জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিস
জাতীয় ঐক্যের পথে বিএনপির কার্যক্রমকে প্রধান বাধা হিসেবে দেখছে খেলাফত মজলিস। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এড়িয়ে যাওয়ায় বৃহত্তর ঐক্যের পথে অন্তরায় তৈরি হয়েছে।
আজ রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব আহমদ আবদুল কাদের এ কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তাঁরা মাঠে থাকবেন জানিয়ে আহমদ আবদুল কাদের বলেন, এ ইস্যুতে তাঁরা সব দলকে মাঠে চান। এ বিষয়ে জাতীয় ঐক্য প্রয়োজন। তবে জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম।
বিএনপির জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এড়িয়ে যাওয়াকে বৃহত্তর ঐক্যের অন্তরায় হিসেবে উল্লেখ করে আহমদ আবদুল কাদের বলেন, সরকারকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় কার্যকর করতে হবে। খেলাফত মজলিস জাতীয় ঐক্য চায়। তবে জুলাই সনদ ও গণভোটের রায় পাশ কাটিয়ে তা সম্ভব নয়।
সংবাদ ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পড়ে শোনান আহমদ আবদুল কাদের। এতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশকে আবার অশান্ত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। ভারতের মাটিতে বসে শান্তিপ্রিয় মানুষকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলেও দাবি করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছদ্মবেশে ভারতীয় এজেন্টরা দেশে কাজ করছে বলেও অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, আগুন দেওয়া, ভাঙচুর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মাধ্যমে জনগণের সম্পদ ও সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে।
নাশকতা ও হত্যাযজ্ঞ বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতার দায় এড়াতে পারেন না উল্লেখ করে বক্তব্যে বলা হয়, সরকারকে অবিলম্বে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গোপালগঞ্জে নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।
তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের কারণে গোপালগঞ্জের সাধারণ মানুষ যাতে সরকারি সেবা থেকে বঞ্চিত না হন বা ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানানো হয়। তবে খেলাফত মজলিসের দাবি, গত আট মাসে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারপ্রধান আন্তরিক হলে আজ এ সমস্যার সৃষ্টি হতো না।
এরপরও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।
বক্তব্যে অবিলম্বে গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া, ফ্যাসিস্ট অপশক্তির বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা এবং রায় কার্যকরের দাবি জানানো হয়। অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়ার দাবিও জানায় দলটি।
নাশকতা প্রতিরোধে কর্মসূচি
সংবাদ ব্রিফিংয়ে ফ্যাসিবাদী অপশক্তির নাশকতা প্রতিরোধে কয়েকটি কর্মসূচি ঘোষণা করে খেলাফত মজলিস।
এসব কর্মসূচির মধ্যে আছে ১ থেকে ৭ ডিসেম্বর সব জেলা-মহানগরী, থানা-উপজেলা ও ইউনিয়নে ফ্যাসিবাদবিরোধী মিছিল বা গণসংযোগ; ৮ ডিসেম্বর সারা দেশে জেলা-মহানগরীতে সমাবেশ ও ফ্যাসিবাদবিরোধী মিছিল; ১২ ডিসেম্বর রাজধানীতে জাতীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে সমাবেশ ও ফ্যাসিবাদবিরোধী গণমিছিল।
সংবাদ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। এ সময় দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন ও মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মোস্তাফিজুর রহমান ও আবদুল জলিল, প্রচার সম্পাদক আবদুল হাফিজ খসরু, আইনবিষয়ক সম্পাদক শাইখুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো
-
আব্দুর রাজ্জাক অথবা আশা ও নীতি
-
৪৬ দিন পর ফিরেই গোল, লাওতারো কি সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন
-
অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী
-
জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিস
-
আবারও ফিরছে গ্রাম সরকার, তৃণমূলে উন্নয়ন নাকি রাজনৈতিক শক্তি বৃদ্ধির কৌশল?
-
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন ধরছেন না বিরোধীজোটের নেতা আইজেনকট
-
ইসরায়েলে ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আলোচনার প্রস্তাবে আইজেনকটের সাড়া
-
গাছ, খুঁটি ফেলে গোপালগঞ্জে সড়ক–মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের
-
জয়ার চোখে দার্জিলিং,পেছনে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা
-
প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালে
-
আস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধন
-
১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছে
-
বন্ধুসভার মাধ্যমে তিস্তার দুর্গম চরে ছড়াচ্ছে শিক্ষার আলো
-
ছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকি
-
গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্র