সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা দাঁড়িয়েছে, যা ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।
সোমবার জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৪ হাজার ৩০৬ কোটি ২১ লাখ টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৭ দশমিক ২৪ শতাংশ। ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা বা মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশে। ২০২৩ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৩৫ হাজার ৭১০ কোটি ৪৫ লাখ টাকা, যা মোট ঋণের ৮ দশমিক ৩৯ শতাংশ।
পরবর্তী দুই বছরে খেলাপি ঋণ আরও দ্রুত বেড়েছে। ২০২৪ সালে এর পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা, যা মোট ঋণের ১৭ দশমিক ৮৩ শতাংশ। ২০২৫ সালে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয় ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা বা মোট ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ। অর্থমন্ত্রী জানান, গত পাঁচ বছরে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ ২৪ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
জামায়াতের সংসদ সদস্য কামরুল হাসানের একই ধরনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক চলতি বছর কয়েকটি গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারভিত্তিক পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি কাঠামোগত সংস্কারের উদ্যোগও নেওয়া হয়েছে। এসব পদক্ষেপের লক্ষ্য ব্যাংকভিত্তিক খেলাপি ঋণ কমানো, দীর্ঘদিনের অনিষ্পন্ন খেলাপি ঋণ দ্রুত নিষ্পত্তি, ব্যাংকের ব্যালান্স শিট পরিষ্কার করা এবং ঋণ পুনরুদ্ধার ও সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনায় কার্যকর প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামো গড়ে তোলা। তিনি বলেন, যেসব ব্যাংকের শ্রেণিকৃত ঋণের হার ১০ শতাংশের বেশি, সেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা এবং নিবিড় তদারকি করা হচ্ছে। এসব আলোচনায় খেলাপি ঋণ বৃদ্ধির কারণ, ঋণ আদায়ের প্রতিবন্ধকতা চিহ্নিত করা এবং তা দূর করতে ব্যাংকভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি এসব কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হবে।
অর্থমন্ত্রী জানান, দীর্ঘদিনের অনাদায়ি এবং প্রচলিত পদ্ধতিতে আদায়ের সম্ভাবনা কম—এমন ঋণ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ এককালীন এক্সিট সুবিধা (স্পেশাল ওয়ান-টাইম এক্সিট ফ্যাসিলিটি) চালু করা হয়েছে। নির্দিষ্ট শর্তে ঋণগ্রহীতারা ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধায় ঋণ নিষ্পত্তির সুযোগ পাবেন। এর মাধ্যমে দীর্ঘদিনের অনিষ্পন্ন ও খেলাপি ঋণের সমাধান এবং ব্যাংকের ব্যালান্স শিট থেকে সমস্যাগ্রস্ত সম্পদ নিষ্পত্তি সহজ হবে। এ ছাড়া সরকারের অন্যান্য উদ্যোগের কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী।
মাথাপিছু আয় ৩ হাজার ২০ ডলারবিএনপির সংসদ সদস্য আনিছুর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশিত ২০২৫-২৬ অর্থবছরের সাময়িক জাতীয় আয় হিসাব অনুযায়ী, দেশে মাথাপিছু জাতীয় আয় ৩ হাজার ২০ মার্কিন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে এ আয় ছিল ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার।
একই সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রকৃত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ। আগের অর্থবছরে এ প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ।
বৈদেশিক সহায়তা ছাড় কমেছে ৬০ শতাংশজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী করতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং বৈদেশিক প্রকল্প সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে বৈদেশিক সহায়তা ছাড়ের পরিমাণ ৬০ শতাংশ কমেছে।
এর অন্যতম কারণ হিসেবে দীর্ঘ প্রায় দুই বছর দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এবং বহির্বিশ্বের সংকটময় পরিস্থিতির কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী। এসব কারণে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি সৃষ্টি হওয়ায় বৈদেশিক সহায়তা ছাড় কমেছে।
অর্থমন্ত্রী বলেন, এ পরিস্থিতিতে অর্থছাড় বাড়াতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার সঙ্গে সভা আয়োজন করা হচ্ছে। প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা এবং প্রকল্পে নেওয়া পদক্ষেপগুলোর বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে নিয়মিত তথ্য-উপাত্ত সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।
প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় ৯২ হাজার ৫২৫ কোটি টাকাখেলাফত মজলিশের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাময়িক হিসাবে মোট ৯২ হাজার ৫২৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। এর মধ্যে আয়কর ৩৩ হাজার ৪৪ কোটি টাকা, মূল্য সংযোজন কর (ভ্যাট) ২৮ হাজার ৭৯০ কোটি টাকা, আবগারি শুল্ক ৫৬০ কোটি টাকা এবং আমদানি-রপ্তানি কর ৩০ হাজার ১৩০ কোটি টাকা।
এ আদায় নির্ধারিত ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকার লক্ষ্যমাত্রার ৬৮ দশমিক ৬৮ শতাংশ।
মোহাম্মদ আবুল হাসানের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের ভারসাম্য হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে ১ হাজার ১৮৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এ সময়ে পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ১ হাজার ৯৩৩ কোটি ১০ লাখ ডলার।
অর্থমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ১ হাজার ১০৮ কোটি ৫০ লাখ ডলার এবং আমদানি ব্যয় ছিল ১ হাজার ৬৮০ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় প্রায় ৭ শতাংশ এবং আমদানি ব্যয় ১৫ দশমিক ১ শতাংশ বেড়েছে।
অক্টোবরে মূল্যস্ফীতি ৮ দশমিক ২৭ শতাংশকিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা বর্তমান সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি, সার, পরিবহন ও বিমা ব্যয় বৃদ্ধি; আমদানিনির্ভর পণ্যের বৈদেশিক মূল্য ও বিনিময় হারের ওঠানামা; মৌসুমি উৎপাদন ও সরবরাহের অনিশ্চয়তা এবং বিপণন ও পরিবহন ব্যয়ের কারণে দেশের বাজারে মূল্যচাপ সৃষ্টির ঝুঁকি রয়েছে। এ ছাড়া মজুতদারি ও কৃত্রিম সংকট তৈরির প্রবণতা নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ।
মন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ। এ সময়ে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪০ শতাংশে এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৯ শতাংশে। সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ অক্টোবরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে।
অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি টেকসইভাবে কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার ওপর চাপ হ্রাস করা সরকারের অগ্রাধিকার। সংসদে তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন। চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনা সরকারের লক্ষ্য বলেও জানান তিনি।
সাত মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ২৯৫ কোটি ডলারবিএনপির সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকার গঠনের পর থেকেই বৈদেশিক ঋণ সহনীয় পর্যায়ে রাখতে কাজ করছে বর্তমান সরকার। নতুন কোনো প্রকল্প বৈদেশিক ঋণে বাস্তবায়নের আগে প্রকল্প প্রস্তাব ও সংশ্লিষ্ট ঋণ প্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে, যাতে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা না হয়।
মন্ত্রী বলেন, বৈদেশিক ঋণে বাস্তবায়িত প্রকল্পগুলো যেন ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারে সরকারের লক্ষ্য এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। বিশেষ করে উচ্চ সুদ ও স্বল্পমেয়াদি অনমনীয় শর্তের বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার ২০২৬ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।
বিএনপির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ৩০ জুন পর্যন্ত সরকারের মোট আনুমানিক ঋণের পরিমাণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণের পরিমাণ আনুমানিক ১০ লাখ ৩২৫ কোটি টাকা এবং অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা। নির্দিষ্টকরণ আইন অনুযায়ী, চলতি অর্থবছরে ঋণ পরিশোধের জন্য (মূলধন ও সুদ) ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
চার প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআইবিএনপির সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশে শাখাবিহীন ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদন করা ব্যাংকগুলোর দলিলাদি আরও যাচাই-বাছাই, প্রস্তাবিত স্পনসর ও পরিচালকদের যোগ্যতা ও উপযুক্ততা যাচাই, বিদ্যমান আইন ও বিধিবিধান পরিপালন, পাইলটিং কার্যক্রম পরিচালনায় সম্মতি এবং প্রযোজ্য ক্ষেত্রে সরকারের কাছ থেকে শেয়ার ধারণের নির্ধারিত সীমায় ছাড় নেওয়ার শর্তে চার প্রতিষ্ঠানকে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো—ডিকে লিমিটেড, বিকাশ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট ডিজিটাল ব্যাংক পিএলসি ও নোভা ডিজিটাল ব্যাংক।
অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান বিধিবিধান অনুযায়ী, ডিজিটাল ব্যাংকগুলো গ্রাহকসেবার বিপরীতে কমিশন ও ফি নির্ধারণ করবে। ডিজিটাল মাধ্যমে ব্যাংকিং সেবা দেওয়া হবে বলে এসব কমিশন ও ফি কমার সম্ভাবনা রয়েছে।
বিএনপির সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত পাঁচ বছরে (২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত) স্থলবন্দর থেকে ৪৮ হাজার ৬৪৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।
সূত্র: প্রথম আলো
-
জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, উপাচার্য ১০ ঘণ্টা অবরুদ্ধ
-
এইচএসসির পর ভর্তি: মেধাবীদের জন্য ২০ কোটি টাকার বৃত্তি ও বিশ্বমানের শিক্ষার সুযোগ দিচ্ছে আইইউবিএটি
-
সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী
-
‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি
-
শরীয়তপুরে পুলিশের করা বিস্ফোরক আইনের মামলার আসামি মৃত বীর মুক্তিযোদ্ধা
-
বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, শাস্তি ছয় মাস কুকুর–বিড়ালকে খাওয়ানো
-
বেসরকারি ব্যাংক থেকে জনতা ব্যাংকের এমডি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন
-
১৫ ঘণ্টা লেনদেন বন্ধ থাকবে ইস্টার্ন ব্যাংকের
-
মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়া কার্যালয়ে সভা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের
-
মহাকাশ থেকে ফেরা রকেট ধরে ইতিহাস গড়ল স্পেসএক্স
-
প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার ১ ঘণ্টা আগে প্রশ্ন ছাপানোর পরিকল্পনা হচ্ছে: শিক্ষামন্ত্রী
-
আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ
-
জিয়াউলের দুই হাত পিছমোড়া করে হাতকড়ায় বাঁধা, মাথায় হেলমেট, বুকে ভেস্ট
-
আট ঘণ্টায় দুই খুনের নেপথ্যে ‘বালুর ব্যবসা’, মর্গে পড়ে আছে একজনের লাশ
-
বাউবির এইচএসসি পরীক্ষার ফলাফল, পাসের হার ৬৪ দশমিক ৭৫