রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

এআইকে নিরাপদে প্রশিক্ষণ দিতে কৃত্রিম ইন্টারনেট তৈরি করেছে গুগল

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৮:৩০ এএম
৪১০ Shares
গুগলের নিরাপত্তাবিষয়ক ব্লগে প্রকাশিত তথ্য অনুযায়ী, মিরর ডাইমেনশন এমন একটি নিয়ন্ত্রিত ডিজিটাল পরিবেশ, যেখানে ক্রোম ব্রাউজারের জেমিনাই-চালিত অটো ব্রাউজ সুবিধার এআই এজেন্টকে বিভিন্ন অনলাইন কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ইন্টারনেটের মতোই বিশাল এক জগৎ। সেখানে রয়েছে অনলাইন কেনাকাটার ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন ধরনের কনটেন্ট ফিড, এমনকি ব্যাংকিং সেবার ড্যাশবোর্ডও। বাইরে থেকে দেখলে সবকিছুই বাস্তব মনে হবে। কিন্তু এসব ওয়েবসাইটের কোনোটিই আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ব্রাউজিং এজেন্টকে নিরাপদে প্রশিক্ষণ দিতে এমনই একটি কৃত্রিম ইন্টারনেট তৈরি করেছে গুগল। এর নাম দেওয়া হয়েছে ‘মিরর ডাইমেনশন’।

গুগলের নিরাপত্তাবিষয়ক ব্লগে প্রকাশিত তথ্য অনুযায়ী, মিরর ডাইমেনশন এমন একটি নিয়ন্ত্রিত ডিজিটাল পরিবেশ, যেখানে ক্রোম ব্রাউজারের জেমিনাই-চালিত ‘অটো ব্রাউজ’ সুবিধার এআই এজেন্টকে বিভিন্ন অনলাইন কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই পরিবেশে এআই নিজে থেকেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারে, লিংকে ক্লিক করতে পারে, অনলাইন ফরম পূরণ করতে পারে, পডকাস্ট নামাতে পারে, এমনকি কেনাকাটাও করতে পারে। তবে এসব কাজের জন্য তাকে প্রকৃত কোনো ওয়েবসাইটে যেতে হয় না। ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কিংবা বাস্তব অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে না।

দৈনন্দিন জীবনের বিভিন্ন অনলাইন কাজ নিজে থেকে সম্পন্ন করতে সক্ষম এআই এজেন্ট তৈরি করতে হলে বিপুলসংখ্যক পরীক্ষা চালাতে হয়। এ জন্য শত শত ওয়েবসাইটে হাজার হাজার পরীক্ষার প্রয়োজন পড়ে। কিন্তু প্রকৃত ইন্টারনেটে এ ধরনের পরীক্ষা চালানো বেশ কঠিন। কারণ, ওয়েবসাইটগুলো নিয়মিত পরিবর্তিত হয়। ফলে একই পরিবেশে বারবার পরীক্ষা চালিয়ে নির্ভরযোগ্য ফলাফল পাওয়া যায় না।

এর পাশাপাশি রয়েছে নিরাপত্তাঝুঁকি। পুরোপুরি প্রস্তুত নয়, এমন কোনো এআই এজেন্টকে সরাসরি ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিলে তার ভুল সিদ্ধান্তে ব্যবহারকারীর প্রকৃত অ্যাকাউন্টে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আসতে পারে। এমনকি আর্থিক বা ব্যক্তিগত ক্ষতির আশঙ্কাও থাকে।

এ ছাড়া এআইয়ের কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্রে ‘ইভাল্যুশন অ্যাওয়ারনেস’ নামের একটি সমস্যা রয়েছে। আধুনিক এআই মডেল অনেক সময় বুঝতে পারে যে তাকে পরীক্ষা করা হচ্ছে। বিষয়টি আঁচ করতে পারলে এআই স্বাভাবিক আচরণ না করে অতিরিক্ত সতর্ক হয়ে যায়। ফলে বাস্তব পরিস্থিতিতে সে কীভাবে কাজ করবে, পরীক্ষার ফলাফল থেকে তা যথাযথভাবে বোঝা কঠিন হয়ে পড়ে। এ সমস্যা এড়াতে গুগল এমন একটি পরিবেশ তৈরি করেছে, যেখানে এআইয়ের কাছে পুরো বিষয়টিই প্রকৃত ইন্টারনেট ব্যবহারের মতো মনে হয়।

মিরর ডাইমেনশন তৈরিতে ‘জিভাইজর’ নামের একটি প্রযুক্তি ব্যবহার করেছে গুগল। এর মাধ্যমে সম্পূর্ণ বিচ্ছিন্ন ও নিয়ন্ত্রিত ডিজিটাল পরিবেশ তৈরি করা হয়েছে। এই পরিবেশে এআই কোনো পরিচিত ওয়েবসাইটে প্রবেশ করতে চাইলে স্বয়ংক্রিয়ভাবে তাকে ওই ওয়েবসাইটের একটি কৃত্রিম সংস্করণে নিয়ে যাওয়া হয়। তবে ক্রোম ব্রাউজারের ঠিকানার ঘরে ওয়েবসাইটের আসল ঠিকানাই দেখা যায়। ফলে এআই বুঝতে পারে না যে সে প্রকৃত ওয়েবসাইটের পরিবর্তে একটি কৃত্রিম সংস্করণ ব্যবহার করছে।

এ ব্যবস্থা চালু করতে গিয়ে ব্রাউজারের নিরাপত্তাব্যবস্থার বিষয়টিও বিবেচনায় নিতে হয়েছে গুগলকে। ক্রোমে ওয়েবসাইটের নিরাপত্তা যাচাইয়ের জন্য কঠোর ব্যবস্থা রয়েছে। তাই পরীক্ষামূলক পরিবেশের জন্য বিশেষভাবে তৈরি ভুয়া ওয়েব সার্টিফিকেট ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। ফলে ব্রাউজার কোনো নিরাপত্তা সতর্কবার্তা না দেখিয়েই কৃত্রিম ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে পারে।

গুগল জানিয়েছে, সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের ক্রোম ব্রাউজারে হ্যাকারদের পক্ষে এ ধরনের ব্যবস্থা তৈরি করা সম্ভব নয়। কারণ, মিরর ডাইমেনশন কেবল গুগলের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন ব্যক্তিগত পরীক্ষামূলক নেটওয়ার্কে কাজ করে। এ ছাড়া প্রতিটি পরীক্ষা শুরুর আগে পরিবেশটিকে নতুন করে প্রস্তুত করা হয়। ফলে আগের পরীক্ষায় এআইয়ের করা কোনো কাজ পরবর্তী পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলতে পারে না।

হাজার হাজার বাস্তবসম্মত ওয়েবসাইট হাতে তৈরি করা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এ সমস্যা সমাধানে একাধিক এআই এজেন্টকে কাজে লাগিয়েছে গুগল। এসব এজেন্টের প্রত্যেকের দায়িত্ব আলাদা। প্রথমে গবেষণার দায়িত্বে থাকা এআই এজেন্টগুলো একটি ওয়েবসাইটের প্রয়োজনীয় বৈশিষ্ট্য ও কার্যক্রম নির্ধারণ করে। যেমন অনলাইন কেনাকাটার ওয়েবসাইটে পণ্য কেনার ঝুড়ি বা শপিং কার্ট, ছাড়ের কুপন ব্যবহারের ব্যবস্থা এবং অন্যান্য সুবিধা কীভাবে কাজ করবে, তা তারা পরিকল্পনা করে।

এরপর নির্মাণের দায়িত্বে থাকা এআই এজেন্টগুলো সেই পরিকল্পনা অনুযায়ী ওয়েবসাইটের কোড তৈরি করে। সবশেষে পর্যালোচনার দায়িত্বে থাকা এআই এজেন্টগুলো ক্রোমের ডেভেলপার টুল ব্যবহার করে ওয়েবসাইটের বিভিন্ন বাটনে ক্লিক করে, স্ক্রিনশট নেয় এবং ত্রুটি শনাক্ত করে। কোনো সমস্যা পাওয়া গেলে তা সংশোধনের জন্য সংশ্লিষ্ট এজেন্টকে জানায়।

এই প্রক্রিয়ায় অনলাইন দোকান, রান্নার রেসিপির ওয়েবসাইট, স্থানীয় কেনাবেচার প্ল্যাটফর্ম এবং ব্যাংকিং সেবার ড্যাশবোর্ডসহ বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ফলে এআই এজেন্টকে বাস্তব ইন্টারনেট ব্যবহারের কাছাকাছি অভিজ্ঞতা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

মিরর ডাইমেনশন তৈরির অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ‘প্রম্পট ইনজেকশন’ আক্রমণ থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখা। এ ধরনের আক্রমণে হ্যাকাররা ওয়েবপেজের লেখা বা ছবির মধ্যে গোপনে ক্ষতিকর নির্দেশনা লুকিয়ে রাখে। এআই এজেন্ট ওই ওয়েবপেজে প্রবেশ করলে এসব নির্দেশনা অনুসরণ করে ব্যবহারকারীর অজান্তেই অনাকাঙ্ক্ষিত কাজ করতে পারে।

প্রাথমিক পরীক্ষায় গুগলের এআই এজেন্ট অস্বাভাবিক ওয়েব ঠিকানা দেখেই বুঝতে পারত যে তাকে পরীক্ষা করা হচ্ছে। এ সমস্যা সমাধানে প্রকৌশলীরা পরে ওয়েবসাইটের অদৃশ্য হেডারের মধ্যে আক্রমণের সংকেত লুকিয়ে রাখার ব্যবস্থা করেন। এতে এআইয়ের পক্ষে পরীক্ষার বিষয়টি আগে থেকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

এই স্বয়ংক্রিয় ব্যবস্থার সাহায্যে একজন নিরাপত্তা প্রকৌশলী প্রতিদিন এক হাজারের বেশি সম্ভাব্য সাইবার হামলার পরিস্থিতি তৈরি করতে পারেন। মানুষের হাতে একই কাজ করার তুলনায় এই সংখ্যা ৩০ গুণের বেশি। তবে এসব পরীক্ষায় গুগলের এআই এজেন্ট কতবার সফল হয়েছে বা ব্যর্থ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।

সূত্র: প্রথম আলো