বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

রূপপুরে রুশ-বাংলা মিশেল, ‘বন্ধু’ ডাক গড়িয়েছে প্রেম-বিয়েতেও

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০২:৪৫ পিএম
৩৪১ Shares
রূপপুরে রুশ নাগরিকদের ঘিরে বদলে গেছে ঈশ্বরদীর জীবনযাত্রা। ভাষা, খাবার, ব্যবসা, কৃষি ও ব্যক্তিগত সম্পর্কে তৈরি হয়েছে রুশ-বাংলা মিশেল।

‘বন্ধু, বন্ধু’—গ্রিন সিটি থেকে বের হয়ে সড়ক পেরিয়ে বাজারে ঢুকতেই রুশ নাগরিকদের ডাকেন স্থানীয় দোকানিরা। রুশরাও মৃদু হেসে জবাব দেন, ‘বন্ধু’। কেউ দোকানে ঢুকে কেনাকাটা করেন, কেউ আবার দ্রুত পা চালিয়ে চলে যান। পাবনার ঈশ্বরদীর দিয়ার সাহাপুর গ্রামের এই বাজারে এখন এমন দৃশ্য প্রতিদিনের।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করতে রাশিয়া থেকে এসেছেন বিজ্ঞানী, প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মী। তাঁদের থাকার জন্য গড়ে উঠেছে গ্রিন সিটি আবাসিক এলাকা। এই বিদেশিদের ঘিরে বদলে গেছে আশপাশের এলাকার জীবনযাত্রা। গড়ে উঠেছে বাজার, বিপণিবিতান, রেস্তোরাঁ ও রিসোর্ট। তাঁদের চাহিদা মেটাতে স্থানীয় কৃষকেরা শুরু করেছেন নতুন ধরনের সবজির চাষও।

এই যোগাযোগে বদল এসেছে ভাষাতেও। রুশ নাগরিকদের সঙ্গে কথা বলতে স্থানীয় বাসিন্দারা শিখেছেন কিছু রুশ শব্দ, তাঁরাও শিখেছেন বাংলা। দুই ভাষা মিশে তৈরি হয়েছে একধরনের রুশ-বাংলা মিশ্র ভাষা। কাজ ও কেনাকাটার সম্পর্কের বাইরে কারও কারও মধ্যে গড়ে উঠেছে প্রেমের সম্পর্ক। হয়েছে বিয়ে, সংসারও।

সবচেয়ে জনপ্রিয় শব্দ ‘বন্ধু’গ্রিন সিটি বাজারের একটি ওষুধের দোকানের নাম ‘আপ্তেকা’। রুশ ভাষায় আপ্তেকা অর্থ ওষুধের দোকান। দোকানটির নাম বড় অক্ষরে রুশ ভাষায় লেখা। নিচে ছোট করে ইংরেজিতে লেখা ‘নিউ ড্রাগ কেয়ার’। ক্রেতাদের বড় অংশ রুশ বলে দোকানের নামও রাখা হয়েছে তাঁদের ভাষায়।

১২ নভেম্বর দুপুরে সেখানে এসেছিলেন রুশ তরুণী ইলিয়েনা ভোরেনিয়াস। জ্বর ও সর্দির জন্য ওষুধ কিনতে এসেছিলেন তিনি। দোকানটির বিক্রেতা আমির হামজার সহায়তায় ইলিয়েনার সঙ্গে কথা হয়।

গ্রিন সিটি বাজারে রুশ নাগরিকদের সঙ্গে স্থানীয় মানুষের যোগাযোগের সবচেয়ে পরিচিত শব্দ ‘বন্ধু’। রুশরা বাজারে এলেই দোকানিরা এই শব্দে তাঁদের ডাকেন। তাঁরাও একই শব্দে সাড়া দেন। এভাবেই প্রয়োজনীয় কথাবার্তার বাইরে তাঁদের কিছুটা আন্তরিকতার সম্পর্ক তৈরি হয়েছে।ইলিয়েনা প্রথম আলোকে বলেন, দুই বছরের জন্য এখানে কাজ করতে এসেছেন। আগামী ডিসেম্বরেই তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে। বাড়ি মস্কো। বাংলাদেশ তাঁর ভালো লেগেছে। তবে এখানকার গরমে প্রথম দিকে কিছুটা কষ্ট হয়েছে। এখন মানিয়ে নিয়েছেন।

গ্রিন সিটি বাজারে রুশ নাগরিকদের সঙ্গে স্থানীয় মানুষের যোগাযোগের সবচেয়ে পরিচিত শব্দ ‘বন্ধু’। রুশরা বাজারে এলেই দোকানিরা এই শব্দে তাঁদের ডাকেন। তাঁরাও একই শব্দে সাড়া দেন। এভাবেই প্রয়োজনীয় কথাবার্তার বাইরে তাঁদের কিছুটা আন্তরিকতার সম্পর্ক তৈরি হয়েছে।

তবে এই যোগাযোগের বড় অংশই কেনাকাটাকেন্দ্রিক। স্থানীয় ব্যবসায়ীরা রুশ ভাষার কিছু শব্দ শিখেছেন। রুশরাও শিখেছেন বাংলা। দুই পক্ষের প্রয়োজন থেকেই তৈরি হয়েছে এই ভাষার মিশ্রণ।

রুশ প্রকৌশলী ওলেগ এসেছিলেন শহিদুল ইসলামের সবজির দোকানে। সমুদ্রসৈকতে ব্যবহৃত বড় রঙিন ছাতার মতো একটি ছাতার নিচে সাজানো টাটকা সবজি। ওলেগ কয়েকটি সবজির রুশ নাম জানালেন। আলু হলো ‘কাতস্কা’, ফুলকপি ‘বাতলাসা’, টমেটো ‘পমিদোর’, ধনেপাতা ‘কিমজা’, মুলা ‘রিসিস’, পেঁয়াজ ‘লুখ’ এবং ক্যাপসিকাম হলো ‘পেতেরোস্কা’।

ওলেগ সাড়ে চার বছরের চুক্তিতে এখানে এসেছেন। কাজ বা ব্যক্তিগত জীবন সম্পর্কে অবশ্য বেশি কিছু জানাতে চাননি তিনি।

দোকানদার শহিদুল ইসলাম বলেন, রুশরা সাধারণত টাটকা সবজি কিনতে পছন্দ করেন। তবে সব ধরনের সবজি তাঁরা কেনেন না। তাঁদের চাহিদা অনুযায়ী দোকানগুলোতে আলু, ফুলকপি, গাজর, শসা, লেটুসপাতা ও লেবু বেশি রাখা হয়। তাঁদের চাহিদার কারণে স্থানীয়ভাবে কিছু নতুন সবজির চাষও শুরু হয়েছে।

রুশ ভাষায় দোকানের নাম, ক্যালকুলেটরে দরদামগ্রিন সিটি বাজারের সামনের দিকে খোলা জায়গায় সবজি ও ফলের দোকান। পেছনে পাকা ঘরের সারিতে আছে পোশাক, জুতা, মুদি পণ্য, রান্নাঘরের সামগ্রী, হস্ত ও কারুশিল্পের দোকান। বেশির ভাগ দোকানের নাম রুশ ভাষায়। যেমন ‘রুস্কায়া মোদা’ (রুশ ফ্যাশন), ‘বেঙ্গালয়ে সোলেস্তে’ (বাংলার সূর্য), ‘পারিকমাখেরস্কায়া’ (চুল কাটার সেলুন), ‘বেরিওজাকা’ (ছোট গাছ) ও ‘লেনতা সুপার শপ’ ইত্যাদি।

সন্ধ্যায় পোশাকের দোকান ‘রাশিয়ান ফ্যাশন’-এ দেখা হলো ইলিনার সঙ্গে। সাত মাস আগে এখানে এসেছেন তিনি। আইনবিষয়ক কাজ করেন। বাংলা শব্দ এখনো তেমন রপ্ত করতে পারেননি। ইংরেজিতেও স্বচ্ছন্দ নন। দোকানে এসেছিলেন গায়ে দেওয়ার একটি চাদর কিনতে। কাশ্মীরি শালটি তাঁর পছন্দ হয়েছে। রুশ ভাষায় শালকে বলা হয় ‘প্লাতোক’।

দোকানের বিক্রেতা নাহিদ হোসেন জানালেন, ইলিনা দোকানে ঢুকেই তাঁকে জিজ্ঞাসা করেন, ‘স্কোলকো স্তোইত এতত প্লাতোক?’ অর্থাৎ শালটির দাম কত?

শুরুতে রুশ ভাষা না জানায় দোকানিদের জন্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা কঠিন ছিল। ক্রেতারা পছন্দের জিনিস দেখিয়ে দিতেন। দোকানিরা ক্যালকুলেটরে দাম লিখে তাঁদের দেখাতেন। পরে ধীরে ধীরে কিছু রুশ শব্দ শিখে নেন তাঁরা। এখন দামদর করার মতো প্রয়োজনীয় শব্দ অনেকেরই জানা।

নাহিদ হোসেন বলেন, এক হাজার টাকাকে রুশরা বলেন ‘টিসিসি’, ৫০০ টাকা ‘পিসত’, ২০০ টাকা ‘দেরিস্তো’, ১০০ টাকা ‘ইস্তো’, ৫০ টাকা ‘পিসা’, ২০ টাকা ‘দোয়াসে’ আর ১০ টাকা ‘দেসে’। এসব শব্দ শিখে নেওয়ায় এখন কেনাবেচা করতে আর আগের মতো অসুবিধা হয় না।

সন্ধ্যায় জমে ওঠে রুশ খাবারের রেস্তোরাঁপাবনা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের এই বাজার মূলত বিকেল থেকে সন্ধ্যার পর জমজমাট হয়ে ওঠে। কাজ শেষে অনেক রুশ নাগরিক গ্রিন সিটিতে ফিরে রান্নার ঝামেলা করতে চান না। তাই চলে আসেন আশপাশের রেস্তোরাঁগুলোতে।

তিন বছর ধরে এখানে কাজ করছেন ইউগেনি। একাই থাকেন। সন্ধ্যায় ‘রাশিয়ান কিচেন’ নামের রেস্তোরাঁয় দেখা হলো ইউগেনির সঙ্গে। রেস্তোরাঁটির ব্যবস্থাপক সাকিব আহমেদ জানালেন, বেশির ভাগ দিন এখানেই রাতের খাবার খান ইউগেনি।

এখানকার পরিবেশেও অভ্যস্ত হয়ে উঠেছেন ইউগেনি। টুনা মাছ, বিট, আলু, ভিনেগার ও বিভিন্ন ধরনের সস দিয়ে তৈরি একটি রুশ খাবার তাঁর পছন্দের বলে জানিয়েছেন সাকিব।

সাকিব আহমেদ বলেন, এসব রেস্তোরাঁয় বাঙালিরা খুব বেশি আসেন না। মূল ক্রেতা রুশরা। তাঁরা ভাত-মাছ খেতে অভ্যস্ত নন। তাই রেস্তোরাঁগুলোতে ভাত, মাছ, ডাল, সবজি কিংবা বিরিয়ানি, তেহারি ও নান-কাবাবের মতো খাবার সাধারণত রান্না হয় না। বেশি চলে সালাদ, পাস্তা ও নুডলস। তবে বিকেলের নাশতায় বাঙালি খাবার শিঙাড়া, সমুচা ও পুরি এখন অনেক রুশ নাগরিকেরই পছন্দের তালিকায় আছে।

ছুটির দিনে রেস্তোরাঁগুলোতে ভিড় বাড়ে। বিকেল থেকেই গ্রিন সিটি থেকে বিদেশিরা আসতে থাকেন। কেউ যান ঈশ্বরদী সদর বা পাবনা শহরের রিসোর্টে। সেসব রিসোর্টে সুইমিংপুল, জিমসহ বিনোদনের নানা ব্যবস্থা আছে। কেউ কেউ আশপাশের গ্রামেও ঘুরতে যান। এসব বিদেশি নাগরিককে কেন্দ্র করেই স্থানীয় অনেক ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।

জমির দাম বেড়েছে, তৈরি হয়েছে নতুন ব্যবসাগ্রিন সিটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বড় একটি বাজার। সেখানে ছোট ও মাঝারি দোকানের সংখ্যা তিন শতাধিক। পাশাপাশি আছে তিন-চারতলা কয়েকটি বিপণিবিতান। স্থানীয় লোকজন পুরো এলাকাটিকে চেনেন ‘গ্রিন সিটি মার্কেট’ নামে।

বড় বিপণিবিতানগুলোর মধ্যে রয়েছে পার্পেল সিটি, বিশ্বাস শপিং কমপ্লেক্স, মাত্রেওশকা ও মেম্বার মার্কেট। রুশ ভাষায় মাত্রেওশকা একধরনের পুতুলের নাম। এসব বিপণিবিতানে জিম, সেলুন, রেস্তোরাঁ, মুদিদোকান, গয়না, পুরোনো সামগ্রী, ইলেকট্রনিকস ও মুঠোফোনের দোকান আছে। ব্যবসায়ীরা জানান, প্রতিদিনই ভালো বেচাকেনা হয়।

আগে এসব জায়গায় ছিল ফসলি জমি ও ধানের ছোট ছোট চাতাল। এখন সেখানে দোকানপাট ও বিপণিবিতান গড়ে উঠেছে। বেড়েছে জমির দামও। সড়কসংলগ্ন যে জমির দাম আগে প্রতি বিঘা ৩০ থেকে ৪০ লাখ টাকা ছিল, এখন সেখানে প্রতি কাঠার দাম ১৫ থেকে ২০ লাখ টাকা।

জমির দামের সঙ্গে বেড়েছে দোকানভাড়াও। পোশাক ব্যবসায়ী নাহিদ হোসেন বলেন, তাঁর ১৪ ফুট বাই ১২ ফুট দোকান এবং সামনের কিছু খালি জায়গার ভাড়া মাসে ৩০ হাজার টাকা। পাবনা শহরে এই টাকায় এর চেয়ে বড় দোকান পাওয়া যায়। গ্রিন সিটি এলাকায় এখন দোকান পাওয়াই কঠিন।

গ্রিন সিটিকে কেন্দ্র করে ঈশ্বরদী উপজেলা সদর ও পাবনা শহরেও নতুন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, রুশ নাগরিকদের চাহিদা বিবেচনায় ঈশ্বরদীতে নতুন ৪টি রিসোর্ট, প্রায় ১০টি রেস্তোরাঁ, ১৫টি বেসরকারি হাসপাতাল ও ৫টি বড় বিপণিবিতান তৈরি হয়েছে। পাবনা শহরে হয়েছে দুটি রিসোর্ট ও অন্তত পাঁচটি নতুন রেস্তোরাঁ। এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের।

পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামে ‘রত্নদ্বীপ’ এবং বাংলাবাজার গ্রামে ‘রূপকথা ইকো রিসোর্ট’ গড়ে তুলেছে ইউনিভার্সেল গ্রুপ।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন প্রথম আলোকে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলেও অনেক বিদেশি কাজ করেন। তাঁদের কথা বিবেচনা করেই রিসোর্ট তৈরি করা হয়েছে। সেখানে ভালো খাবারের পাশাপাশি সুইমিংপুল, জিম ও বিনোদনের ব্যবস্থাও আছে।

সোহানী হোসেন জানান, রুশরা মাঝেমধ্যে নিজেদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। ছুটির দিনে রিসোর্টে এসে তাঁরা স্বাচ্ছন্দ্যে সময় কাটান।

রুশদের চাহিদায় নতুন সবজির চাষরূপপুরে রুশদের উপস্থিতির প্রভাব পড়েছে স্থানীয় কৃষিতেও। পাবনা ও ঈশ্বরদী দীর্ঘদিন ধরেই দেশের সবজি উৎপাদনের অন্যতম প্রধান এলাকা। এখন প্রচলিত সবজির পাশাপাশি রুশ নাগরিকদের চাহিদা অনুযায়ী কিছু নতুন সবজির চাষও শুরু হয়েছে।

ঈশ্বরদীর আবদুল কাদের প্রামাণিক প্রথম দিকে রুশদের পছন্দের ‘উগ্রব’ নামের একধরনের সবজির চাষ শুরু করেন। প্রথমে তিন কাঠা জমিতে চাষ করেছিলেন। এখন করছেন চার বিঘা জমিতে। তাঁর সাফল্য দেখে অন্য কৃষকেরাও এ ধরনের সবজি চাষে আগ্রহী হয়েছেন।

এখন স্থানীয়ভাবে লেটুস, সেলারি পাতা, থাইম, লেমন গ্রাস, বেসিল পাতা ও চায়নিজ পুদিনার মতো সবজির চাষ হচ্ছে। এসব সবজির প্রধান ক্রেতা গ্রিন সিটি বাজারের দোকান ও রেস্তোরাঁগুলো।

প্রেম থেকে বিয়ে, গড়েছে সংসারবিদেশিদের সঙ্গে স্থানীয় মানুষের সম্পর্ক এখন শুধু কাজ বা কেনাকাটার মধ্যে আর আটকে নেই। কোনো কোনো ক্ষেত্রে তা প্রেম, বিয়ে ও সংসার পর্যন্ত গড়িয়েছে। রবীন্দ্রনাথের ভাষায়, ‘প্রেমের ফাঁদ পাতা ভুবনে/ কে কোথায় ধরা পড়ে কে জানে’।

রূপপুরে যাওয়ার পথে বিদেশিদের সঙ্গে স্থানীয় মানুষের বিয়ের কথা শোনা গেল অটোরিকশাচালক ও পথের পাশের চায়ের দোকানে। সেই সূত্র ধরে খোঁজ নিয়ে পাওয়া গেল দুই দম্পতির সন্ধান। তাঁরা গ্রিন সিটিতে থাকেন না। কাছেই ব্যবসায়ী দুলাল সরদারের বাড়িতে ভাড়া থাকেন।

দুলাল সরদার প্রথম আলোকে বলেন, তাঁর বাড়িতে ভাড়া থাকা ওই বিদেশিরা কাজাখস্তানের নাগরিক। চলাফেরার সূত্রে দুই বাঙালি তরুণীর সঙ্গে তাঁদের পরিচয় হয়। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দুই বছর আগে তাঁরা বিয়ে করে বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

দুই দম্পতির একজনের এক বছরের একটি ছেলেসন্তান আছে। অন্য দম্পতির স্ত্রী সন্তানসম্ভবা। তবে তাঁরা কেউ নিজেদের পরিচয় প্রকাশ করতে আগ্রহী হননি।

এ ছাড়া বিদেশিদের সঙ্গে স্থানীয় মানুষের আরও কিছু প্রেম ও বিয়ের ঘটনা এলাকার মানুষের মুখে শোনা গেছে। তবে সেসব ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

যেভাবে গড়ে উঠল গ্রিন সিটিবাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। ১৭ নভেম্বর এর প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ২০১৫ সালের ডিসেম্বরে এ প্রকল্পের জন্য ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের মূল চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৭ সালের ৩০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয় মূল নির্মাণকাজ। ডলারের বিনিময় হার বৃদ্ধিসহ বিভিন্ন কারণে প্রকল্পের প্রাক্কলিত ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। দুই দফা মেয়াদ বাড়িয়ে প্রকল্পের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত।

রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসসি অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মুখ্য প্রশাসনিক কর্মকর্তা রুহুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, প্রকল্পে কাজ করতে আসা বিদেশি নাগরিকদের থাকার জন্য প্রায় ৩৭ একর জায়গার ওপর গড়ে তোলা হয়েছে গ্রিন সিটি আবাসিক এলাকা। এখানে মোট ২০টি বহুতল ভবন আছে। এর মধ্যে ২০ তলা ভবন ১০টি, ১৬ তলা ভবন ৮টি এবং ১৫ তলা ভবন ২টি।

২০টি ভবনের মধ্যে ১৯টিতে থাকেন বিদেশি নাগরিকেরা। তাঁদের অধিকাংশই রুশ। অল্পসংখ্যক বেলারুশ ও কাজাখস্তানের নাগরিকও আছেন। আর একটি ভবনে থাকেন বাংলাদেশি কর্মকর্তারা।

রুহুল কুদ্দুস বলেন, বর্তমানে গ্রিন সিটিতে প্রায় ৪ হাজার ৮০০ বিদেশি নাগরিক বসবাস করছেন। তবে তাঁদের সংখ্যা কমবেশি হয়। তাঁরা সাধারণত নির্দিষ্ট মেয়াদে চুক্তিভিত্তিক কাজ করতে আসেন। চুক্তির মেয়াদ শেষ হলে কেউ চলে যান, আবার নতুন কর্মীরা আসেন। এভাবে নিয়মিত বিদেশি কর্মীদের আসা-যাওয়া চলে।

প্রথম দিকে রুশ নাগরিকেরা সাধারণত পরিবার নিয়ে আসতেন না। সম্প্রতি তাঁদের জন্য পারিবারিক ভিসা দেওয়া শুরু হয়েছে। তবে পরিবার নিয়ে আসা রুশদের সংখ্যা এখনো কম।

গ্রিন সিটি ও আশপাশের এলাকায় দুই দিন সরেজমিনে ঘুরে শিশু-কিশোরদের তেমন দেখা যায়নি। বাজারের ব্যবসায়ীরাও জানিয়েছেন, রুশ শিশু-কিশোরদের তাঁরা খুব কমই দেখেন। হয়তো কোনো পরিবার অল্প সময়ের জন্য সন্তানদের নিয়ে আসে। তবে দীর্ঘ সময় ধরে এখানে রুশ শিশু-কিশোরদের বসবাস চোখে পড়ে না।

বন্ধুত্ব আছে, আছে দূরত্বওস্থানীয় দোকানিরা রুশ নাগরিকদের ‘বন্ধু’ বলে ডাকেন। তাঁরাও হাসিমুখে জবাব দেন। কিন্তু এই বন্ধুত্বের মধ্যেও একটা দূরত্ব আছে।

গ্রিন সিটি বাজার ঘুরে দেখা গেছে, রুশ নাগরিকেরা সাধারণত দ্রুত পায়ে চলেন। গ্রিন সিটির ফটক থেকে বের হয়ে সড়ক পেরিয়ে বাজারে আসেন। প্রয়োজনীয় কেনাকাটা সেরে আবার দ্রুত ফিরে যান। অধিকাংশই একা কিংবা দুজন মিলে আসেন। দল বেঁধে ঘোরাঘুরি বা দোকানের সামনে দাঁড়িয়ে আড্ডা দেওয়ার দৃশ্য খুব একটা দেখা যায়নি।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রয়োজনীয় কেনাকাটার কথাবার্তা ছাড়া রুশ নাগরিকদের সঙ্গে তাঁদের তেমন কথা হয় না। তাঁরা নিজেদের কাজ বা ব্যক্তিগত বিষয় নিয়েও বেশি কিছু বলতে স্বচ্ছন্দ বোধ করেন না। ব্যবসায়ীরাও কৌতূহলবশত তাঁদের ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করেন না।

রূপপুরে রুশ নাগরিকদের উপস্থিতিতে রুশ-বাংলা মিশেলে নতুন এক জীবনযাত্রা শুরু হয়েছে। তার ভিত এখনো মূলত ব্যবসায়িক লেনদেন ও দৈনন্দিন প্রয়োজনের ওপর দাঁড়িয়ে। সেখানে ভাষার মিশ্রণ আছে, কেনাকাটার সম্পর্ক আছে, কোথাও বন্ধুত্ব, কোথাও প্রেম-বিয়ে। আবার রয়েছে নিজস্ব গণ্ডিতে থাকার প্রবণতাও। স্থানীয় মানুষের মুখে রুশ নাগরিকদের পরিচিত সম্বোধন ‘বন্ধু’। তবে সেই বন্ধুত্বের মধ্যেও রয়ে গেছে দূরত্ব।

সূত্র: প্রথম আলো