বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

মৃত্যু ‘হাতির আক্রমণে’ নয়, যুবদল নেতাকে হত্যার অভিযোগে ৮ বছর পর আদালতে স্ত্রীর মামলা

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:৪৫ পিএম
৪৫৩ Shares
মৌলভীবাজারের জুড়ীর হাড়ারগজ বনে আট বছর আগে উদ্ধার হওয়া যুবদল নেতা আজমলের মৃত্যুকে হত্যা দাবি করে মামলা করেছেন তাঁর স্ত্রী।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাড়ারগজ বনে আট বছর আগে আজমল আলী ওরফে শামীম (৪৫) নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছিল পুলিশ। তাদের প্রাথমিক ধারণা ছিল, হাতির আক্রমণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। ওই ঘটনায় জুড়ী থানায় অপমৃত্যুর মামলাও হয়েছিল। তবে হত্যার বিষয়টি আড়াল করতে হাতির আক্রমণে মৃত্যুর ‘গুজব’ ছড়ানো হয়েছিল দাবি করে আজমলের স্ত্রী রুনা বেগম হত্যা মামলা করেছেন।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে রুনা বেগম এ মামলা করেন।

মামলায় আজমলের বন্ধু শাহীন চৌধুরীকে (৫৫) প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ–ছয়জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলায় আসামি না করা হলেও মৌলভীবাজার–২ আসনের সাবেক সংসদ সদস্য এম এম শাহীনের নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আজমল আলী কুলাউড়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। প্রধান আসামি শাহীন চৌধুরীর বাড়ি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায়। ঘটনার পর ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘জুড়ীতে হাতির আক্রমণে যুবদল নেতা নিহত?’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল।

আজমলের স্ত্রী রুনা বেগম বলেন, শাহীন চৌধুরী তাঁর স্বামীর বন্ধু পরিচয়ে প্রায়ই কুলাউড়া পৌর শহরের মাগুরা এলাকায় তাঁদের বাসায় যাতায়াত করতেন। ২০১৮ সালে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের একতরফা নির্বাচনের বিরোধিতা করতেন আজমল আলী। তিনি জীবিত থাকলে নির্বাচনে জয়ী হওয়া কঠিন হবে—এমন আশঙ্কা থেকে বিবাদীরা তাঁর ক্ষতি করার পরিকল্পনা করেন। এ জন্য বিভিন্ন সময় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

মামলার আরজিতে বলা হয়, এসব করা হয়েছিল নৌকার প্রার্থী এম এম শাহীনের নির্দেশে। তিনি একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি মৌলভীবাজার–২ আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের বিকল্পধারার প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থীর কাছে পরাজিত হন।

মামলার আরজিতে আরও বলা হয়, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর রাত আটটার দিকে শাহীন চৌধুরী মুঠোফোনে যোগাযোগ করে আজমলকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে গাজীপুর–সাগরনাল সড়কের লাউয়ের আগা এলাকায় (হাড়ারগজ বন) নিয়ে পূর্বপরিকল্পিতভাবে তাঁকে মারধর করে হত্যা করা হয়। এরপর লাশ গুম করে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে বলে গুজব ছড়ানো হয়।

ঘটনার দিন রাতেই খবর পেয়ে রুনা বেগম ঘটনাস্থলে গিয়ে স্বামীর লাশ কিংবা শাহীন চৌধুরীর মোটরসাইকেল দেখতে পাননি বলে মামলার আরজিতে উল্লেখ করেছেন। পরদিন ১৯ সেপ্টেম্বর সকালে শাহীন চৌধুরীর দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ঘটনাস্থল থেকে আজমলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিবাদীদের রাজনৈতিক প্রভাবের কারণে এত দিন স্বামীর মৃত্যুর বিষয়ে মুখ খুলতে সাহস পাননি বলেও আরজিতে উল্লেখ করেছেন রুনা।

মামলার বিষয়ে গতকাল বুধবার দুপুরে মুঠোফোনে রুনা বেগমের সঙ্গে প্রথম আলোর কথা হয়। দীর্ঘ আট বছর পর মামলা করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘অতীতে বিবাদীদের রাজনৈতিক প্রভাব থাকায় বিচার না পাওয়ার আশঙ্কায় মামলায় যাইনি। আমি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। আমার স্বামীর হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি চাই।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহীন চৌধুরী গতকাল বুধবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আজমল আলী আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। এটা (আজমলের মৃত্যু) নেহাত দুর্ঘটনা ছিল। আমিই ঘটনার সাক্ষী। আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মামলা করা হয়েছে।’

ফেসবুকের মেসেঞ্জারে যোগাযোগ করা হলে মৌলভীবাজার–২ আসনের সাবেক সংসদ সদস্য এম এম শাহীন প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর বিষয়টির সুষ্ঠু তদন্তের জন্য আমি একাধিকবার আজমল আলীর বাসায় গিয়ে তাঁর স্বজনদের পুলিশের কাছে লিখিত অভিযোগ দিতে বলেছিলাম। কিন্তু কেউ যাননি। এখন কেন, কী উদ্দেশ্যে মামলা হলো, বুঝতে পারছি না। আমাকেও তাতে জড়ানো হয়েছে।’

আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মালিক।

সূত্র: প্রথম আলো