সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

ইলন মাস্কের স্পেসএক্স মহাকাশ থেকে ফিরে আসা রকেট ধরে ফেলল

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ০৪:৩০ পিএম
৪৩৮ Shares
পৃথিবীতে ফিরে আসে রকেটের ওপরের অংশ, যার নাম শিপ। উৎক্ষেপণকেন্দ্রের কাছে এসে সেটি ধীরে ধীরে নিচে নামতে থাকে। তখন উৎক্ষেপণ টাওয়ারের দুটি বিশাল যান্ত্রিক বাহু সেটিকে ধরে ফেলে। বাহু দুটির ডাকনাম ‘চপস্টিকস’।

মহাকাশে রকেট পাঠানোর পর সেটিকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা এবং নিরাপদে ধরে ফেলা—এমন দৃশ্য এত দিন কল্পবিজ্ঞানের গল্পে পাওয়া যেত। এবার এই কাজে বড় সাফল্য পেয়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্স। প্রথমবারের মতো তাদের বিশাল স্টারশিপ রকেটের ওপরের অংশটি উৎক্ষেপণকেন্দ্রের যন্ত্রবাহুর সাহায্যে ধরে ফেলা সম্ভব হয়েছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের বোকা চিকায় স্পেসএক্সের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্র থেকে যাত্রা শুরু করে ১২৪ মিটার উঁচু স্টারশিপ। প্রায় সাড়ে ২২ ঘণ্টার এই পরীক্ষামূলক যাত্রায় রকেটটি পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে। মহাকাশে স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের জন্য ২৬টি স্যাটেলাইটও ছাড়ে এটি।

এরপর পৃথিবীতে ফিরে আসে রকেটের ওপরের অংশ, যার নাম শিপ। উৎক্ষেপণকেন্দ্রের কাছে এসে সেটি ধীরে ধীরে নিচে নামতে থাকে। তখন উৎক্ষেপণ টাওয়ারের দুটি বিশাল যান্ত্রিক বাহু সেটিকে ধরে ফেলে। বাহু দুটির ডাকনাম ‘চপস্টিকস’। ঘটনাটির সাফল্য দেখে স্পেসএক্সের কর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস শুরু হয়।

তবে রকেটটির নিচের অংশটি ধরার চেষ্টা সফল হয়নি। এই অংশের নাম সুপার হেভি বুস্টার। উৎক্ষেপণের প্রায় সাড়ে ছয় মিনিট পর সেটিকে ধরে ফেলার পরিকল্পনা ছিল। কিন্তু জ্বালানিসংক্রান্ত সমস্যার কারণে স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা কাজ করার ফলে বুস্টারটি উৎক্ষেপণ টাওয়ারের দিকে না গিয়ে সমুদ্রের দিকে চলে যায়। পরে সেটি বিস্ফোরিত হয়। ইলন মাস্ক জানান, বুস্টারটিতে জ্বালানি কিছুটা কম ছিল।

এটি স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উড্ডয়ন। এর আগে তিনটি পরীক্ষায় সুপার হেভি বুস্টারকে সফলভাবে ধরে ফেলেছিল স্পেসএক্স। তবে এবারই প্রথম মহাকাশ থেকে ফিরে আসা শিপকে যান্ত্রিক বাহুর সাহায্যে ধরে রাখা সম্ভব হলো।

রকেটের সব অংশ বারবার ব্যবহার করতে পারলে মহাকাশযাত্রার খরচ অনেক কমে যাবে। ২০১৫ সালে স্পেসএক্স প্রথমবারের মতো ফ্যালকন-৯ রকেটের নিচের অংশ পৃথিবীতে উল্লম্বভাবে অবতরণ করাতে সক্ষম হয়। এখন এই রকেট বছরে শতাধিকবার মহাকাশে যায়। প্রতিবার নতুন রকেট তৈরির প্রয়োজন হয় না বলে উৎক্ষেপণের খরচও কমেছে।

স্টারশিপের ক্ষেত্রেও একই লক্ষ্য স্পেসএক্সের। প্রতিষ্ঠানটি চায়, রকেটের ওপরের ও নিচের দুই অংশই পৃথিবীতে ফিরিয়ে এনে আবার ব্যবহার করতে। তবে এবারের পরীক্ষায় দুই অংশকে একই উড্ডয়নে উদ্ধার করা সম্ভব হয়নি। রয়্যাল অ্যারোনটিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ম্যালকম ম্যাকডোনাল্ডের মতে, দুই অংশকে আলাদাভাবে ফিরিয়ে আনার সক্ষমতা দেখিয়েছে স্পেসএক্স। এবার তাদের লক্ষ্য হবে একই যাত্রায় দুটিকে উদ্ধার করা এবং বারবার সফলভাবে কাজটি করতে পারা।

এই সাফল্যের সঙ্গে নাসার চন্দ্রাভিযানেরও সম্পর্ক রয়েছে। ২০২৮ সালে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনায় স্টারশিপকে চন্দ্রযান হিসেবে ব্যবহারের চুক্তি করেছে নাসা। চাঁদের মাটিতে নভোচারীদের নামানোর জন্য স্টারশিপের বিশেষ সংস্করণ তৈরি করছে স্পেসএক্স।

নাসার আর্টেমিস কর্মসূচিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি। এদিকে জেফ বেজোসের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান ব্লু অরিজিনও চাঁদে মানুষ নামানোর জন্য কাজ করছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীনও ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে।

স্টারশিপের এবারের পরীক্ষা তাই মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। রকেটের দুই অংশকে একই যাত্রায় ফিরিয়ে এনে নিরাপদে ধরে রাখতে পারলে মহাকাশযাত্রার খরচ ও প্রযুক্তিক্ষেত্রে আসতে পারে বড় পরিবর্তন।

সূত্র: প্রথম আলো