এমবাপ্পের পেনাল্টি মিসের পর ‘এস্পিশাল’ গোলে জয় রিয়ালের
রিয়াল মাদ্রিদ ২-১ সেল্তা ভিগো
ভিনিসিয়ুস জুনিয়র জানতেন সেল্তা ভিগোর বক্সে কার্লোস এস্পি ঠিক কোথায় দাঁড়িয়ে। বাঁকানো ক্রসটা দিলেন একদম নিখুঁত। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এস্পির হেড সেল্তা গোলকিপার রাদু ঠেকালেও ফিরতি শটে গোল ঠেকানো গেল না। আবারও ‘এস্পিশাল’ গোল!
এবার ৮৫ মিনিটে। রিয়ালের হয়ে এ মৌসুমে তাঁর চতুর্থ গোল। সবগুলোই বদলি নেমে এবং প্রতিটি গোলেই রিয়াল জেতায় ‘সুপার সাব’ এস্পি মানেই বিশেষ কিছু, এস্পি মানে ‘এস্পিশাল’ গোল!
রিয়াল সমর্থকদের কাছে আজকের গোলটি আরও বিশেষ লেগেছে অন্য কারণে। ৬৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকার পথে ৩৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি মিস করলে কেমন লাগে! ওদিকে ভিনিসিয়ুসও তখন বসে বেঞ্চে। ৬৬ মিনিটে জুড বেলিংহামের দারুণ গোলে সমতা, তারপর ৭৯ মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার বদলি নামেন এস্পি। চলতি মৌসুমে প্রতি ১৩ মিনিট পর একটি করে গোলের ধারাটা এ ম্যাচেও টিকিয়ে রেখে ২-১ গোলের জয় এনে দেন রিয়ালকে।
অথচ ৬ মিনিটে দলীয় আক্রমণ থেকে পাবলো দুরানের গোলের পর কারও কারও মনে হয়েছে গত মৌসুমের ফলই বুঝি ফিরছে! সেবার বার্নাব্যুতে সেল্তা জিতেছিল ২-০ গোলে। ৩৫ সেকেন্ডে সেল্তার খেলোয়াড়দের মোট ১৫ পাসের ফসল দুরানের গোল।
সেল্তা রাইটব্যাক জাভি রদ্রিগেজ ৩৮ মিনিটে বক্সে এমবাপ্পের জার্সি ও হাত ধরে টেনে ফেলে দিলে পেনাল্টি পায় রিয়াল। সিদ্ধান্তটি নিয়ে হয়তো বিতর্ক আরও বাড়ত যদি এমবাপ্পে সেই স্পটকিক থেকে গোল পেতেন। ক্রসবারের ওপর দিয়ে মেরে দুই হাতে মুখ ঢাকেন এমবাপ্পে। মাথায় হাত রাফায়েল নাদালেরও। রিয়ালের নতুন পরিচালক হিসেবে ভিআইপি বক্সে বসে ম্যাচটি দেখেন টেনিস কিংবদন্তি।
ভিনিসিয়ুসও নাদালের মতোই দর্শক ছিলেন বেঞ্চে। লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচ দিয়ে অপেক্ষায় ছিলেন একাদশে ফেরার। ব্রাজিলিয়ান উইঙ্গারের অনুপস্থিতিতে ইয়ান দিওমান্দে ভালো করায় তাঁকেই একাদশে খেলান রিয়াল কোচ জোসে মরিনিও। বের্নার্দো সিলভার বদলি হিসেবে ভিনি নামেন ৫৭ মিনিটে। এরপরই ঘুরে যায় ম্যাচের মোড়।
৬৬ মিনিটে দারুণ শটে বেলিংহামের গোলের উৎস ছিল ভিনি-এমবাপ্পের সমন্বয় ও বোঝাপড়া। লা লিগায় নিজের শততম ম্যাচটি গোলে স্মরণীয় করে রাখলেন ইংলিশ মিডফিল্ডার।
রিয়াল ও ফ্রান্স দল মিলিয়ে সর্বশেষ ছয় পেনাল্টির তিনটিই মিস করলে এমবাপ্পে। ম্যাচ শুরুর আগে শ্রদ্ধা জানানো হয় তেনেরিফের খেলোয়াড় হেসুস দি মিগুয়েলকে। কিছুদিন আগে মাঠে আঘাত পেয়ে মারা যাওয়া ফুটবলার মিগুয়েলের বাবা, স্ত্রী ও বোন গিয়েছিলেন বার্নাব্যুতে।
১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের দুইয়ে রিয়াল। ১২ ম্যাচে তাঁদের সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। লা লিগায় আগামীকাল ভিয়ারিয়ালের মুখোমুখি হবে বার্সা।
সূত্র: প্রথম আলো
-
হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল
-
এমবাপ্পের পেনাল্টি মিসের পর ‘এস্পিশাল’ গোলে জয় রিয়ালের
-
রেকর্ড ১৮ কোটি টাকা পাওয়া গেছে পাগলা মসজিদের দানবাক্সে
-
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের
-
৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন
-
দ্বিতীয় শ্রেণি পাস কাঠমিস্ত্রিকে সম্মান জানাতে প্রধান অতিথি করল বিদ্যালয়
-
লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে এনসিপির ওপর আ.লীগের হামলা, কী ঘটেছিল সেদিন রাতে
-
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই, গ্যারান্টি দিলাম: এমপি সেলিম ভূঁইয়া
-
এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের
-
নিউইয়র্কের মেয়র মামদানি ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন
-
আইওয়ার অ্যাটর্নি জেনারেলকে বিনা খরচে ইসরায়েল সফরের আমন্ত্রণ, তারপর যা করল দেশটির সরকার
-
সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে
-
এশিয়া সফর শেষে ওয়াশিংটনে ফিরে ৭ ভুয়া দাবি করেছেন ট্রাম্প, প্রকৃত সত্য কী
-
আগামীকাল শুরু হচ্ছে এসএমই পণ্য মেলা, অংশ নেবে ৩৫০ প্রতিষ্ঠান
-
বৈশাখী টিভির কার্যালয়ে হাঙ্গামা, ডিএমডিকে হেফাজতে নিয়েছে পুলিশ