‘অপারেশনের ওষুধের সঙ্গে পানিও কিনে দিতে হচ্ছে, এর চেয়ে দুর্ভাগ্যের কী হতে পারে’
‘ডাক্তাররা (চিকিৎসক) অস্ত্রোপচারের আগে ওষুধপত্র নিয়ে আসতে বলেন, এটাই জানি। কিন্তু এবার ওষুধের সঙ্গে পানিও আনতে বললেন। অপারেশন থিয়েটারে নাকি পানি নেই। রোগীদেরই পানি নিয়ে আসতে হবে। তাই পাঁচ লিটারের একটি বোতল নিয়ে এসেছি। ১০০ টাকা বাড়তি খরচ হয়েছে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন জয়নাল আবেদীন। তাঁর ছোট ভাই আসাদুজ্জামানের (২৮) ডান পায়ের অস্ত্রোপচার আজ বুধবার। কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আসাদুজ্জামানকে তাই আজ সকালে ওয়ার্ড থেকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। দুপুরে অপারেশন থিয়েটারের অপেক্ষাগারের একটি শয্যায় আসাদুজ্জামানের পাশে বসে ছিলেন জয়নাল। এ সময় জয়নালের সঙ্গে কথা হয়।
চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে হাসপাতালে সার্বক্ষণিক পানির সরবরাহ প্রয়োজন। অস্ত্রোপচারের আগে চিকিৎসক ও নার্সদের হাত পরিষ্কার করা, রোগীর অস্ত্রোপচারের স্থান প্রস্তুত করা, চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি পরিষ্কার ও জীবাণুমুক্ত করা এবং অপারেশন থিয়েটার পরিচ্ছন্ন রাখার কাজে পানি ব্যবহার করা হয়।রোগীর স্বজনদের পাঁচ লিটার করে পানি কেনার কারণ জানতে গিয়ে জানা গেল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়াসার পানি সরবরাহ বন্ধ রয়েছে। হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় একটি অংশে পানি সরবরাহ করা গেলেও আরেকটি অংশে কার্যত বন্ধ রয়েছে। এতে বিভিন্ন ওয়ার্ডেও পানির সংকট দেখা দিয়েছে।
পানির এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অপারেশন থিয়েটারের চিকিৎসক, রোগী ও তাঁদের স্বজনেরা। বিশেষ করে পানির স্বল্পতার কারণে অস্ত্রোপচারের পর রোগীদের সংক্রমণের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা।
২ হাজার ২০০ শয্যার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে সাড়ে তিন হাজার রোগী ভর্তি থেকে চিকিৎসা নেন। অর্থাৎ অনুমোদিত শয্যার তুলনায় প্রায় ১ হাজার ৩০০ রোগী বেশি থাকেন। ফলে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হয়। এমন পরিস্থিতিতে দীর্ঘ সময় পানি সরবরাহ বন্ধ থাকলে অস্ত্রোপচার, রোগীর পরিচর্যা, ওয়ার্ড ও অপারেশন থিয়েটার পরিষ্কার–পরিচ্ছন্ন রাখাসহ হাসপাতালের নিয়মিত চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
সংকটের শুরু মঙ্গলবার
চমেক হাসপাতালে অপারেশন থিয়েটারের পানির সংকট গতকাল মঙ্গলবার শুরু হয়। আজও তা নিরসন হয়নি। আজ দুপুরে সরেজমিনে দেখা যায়, অপারেশন থিয়েটারের অপেক্ষাগারে অন্তত পাঁচ রোগী রয়েছেন। তাঁদের সঙ্গে স্বজনেরা আছেন। প্রত্যেক রোগীর পাশে অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র। সবার সঙ্গেই পাঁচ লিটারের পানির বোতল। কারও কাছে একটি, কারও কাছে দুটি।
হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকলেও রোগীদের অস্ত্রোপচার বন্ধ রাখা হয়নি। প্রতিদিনের মতো আজও অস্ত্রোপচার চলেছে। তবে পানির সংকট মোকাবিলায় বিকল্প হিসেবে রোগীর স্বজনদের পানি নিয়ে আসতে বলা হয়েছে। অন্তত পাঁচ লিটার করে পানি আনতে বলা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী কাউকে কাউকে আরও বেশি পানি আনতে হচ্ছে। একজন রোগীর জন্য ১০ থেকে ১২ লিটার পানির প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
নগরের পুরান চান্দগাঁও এলাকার বাসিন্দা মোহাম্মদ শেখ আহমেদের ব্যাটারিচালিত অটোরিকশার দুর্ঘটনায় ডান পা ভেঙেছে। ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর আজ তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। তাঁর সঙ্গে আছেন বড় ভাই মোহাম্মদ শেখ ফরিদ। তিনি বলেন, ‘এত বড় একটি হাসপাতালে পানি নেই। অস্ত্রোপচারের জন্য চিকিৎসকেরা তিনটি পাঁচ লিটারের পানির বোতল নিয়ে আসতে বলেছেন। এতে তিন শ টাকা বাড়তি খরচ হয়েছে। অপারেশনের ওষুধের সঙ্গে পানিও কিনে দিতে হচ্ছে, এর চেয়ে দুর্ভাগ্যের কী হতে পারে।’
অপারেশন থিয়েটারের দায়িত্বে থাকা চিকিৎসকেরা জানান, হাসপাতালে প্রতিদিন নিয়মিত ৮ থেকে ১০টি অস্ত্রোপচার হয়। এ ছাড়া জরুরি অস্ত্রোপচার হয় ২০ থেকে ২৫ রোগীর। ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকলেও অস্ত্রোপচার কার্যক্রম থেমে নেই। তবে পানি না থাকায় চিকিৎসকদের পাশাপাশি রোগীদেরও দুর্ভোগ হচ্ছে।
চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে হাসপাতালে সার্বক্ষণিক পানির সরবরাহ প্রয়োজন। অস্ত্রোপচারের আগে চিকিৎসক ও নার্সদের হাত পরিষ্কার করা, রোগীর অস্ত্রোপচারের স্থান প্রস্তুত করা, চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি পরিষ্কার ও জীবাণুমুক্ত করা এবং অপারেশন থিয়েটার পরিচ্ছন্ন রাখার কাজে পানি ব্যবহার করা হয়।
এ ছাড়া অস্ত্রোপচারের পর রোগীর পরিচর্যা, ক্ষতস্থান পরিষ্কার এবং হাসপাতালের ওয়ার্ড ও শৌচাগার পরিচ্ছন্ন রাখতেও পানির প্রয়োজন হয়। ফলে পানি সরবরাহ বন্ধ থাকলে হাসপাতালের অস্ত্রোপচারসহ নিয়মিত চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তবে অস্ত্রোপচারে ক্ষতস্থান পরিষ্কারের মতো কাজে সাধারণ পানি নয়, নির্ধারিত মানের জীবাণুমুক্ত স্যালাইন বা পানি ব্যবহার করা হয়।
অপারেশন থিয়েটারের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখন রোগীর স্বজনদের আনা পানি দিয়ে কাজ চালানো হচ্ছে। কিন্তু এই পানিও পর্যাপ্ত নয়। কোনোরকমে কাজ চালানো হচ্ছে। অস্ত্রোপচারের পর রোগীরা যাতে সংক্রমিত না হন, সে জন্য সতর্ক আছেন তাঁরা। তারপরও ঝুঁকি থেকে যাচ্ছে।
ওয়ার্ডেও পানির সংকটে দুর্ভোগ
পানির সংকটের কারণে দুর্ভোগের কথা জানান শিশুস্বাস্থ্য বিভাগে চিকিৎসাধীন এক রোগীর স্বজন মোহাম্মদ ইছহাক। নোয়াখালীর সেনবাগ এলাকা থেকে হামে আক্রান্ত আট মাস বয়সী নাতি মো. সাজিদ ইসলামকে চমেক হাসপাতালে নিয়ে এসেছেন তিনি। সঙ্গে আছেন স্ত্রী, ছেলে ও ছেলের বউ। তিনি বলেন, পানি না থাকায় কষ্টের শেষ নেই। শৌচাগারে যাওয়া যায় না। দুর্গন্ধ ছড়াচ্ছে। বাইরে গিয়ে টাকা দিয়ে শৌচাগার ব্যবহার করতে হচ্ছে। নারীদের আরও বেশি কষ্ট হচ্ছে।
পানির সংকটের বিষয়ে জানতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
পাইপলাইন মেরামতের চেষ্টা ওয়াসার
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করার সময় পানি সরবরাহের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় চমেক হাসপাতালসহ নগরের বিভিন্ন এলাকায় পানি সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়াসা। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার সকাল ছয়টায় নগরের বহদ্দারহাটে আরসিসি নালা নির্মাণকাজের সময় ওয়াসার পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত পাইপলাইন সংস্কারের জন্য ৩৬ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকতে পারে।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত পাইপলাইন দ্রুত সংস্কারের চেষ্টা চলছে। তবে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজে একাধিক জায়গায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এক জায়গায় সংস্কার করা হলেও আরেক জায়গায় কাজ করতে সময় লাগছে। আজ রাতের মধ্যে মেরামতের কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা চলছে। তিনি বলেন, চমেক হাসপাতালে বিকল্প উপায়ে গাড়িতে করে পানি সরবরাহ করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
-
‘অপারেশনের ওষুধের সঙ্গে পানিও কিনে দিতে হচ্ছে, এর চেয়ে দুর্ভাগ্যের কী হতে পারে’
-
‘পুরো দলই জানত, আমি বল টেম্পারিং করছি’: আট বছর পর মুখ খুললেন ক্যামেরন ব্যানক্রফট
-
পলাশী যুদ্ধ
-
বুয়েটের ভর্তি পরীক্ষা পেছাল
-
নদীর মাঝখানে খুঁটি ছাড়াই হবে ২৫৬টি দীর্ঘ সেতু
-
বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবক সমন্বয়ের বার্ষিক সভা অনুষ্ঠিত
-
ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল হামলা, অগ্নিসংযোগ – পরিস্থিতি সামলাতে কী করছে পুলিশ?
-
১০ জনের ৮ জনই তাঁর হাতে আউট, বিশ্ব রেকর্ড গড়লেন লিটন
-
অনুষ্ঠানের প্যান্ডেলে আগে ঢোকা নিয়ে ছাত্রদল–ছাত্রশিবিরের হাতাহাতি
-
পুরুষের স্বাস্থ্য সুরক্ষায় নভেম্বর কেন মুভেম্বর, জানেন?
-
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন
-
ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ের নিচে হামলা–ভাঙচুর
-
সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা-নেওয়ার আবেদন
-
একসময় ছিলেন ‘বোন’, এখন প্রতিপক্ষ, অপু–পরীমনির সম্পর্কের অবনতি কেন
-
মাদকের টাকার খোঁজে অনুসন্ধান সীমিত, তালিকায় ‘গডফাদার’ ২৩ হাজার