শরীয়তপুরে পুলিশের করা বিস্ফোরক আইনের মামলার আসামি মৃত বীর মুক্তিযোদ্ধা
পুলিশের করা সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আসামি করা হয়েছে মৃত এক বীর মুক্তিযোদ্ধাকে। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানায়।
নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা ৯ নভেম্বর রাতে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে লগি–বইঠা হাতে বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় ১২ নভেম্বর মামলা করেন পদ্মা সেতুর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন।
ওই মামলায় আসামি করা হয়েছে প্রয়াত মৃক্তিযোদ্ধা সামচু ঢালীকে। তাঁর বাড়ি মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায়। তিনি চলতি বছর ২৯ মার্চ মারা গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
মামলায় ২৫০ জনের নাম উল্লেখ করে ও ৬০০ থেকে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি শরীয়তপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন। আসামির তালিকার ২১৯ নম্বরে আছে মৃত বীর মুক্তিযোদ্ধা সামচু ঢালীর নাম। এ মামলায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের আরএম শাখার কর্মচারী (সার্টিফিকেট সহকারী) জাহাঙ্গীর হোসেন রয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা সামচু ঢালির ছেলে নাজমুল হক প্রথম আলোকে বলেন, ‘আমার বাবা মারা গেছেন সাড়ে সাত মাস আগে। মারা যাওয়ার সময় তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। অসুস্থতা ও বার্ধক্যের কারণে তিনি মারা গেছেন। একজন মৃত ব্যক্তিকে মামলায় আসামি করায় আমরা বিস্মিত হয়েছি। জানি না কোন শত্রুতার কারণে পুলিশ এভাবে আমার বাবাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। তিনি আওয়ামী লীগ করতেন, এটাই কি তাঁর অপরাধ? মৃত্যুর পরেও তাঁকে নিয়ে টানাহেঁচড়া করতে হবে।’
মৃত ব্যক্তিকে আসামি করার বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘এ মামলায় যতজনকে আসামি করা হয়েছে, সবাইকে আমি চিনি না। পুলিশের বিভিন্ন সোর্স থেকে নামগুলো দেওয়া হয়েছে। আমি ওই দিন ঘটনাস্থলে দায়িত্ব পালন করছিলাম। যার কারণে সিনিয়র অফিসাররা আমাকে মামলার এজাহারে স্বাক্ষর করতে বলেছেন। আমি বাদী হয়েছি, মামলার এজাহারে স্বাক্ষর করেছি। এর বেশি কোনো তথ্য আমি দিতে পারব না।’
জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী গ্রেপ্তার
ওই মামলায় আসামির তালিকায় ১৭৩ নম্বরে নাম রয়েছে জাহাঙ্গীর হোসেনের। তিনি শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ মুন্সিখানা (আরএম) শাখায় সার্টিফিকেট সহকারী হিসেবে কর্মরত। তিনি শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ১১ নভেম্বর সকালে জাহাঙ্গীর হোসেন সন্তানকে শরীয়তপুর শহরের পালং তুলাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যান। বিদ্যালয়ের গেট থেকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাঁকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যান। পরে বৃহস্পতিবার পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলা হওয়ার পর তাঁকে থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়। থানা থেকে আদালতে পাঠানোর যে প্রতিবেদন দেওয়া হয়, সে প্রতিবেদনে জাহাঙ্গীরকে সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়। অথচ জাহাঙ্গীরের বাড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ এলাকায়। তাঁকে ১১ নভেম্বর ধরা হলেও পুলিশের নথিতে ১৩ নভেম্বর গ্রেপ্তারের তারিখ দেখানো হয়েছে।
জাহাঙ্গীরের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা। আমি ও আমার পরিবারের কোনো সদস্য আওয়ামী লীগের কোনো দলীয় পদে নেই। কারা কী কারণে শত্রুতাবশত আমার ছেলেকে এমন মামলায় ফাঁসিয়েছেন, জানি না। পদ্মা সেতুর কাছে যেদিন আওয়ামী লীগের কর্মসূচি হয়েছিল, সেদিন জাহাঙ্গীর বাড়িতে ছিল। সিসি ক্যামেরার ফুটেজ আমাদের কাছে রয়েছে। আমরা পুলিশকে তা দেখিয়েছি, কিন্তু তারা তা মানতে চাইছে না।’
খিচুড়ি বিক্রি করতে গিয়ে ব্যবসায়ী আসামি
৯ নভেম্বর সন্ধ্যার দিকে জাজিরার নাওডোবা বাজারের একটি খাবারের দোকান থেকে পুলিশ ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে। যে প্রতিষ্ঠান থেকে খিচুড়িগুলো জব্দ করা হয়েছিল, তার মালিক ও বাবুর্চি সুলতান কাজী। সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে করা মামলার আসামির তালিকায় ১৯ নম্বরে রয়েছে সুলতান কাজীর নাম। পুলিশের ভয়ে দোকান বন্ধ করে ও পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে গেছেন ওই ব্যবসায়ী।
নাম প্রকাশ না করা শর্তে নাওডোবা বাজারের এক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, ‘সুলতান কাজী বাজারে একটি দোকানে বাবুর্চি হিসেবে চাকরি করতেন। চার-পাঁচ বছর আগে তিনি নিজেই একটি খাবারের দোকান দিয়েছেন। ৯ নভেম্বর নাওডোবা এলাকায় শরীয়তপুর জেলা যুবদলের একটি বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া দেওয়ার কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচিতে খিচুড়ি সরবরাহ দেওয়ার জন্য সুলতান কাজী স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে অর্ডার পেয়েছিলেন। আওয়ামী লীগের কর্মসূচিতে দেওয়ার জন্য খিচুড়ি রান্না করা হচ্ছিল, এমন সন্দেহে পুলিশ তা জব্দ করে। এখন শুনছি, পুলিশের করা মামলায় সুলতান কাজীকেও আসামি করা হয়েছে।’
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম প্রথম আলোকে বলেন, ‘মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই অপরাধগুলোর সঙ্গে জড়িত ছিলেন। আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশের সোর্সের মাধ্যমে নাম সংগ্রহ করে আসামি করেছি। আমাদের পার্শ্ববর্তী উপজেলার একজন মৃত মুক্তিযোদ্ধার নাম ভুলবশত মামলায় অন্তর্ভুক্ত হয়েছে। তাৎক্ষণিক যাচাই করতে না পারার কারণে এমন হয়েছে। তদন্ত পর্যায়ে ওই নাম বাদ দেওয়া হবে।’
সূত্র: প্রথম আলো
-
শরীয়তপুরে পুলিশের করা বিস্ফোরক আইনের মামলার আসামি মৃত বীর মুক্তিযোদ্ধা
-
বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, শাস্তি ছয় মাস কুকুর–বিড়ালকে খাওয়ানো
-
বেসরকারি ব্যাংক থেকে জনতা ব্যাংকের এমডি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন
-
১৫ ঘণ্টা লেনদেন বন্ধ থাকবে ইস্টার্ন ব্যাংকের
-
মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়া কার্যালয়ে সভা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের
-
মহাকাশ থেকে ফেরা রকেট ধরে ইতিহাস গড়ল স্পেসএক্স
-
প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার ১ ঘণ্টা আগে প্রশ্ন ছাপানোর পরিকল্পনা হচ্ছে: শিক্ষামন্ত্রী
-
আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ
-
জিয়াউলের দুই হাত পিছমোড়া করে হাতকড়ায় বাঁধা, মাথায় হেলমেট, বুকে ভেস্ট
-
আট ঘণ্টায় দুই খুনের নেপথ্যে ‘বালুর ব্যবসা’, মর্গে পড়ে আছে একজনের লাশ
-
বাউবির এইচএসসি পরীক্ষার ফলাফল, পাসের হার ৬৪ দশমিক ৭৫
-
ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার
-
‘বিশ্বকাপে ছিল বাংলাদেশও’ বইয়ের মোড়ক উন্মোচন
-
পরকীয়ার ফাঁস থেকে অবৈধ সন্তান, হলিউড তোলপাড় করা সাত ঘটনা
-
সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (চতুর্থ কিস্তি)