রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

বন্ধুসভার মাধ্যমে তিস্তার দুর্গম চরে ছড়াচ্ছে শিক্ষার আলো

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০৩:০০ পিএম
৪৮৭ Shares
প্রথম দিকে আমাদেরকে অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে। শুরুর ছয় থেকে সাত মাস কোনো শ্রেণিকক্ষ ছিল না, ছিল না মাথার ওপর ছাদ। ছিল শুধু একটি বরইগাছ। সেই গাছের ছায়াতেই বসত শ্রেণিকক্ষ। খোলা আকাশের নিচে শিশুদের নিয়ে চলত পড়ালেখা। কখনো রোদ, কখনো বাতাস উপেক্ষা করে...

ছোট ছোট মুখ, একঝাঁক স্বপ্ন আর নতুন কিছু শেখার আগ্রহ—সব মিলিয়ে আলোর পাঠশালার প্রতিটি দিনই নতুন অভিজ্ঞতা।

প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল একটি স্বপ্ন নিয়ে। তিস্তার দুর্গম চরের শিশুদের জন্য শিক্ষার পরিবেশ তৈরি করা, তাদের হাতে বই–খাতা তুলে দেওয়া এবং শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ করে দেওয়া। আমরা চেয়েছিলাম, কোনো শিশু যেন ভৌগোলিক অবস্থান কিংবা পারিবারিক সীমাবদ্ধতার কারণে শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে। কিন্তু এই পথচলা সহজ ছিল না।

প্রথম দিকে আমাদেরকে অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে। শুরুর ছয় থেকে সাত মাস কোনো শ্রেণিকক্ষ ছিল না, ছিল না মাথার ওপর ছাদ। ছিল শুধু একটি বরইগাছ। সেই গাছের ছায়াতেই বসত শ্রেণিকক্ষ। খোলা আকাশের নিচে শিশুদের নিয়ে চলত পড়ালেখা। কখনো রোদ, কখনো বাতাস উপেক্ষা করেই ক্লাস নিয়েছি। সেই বরইগাছ ছিল আমাদের প্রথম শ্রেণিকক্ষ, প্রথম শিক্ষাঙ্গন। তারপর স্থানীয় কিছু অভিভাবকের পরামর্শে একটি অস্থায়ী ঘরের ব্যবস্থা হয়। তবে সেটা ক্লাস চালানোর জন্য পরিপূর্ণ নয়, নেই পর্যাপ্ত সুযোগ–সুবিধা। তবু শিশুদের জন্য সেটিই হয়ে ওঠে স্বপ্ন দেখার ঠিকানা। খোলা আকাশের নিচ থেকে অস্থায়ী ঘরে আসা ছিল ছোট একটি অগ্রসর।

.ক্লাসে শিশুদের সঙ্গে সময় কাটানো অন্য রকম এক অনুভূতি। তাদের বর্ণমালা শেখানো, নতুন অক্ষর চিনিয়ে দেওয়া, নিজের হাতে লিখতে শেখানো—প্রতিটি মুহূর্তেই রয়েছে আনন্দ। কেউ দ্রুত শিখে ফেলে, কেউ একটু সময় নেয়, আবার কেউ একই বিষয় বারবার জানতে চায়। তাদের প্রশ্ন, ভুল উচ্চারণ, হাসি আর দুষ্টুমি শ্রেণিকক্ষকে প্রাণবন্ত করে তোলে। কখনো গল্প বলে, কখনো খেলার ছলে শেখানোর চেষ্টা করি। এতে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়ে।

সবচেয়ে ভালো লাগে, যখন কোনো শিশু নতুন বর্ণ চিনতে পারে, নিজের হাতে লিখতে পারে কিংবা আগের দিনের শেখা বিষয় মনে করে বলতে পারে। হয়তো অন্য কারও কাছে এগুলো সাধারণ ঘটনা, কিন্তু আমাদের কাছে প্রতিটি ছোট অর্জনই বড় প্রাপ্তি। এই অর্জনের মধ্য দিয়েই তৈরি হয় তাদের আত্মবিশ্বাস ও শেখার প্রতি ভালোবাসা। কিছুদিন আগে ছুটির সময় সবাই যখন চলে গেল, তাহসিন নামের এক ছাত্র আমাকে বলল, ‘স্যার, মোক ব্যাগোত বই ডুকে দেন, মুই বই ডুকপার পাংনা।’

এই যে তাদের এই সহজ–সরল আবদার, সত্যিই আমাকে মুগ্ধ করে। সাধারণত তারা শপিং ব্যাগে বই বহন করে।

.আমরা শুধু বইয়ের পাঠ শেখানোর মধ্যে সীমাবদ্ধ রাখি না। পড়ালেখার পাশাপাশি শিশুদের পরিচ্ছন্নতা, শারীরিক চর্চা, শৃঙ্খলা, সহযোগিতা ও ভালো আচরণ সম্পর্কেও সচেতন করার চেষ্টা করি। কারণ, প্রকৃত শিক্ষা অর্জনে জ্ঞানের পাশাপাশি মানবিক মূল্যবোধের বিকাশও জরুরি।

এই পথচলায় প্রতিদিনই নতুন কিছু শিখছি। শিশুদের কাছ থেকে শিখছি সরলতা, ধৈর্য ও আনন্দ। তাদের চোখে শেখার আগ্রহ দেখলে মনে হয়, আমাদের প্রচেষ্টা বৃথা যাচ্ছে না। তবে পথচলাটি এখনো অনেক দূরের। এখন শুধু প্রয়োজন সহযোগিতা, শিক্ষা উপকরণ ও আন্তরিক অংশগ্রহণ।

জানি, সামনে আরও সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ আসতে পারে। তবু স্বপ্ন দেখি, একদিন এই দুর্গম চরের প্রত্যেক শিশু মানসম্মত শিক্ষার সুযোগ পাবে। কেউ শিক্ষক হবে, কেউ চিকিৎসক, কেউবা দায়িত্বশীল মানুষ হয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে। সেই স্বপ্নের বীজ বুনতেই আমাদের ক্ষুদ্র আয়োজন।

.আলোর পাঠশালার সূচনা এবং এই পথচলায় যাঁরা পাশে থেকেছেন, উৎসাহ দিয়েছেন এবং স্বপ্নটিকে বাস্তবে রূপ দিতে সহযোগিতা করে যাচ্ছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই রংপুর বন্ধুসভার প্রতি। তাদের এই মহৎ উদ্যোগ, সহযোগিতা, ভালোবাসা ও অনুপ্রেরণা আমাদের পথচলাকে সমৃদ্ধ করেছে। শিশুদের শিক্ষার সুযোগ তৈরির পাশাপাশি বই পড়ার আগ্রহ জাগাতে তাদের ভূমিকা আমাদের কাছে মূল্যবান। আশা করি, আগামী দিনেও এই সহযোগিতা ও ভালোবাসার বন্ধন অটুট থাকবে।

প্রথম দিকে আমাদের শ্রেণিকক্ষের কোনো দেয়াল ছিল না, ছিল না ছাদ; ছিল শুধু একটি বরইগাছ। আর সেই গাছের ছায়াতেই বেড়ে উঠতে শুরু করেছিল কিছু শিশুর স্বপ্ন। আমরা হয়তো পুরো পৃথিবী বদলে দিতে পারব না, কিন্তু একটি শিশুর পৃথিবী বদলে দেওয়ার চেষ্টা তো করতেই পারি।

সর্বোপরি আবারও কৃতজ্ঞতা জানাই প্রথম আলো রংপুর বন্ধুসভার প্রতি। তাদের মাধ্যমে তিস্তার দুর্গম চরে আলো ছড়িয়ে যাচ্ছে।

শিক্ষক, আলোর পাঠশালা স্কুল, হরিণচওড়া মাঝের চর, লালমনিরহাট

সূত্র: প্রথম আলো