আটলান্টিকের গভীরে ৫০ লাখ বছরের পুরোনো প্রবাল আবিষ্কার
আটলান্টিক মহাসাগরের গভীরে পানির নিচে তলিয়ে যাওয়া ৫০ লাখ বছরের পুরোনো একটি প্রাচীন প্রবাল দ্বীপের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। যার চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯০০ মিটার নিচে অবস্থিত। এর পাশাপাশি ওই অঞ্চলের আরও গভীরে হাজার হাজার মিটার নিচে প্রাচীন স্পঞ্জের বাগান এবং ১ হাজার বছর বয়সী প্রবালের সন্ধান মিলেছে। শ্মিট ওশান ইনস্টিটিউট এই আবিষ্কারের ঘোষণা দেয়। ব্রাজিলীয় বিজ্ঞানীদের নেতৃত্বে একটি আন্তর্জাতিক দল ৩৫ দিনের এক অভিযানে রোমান্শ ফ্র্যাকচার জোনে এই ডুবন্ত প্রবাল দ্বীপ খুঁজে পায়। এই আবিষ্কার প্রায় ৩০ বছর আগে দেওয়া একটি অনুমানকে সত্য প্রমাণ করেছে। তখন বলা হয়, আটলান্টিকের মধ্যভাগে একসময় প্রবাল দ্বীপ ছিল, যদিও বর্তমানে সেখানে এমন কোনো গঠন দেখা যায় না।
.শ্মিট ওশান ইনস্টিটিউটের গবেষণা জাহাজ ফ্যালকর টুয়ে করে পরিচালিত অভিযানে এই প্রাচীন দ্বীপটি শনাক্ত করা হয়। বিজ্ঞানীরা প্রথমে জাহাজের ম্যাপিং সিস্টেম এবং দ্য চাইল্ডলাইক এমপ্রেস নামের একটি স্বয়ংক্রিয় ডুবোযান দিয়ে ভূতাত্ত্বিক গঠনটির অবস্থান নির্ণয় করেন। এরপর হাই-ডেফিনিশন ক্যামেরাসজ্জিত রিমোটলি অপারেটেড ভেহিকেল বা রোবট সাবমারসিবল সুবাস্টিন নামিয়ে সমুদ্রতল পরীক্ষা করা হয়। গবেষণায় দেখা যায়, জীবাশ্ম প্রবাল দিয়ে তৈরি প্রায় ৩০০ মিটার উঁচু এই কাঠামোটি সমুদ্রতল থেকে ৪১০০ মিটার উঁচু একটি আগ্নেয় শৈলশিরার ওপর দাঁড়িয়ে আছে, যার উচ্চতা প্রায় আইফেল টাওয়ারের সমান। জীবাশ্ম প্রবাল প্রমাণ করে একসময় এখানে অগভীর পানির প্রবাল প্রাচীর ছিল। লাখ লাখ বছর ধরে ভূতাত্ত্বিক পরিবর্তনে এটি পানির নিচে তলিয়ে যায়। বর্তমানে এই প্রাচীন কাঠামোর ওপর গভীর সমুদ্রের প্রবালের এক প্রাণবন্ত বাগান গড়ে উঠেছে।
.এই অভিযানে কেবল প্রাচীন দ্বীপই নয়, ৯৫০ কিলোমিটার দীর্ঘ রোমান্শ ফ্র্যাকচার জোনের চারটি অঞ্চলে ৬০০ থেকে ৪০০০ মিটার গভীরতা পর্যন্ত কয়েক ডজন সংবেদনশীল সামুদ্রিক বাস্তুতন্ত্রের নথি তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রাচীন স্পঞ্জের বাগান, আনুমানিক ১ হাজার বছর বয়সী শীতল পানির প্রবাল, বিরল জোয়ান্থিড তৃণভূমি, স্কুইড ও অক্টোপাস। প্রবাল ও স্পঞ্জ হলো ধীরগতিতে বেড়ে ওঠা, প্রায় স্থির প্রাণী, যারা শতাব্দীর পর শতাব্দী বেঁচে থাকতে পারে। তবে সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার ছিল ৪৩০০ মিটার গভীরতায় একটি সজীব স্পঞ্জ ও প্রবালের বাগান, যেখানে খাদ্য ও খনিজের স্বল্পতার কারণে এমন বড় প্রাণগোষ্ঠীর উপস্থিতি বিজ্ঞানীরা আগে ভাবেননি। এ ছাড়া প্রায় ১২০০ মিটার নিচে একটি ফুটবল মাঠের সমান এলাকাজুড়ে হাজার হাজার ক্ষুদ্র হালকা গোলাপি জোয়ান্থিডের আস্তরণও দেখা গেছে।
.রোমান্শ ফ্র্যাকচার জোন হলো আটলান্টিক মহাসাগরের দীর্ঘতম ভূতাত্ত্বিক ফাটল বা ফল্ট। নিরক্ষরেখার কাছে অবস্থিত এই অঞ্চল গভীর পানির নিচের উপত্যকা ও খাড়া ঢালের জন্য পরিচিত এবং এটি উত্তর আটলান্টিকের গভীর পানি ও অ্যান্টার্কটিকের তলদেশীয় পানির মিশ্রণের করিডর হিসেবে কাজ করে। অঞ্চলটির উপরিভাগে প্রায়ই ফাইটোপ্ল্যাঙ্কটনের ব্লুম ঘটে; এসব অণুজীব মারা গেলে নিচে পড়ে গভীর সমুদ্রের প্রাণীদের খাদ্যের জোগান দেয়। আগে এই অঞ্চলকে জীববৈচিত্র্যের হটস্পট ধারণা করা হলেও রোবটযান দিয়ে দৃশ্যমান প্রমাণ আগে সংগৃহীত হয়নি। অভিযানের প্রধান বিজ্ঞানী ব্রাজিলের ইউনিভার্সিডেডো ডো ভ্যালে ডো ইতাজাইয়ের ড. হোসে অ্যাঞ্জেল পেরেজ বলেন, এই তথ্য সম্প্রতি অনুমোদিত হাই সিজ ট্রিটির আওতায় রোমান্শ ফ্র্যাকচার জোনকে সুরক্ষার দাবি আরও জোরালো করে। গবেষকদের ধারণা, সংগৃহীত নমুনাগুলোতে আগে অজানা থাকা নতুন প্রজাতিও থাকতে পারে এবং এই তথ্য আগামী কয়েক দশক ধরে গভীর সমুদ্রের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ গবেষণা ও সুরক্ষার ভিত্তি হয়ে উঠবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সূত্র: প্রথম আলো
-
৫৫ হাজার টাকায় বৈদ্যুতিক বাইক আনল চীনের ‘এনওয়াও’
-
পণ্যের সহজলভ্যতা বাড়াতে স্যামসাংয়ের অংশীদার হলো এসইবিএল
-
আটলান্টিকের গভীরে ৫০ লাখ বছরের পুরোনো প্রবাল আবিষ্কার
-
গানে কেন মাত্র ৭টি স্বর থাকে কেন, E শার্প নেই কেন
-
মনিরুলপত্নী শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে গ্রেপ্তার দেখানো হলো ককটেল বিস্ফোরণের মামলায়
-
মায়ের জন্যও সময় নেই! ফেসবুক স্ক্রল করতে গিয়ে ৭–৮ ঘণ্টা শেষ—আরশের সিদ্ধান্ত
-
কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল, গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা
-
৪৬তম বিসিএসের প্রজ্ঞাপন, তিন বছরের অপেক্ষা শেষে গেজেটে নাম ১৪১৬ প্রার্থীর
-
আব্দুর রাজ্জাক অথবা আশা ও নীতি
-
৪৬ দিন পর ফিরেই গোল, লাওতারো কি সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন
-
অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী
-
জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিস
-
আবারও ফিরছে গ্রাম সরকার, তৃণমূলে উন্নয়ন নাকি রাজনৈতিক শক্তি বৃদ্ধির কৌশল?
-
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন ধরছেন না বিরোধীজোটের নেতা আইজেনকট
-
ইসরায়েলে ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আলোচনার প্রস্তাবে আইজেনকটের সাড়া