যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন
যৌনতার উপস্থিতি, ভৌতিক গল্প, সহিংসতা, অপরাধ আর অদ্ভুত সব কাহিনি—একসময় ভারতীয় সিনেমার এক বড় দর্শকশ্রেণিকে মাতিয়ে রেখেছিল বি গ্রেড সিনেমা। বড় তারকা কিংবা কোটি টাকার বাজেট ছাড়াই এসব ছবি ব্যবসা করেছে। রামসে ব্রাদার্স থেকে কান্তি শাহ, সিল্ক স্মিতা থেকে শাকিলা—এই সিনেমার জগতে তৈরি হয়েছিল আলাদা এক সাম্রাজ্য। কিন্তু সেই রমরমা কেন থেমে গেল? কোথায় হারিয়ে গেলেন এই ধারার নির্মাতা ও অভিনয়শিল্পীরা?
মূলধারার বাইরে অন্য এক বলিউড
বলিউডের ইতিহাসে আলোচনার কেন্দ্রে থাকেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান কিংবা রাজ কাপুরের মতো তারকারা। তাঁদের সিনেমা ঘিরে তৈরি হয় উন্মাদনা, কোটি কোটি টাকার ব্যবসা, পুরস্কার আর প্রচারের জৌলুশ। কিন্তু এই চাকচিক্যের আড়ালে বহু বছর ধরে চলেছে আরেকটি চলচ্চিত্রশিল্প। সেখানে বড় তারকা ছিল না, নামী পরিচালক ছিলেন না, ছিল না বিশাল বাজেটের আয়োজন। তবু দর্শক ছিল, ব্যবসা ছিল, ছিল নিজস্ব এক বাজার।
এই সিনেমাগুলোর নাম বি গ্রেড ছবি। কখনো ভূতের উপদ্রব, কখনো খুনখারাবি, কখনো অপরাধজগতের গল্প, আবার কখনো যৌন আবেদনময় দৃশ্য—দর্শক টানতে সব রকম উপাদানই ব্যবহার করতেন নির্মাতারা। ছবির পোস্টার থেকে প্রচার, সবখানেই থাকত চমকের আশ্বাস। অনেক সময় গল্পের চেয়ে দর্শকের কৌতূহল তৈরি করাই ছিল নির্মাতাদের প্রধান লক্ষ্য।
তবে বি গ্রেড সিনেমা মানেই যৌন দৃশ্যনির্ভর ছবি নয়। সাধারণত কম বাজেটে, তুলনামূলক অপরিচিত অভিনয়শিল্পীদের নিয়ে তৈরি বাণিজ্যিক ছবিকে বি গ্রেড বলা হতো। আর সি গ্রেড ছবিতে অনেক সময় যৌন আবেদনময় দৃশ্য ও শরীরী প্রদর্শনই হয়ে উঠত বিক্রির প্রধান উপাদান। চলচ্চিত্র নির্মাতা আশিম আহলুওয়ালিয়া এই দুই ধারার পার্থক্য নিয়ে কথা বলেছেন। মূলধারার বলিউডের বাইরে থাকা এই ছবিগুলোর দর্শকও ছিল আলাদা। বিশেষ করে ছোট শহর, মফস্সল ও একক প্রেক্ষাগৃহগুলোতে এসব ছবির ভালো বাজার ছিল।
রামসে ব্রাদার্স: ভয়ের রাজ্যে সাত ভাইয়ের সাম্রাজ্য
ভারতীয় বি গ্রেড সিনেমার ইতিহাসে রামসে ব্রাদার্সের নাম বাদ দিলে সেই ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। সাত ভাই—কুমার, কেশু, তুলসী, শ্যাম, গঙ্গু, কিরণ ও অর্জুন—মিলে তৈরি করেছিলেন ভৌতিক সিনেমার এক আলাদা জগৎ। তাঁদের বাবা ফতেহচাঁদ রামসে দেশভাগের পর করাচি থেকে মুম্বাইয়ে এসে চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত হন। প্রথম দিকে প্রত্যাশিত সাফল্য না পেলেও ছেলেদের নিয়ে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নেন তিনি।
১৯৭২ সালে মুক্তি পায় ‘দো গজ জমিন কে নিচে’। বড় তারকা কিংবা বিপুল বাজেট ছাড়াই নির্মিত ছবিটি ভালো ব্যবসা করে। পরিবারের সদস্যরাই ভাগ করে নিয়েছিলেন পরিচালনা, চিত্রগ্রহণ, শব্দ, সম্পাদনা ও প্রযোজনার দায়িত্ব। অল্প খরচে ভৌতিক সিনেমা বানিয়ে যে দর্শক টানা যায়, এই ছবি তাঁদের সেই বিশ্বাস দিয়েছিল।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘দরওয়াজা’, ‘গেস্ট হাউস’, ‘পুরানা মন্দির’, ‘ভিরানা’, ‘পুরানি হাভেলি’—একটার পর একটা ছবি দিয়ে ভৌতিক সিনেমার দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন তাঁরা। তাঁদের ছবিতে ছিল ভূত, ভ্যাম্পায়ার, ডাইনি, জম্বি, নেকড়ে মানুষ আর মৃতদেহ থেকে ফিরে আসা অশরীরী প্রাণী। গল্পে যুক্তি কতটা আছে, তা নিয়ে খুব একটা মাথা ঘামাতেন না নির্মাতারা। দর্শক ভয় পাচ্ছেন কি না, সেটিই ছিল বড় কথা।
রামসে ব্রাদার্সের নির্মাণকৌশলও ছিল অভিনব। বিশাল স্টুডিওতে ব্যয়বহুল সেট তৈরি না করে পুরোনো বাড়ি, নির্জন বাংলো, কবরস্থান কিংবা পাহাড়ি এলাকার প্রাকৃতিক পরিবেশ ব্যবহার করতেন তাঁরা। এতে খরচ কমত, আবার তৈরি হতো ভৌতিক আবহ। পরিচিত তারকার বদলে নতুন মুখ নেওয়ার প্রবণতাও ছিল তাঁদের। কম খরচে সিনেমা বানিয়ে প্রেক্ষাগৃহে দর্শক টানার এই কৌশল একসময় তাঁদের আলাদা পরিচিতি এনে দেয়।
কান্তি শাহ: অদ্ভুত গল্প, অদ্ভুত সংলাপ, অদ্ভুত এক সাম্রাজ্য
আশির দশক পেরিয়ে নব্বইয়ের দশকে বি গ্রেড সিনেমার বাজারে নতুন মাত্রা যোগ করেন পরিচালক কান্তি শাহ। তাঁকে অনেকে ভারতীয় বি গ্রেড সিনেমার রজার কোরম্যান বলেও অভিহিত করেন। তাঁর ছবিতে গল্পের চেয়ে চমক, মারপিট, অস্বাভাবিক চরিত্র আর যৌন আবেদনময় দৃশ্যের উপস্থিতি ছিল বেশি। দর্শককে চমকে দেওয়াই যেন ছিল তাঁর নির্মাণের অন্যতম উদ্দেশ্য।
১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘লোহা’ এবং ১৯৯৮ সালের ‘গুন্ডা’ তাঁর সবচেয়ে আলোচিত ছবির মধ্যে পড়ে। ‘গুন্ডা’ ছবিতে অভিনয় করেন মিঠুন চক্রবর্তী। ছবির অদ্ভুত চরিত্রের নাম, অবিশ্বাস্য সংলাপ, অতিনাটকীয় অভিনয় আর মারপিট একসময় আলাদা জনপ্রিয়তা পায়। ছবিটি মুক্তির সময় হয়তো সমালোচকদের প্রশংসা পায়নি, কিন্তু পরবর্তী সময়ে এটি কাল্ট সিনেমার মর্যাদা পায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির সংলাপ ও দৃশ্য নিয়ে এখনো হাস্যরস চলে।
‘লোহা’ ছবিতে ছিলেন ধর্মেন্দ্র। বলিউডের বড় তারকাদের এমন কম বাজেটের ছবিতে উপস্থিতিও দর্শকের আগ্রহ বাড়িয়েছিল। তবে তাঁদের উপস্থিতি ছবিগুলোকে মূলধারার বড় বাজেটের সিনেমায় পরিণত করেনি; বরং ছোট শহর ও মফস্সলের দর্শকের কাছে এগুলোর আলাদা বাজার ছিল।
কান্তি শাহর ছবির আরেকটি বৈশিষ্ট্য ছিল নারী চরিত্রের উপস্থাপন। যৌন আবেদনময় দৃশ্যকে দর্শক টানার হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন তিনি। অনেক সময় গল্পের প্রয়োজনে নয়; বরং দর্শকের দৃষ্টি আকর্ষণ করতেই নারী চরিত্রকে পর্দায় হাজির করা হতো। এ কারণে তাঁর ছবিগুলো জনপ্রিয়তার পাশাপাশি সমালোচনারও মুখে পড়েছে।
সিল্ক স্মিতা: জনপ্রিয়তা, শরীরী আবেদন আর এক অসমাপ্ত জীবন
বি গ্রেড ও সফটকোর সিনেমার ইতিহাসে সিল্ক স্মিতার নাম আলাদা করে লিখতে হয়। দক্ষিণ ভারতীয় সিনেমায় একসময় তাঁর জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। আবেদনময়ী চরিত্রে অভিনয় করে দর্শকের মনোযোগ কেড়েছিলেন ঠিকই, কিন্তু তাঁর অভিনয়জীবন শুধু সেই পরিচয়ে সীমাবদ্ধ ছিল না।
সিল্ক স্মিতার জন্মনাম বিজয়লক্ষ্মী ভাদলাপতি। অভিনয়ে আসার আগে কাজ করতেন মেকআপ সহকারী হিসেবে। ১৯৭৯ সালে তামিল সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তাঁর যাত্রা শুরু। পরের বছর ‘ভান্ডিচক্রম’ ছবিতে সিল্ক চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। সেই চরিত্রের নাম থেকেই তাঁর পর্দার নাম হয় সিল্ক স্মিতা।
তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড়—বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি। রজনীকান্ত ও কমল হাসানের মতো তারকার ছবিতেও দেখা গেছে তাঁকে। অ্যাকশন, থ্রিলারসহ নানা ধরনের ছবিতে অভিনয় করলেও দর্শকের একটি বড় অংশ তাঁকে নির্দিষ্ট ধরনের চরিত্রেই দেখতে চাইত। জনপ্রিয়তা তাঁকে তারকা করেছিল, কিন্তু সেই জনপ্রিয়তাই একসময় তাঁকে একটি বিশেষ পরিচয়ের মধ্যে আটকে দেয়।
১৯৯৬ সালের ২৩ সেপ্টেম্বর মাত্র ৩৫ বছর বয়সে মারা যান সিল্ক স্মিতা। তাঁর জীবন ও মৃত্যু নিয়ে আজও আলোচনা রয়েছে। বিদ্যা বালান অভিনীত ‘দ্য ডার্টি পিকচার’ (২০১১) তাঁর জীবন থেকে অনুপ্রাণিত হলেও এটি সরাসরি জীবনীচিত্র নয়। ছবিটি দেখিয়েছে, একজন নারী তারকা জনপ্রিয়তার শিখরে থেকেও কীভাবে চলচ্চিত্রশিল্পের দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত সংকট ও সামাজিক বিচার-বিশ্লেষণের মধ্যে আটকে পড়তে পারেন।
শাকিলা: যাঁর ছবি টেক্কা দিয়েছিল মূলধারার সিনেমাকে
সিল্ক স্মিতার পর দক্ষিণ ভারতের সফটকোর সিনেমায় সবচেয়ে আলোচিত নাম শাকিলা। বিশেষ করে মালয়ালম ছবিতে তাঁর জনপ্রিয়তা ছিল বিস্ময়কর। নব্বইয়ের দশকের শেষভাগ ও দুই হাজারের শুরুর দিকে তাঁর অভিনীত ছবিগুলো কেরালার অনেক প্রেক্ষাগৃহে দর্শক টানত। পরে তামিল, তেলেগু ও হিন্দিতে ডাব করেও এসব ছবি দেখানো হতো।
শাকিলা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে তিনি বুঝতেই পারেননি, যে ধরনের ছবিতে অভিনয় করছেন, সেগুলো পরে সফটকোর বা বি গ্রেড সিনেমা হিসেবে পরিচিতি পাবে। ‘প্লে গার্লস’ ছবিতে সিল্ক স্মিতার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৭। সেই ছবির পর থেকেই পরিচিতি বাড়তে থাকে।
একপর্যায়ে তাঁর অভিনীত ছবির জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছায় যে দক্ষিণ ভারতের মূলধারার ছবির সঙ্গে পাল্লা দিতে শুরু করে। কোনো কোনো প্রেক্ষাগৃহে তাঁর ছবির জন্য দর্শকের ভিড় হতো। কিন্তু জনপ্রিয়তার আড়ালে ছিল অন্য বাস্তবতা।
অভিনয়শিল্পী হিসেবে তাঁর দক্ষতার চেয়ে শরীরী আবেদন নিয়েই বেশি আলোচনা হয়েছে। দীর্ঘ সময় তাঁকে নির্দিষ্ট ধরনের চরিত্রে আটকে থাকতে হয়েছে।
২০১৯ সালে মুক্তি পায় ইন্দ্রজিৎ লঙ্কেশ পরিচালিত ‘শাকিলা’। এতে শাকিলার চরিত্রে অভিনয় করেন রিচা চাড্ডা। ছবিতে উঠে এসেছে তাঁর জনপ্রিয়তা, ব্যক্তিগত সংগ্রাম ও চলচ্চিত্রজগতের অভিজ্ঞতা। একজন অভিনেত্রী কীভাবে দর্শকের বিপুল ভালোবাসা পেয়েও সামাজিক স্বীকৃতি থেকে বঞ্চিত হতে পারেন, সেই বাস্তবতাও সামনে এনেছে ছবিটি।
পর্দার আড়ালে কেমন ছিল এই শিল্প?
বি গ্রেড সিনেমার গল্প বলতে গেলে শুধু পরিচালক ও অভিনয়শিল্পীদের কথা বললে চলে না। এর পেছনে ছিলেন অসংখ্য অখ্যাত ক্যামেরাম্যান, সম্পাদক, মেকআপশিল্পী, প্রযোজনা সহকারী ও পরিবেশক। অনেক সময় একই ব্যক্তি একাধিক দায়িত্ব পালন করতেন। সীমিত বাজেটে একটি সিনেমা শেষ করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হতো।
এই জগতের অজানা গল্প সামনে এনেছে পরিচালক এস আশিম আহলুওয়ালিয়ার তথ্যচিত্র সিরিজ সিনেমা ‘মার্তে দাম তাক’। ২০২৩ সালে মুক্তি পাওয়া সিরিজটিতে ভারতের বি গ্রেড সিনেমার কয়েকজন নির্মাতা ও কলাকুশলীর জীবন তুলে ধরা হয়েছে। তাঁদের মধ্যে ছিলেন জে নীলম, কান্তি শাহ ও দিলীপ গুলাটি।
একসময় অল্প বাজেটে অসংখ্য সিনেমা বানিয়েছেন তাঁরা। কিন্তু সেই সাফল্যের পেছনে ছিল অর্থনৈতিক অনিশ্চয়তা, কাজের সংকট ও সামাজিক অবজ্ঞা। মূলধারার চলচ্চিত্রশিল্প তাঁদের ছবিকে গুরুত্ব না দিলেও দর্শকের একটি অংশ নিয়মিত এসব সিনেমা দেখতেন। তাঁদের কাছে সিনেমা ছিল জীবিকা, আবার নিজেদের মতো করে গল্প বলার সুযোগও।
কেন এত জনপ্রিয় হয়েছিল বি গ্রেড সিনেমা
এই সিনেমাগুলোর জনপ্রিয়তার পেছনে ছিল সহজ কিছু হিসাব। প্রথমত, নির্মাণ খরচ ছিল কম। বড় তারকা, ব্যয়বহুল লোকেশন কিংবা জাঁকজমকপূর্ণ সেটের প্রয়োজন হতো না। অল্প বিনিয়োগে ছবি বানিয়ে পরিবেশকদের মাধ্যমে ছোট শহরের প্রেক্ষাগৃহে পৌঁছে দেওয়া যেত।
দ্বিতীয়ত, এসব ছবির দর্শক ছিল আলাদা। মূলধারার সিনেমায় যে ধরনের ভৌতিক গল্প, অপরাধ, প্রতিশোধ কিংবা যৌন আবেদনময় দৃশ্য দেখা যেত না, বি গ্রেড সিনেমায় সেসব উপাদান অনেক বেশি প্রকাশ্য ছিল। দর্শকের কৌতূহলকে কাজে লাগাতে নির্মাতারা প্রচারণাতেও চমক তৈরি করতেন।
তৃতীয়ত, এসব সিনেমা অনেক ক্ষেত্রে প্রচলিত গল্প বলার নিয়ম মানত না। অভিনয়, সংলাপ কিংবা চিত্রনাট্যের মান নিয়ে প্রশ্ন থাকলেও দর্শকের কাছে সেগুলো সব সময় বড় বিষয় ছিল না। অদ্ভুত গল্প, অস্বাভাবিক চরিত্র আর পর্দার চমকই ছিল তাঁদের আকর্ষণ।
তবে দর্শকদের শুধু যৌনতা বা চমকের প্রতি আকৃষ্ট মানুষ হিসেবে দেখলে ভুল হবে। মূলধারার সিনেমায় যে ধরনের গল্পের জায়গা ছিল না, তার কিছু খুঁজে পেতেন এই ছবিতে। ফলে বি গ্রেড সিনেমা একসময় নিজস্ব দর্শক ও বাজার তৈরি করতে পেরেছিল।
জনপ্রিয়তার পাশাপাশি ছিল অন্ধকার দিক
বি গ্রেড সিনেমার জনপ্রিয়তা যত বেড়েছে, সমালোচনাও তত জোরালো হয়েছে। অনেক ছবিতে নারী চরিত্রকে গল্পের অংশ হিসেবে নয়; বরং দর্শক টানার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। নারী অভিনয়শিল্পীর অভিনয়দক্ষতা, চরিত্রের গুরুত্ব কিংবা ব্যক্তিত্বের চেয়ে শরীরী আবেদনকে বড় করে দেখানো হয়েছে।
এই ধারার সঙ্গে যুক্ত অনেক নারী অভিনয়শিল্পী পর্দায় জনপ্রিয়তা পেলেও সামাজিকভাবে অবজ্ঞার শিকার হয়েছেন। মূলধারার চলচ্চিত্রে কাজের সুযোগও সব সময় পাননি। তাঁদের অভিনয় নিয়ে আলোচনার বদলে ব্যক্তিগত জীবন ও শরীর নিয়ে চর্চা হয়েছে বেশি।
সফটকোর সিনেমার শ্রমিকদের নিয়ে গবেষণায়ও উঠে এসেছে, এই শিল্পের সঙ্গে যুক্ত নারীদের সামাজিক মর্যাদা, ভবিষ্যৎ কাজের সুযোগ ও আর্থিক নিরাপত্তা ছিল অনিশ্চিত। ফলে বি গ্রেড সিনেমার ইতিহাসে একদিকে যেমন কাজের সুযোগ ও জনপ্রিয়তার গল্প আছে, অন্যদিকে রয়েছে নারীর শরীর ও শ্রমের শোষণের অভিযোগও।
নব্বইয়ের দশকের শেষভাগ থেকে দুই হাজারের দশকের প্রথম ভাগ পর্যন্ত বি গ্রেড সিনেমার বাজার ছিল বেশ শক্তিশালী। বিশেষ করে ১৯৯৮ থেকে ২০০৩ সালকে এই ধারার স্বর্ণযুগ বলে মনে করেন গবেষক ও অনুরাগীদের অনেকে। কিন্তু এরপর বদলাতে শুরু করে পরিস্থিতি।
এর বড় কারণ প্রযুক্তির পরিবর্তন। একসময় ছোট শহরের দর্শকের কাছে সাহসী দৃশ্য বা যৌন আবেদনময় সিনেমা দেখার সুযোগ ছিল সীমিত। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিগুলোই ছিল তাঁদের কাছে বড় আকর্ষণ। পরে ভিডিও ক্যাসেট, ভিসিডি, ডিভিডি ও ইন্টারনেটের বিস্তারে বিনোদনের ধরন পাল্টে যায়। যৌন আবেদনকে পুঁজি করে তৈরি ছবির আগের মতো বাজার আর থাকেনি।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছিল, দুই হাজারের দশকের শুরুতে ইন্টারনেটে পর্নোগ্রাফির সহজলভ্যতা বাড়ায় শাকিলার ছবির মতো সফটকোর সিনেমার আবেদন কমতে থাকে। দর্শকের রুচি ও বিনোদনের মাধ্যমও বদলে যায়।
অন্যদিকে ভৌতিক সিনেমার বাজারেও পরিবর্তন আসে। রামসে ব্রাদার্সের পর রাম গোপাল ভার্মা ও বিক্রম ভাটের মতো নির্মাতারা নতুন ধরনের হরর সিনেমা তৈরি করেন। ‘রাত’ (১৯৯২), ‘রাজ’ (২০০২) ছবির মতো কাজ ভৌতিক সিনেমাকে আধুনিক নির্মাণশৈলী ও উন্নত প্রযুক্তির দিকে নিয়ে যায়। বড় তারকা ও বড় বাজেটের নির্মাতারাও এই ধারায় আগ্রহী হন। ফলে একসময় যে ঘরানা বি গ্রেড নির্মাতাদের নিজস্ব ক্ষেত্র ছিল, তা মূলধারার বলিউডেও জায়গা করে নেয়।
এখন কোথায় সেই রঙিন দুনিয়া
বি গ্রেড সিনেমা পুরোপুরি হারিয়ে যায়নি, বদলে গেছে তার চেহারা। একসময় যে ছবিগুলো একক প্রেক্ষাগৃহে মুক্তি পেত, এখন সেগুলোর কিছু সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে জায়গা পাচ্ছে। স্বল্প বাজেটের হরর, ক্রাইম, থ্রিলার ও সাহসী বিষয়বস্তুর ছবি এখনো নির্মিত হচ্ছে। কিন্তু আগের মতো একই ধরনের প্রেক্ষাগৃহনির্ভর বাজার নেই।
এই জগতের ইতিহাস বোঝার জন্য আশিম আহলুওয়ালিয়ার ‘মিস লাভলি’ (২০১২) গুরুত্বপূর্ণ সিনেমা। নব্বইয়ের দশকের মুম্বাইয়ের সফটকোর চলচ্চিত্রশিল্পকে কেন্দ্র করে তৈরি ছবিটিতে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ও নীহারিকা সিং। এটি কোনো বাস্তব ব্যক্তির সরাসরি জীবনী নয়; বরং সেই সময়ের সিনেমা নির্মাণ, প্রযোজনা, যৌনতা, সেন্সরশিপ ও চলচ্চিত্রশিল্পের অন্ধকার দিক তুলে ধরেছে।
পুরোনো বি গ্রেড সিনেমা নিয়ে নতুন প্রজন্মের আগ্রহও কম নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গুন্ডা’, ‘লোহা’ কিংবা রামসে ব্রাদার্সের ছবির দৃশ্য ও সংলাপ নতুন করে ছড়িয়ে পড়ছে। একসময় যেসব ছবিকে নিম্নমানের বলে উপেক্ষা করা হতো, সেগুলোর অদ্ভুত নির্মাণশৈলী ও সংলাপ এখন অনেকের কাছে বিনোদনের উপাদান। কিছু ছবি পেয়েছে কাল্ট সিনেমার মর্যাদা।
ভোগ ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, স্ক্রলডটইন ও মিন্ট অবলম্বনে
সূত্র: প্রথম আলো
-
দাওয়াত দিয়ে সবাইকে সুইজারল্যান্ডে তৈরি দামি ঘড়ি উপহার দিলেন সালমান
-
চিকিৎসা নিতে আসা নারীকে হাসপাতালের কক্ষে আটকে ধর্ষণের অভিযোগে মামলা, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার
-
হিজবুল্লাহকে সহায়তার অভিযোগে বার্লিনে মসজিদ পরিচালনাকারী সংগঠন নিষিদ্ধ
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ
-
রামিসা হত্যার দ্রুত বিচার নিশ্চিত করেছি, এবার সিনহা, আবরার হত্যা মামলা: আইনমন্ত্রী
-
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন
-
কম ঘুমিয়েও ক্লান্তি নেই, এই বিশেষ ক্ষমতা কি আপনারও আছে?
-
মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই–ফাই ৮ রাউটার ছাড়ল টিপি–লিংক
-
কামাল আহমেদ, ইলিয়াস মোল্লাহসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
-
মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
-
স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: সংসদে তথ্য
-
সুইডেনের চিকিৎসাসেবা ও আমার অভিজ্ঞতা
-
মিস ইউনিভার্সে ভোটের হিসাবে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের মাহি, স্কোর কত কোটি
-
ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে ইরান: মার্কিন গোয়েন্দা তথ্যে দাবি
-
দাবিদাওয়া নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করার ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের কমিটি গঠন