চিকিৎসক নেই, স্বাস্থ্যকেন্দ্রেরই এখন ‘চিকিৎসা দরকার’
১৯৫৯ সালে প্রতিষ্ঠিত ১০ শয্যার এই পল্লী স্বাস্থ্যকেন্দ্রে ২২টি পদের বিপরীতে ১১ জনের পদায়ন আছে। তবে বাস্তবে কর্মরত আছেন ৬ জন।
একসময় প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসতেন কয়েক শ মানুষ। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হতো হাসপাতালের কর্মীদের। সন্তান প্রসব, ছোটখাটো অস্ত্রোপচারসহ নানা চিকিৎসাসেবা মিলত। অথচ এখন চিকিৎসকের কক্ষগুলোতে ঝুলছে তালা, রোগীদের শয্যা পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। ভবনগুলো জরাজীর্ণ, চারপাশে আগাছা ও ঝোপঝাড়। ২২টি অনুমোদিত পদের বিপরীতে পদায়ন আছে ১১ জনের, তাঁদের মধ্যে কর্মরত মাত্র ৬ জন। কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর ১০ শয্যার পল্লী স্বাস্থ্যকেন্দ্রটির অবস্থা এখন এমন, যে সেটিরই ‘চিকিৎসা’ প্রয়োজন।
১৯৫৯ সালে প্রায় পাঁচ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয়েছিল স্বাস্থ্যকেন্দ্রটি। দক্ষিণ কুমিল্লার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই ছিল এর উদ্দেশ্য। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার আগে চৌদ্দগ্রাম ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসার অন্যতম ভরসা ছিল এটি। দীর্ঘদিনের অবহেলা, চিকিৎসক ও জনবলসংকট এবং অবকাঠামোর করুণ দশায় এখন কার্যত অচল প্রতিষ্ঠানটি।
৮ নভেম্বর সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী পাশে নোয়াবাজার এলাকায় স্বাস্থ্যকেন্দ্রটির অবস্থান। ছয়টি ভবনের অধিকাংশই জরাজীর্ণ। চিকিৎসকদের আবাসিক ভবন ব্যবহারের অনুপযোগী। একসময় জরুরি বিভাগ হিসেবে ব্যবহৃত ভবনের দরজা-জানালা নেই। রোগীদের শয্যাগুলোও পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। অধিকাংশ অংশে সীমানাপ্রাচীরও নেই। ভবনগুলোর চারপাশে আগাছা ও ঝোপঝাড় জন্মেছে।
২২ পদের বিপরীতে কর্মরত ছয়জনস্বাস্থ্যকেন্দ্রটির ২২টি অনুমোদিত পদের বিপরীতে পদায়ন আছেন ১১ জনের। তাঁদের মধ্যে চারজন নার্সের একজন এখানে দায়িত্ব পালন করেন, বাকি তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত। চারজন সহকারী অ্যাটেনডেন্টের মধ্যে কর্মরত একজন। চারজন অফিস সহকারীর মধ্যে আছেন একজন। ফার্মাসিস্ট, মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব), বাবুর্চি, মশালচিসহ কয়েকটি পদ শূন্য।
এখানে দুজন মেডিক্যাল কর্মকর্তার পদ থাকলেও নিয়মিত কোনো চিকিৎসক দায়িত্ব পালন করেন না। চিকিৎসক হিসেবে পদায়ন থাকা নুরজাহান বেগম ২০২০ সাল থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে। অপর চিকিৎসক সুব্রত কুমার সাহা ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সংযুক্ত রয়েছেন। কেউ না থাকায় বর্তমানে সপ্তাহে ছয় দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন চিকিৎসক এসে সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত বহির্বিভাগে রোগী দেখেন।
৮ নভেম্বর স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পাঁচ কর্মীকে দায়িত্ব পালন করতে দেখা যায়। চিকিৎসকদের কক্ষগুলো ছিল তালাবদ্ধ। ফার্মাসিস্ট না থাকায় স্টোরকিপার ও অফিস সহকারীরাই রোগীদের ওষুধ দিচ্ছিলেন।
চিকিৎসা নিতে আসা ষাটোর্ধ্ব আমেনা খাতুন বলেন, ‘শহরে যাইয়া ট্রিটমেন্ট লওনের টাকা আমার কাছে নাই। আগে অনেকবার আইসা ডাক্তার পাইছি না। মাসখানেক হইলো একজন ডাক্তার মাঝেমধ্যে আহে। ডাক্তার না পাইলে যারা ওষুধ দেয়, তারার থাইক্যা দুই-এক পাতা ওষুধ লইয়া বাড়িত যাইগা।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আহমেদ চৌধুরী বলেন, দুজন মেডিক্যাল কর্মকর্তার পদ থাকলেও তাঁরা দীর্ঘদিন ধরে এখানে দায়িত্ব পালন করছেন না। বহির্বিভাগ ছাড়া অন্য সেবাগুলো কার্যত বন্ধ। প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ এবং অবকাঠামো সংস্কার করা গেলে স্বাস্থ্যকেন্দ্রটি আবারও মানুষের চিকিৎসার ভরসা হয়ে উঠতে পারে।
একসময় ছয় ইউনিয়নের মানুষের ভরসাস্থানীয় নোয়াবাজার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামের বাবা সিদ্দিকুর রহমান এখানে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন। ১৯৯৮ সালে তিনি অবসরে যান। বাবার চাকরির সুবাদে ছোটবেলা থেকেই এই স্বাস্থ্যকেন্দ্রে ব্যস্ততা দেখেছেন সাইফুল ইসলাম। তিনি বলেন, ২০০০ সাল পর্যন্ত এটি খুব জমজমাট ছিল। এখন এত বড় জায়গার মধ্যে একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র এভাবে পড়ে আছে, অথচ এলাকার মানুষ চিকিৎসার জন্য ভোগান্তি পোহাচ্ছেন। কুমিল্লা শহর বা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে অনেকেরই সময় ও খরচ বেশি লাগে।
১২ বছর পর চালু, চার মাসেই বন্ধস্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০০ সালের দিকে চিকিৎসক ও জনবলসংকটে রোগী ভর্তি, প্রসূতিসেবাসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় মানুষের চিকিৎসাসুবিধা এবং মহাসড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার কথা বিবেচনা করে ২০১২ সালে স্বাস্থ্যকেন্দ্রটি আবার ১০ শয্যার হাসপাতাল হিসেবে চালু করা হয়। তবে চিকিৎসকসংকটে চার মাসের মাথায় অন্তর্বিভাগের কার্যক্রম আবার বন্ধ হয়ে যায়। এর পর থেকে বহির্বিভাগে সীমিত সেবা চালু থাকলেও রোগী ভর্তি, প্রসূতি ও জরুরি চিকিৎসাসেবা আর সচল হয়নি।
ট্রমা সেন্টার করার দাবিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশ প্রায় ৪৭ কিলোমিটার দীর্ঘ। এই অংশে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য কোনো ট্রমা সেন্টার নেই। এ অবস্থায় কালিকাপুর স্বাস্থ্যকেন্দ্রটিকে ট্রমা সেন্টারে উন্নীত করার দাবি স্থানীয়দের।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আহমেদ চৌধুরী বলেন, ২০১০ সালে স্বাস্থ্যকেন্দ্রটি ২০ বা ৩০ শয্যার ট্রমা সেন্টারে উন্নীত করার প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। তিনি দায়িত্ব নেওয়ার পরও আরও দুবার প্রস্তাব পাঠানো হয়েছে। বিষয়টি বর্তমানে মন্ত্রণালয়ে বিবেচনাধীন।
সূত্র: প্রথম আলো
-
চিকিৎসক নেই, স্বাস্থ্যকেন্দ্রেরই এখন ‘চিকিৎসা দরকার’
-
তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মালিক
-
অল্পবয়সীদেরও স্ট্রোকের ঝুঁকি, যেসব উপসর্গ উপেক্ষা করা উচিত নয়
-
দেশে এ বছর সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবে
-
ওয়েলিংটনে ভারতের দাপট, নিউজিল্যান্ড পিছিয়ে ২৩৩ রানে
-
ডিপ্রেশনের সময় বাচ্চাদের মেজাজ খিটখিটে হয়ে ওঠে
-
রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ
-
প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড থেকে বাঁচলেন মেসি
-
মৌসুমী–ওমর সানী তিন বছর ধরে দুই দেশে, নেপথ্যে কী
-
ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতাকর্মীরা পাচ্ছেন ৭৮৪টি ফ্ল্যাট, সাড়ে তিন মাসের মধ্যে হস্তান্তর
-
ফরিদপুরে আশ্রয়ণকেন্দ্রের ২৩০ ঘরের মধ্যে ১৩৯টি পরিত্যক্ত
-
ড’য়লির ঢাকার ছবির নন্দনতত্ত্ব
-
কেনেডির হত্যাকাণ্ড ঘিরে মার্কিন নথিপত্রে শেষ পর্যন্ত কী বেরিয়ে এল
-
লাভের ওপর লাভ
-
নিজের কষ্টের সঙ্গে লড়াই, এখন ছেলের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা