‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে করব’—চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব’—চাঁদা না পেয়ে একটি বাড়িতে গুলি করার পর এভাবেই এক ব্যক্তিকে মুঠোফোনে কল করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ‘সন্ত্রাসীর’ বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকার জাফর আহমদ নামের এক ব্যক্তির বাড়িতে গুলি করার ঘটনাটি ঘটে। গুলিতে তাঁর ঘরের জানালার কাচ ভেঙে যায়।
জাফর আহমদ সাংবাদিকদের জানান, ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ‘সন্ত্রাসী’ মোহাম্মদ রায়হানের সহযোগীরা তাঁর ঘরের একটি জানালা লক্ষ্য করে গুলি ছুড়েছেন। তবে তিনিসহ পরিবারের সদস্যরা কক্ষটিতে ছিলেন না। তাই পরিবারের সদস্যদের কেউ হতাহত হননি।
.‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব’.জাফর আহমদ বলেন, রায়হান ১০ মাস আগে তাঁকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। তবে তখন তিনি নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে ছিলেন। বিষয়টি তখন পুলিশকে জানানো হয়। এরপর দীর্ঘদিন চুপ থাকলেও গত বুধবার আবারও চাঁদা দাবি করে হুমকি দেন রায়হান।
গতকাল গুলির ঘটনার পর তাঁর মুঠোফোনে আবারও রায়হান কল করে হুমকি দেন বলে জানান জাফর আহমদ। তিনি বলেন, ‘গুলি করার পর ফোন করে আমাকে বলেছে, টাকা দিসনিতে তো, আজ বাড়িতে গুলি করলাম, কাল তোদের শরীরে গুলি করব। কাফনের কাপড়চোপড় কিনে রাখিস।’
জানতে চাইলে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, ‘দুটি মোটরসাইকেল করে চারজন লোক এসে গুলি করে চলে গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাড়ির মালিক জাফর আহমেদকে আজ থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে।’
.হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনের ১৫টি মামলার আসামি রায়হান। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন তিনি। আবার চাঁদা না পেলে গুলিও করছেন তাঁর সহযোগীরা।
বিদেশি পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী এই রায়হান। তবে সম্প্রতি তাঁর নাম ব্যবহার করে কিছু ‘ছিঁচকে সন্ত্রাসী’ চাঁদা দাবি করছেন বলে অভিযোগ রায়হানের। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে অপরাধজগতের সঙ্গে যুক্ত থাকায় এবং স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট চেনা থাকায় নিজের অবস্থান গোপন রাখতে পারছেন এই সন্ত্রাসী; যার কারণে ধরা পড়ছে না।
সূত্র: প্রথম আলো
-
গাজীপুরে কাঁদানে গ্যাস ছুড়ে সরানো হলো পোশাকশ্রমিকদের, ১৭ কারখানা বন্ধ
-
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে করব’—চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি
-
উৎসব ভাতা ও মাতৃত্ব-পিতৃত্বকালীন ছুটিসহ ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন ২১ নভেম্বর পর্যন্ত
-
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত
-
বয়সের সঙ্গে বদলায় শরীরের ঘ্রাণ, কারণটা জানেন?
-
যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে যুবককে হত্যা
-
বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায়
-
বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কেন পড়বেন
-
ভারতীয় ক্রিকেটে শেবাগ–দ্রাবিড় জুটি ২.০
-
মধ্যপ্রাচ্যে রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, হামলার জন্য অপেক্ষা করবে না ইরান
-
পত্রিকা: 'আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য'
-
কৃষিবিদ হওয়ার আগে কৃষককে বোঝা
-
সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাবের নমিনি মানেই পুরো টাকার মালিক নন, উত্তরাধিকারেরা কী করবেন
-
চিকিৎসার নামে দর–কষাকষি, দুর্নীতির শিকার মানুষ
-
ফেলনা কাপড়ে স্বপ্ন বুনছেন তাঁরা