চলনবিলে পাখির কলরব
অল্পস্বল্প পানিতে পা ডুবিয়ে ঋষি বক যেন ধ্যানে মগ্ন আছে। দারকিনা, পুঁটি, বাতাসি ভুল করে নাগালে এলেই তার ধ্যান ভেঙে যায়। খপ করে মুখে পুরে ফেলে কোনো একটি মাছ। প্রমাণ হয়ে যায়, সবই ছিল তার ছলাকলা। মুহূর্তেই পাখা মেলে শিকারের সন্ধানে উড়ে যায় অন্য কোনো স্থানে। মনোমুগ্ধকর এই দৃশ্য এখন হরহামেশাই চোখে পড়ছে চলনবিলে।
বর্ষার পানি নেমে যাওয়ার শেষ মুহূর্তে খাবারের জন্য চলনবিলে সমবেত হয়েছে হাজার হাজার সাদা বক, গাংচিল, বালিহাঁস, পানকৌড়ি, শামুকখৈল ও ডাহুক। কাকডাকা ভোর থেকেই বিলের রুপালি মাছ শিকার করতে অতিথি পাখিদের কোলাহল, কলরব, গুঞ্জনে চলনবিল হয়ে উঠেছে মিলনমেলা।
নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলাজুড়ে বিস্তৃত এই চলনবিল। বিশেষ করে নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলার একটা বড় অংশজুড়ে এর অবস্থান। সিংড়া শহরের চলনবিল গেট থেকে একটি সড়ক সিরাজগঞ্জের বারুহাস হয়ে তাড়াশের দিকে চলে গেছে। বর্ষায় সড়কটি পানির নিচে ডুবে থাকে বলে এটি ‘ডুবন্ত সড়ক’ হিসেবে পরিচিত। সড়কটির দুই পাশে চোখে পড়ে প্রকৃতির মধ্যে সাদা বক, পানকৌড়ি, শামুকখোল, বালিহাঁসসহ অসংখ্য অতিথি পাখির ওড়াউড়ি, কোলাহল আর কলরব। এ যেন তাদের স্বর্গরাজ্য।
.চলনবিলে পাখিরা প্রতিদিন ভোরে একটা নির্দিষ্ট সময়ে বিলের পা-ডোবা পানিতে নেমে আসে। এক জাতের পাখি অন্য জাতের পাখিদের সঙ্গে শিকার নিয়ে মারামারি করে না। এক জায়গায় যখন বক বসে, অন্য জায়গায় তখন বালিহাঁস বা পানকৌড়ি। গোধূলিলগ্নে পাখিরা আবার দল বেঁধে উড়াল দেয় নির্ধারিত গন্তব্যে। যে গাছে বক বসে সে গাছে অন্য পাখি বসে না। আবার যে গাছে শামুকখৈল বসে, সে গাছে বক বা ডাহুক বসে না। নীড়ে ফেরার পর পাখিরা বেশ কিছু সময় কিচিরমিচির শব্দ করে নিজেদের মধ্যে ভাববিনিময় করে। এরপর নিশ্চুপ। আবার ভোর থেকেই কিচিরমিচির শুরু হয়।
প্রকৃতির এই উন্মুক্ত বিদ্যাপীঠের সৌন্দর্য উপভোগ করতে স্থানীয় বাসিন্দাসহ দেশের নানা প্রান্তের প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন চলনবিলে। তবে এই দৃশ্য পুরোপুরি উপভোগ্য হয় কাকডাকা ভোরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাখিরা ছড়িয়ে পড়ে। আবার গোধূলিলগ্নে দল বেঁধে ফিরে যায় বিলের মধ্যের ঝোপঝাড়ে বা উঁচু গাছের ডালপালায়।
পাখিদের অবাধ বিচরণ ও আনন্দঘন চলাফেরা দেখে অনুমান করা যায়, তারা এই বিলকে নিরাপদ ভেবেই হাজার মাইল দূর থেকে এখানে আসে। তবে এই নিরাপত্তা এমনিতেই আসেনি। চলনবিলের তরুণেরা পাখি রক্ষার শপথ নিয়ে গঠন করেছেন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’, ‘সবুজ বাংলা’, ‘চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম’সহ নানা সংগঠন। সংগঠনের সদস্যরা চলনবিলজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছেন। তাঁদের অতন্দ্র প্রহরায় পাখিরা নির্বিঘ্নে চলাফেরা করছে, আহার করছে।
.১৪ বছর ধরে পাখিদের নিরাপত্তায় নেতৃত্ব দেওয়া চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের ভাষ্য, শিশু থেকে প্রবীণ—সব বয়সী মানুষই তাঁদের সদস্য। পাখি নিধনের উদ্যোগ কারও চোখে পড়লে তাৎক্ষণিক সংগঠনের কেন্দ্রে খবর চলে আসে। তিনি বলেন, ‘বিলে পাখির অবাধ বিচরণ দেখে কেউ কেউ এয়ারগান ও ফাঁদ দিয়ে পাখি শিকারের চেষ্টা করে। আমরা তাদের প্রতিহত করার চেষ্টা করি। এরপরও যদি কেউ পাখি শিকার করে, তাহলে আমরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিই। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়।’
বিল-তীরবর্তী বাসিন্দা রাজু আহমেদ ও ফজলে রাব্বিরাও পরিবেশ রক্ষায় নিবেদিতপ্রাণ। তাঁরাও বিলের পাখি রক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন করে যাচ্ছেন।
চলনবিলের পাখিদের এই অবাধ বিচরণ প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসারই এক সুন্দর প্রতিফলন। স্থানীয় তরুণদের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগে বিলটি হয়ে উঠেছে পাখিদের নিরাপদ আশ্রয়। পাখিদের এই নির্ভার উড়ে চলা বলে দেয়, প্রকৃতিকে ভালোবাসলে, আগলে রাখলে, সে-ও তার সৌন্দর্যের ডালি মেলে ধরে।
সূত্র: প্রথম আলো
-
‘ধনীদের ফল’ পার্সিমনের দাম এখন কেমন
-
চলনবিলে পাখির কলরব
-
ফাঁদ
-
সরকারি পর্যায়ে চিকিৎসার সুযোগ বাড়াতে হবে
-
পত্রিকা: 'গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে'
-
বিএনপি ও জামায়াতের বিরোধ কত দূর যাবে
-
কালাইকেশর খালে দ্রুত সেতু বানান
-
মশার গুনগুনানির চেয়ে বড় মিউজিক আর কী আছে, ওটা হলো ন্যাচারাল অটোটিউন! —ফেরদৌস ওয়াহিদ
-
কখনোই সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাইনি: জোভান
-
আজ টিভিতে যা দেখবেন (১৫ নভেম্বর ২০২৬)
-
চীনে খাড়া গিরিখাতে ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা মেটায় সাড়ে ৭ কোটি মানুষের
-
২০৩৮ সালে কি কম্পিউটারের ঘড়ি থেমে যাবে
-
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ব্যানবেইসে ২৭৩ জনের চাকরি, আবেদনের শেষ ২৬ নভেম্বর
-
‘আমার ভিডিওগুলোতে সব সময় ব্যর্থতার দৃশ্যও রাখি’
-
সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন