শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০৪:৩০ পিএম
৪১৮ Shares

আসন্ন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে হলে ভারতের কাছে নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় টেস্ট ম্যাচ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই টেস্টেরই খেলোয়াড় নির্বাচনকে ঘিরে প্রশ্ন উঠেছে, বিশেষত ডানহাতি ফাস্ট বোলার মুহাম্মদ সিরাজের প্রথম একাদশে জায়গা না পাওয়াকে কেন্দ্র করে।

নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের প্রথম টেস্ট ম্যাচে তাকে খেলানো হয়নি। তারপরই ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে ঘিরে প্রশ্ন উঠতে থাকে।

প্রথম টেস্ট ম্যাচ ড্র হওয়ার পর দ্বিতীয় টেস্টে তাকে খেলতে দেওয়ার দাবি আরো জোরালো হয়। কিন্তু তারপরও, মুহাম্মদ সিরাজ আবারও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের 'প্লেয়িং ইলেভেন' থেকে বাদ পড়েছেন, যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, মুহাম্মদ কাইফ-সহ ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত একাধিক নামজাদা ব্যক্তিত্ব মুহাম্মদ সিরাজের হয়ে সওয়াল করছেন।

তবে মি. সিরাজ একা নন, রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ ক্রিকেটারকেও প্রথম একাদশে রাখা হয়নি। এই নিয়েও প্রশ্ন তুলেছেন সুনীল গাভাস্কার।

ক্রিকেটপ্রেমীদের আশা ছিল, দ্বিতীয় টেস্ট ম্যাচে চারজন বোলারের মধ্যে কোনো একজন বাদ পড়লে মুহাম্মদ সিরাজ সেখানে জায়গা পাবেন। কিন্তু তা-ও হয়নি।

দ্বিতীয় টেস্টে খেলোয়াড়দের ক্ষেত্রে মাত্র একটা বদল আনা হয়েছে। বোলার প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে গুরনুর ব্রারকে খেলানো হচ্ছে। এই প্রথমবার টেস্ট ম্যাচে খেলবেন গুরনুর ব্রার।

এদিকে, ক্রিকেটকে কেন্দ্র করে এই বিতর্ক খেলার জগৎ থেকে সহস্র যোজন দূরে রাজনীতির আঙিনায় এসে পৌঁছেছে। আসন্ন উত্তর প্রদেশ নির্বাচনের আবহে রাজনীতির ছোঁয়াচ এড়াতে পারেনি ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নির্বাচন সংক্রান্ত এই বিষয়।

সম্প্রতি কংগ্রেসের সংসদ সদস্য ইমরান মাসুদ অভিযোগ তোলেন, ভালো পারফরম্যান্স সত্ত্বেও মুহাম্মদ সিরাজকে ভারতের প্লেয়িং একাদশ থেকে কেন বাদ দেওয়া হয়েছে, এর উত্তর খুঁজতে গেলে তার জবাব আছে ওর 'নামেই'। তার ইঙ্গিত ছিল ধর্মীয় বৈষম্যের দিকে।

অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আইফোন এবং আইপ্যাড থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

তিনি বার্তা সংস্থা এএনআইকে বলেন, "বলা হচ্ছে যে, ভাল পারফরম্যান্স সত্ত্বেও তাকে দলে জায়গা দেওয়া হয়নি। তার নাম 'সিরাজ'। আর সেই কারণেই তাকে জায়গা দেওয়া হয়নি। ভাল পারফরম্যান্স থাকা সত্ত্বেও যদি তাকে দলে না নেওয়া হয়, তাহলে সেটা স্পষ্টতই বৈষম্য।"

কংগ্রেস নেতার এই অভিযোগেরও সমালোচনা করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। শুধু তাই নয়, কংগ্রেসের অন্যান্য নেতা-নেত্রীরাও তারই কথার বিরোধিতা করেছেন।

রঞ্জিত রঞ্জন, মুসলিম নেত্রী মুমতাজ প্যাটেল সহ একাধিক কংগ্রেস নেতা এই অভিযোগ উড়িয়ে দিয়ে মি. মাসুদকে রাজনীতি ও খেলাধুলাকে আলাদা রাখার অনুরোধ জানিয়েছেন। কেউ আবার ভারতীয় ক্রিকেটের ইতিহাসে উজ্জ্বল তারকাদের দীর্ঘ তালিকা তুলে ধরেছেন।

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে খেলোয়াড়দের আঞ্চলিক, ভাষাগত ও ধর্মীয় বৈচিত্র বরাবরই একটা উল্লেখযোগ্য দিক। দেশের বিভিন্ন প্রান্ত, রাজ্য, ভাষা, ধর্ম ও সম্প্রদায়ের খেলোয়াড়রা ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন।

তাদের অসাধারণ প্রতিভা ও ক্রীড়াশৈলীর সাক্ষী থেকেছে ২২গজ। এই তালিকায় ইফতিখার আলী খান পতৌদি, মনসুর আলী খান পতৌদি, গোলাম আহমেদ, সৈয়দ কিরমানি থেকে শুরু করে পাঠান ব্রাদার্স- অর্থাৎ ইরফান পাঠান ও ইউসুফ পাঠান, জাহির খান, মুহাম্মদ শামির মতো অনেক ক্রিকেটারই রয়েছেন।

বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লাও অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, এই ধরনের বক্তব্যকে প্রশ্রয় দেওয়া উচিত নয় এবং মুহাম্মদ সিরাজকেও এহেন বিতর্কে টানা উচিত নয়।

End of বিবিসি বাংলায় আরও পড়তে পারেন

ক্রাইস্ট চার্চের হ্যাগলি পার্ক সাউথে ভারত ও নিউজিল্যান্ড-এর মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারতের কাছে অনেকটা 'ডু অর ডাই সিচুয়েশন'-এর মতো। ফাইনালে যাওয়ার আশা এবং সিরিজ পুনরুদ্ধারের জন্য এই দ্বিতীয় টেস্ট ম্যাচ জেতা অপরিহার্য।

কারণ প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৫২ রানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট টিম। ওই ম্যাচের শেষ দিনে নিউজিল্যান্ডের ব্যাটারদের প্রতিরোধ ভাঙতে পারেনি ভারত।

এই অবস্থায় মুহাম্মদ সিরাজকে দ্বিতীয় টেস্টে প্রথম একাদশের মধ্যে না রাখার সিদ্ধান্ত প্রকাশ্যে আসে। প্রশ্ন উঠতে থাকে প্রথম টেস্টে ভারতীয় বোলাররা আশানুরূপ পারফরম্যান্স না দেখাতে পারলেও কেন বছর ৩২-এর এই অভিজ্ঞ ফাস্ট বোলারকে খেলানো হচ্ছে না?

গত বছরের ইংল্যান্ডের বিরুদ্ধে দ্য ওভালে আয়োজিত টেস্ট ম্যাচে মুহাম্মদ সিরাজ অসাধারণ বোলিং করেছিলেন। তারই জাদুর উপর ভিত্তি করে অবিশ্বাস্যভাবে ছয় রানে জিতেছিল ভারত। সেই ম্যাচের পর থেকে তিনি সাতটা টেস্ট ম্যাচে ২১টা উইকেট নিয়েছেন।

২০২০ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টেস্ট অভিষেকের পর থেকে মুহাম্মদ সিরাজ কখনো কোনো পুরো অ্যাওয়ে টেস্ট সিরিজ 'মিস' করেননি। তবে, টিম ম্যানেজমেন্ট আবারও ক্রাইস্ট চার্চ টেস্টের জন্য তাকে দলে না রাখার সিদ্ধান্ত নেওয়ায়, এই ভারতীয় পেসার পুরো অ্যাওয়ে সিরিজেই খেলছেন না।

খেলোয়াড় নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে নিজের যুক্তি দিয়েছেন শুভমন গিল। প্রথম টেস্ট ম্যাচের সময়ে তিনি বলেছিলেন, "প্রথম একাদশ নিয়ে আমরা গত এক সপ্তাহ ধরে আলোচনা করেছি। চার জনই খুব ভাল বল করেছে প্র্যাক্টিসের সময়। সেই কারণে এই টেস্টে আমরা সিরা‌জ এবং গুরনুর ব্রারকে খেলাচ্ছি না।"

"এই সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন কাজ ছিল। তবে আশা করব, চার জন দ্রুত গতির বোলারই এই ম্যাচে নিজেদের দক্ষতার পরিচয় দেবে।"

ওই ম্যাচে জসপ্রীত বুমরাহ, আকাশদীপ, অনশুল কম্বোজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ জায়গা করে নিয়েছিলেন প্রথম একাদশে।

পরে, দ্বিতীয় টেস্ট ম্যাচে গুরনুর ব্রারকে খেলানোর সিদ্ধান্ত হয়।

নির্বাচন সংক্রান্ত এই সিদ্ধান্তকে পুরোপুরি দলের ব্যাপার বলে জানিয়েছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা।

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, "এমনটা নয় যে শুধুমাত্র সিরাজ খেলছিল না বলেই টেস্ট ম্যাচ (নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট) ড্র হয়েছে। আমার মনে হয় না সিরাজকে এই ধরনের বিতর্কে জড়ানো উচিত। তাকে ঘিরে এই ধরনের মন্তব্য করাও উচিত নয়।"

"সবার ঊর্ধ্বে গিয়ে ও দলেরই একজন সদস্য - এবং দলে নির্বাচিত হওয়াই সবচেয়ে বড় প্রাপ্তি।"

"প্লেয়িং ইলেভেন-এ কাকে রাখা হবে কাকে হবে না, সেটা সম্পূর্ণভাবে দলের কোচ এবং ক্যাপ্টেনের সিদ্ধান্ত। এটা তাদের উপরেই ছেড়ে দেওয়া উচিত।"

সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞরা খেলোয়াড় নির্বাচন সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

সাবেক ক্রিকেটার এবং বর্তমানে ধারাভাষ্যকার মুহাম্মদ কাইফও মি. সিরাজের পক্ষে সওয়াল করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, "এটা বিশ্বাস করা কঠিন যে ভারতের অন্যতম সেরা ফাস্ট বোলার মুহাম্মদ সিরাজকে আবারও দল থেকে বাদ দেওয়া হয়েছে।"

"বিদেশের মাটিতে খেলা টেস্ট ম্যাচে ভারতের বোলিং আক্রমণে জসপ্রিত বুমরাহর সঙ্গে সিরাজের নামও প্রথম সারিতে নেওয়া উচিত। মজার ব্যাপার হলো, বোলিং কোচ মর্নে মরকেল নিজেই সিরাজকে একজন বিশ্বমানের বোলার হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে সে ভালো বোলিং করছে।"

ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও এই সিদ্ধান্তকে ঘিরে নিজের হতাশা প্রকাশ করেছেন। তার মতে মুহাম্মদ সিরাজ এখন ভারতের সেরা ফাস্ট বোলাদের মধ্যে একজন এবং তাকে দল থেকে বাদ দেওয়াটা ঠিক নয়।

মি. ভোগলে বলেছেন, "বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি পর্বে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া প্রথম পাঁচ ভারতীয় খেলোয়াড়দের মধ্যে এখন কেবল বুমরাহই আছেন। আশা করা যায়, তিনি বোলিং করার জন্য চমৎকার পরিবেশ পাবেন। কিন্তু তিনি এটাও জানেন যে, যখন তার পালা আসবে তখন নিজেকে প্রমাণ করার জন্য দীর্ঘ সময় পর্যন্ত তিনি সুযোগ পাবেন না।"

প্রথম টেস্টে মুহাম্মদ সিরাজকে প্রথম একাদশে জায়গা না দেওয়া নিয়েও মি. ভোগলে প্রশ্ন তুলেছিলেন।

কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কারও প্রথম টেস্টের দলে সিরাজকে অন্তর্ভুক্ত না করায় বিস্ময় প্রকাশ করেছিলেন।

সোনি স্পোর্টসের এক আলোচনায় সুনীল গাভাস্কার বলেছিলেন, "যখন ও আগেভাগে টেস্ট টিমে যোগ দেয়নি, তখনই এর ইঙ্গিত মিলছিল। যখন ও শেষ ওডিআই খেলেছিল, আমি ভেবেছিলাম ওকে টেস্টে খেলানো হবে। কিন্তু এটা একটা বিস্ময়। আমার মনে হয় না ও ভারতকে হতাশ করেছে। ও ভারতকে কখনো হতাশ করেনি।"

দ্বিতীয় টেস্ট ম্যাচেও মুহাম্মদ সিরাজকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি রবীন্দ্র জাদেজাকে না খেলানো নিয়েও প্রশ্ন তুলেছেন মি. গাভাস্কার। মুহাম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা দু'জনকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত ঠিক নয় বলে জানিয়েছেন তিনি। জাদেজাকে বাদ দেওয়াকে ভুল বলে অভিহিত করেছেন। এর নেপথ্যে তিনি যুক্তি দিয়েছেন আশা করা যায় ম্যাচ যত এগোবে ততই পিচ স্পিন বোলারদেরকে সুবিধা করে দেবে।

তার কথায়, "আপনি সিরাজের কথা বলছেন। কিন্তু জাদেজার বিষয়ে কী বলবেন? ও ৩৩ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছে। আমার মনে হয়, চতুর্থ ও পঞ্চম দিনে তার স্পিন বোলিং খুব কাজে আসতে পারত, কারণ ও বল ভালোভাবে টার্ন করাতে পারে।"

"তিনি এমন বোলার নন যিনি খুব উঁচুতে বল করেন, কিন্তু বলকে গ্রিপ করিয়ে টার্ন করানোর জন্য তিনি পরিচিত। ফ্ল্যাট পিচেও তিনি এটা করতে পারেন।"

খেলা শুরুর আগে সোনি স্পোর্টসকে বলেন মি. গাভাস্কার।

টিভি অ্যাঙ্কর সুমন্ত রমনও এক্স-এ মুহাম্মদ সিরাজকে না খেলানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, "এটা মুহাম্মদ সিরাজের প্রতি অন্যায়। প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে যে ফাস্ট বোলাররা প্রায় দুই দিন ধরে নিউজিল্যান্ডকে অলআউট করতে পারেননি, তাদেরই আবার দলে নির্বাচন করা হয়েছে এবং দলে মাত্র একটাই বদল আনা হয়েছে। এটা আশ্চর্যজনক।"

সাবেক বোলার মুনাফ প্যাটেলও এই বিষয়ে এক্স-এ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, "যদি আপনি সিরাজ, শামি এবং জাদেজার দিকে না তাকান, তাহলে আপনার দলের বোলিং ইউনিটের কে এই ম্যাচ জেতাতে পারে?"

সূত্র: বিবিসি বাংলা