয়ে নিয়েছিলেন তাঁদের চলমান দোকান। নৌকাভর্তি থাকত মাটির হাঁড়িপাতিল, কলস, থালাবাটি, রান্নার সামগ্রী এবং সংসারের প্রয়োজনীয় নানা পণ্যে। গ্রামের ঘাটে ঘাটে নৌকা ভিড়িয়ে তাঁরা পসরা সাজাতেন। কখনো বিক্রেতার চেনা হাঁক ভেসে আসত বিলের জল ছাপিয়ে, কখনো ক্রেতারা ঘাট থেকে ডাক দিতেন পছন্দের পণ্য দেখানোর জন্য। এভাবেই নদী, খাল ও বিলের জলপথ ধরে এক গ্রাম থেকে অন্য গ্রামে পৌঁছে যেত মানুষের প্রয়োজনীয় সামগ্রী। এককথায়, জলপথই হয়ে উঠেছিল কেনাকাটার সহজ যোগাযোগব্যবস্থা।
যেসব পরিবারের পক্ষে দূরের হাটবাজারে যাওয়া কঠিন ছিল, তাদের কাছে এসব ভাসমান দোকান ছিল অনেকটা আশীর্বাদের মতো। ঘরের কাছেই পাওয়া যেত প্রয়োজনীয় জিনিসপত্র। বাঁচত সময়, কমত যাতায়াতের ভোগান্তি। বিশেষ করে মাটির তৈরি হাঁড়িপাতিল ছিল গ্রামীণ পরিবারের অপরিহার্য অনুষঙ্গ। রান্না করা, পানি সংরক্ষণ কিংবা খাবার পরিবেশনে মাটির তৈজসপত্রের ব্যবহার ছিল ব্যাপক। কুমারপাড়ায় তৈরি এসব সামগ্রী নৌকায় তুলে ব্যবসায়ীরা পৌঁছে দিতেন বিলের প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে। যেসব এলাকায় নিয়মিত বাজার বসত না, সেসব এলাকার মানুষের জন্য নৌকাদোকান ছিল প্রয়োজন মেটানোর সহজ ও নির্ভরযোগ্য মাধ্যম।
একটি নৌকার পেছনে কত মানুষের জীবিকা জড়িয়ে থাকত, তা হয়তো তখন কেউ আলাদা করে হিসাব করেননি। কুমার তৈরি করতেন মাটির পাত্র, ব্যবসায়ী সেগুলো সংগ্রহ করে নৌকায় তুলতেন, মাঝি বইঠা চালিয়ে পৌঁছে দিতেন গ্রাম থেকে গ্রামে। আর বিলপাড়ের সাধারণ মানুষ সেই পণ্য কিনে মেটাতেন সংসারের প্রয়োজন। অর্থাৎ একটি নৌকাকে কেন্দ্র করে যুক্ত ছিল মৃৎশিল্পী, ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝি ও ক্রেতার জীবন-জীবিকা। এভাবেই গড়ে উঠেছিল গ্রামীণ অর্থনীতির ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ এক বাণিজ্যিক শৃঙ্খল। কেনাবেচার মধ্যেও মিশে থাকত বিশ্বাস, পরিচয় ও মানবিক সম্পর্কের উষ্ণতা। আজকের ব্যস্ত বাজারকেন্দ্রিক জীবনে সেই আন্তরিকতার দৃশ্য যেন ক্রমেই বিরল হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী নবীর উদ্দিন সরদার স্মৃতিচারণা করে বলেন, একসময় নৌকায় করে ব্যবসায়ীরা গ্রামে গ্রামে হাঁড়িপাতিলসহ প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করতেন। তাঁদের ডাক শুনলেই মানুষ ঘাটে ছুটে আসতেন। এখন সেই দৃশ্য আর চোখে পড়ে না। সময়ের পরিবর্তনে হারিয়ে গেছে আমাদের গ্রামীণ জীবনের পরিচিত একটি ঐতিহ্য।
অবশ্য পরিবর্তনকে অস্বীকার করার সুযোগ নেই। যোগাযোগব্যবস্থার উন্নয়ন মানুষের জীবনকে সহজ করেছে, কেনাকাটার সুযোগ বাড়িয়েছে। কিন্তু উন্নয়নের এই অগ্রযাত্রায় হারিয়ে যাওয়া জীবনধারা ও লোকজ ঐতিহ্যকেও আমাদের মনে রাখা প্রয়োজন। কারণ, চলনবিলের নৌকাদোকান কেবল একটি ব্যবসাপদ্ধতি ছিল না; এটি ছিল জলাভূমিনির্ভর মানুষের জীবনসংগ্রাম, সৃজনশীলতা, অভিযোজনক্ষমতা ও পারস্পরিক নির্ভরতার এক অনন্য উদাহরণ।
চলনবিলের ইতিহাস বলতে শুধু নদী, খাল, বিল, মাছ কিংবা কৃষির কথা বললে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে না। বলতে হবে এখানকার নৌকা, মাঝিমাল্লা, কুমার, জেলে, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং জলপথনির্ভর মানুষের কথাও। কারণ, এসব মানুষের জীবনযাত্রা, পেশা ও সংস্কৃতির সমন্বয়েই গড়ে উঠেছে চলনবিলের স্বতন্ত্র পরিচয়। তাঁদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অনুষঙ্গের মধ্যেই লুকিয়ে আছে একটি জনপদের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস।
এই ঐতিহ্য সংরক্ষণে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রবীণ মানুষের স্মৃতিচারণা, পুরোনো ছবি, স্থানীয় ইতিহাস ও লোকজ উপকরণ সংগ্রহ করে চলনবিলের হারিয়ে যাওয়া জীবনধারার একটি তথ্যভিত্তিক সংরক্ষণাগার গড়ে তোলা যেতে পারে। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, গবেষক ও জনপ্রতিনিধিরা এগিয়ে এলে এসব স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। এমনকি ঐতিহ্যবাহী নৌকাদোকানের একটি প্রতিকৃতি স্থানীয় জাদুঘর কিংবা সাংস্কৃতিক প্রদর্শনীতে স্থান পেতে পারে।
আজকের প্রজন্ম হয়তো কল্পনাও করতে পারবে না, একসময় সংসারের হাঁড়িপাতিল কিংবা প্রয়োজনীয় সদাই কিনতে মানুষকে সব সময় বাজারে যেতে হতো না; বাজারই নৌকায় চড়ে চলে আসত তাদের বাড়ির ঘাটে। সেই দৃশ্যের মধ্যে লুকিয়ে ছিল এক অসাধারণ জীবনদর্শন—প্রকৃতির সঙ্গে মানিয়ে চলা, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া এবং সীমিত সামর্থ্যের মধ্যেও জীবনকে সহজ ও সুন্দর করে তোলার গল্প।
এই স্মৃতি নিছক নস্টালজিয়া নয়; এটি একটি জনপদের ইতিহাস, সংস্কৃতি ও অর্থনৈতিক বিবর্তনের গুরুত্বপূর্ণ দলিল। সময়ের স্রোতে নৌকাদোকান হারিয়ে গেলেও তার ইতিহাস হারিয়ে যেতে দেওয়া যায় না। কারণ, একসময় চলনবিলের মানুষের কাছে বাজার কোনো নির্দিষ্ট জায়গায় বসে থাকত না, বাজার ভেসে বেড়াত মানুষের ঘাটে ঘাটে। আর সেই ভাসমান বাজারের প্রতিটি বইঠার টানে লেখা ছিল চলনবিলের মানুষের জীবন, জীবিকা ও ভালোবাসার এক অনন্য জলজ গল্প।
লেখক: মো. মাজেম আলী মলিন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান বিভাগ, রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজ, গুরুদাসপুর, নাটোর।
সূত্র: প্রথম আলো
-
হারিয়ে গেছে জলপথের সেই জীবনচিত্র
-
অস্থায়ীভাবে ভ্যানগাড়িতে পরিচালিত খাবারের ব্যবসা নিবন্ধনের সুযোগ নেই: বিএফএসএ চেয়ারম্যান
-
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬
-
কুবি শিক্ষার্থী ও মা হত্যা মামলায় আসামি মোবারকের মৃত্যুদণ্ড
-
কেন তাঁকে ‘নতুন ওবামা’ বলা হচ্ছে, কেন এমন তুলনা
-
ফুটবল মাঠে মর্মান্তিক মৃত্যু: স্ট্রাইকার আর ফেরেননি, বেঁচে থাকাটাই গোলকিপারের শাস্তি
-
‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর রাজপুত্র বাস্তবেও ধনী, ৬৩০ কোটি টাকার মালিক
-
২০৩৬ সালে যেমন ঢাকা দেখতে চাই
-
স্মৃতিতে হুমায়ূন আহমেদ
-
পোশাকের ওজন ৩৩ কেজি, মুকুট ২ কেজি
-
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?
-
নায়িকা ভারতে, নায়ক যুক্তরাষ্ট্রে—দেশে মুক্তি পাচ্ছে সিনেমা
-
ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে কমিউটার ট্রেনে আগুন, দুজনকে আটক
-
জুবাইদা রহমান ও এমিনে এরদোয়ানের সাক্ষাৎ, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠাতে চায় তুরস্ক
-
দেখতে ধর্মীয় শিক্ষক, বাস্তবে এআই: লাখো মানুষ শুনছেন তাঁদের কথা