বেসরকারি ব্যাংক থেকে জনতা ব্যাংকের এমডি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন
মাঝারি পর্যায়ের একটি বেসরকারি ব্যাংক থেকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অর্থমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, কোন যোগ্যতার বলে জনতা ব্যাংকের এমডি নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ বিষয়টি জানতে চান। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দেওয়া যাবে না, এমন কোনো নিয়ম নেই। যোগ্যতা দেখে এসব নিয়োগ দেওয়া হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বেসরকারি খাত থেকে এসেছেন, নাকি সরকারি খাত থেকে, এটা বিবেচনায় রাখা হয় না। ব্যাংক খাতে রাজনৈতিক বিবেচনায় কোনো নিয়োগ দেওয়া হয়নি।
.সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ বলেন, গত বছরের জুনে জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণ ছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকোর ২৩ হাজার কোটি, এস আলমের ১০ হাজার ২০০ কোটি টাকা, এননট্যাক্সের ৭ হাজার ৮০০ কোটি, ক্রিসেন্টের ৩ হাজার ৪০০ কোটি টাকা।
এই সংসদ সদস্য অভিযোগ করেন, এই ঋণ খেলাপি হয়েছে মূলত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগ করা ব্যাংকের পরিচালনা পর্ষদ, এমডি—এদের একটা সিন্ডিকেট করার মধ্য দিয়ে ব্যাংকগুলাকে খাদের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে।
এ ক্ষেত্রে বিএনপির প্রতিশ্রুতি ইতিবাচক ছিল উল্লেখ করে হাসনাত বলেন, বিএনপির প্রতিশ্রুতি ছিল তারা ক্ষমতায় গেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে দেবে, ব্যাংক খাতের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের কাছে দিয়ে দেবে। সেখানে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।
.হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কিন্তু আমরা দেখলাম যে বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রীয় জনতা ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যে সাউথইস্ট কোম্পানির বিরুদ্ধে ২০২৪ সালের পরে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ আছে।’
হাসনাত আবদুল্লাহ প্রশ্ন রাখেন, মাঝারি পরিসরের একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে কোন যোগ্যতা বলে জনতা ব্যাংকের মতো একটি বড় এবং সমস্যা জর্জরিত প্রতিষ্ঠানের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই এমডি নিয়োগের যোগ্যতা কী? সরকার যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে দেওয়ার কথা বলেছিল, সেটা কবে হবে।
.জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রাইভেট সেক্টর থেকে সরকারি ব্যাংকে নিয়োগ নিতে পারবে না, এ ধরনের কোনো নিয়ম নেই। এসব নিয়োগ হয়ে থাকে যোগ্যতার ভিত্তিতে। সেটা বেসরকারি খাত থেকে হতে পারে আবার সরকারি ব্যাংকে কাজ করেছেন তাঁদের মধ্য থেকেও হতে পারে।
পুরোপুরি যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এখানে প্যানেল আছে। প্যানেলের মধ্যে ইন্টারভিউ হয়। ইন্টারভিউ, সিভি দেখে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে।
.অর্থমন্ত্রী বলেন, তাঁরা চান যোগ্য ও দক্ষ ব্যক্তিরা ব্যাংকগুলোর দায়িত্ব নিক। শুধু এমডি নয়, পরিচালনা পরিষদও যোগ্য ব্যক্তি দেখে নির্বাচন করা হচ্ছে। রাজনৈতিক বিবেচনায় আজ পর্যন্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো নিয়োগ দেওয়া হয়নি, ভবিষ্যতেও হবে না।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংক খাতে গ্রাহকদের আস্থা ফিরে আসছে। অনেকে মনে করেছিলেন ব্যাংক থেকে মানুষ টাকা তুলে নিয়ে যাবে। কিন্তু এখন উল্টো হচ্ছে। ব্যাংক খাত ঘুরে দাঁড়াচ্ছে।
সূত্র: প্রথম আলো
-
শরীয়তপুরে পুলিশের করা বিস্ফোরক আইনের মামলার আসামি মৃত বীর মুক্তিযোদ্ধা
-
বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, শাস্তি ছয় মাস কুকুর–বিড়ালকে খাওয়ানো
-
বেসরকারি ব্যাংক থেকে জনতা ব্যাংকের এমডি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন
-
১৫ ঘণ্টা লেনদেন বন্ধ থাকবে ইস্টার্ন ব্যাংকের
-
মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়া কার্যালয়ে সভা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের
-
মহাকাশ থেকে ফেরা রকেট ধরে ইতিহাস গড়ল স্পেসএক্স
-
প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার ১ ঘণ্টা আগে প্রশ্ন ছাপানোর পরিকল্পনা হচ্ছে: শিক্ষামন্ত্রী
-
আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ
-
জিয়াউলের দুই হাত পিছমোড়া করে হাতকড়ায় বাঁধা, মাথায় হেলমেট, বুকে ভেস্ট
-
আট ঘণ্টায় দুই খুনের নেপথ্যে ‘বালুর ব্যবসা’, মর্গে পড়ে আছে একজনের লাশ
-
বাউবির এইচএসসি পরীক্ষার ফলাফল, পাসের হার ৬৪ দশমিক ৭৫
-
ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার
-
‘বিশ্বকাপে ছিল বাংলাদেশও’ বইয়ের মোড়ক উন্মোচন
-
পরকীয়ার ফাঁস থেকে অবৈধ সন্তান, হলিউড তোলপাড় করা সাত ঘটনা
-
সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (চতুর্থ কিস্তি)