রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড থেকে বাঁচলেন মেসি

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ১১:৩০ এএম
৩৬৭ Shares
প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরে লাল কার্ড থেকে অল্পের জন্য বেঁচে গেলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

ফুটবল মাঠে লিওনেল মেসির বাঁ পায়ের জাদু দেখতে অভ্যস্ত দর্শকেরা। বল পায়ে তাঁর প্রতিটি স্পর্শে মুগ্ধতা ছড়ায়। কিন্তু কখনো কখনো সেই মেসিকেই দেখা যায় অন্য এক রূপে। আবেগের বশে এমন কিছু করে বসেন, যা তাঁর মতো ফুটবলারের কাছ থেকে প্রত্যাশিত নয়।

এবার যেমন প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরে লাল কার্ড থেকে অল্পের জন্য বেঁচে গেলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক।

এমএলএস কাপ প্লে-অফের শেষ ষোলোর ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে ঘটনাটি ঘটেছে প্রথমার্ধের শেষ মুহূর্তে। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে কলম্বাসকে এগিয়ে দিয়েছিলেন গঞ্জালো তাপিয়া। পরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামির রাইটব্যাক গঞ্জালো লুহান। ১০ জনের দলে পরিণত হওয়া মায়ামির দুর্ভোগ তখনই শুরু।

বিরতির ঠিক আগে আরও বড় বিপদ ডেকে আনতে যাচ্ছিলেন মেসি। থ্রো-ইন নেওয়ার জন্য সীমানার বাইরে দাঁড়িয়েছিলেন মেসি। তাঁর পাশেই ছিলেন কলম্বাসের চিলিয়ান স্ট্রাইকার তাপিয়া। তিনি মেসিকে দ্রুত থ্রো-ইন নিতে বাধা দিচ্ছিলেন। মেসি প্রথমে বল দিয়ে তাপিয়ার মুখে ধাক্কা দেন।

এরপর তাপিয়া লাফিয়ে থ্রো-ইন আটকে দেওয়ার চেষ্টা করলে মেসি সরাসরি তাঁর মাথায় বল ছুড়ে মারেন। বল মাথায় লাগতেই মাটিতে পড়ে যান তাপিয়া। আর মেসি দুই হাত তুলে রেফারির কাছে উল্টো ফাউলের আবেদন করতে থাকেন! তবে মেসির এই আচরণ ভালোভাবে নেননি রেফারি অ্যালেন চ্যাপম্যান। তাপিয়া ও মেসি দুজনকেই হলুদ কার্ড দেখান তিনি।

Lionel Messi takes a throw-in off Gonzalo Tapia's face pic.twitter.com/jX3tTuojHe

Tom Bogert (@tombogert) November 22, 2026

তবে মাঠের খেলায় শেষ হাসিটা হেসেছে কলম্বাসই। ম্যাচটি তারা জিতেছে ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ব্যবধান বাড়ান মিডফিল্ডার তাহা হারব্রুন। এরপর ৬ মিনিটের ব্যবধানে নিজের দ্বিতীয় গোল করে মায়ামির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তাপিয়া।

গত মৌসুমে এমএলএস কাপ জিতেছিল ইন্টার মায়ামি। এবার সেই দলই প্লে-অফ থেকে বিদায়ের শঙ্কায়। শেষ আটে যেতে হলে ওহাইওতে পরের ম্যাচটি জিততেই হবে তাদের। ম্যাচটি ড্র হলে সরাসরি টাইব্রেকারে গড়াবে খেলা।

যুক্তরাষ্ট্রে মেসির আগের তিন মৌসুমের দিকে তাকালে ২০২৫ সালের শিরোপা জয়কে ব্যতিক্রমই বলতে হবে। ২০২৩ সালে প্লে-অফে উঠতে পারেনি মায়ামি। ২০২৪ সালে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল তারা। এবারও কি সেই পুরোনো গল্প ফিরে আসবে?

সূত্র: প্রথম আলো