রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

নিজের কষ্টের সঙ্গে লড়াই, এখন ছেলের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ১০:০০ এএম
৪৪৯ Shares
জন্ম থেকে প্রতিবন্ধী আতিকুরের দোকানে ক্রেতারা নিজেরাই পণ্য মেপে নেন। হৃদ্‌রোগে আক্রান্ত তাঁর ১৫ মাস বয়সী ছেলের অস্ত্রোপচারে সবার কাছে সহায়তা চান তিনি।

দোকানের সামনে এসে কেউ চাল মেপে নিচ্ছেন, কেউ ডাল। ওষুধের নাম বললে দোকানি শুধু তাক দেখিয়ে দেন। ক্রেতা নিজেই ওষুধ নেন, হাতে টাকা তুলে দিয়ে চলে যান। দোকানি বসে বসে হিসাব রাখেন। কারণ, তিনি নিজের হাতে পণ্য মেপে দিতে পারেন না।

রাজশাহীর পবা উপজেলার জোতরাবন এলাকার এই দোকানের মালিক মো. আতিকুর রহমান (৩৩)। জন্ম থেকেই তিনি শারীরিক প্রতিবন্ধী। নিজের হাতে খেতে পারেন না, বিছানায় পাশ ফিরতেও অন্যের সাহায্য লাগে।

শৈশবে বড় বোন তাসলিমা খাতুন (৪০) আতিকুরকে পিঠে করে স্কুলে নিয়ে যেতেন। পরে বাবা কোলে করে অটোরিকশায় তুলে দিতেন। চার ভাইবোনের মধ্যে আতিকুর সবার ছোট। শারীরিক অসুস্থতার কারণে এসএসসি শেষ করতে পারেননি। এরপর গ্রাম্য চিকিৎসার প্রশিক্ষণ নিয়ে একটি ছোট টংঘরে ব্যবসা শুরু করেন। আট-নয় বছর আগে গড়ে তোলেন বর্তমান দোকানটি। সব মিলিয়ে ১৫-১৬ বছর ধরে ব্যবসা করছেন তিনি। এই দোকানের আয়েই চলে আট সদস্যের পরিবার। স্বামী-স্ত্রী, তিন সন্তান, আতিকুরের মা–বাবা ও বড় বোন তাসলিমাকে নিয়ে তাঁদের একসঙ্গে বসবাস।

আতিকুরের প্রতিবেশী নুরুন্নাহার বেগম বলেন, আগে পণ্য মাপার নিয়ম ক্রেতারা ভালো বুঝতেন না। আতিকুরই শিখিয়েছেন। এখন সবাই নিজেরাই কেনাকাটা করেন। আতিকুরের পরিবারের কষ্টের কথা এলাকার সবাই জানেন, তাই কেনাকাটার পাশাপাশি তাঁকে সহযোগিতাও করেন তাঁরা।

আতিকুরকে খাওয়ানো, গোসল, শোয়ানো—সবই করতে হয় পরিবারের সদস্যদের। আগে এ দায়িত্ব ছিল তাঁর বাবার। এখন সামলান স্ত্রী মোসা. আলেয়া খাতুন। ১২ বছর আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। আলেয়া সবকিছু জেনেই বিয়েতে সম্মত হয়েছিলেন। তিনি বলেন, ‘ভালো মানুষকে সবাই বিয়ে করলে প্রতিবন্ধী মানুষকে কে বিয়ে করবে? ওর প্রতি একটা মায়া পড়ে গিয়েছিল।’ স্বামীর দেখাশোনার পাশাপাশি কখনো দিনমজুরিও করেন আলেয়া।

এই লড়াইয়ের মধ্যেই এখন আতিকুরের নতুন দুশ্চিন্তা। তাঁর তিন ছেলের মধ্যে ছোট আবদুর রাইয়ান (১৫ মাস) জন্মগত হৃদ্‌রোগে আক্রান্ত। রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষায় শিশুটির হৃদ্‌যন্ত্রে ছিদ্র ধরা পড়ে। শিশুটিকে গত ২৯ আগস্ট ঢাকার শ্যামলী হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা জানান, ছিদ্রের আকার ১২ মিলিমিটার, দ্রুত অস্ত্রোপচার দরকার। অনেক টাকার প্রয়োজন। তবে সেখানে ভালো হবে কি না, সে নিশ্চয়তা মেলেনি।

এরপর শিশুটিকে নেওয়া হয় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে চিকিৎসক শিশুটিকে তিন মাসের ওষুধ দিয়েছেন। আলেয়া বলেন, চিকিৎসক শিশুটির ফুসফুস ও ভাল্‌ভের সমস্যার কথাও বলেছেন। অস্ত্রোপচারের জন্য আনুমানিক ১০ লাখ টাকা প্রয়োজন। ডিসেম্বরে আবার চিকিৎসকের কাছে যেতে হবে। আলেয়া বলেন, ‘ছেলের চিকিৎসা করব, নাকি সংসার চালাব—এই চিন্তায় আছি। অনেক জায়গায় আবেদন করছি, কোনো সাড়া পাইনি।’

নাতির এই অবস্থায় ভেঙে পড়েছেন আতিকুরের বাবা মো. আতাউর রহমান (৮৪)। শারীরিকভাবে অসুস্থ থাকায় কাজও করতে পারেন না। একসময় ছেলেকে ঘাড়ে-পিঠে করে স্কুলে নিয়ে গেছেন তিনি। এখন নাতির জন্য তাঁর আকুতি, ‘আমি মরে গেলেও নাতিটা চিকিৎসা পাক, এটুকু দেখে যেতে চাই।’

আতিকুরের নিজের জন্য কোনো চাওয়া নেই। তিনি বলেন, ‘শুধু ছেলেটার চিকিৎসার ব্যবস্থা চাই। আর কিছু চাই না। দেশবাসী, সরকার ও প্রবাসীদের কাছে আমার অনুরোধ, আপনারা এগিয়ে আসুন। চিকিৎসার অভাবে ছেলেটা কষ্ট পাচ্ছে। চিকিৎসার টাকাটা জোগাড় করে দিলে আমার ছেলেটা হয়তো বেঁচে যাবে।’

সূত্র: প্রথম আলো