কর্মনিষ্ঠা আর সহযোগী মনোভাবের জন্য স্মরণীয় হয়ে থাকবেন সাংবাদিক মনজুরুল হক
জাপানপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক, লেখক ও শিক্ষক মনজুরুল হক স্মরণীয় হয়ে থাকবেন তাঁর কর্মনিষ্ঠা, আধুনিক দৃষ্টিভঙ্গি, নীতিতে অটল থাকা ও সবার প্রতি সহযোগী মনোভাবের কারণে। সহকর্মী, অনুজ, পরিচিতজনেরা এভাবেই মনে রাখবেন তাঁকে।
প্রথম আলোর টোকিও প্রতিনিধি মনজুরুল হক জাপানের রাজধানী টোকিওতে নিজ বাড়িতে গতকাল রোববার মারা যান। দলমত-নির্বিশেষে জাপানপ্রবাসী বাংলাদেশিদের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধার মানুষ; জাপানিসহ টোকিওতে কর্মরত বিদেশি সাংবাদিকদের কাছে ছিলেন প্রিয় আলোকিত ব্যক্তিত্ব।
গতকাল মনজুরুল হকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিচিত মহলে নেমে আসে শোকের ছায়া। আজ সোমবার সারা দিন জাপানে অনেকের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে। আবার অনেকের কাছ থেকেই প্রথম আলোর কাছে শোকবার্তা এসেছে।
মনজুরুল হক প্রথম আলোর প্রতিনিধি হিসেবে যেমন চষে বেড়িয়েছেন সারা জাপান, তেমনি দীর্ঘ প্রায় আড়াই দশক ধরে শিক্ষকতা করেছেন জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি জাপানের গণসম্প্রচার কেন্দ্র এনএইচকে ওয়ার্ল্ডে কাজ করেছেন ব্রডকাস্টার হিসেবে। নেতৃত্ব দিয়েছেন জাপানে বিদেশি সাংবাদিকদের সংগঠন ফরেন করেসপনডেন্টস ক্লাব অব জাপানের (এফসিসিজে)।
জাপানের শীর্ষ সংবাদপত্র মাইনিচি শিম্বুনে লিখেছেন নিয়মিত কলাম। দেশটির গণমাধ্যম থেকে মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় থেকে সাংস্কৃতিক অঙ্গন, শহর থেকে গ্রাম—যেখানেই তিনি কাজ করেছেন, সেখানে মানুষের সঙ্গে ঘনিষ্ঠ শ্রদ্ধাশীল সম্পর্ক গড়ে তুলেছেন। কারণ একটাই, তাঁর কর্মনিষ্ঠা, আধুনিক দৃষ্টিভঙ্গি, নীতিতে অটল থাকা ও জাপানি সমাজ-রাজনীতি-ইতিহাস সম্পর্কে গভীর জ্ঞান।
তাঁর অনুজ সহকর্মী হিসেবে যেখানেই যাই না কেন, মনজুরুল হকের নাম শোনামাত্রই অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। সবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন মুহূর্তেই। এই তো কিছুদিন আগে ফরেন প্রেস সেন্টার জাপানের পঞ্চাশতম বর্ষপূর্তিতে সমবেত হয়েছিলেন জাপানে কর্মরত বিশিষ্ট সাংবাদিক থেকে শুরু করে সাংবাদিকদের বিভিন্ন বৈশ্বিক সংগঠনের শীর্ষ নেতারা। অনুষ্ঠানস্থলে যে ছবির প্রদর্শনী ছিল, তার মধ্যে ছিল মনজুরুল হকের জ্বলজ্বলে উপস্থিতি। এক ভারতীয় সাংবাদিক এ বিষয়ে জানতে চাইলে সংস্থার এক কর্মকর্তা বলেন, ‘কারণ, তিনি আমাদের কাছে এক মহিরুহ। তাঁর ছবি তো থাকবেই।’
ষাটের দশকের মাঝামাঝি সময়ে জাপানে আসা জ্যেষ্ঠ নাগরিক আবদুর রহমান বলেন, ‘কয়েক দশক ধরে তাঁর সঙ্গে আমার পরিচয়। পারিবারিকভাবেও আমরা অত্যন্ত ঘনিষ্ঠ। মনজুরুল হক ছিলেন একজন অত্যন্ত মেধাবী লেখক ও সাংবাদিক। পাশাপাশি তিনি একজন সজ্জন ব্যক্তি। তাঁর সঙ্গে অনেক স্মৃতি। তিনি চিরকাল আমাদের মনে থাকবেন।’
এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের প্রধান চিকা মুরাকামি বলেন, ‘মনজু ভাই প্রায় ৩০ বছর এনএইচকে ওয়ার্ল্ড বাংলা সার্ভিসে কাজ করেছেন। আমি ২০১৩ সালে সেখানে যোগদান করি…এরপর থেকেই তাঁর সঙ্গে কাজ করেছি। কয়েক বছর তিনি বাড়ি থেকেই কাজ করছিলেন, তাঁর শেষ কর্মদিবস ছিল ২৮ অক্টোবর।’ তাঁর সঙ্গে অনেক স্মরণীয় কাজের উল্লেখ করে মুরাকামি বলেন, নিয়মিত সংবাদ পাঠের পাশাপাশি ‘আমার দেখা বাংলা’সহ বিভিন্ন অনুষ্ঠানে তিনি কণ্ঠ দিয়েছেন, যেগুলো বেশ প্রশংসিত হয়েছিল। একজন প্রবীণ সাংবাদিক হিসেবে তিনি বাংলা ও ইংরেজি ভাষা ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে সব সময় পরামর্শ দিতেন। তাঁর মৃত্যুতে এনএইচকে বাংলা সার্ভিসের সব সহকর্মী অত্যন্ত শোকাহত।
এই প্রতিনিধির কাছে খবর পেয়ে জাপান টাইমস, সিঙ্গাপুর স্ট্রেইট টাইমস, আরব নিউজ, ব্লুমবার্গ, নিউইয়র্ক টাইমসের সাবেক ও বর্তমান সাংবাদিকসহ টোকিওতে কর্মরত বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকেরা মনজুরুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
কিছুদিন আগেই তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছে উল্লেখ করে টোকিওতে বিদেশি সাংবাদিকদের ক্লাব এফসিসিজের সাবেক প্রেসিডেন্ট সুভেন্দ্রিনি কাকুচি বলেন, ‘মনজুরুল ও আমার মধ্যে একটি অব্যক্ত ভৌগোলিক বন্ধন ছিল, যা সম্ভবত সবচেয়ে ভালোভাবে বর্ণনা করা যায় দক্ষিণ এশিয়ার বিশৃঙ্খল গণমাধ্যম জগৎ সম্পর্কে আমাদের বোঝাপড়ার মাধ্যমে, যা জাপানে একেবারেই অপরিচিত। এই অভিন্ন পরিচয়ের অন্তর্নিহিত স্রোত দিন দিন আরও গভীর হয়েছে। মনজুরুল যখন বাংলাদেশের রাজনীতিতে পশ্চিমা স্বার্থ নিয়ে কথা বলতেন, তখন তাকে খুব বেশি বিস্তারিত বলার প্রয়োজন পড়ত না। বরং এতে আমাদের কথোপকথন আরও গভীর হতো।’
তুরস্কের সাংবাদিক ইলগিন ইয়োরুলমাজ বলেন, ‘তাঁর মৃত্যুতে কতটা দুঃখ পেয়েছি, আমি তা ভাষায় প্রকাশ করতে পারছি না। বৃক্ষ থেকে আরও একটি পাতা ঝরে পড়ল। মনজুরুল ছিলেন একজন প্রকৃত বন্ধু, একজন নির্ভীক সাংবাদিক...আল্লাহ তাঁর আত্মাকে শান্তি দান করুন।’
এফসিসিজের সাবেক প্রেসিডেন্ট খালদন আজহারি বলেছেন, ‘বিদায়, মনজুর! শান্তিতে থাকুন। আমাদের প্রেস ট্যুরগুলোতে আপনি একজন অসাধারণ ভ্রমণসঙ্গী ছিলেন। আপনার সদয় মনোভাব এবং সুস্পষ্ট ও চিন্তাশীল যোগাযোগের প্রতি আপনার অঙ্গীকারের বিষয়টি আমরা গভীরভাবে অনুভব করে যাব।’
আলাপ হয় মনজুরুল হকের আরেক সহকর্মী বিশিষ্ট লেখক ও অনুবাদক কাজুহিরো ওয়াতানাবের সঙ্গে। এনএইচকে বাংলা বিভাগের সাবেক এই প্রধান বলেন, ‘মনজুরুল হক ছিলেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। ১৯৯৪ সালে রেডিও জাপান—এনএইচকের বাংলা বিভাগে মনজু ভাই কাজ শুরু করেন। তখন থেকেই আমরা সহকর্মী। তবে আমার কাছে তিনি শুধু সহকর্মী ছিলেন না, ছিলেন একজন চমৎকার পথনির্দেশক। জাপান, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের ঘটনাবলিকে কোন দৃষ্টিকোণ থেকে কীভাবে দেখা উচিত, সে ব্যাপারে তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।’
বাংলা লেখালেখির অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে মনজুরুল হকের অবদানের কথা স্মরণ করে ওয়াতানাবে বলেন, ‘বাংলায় লিখতে তিনি আমাকে উৎসাহিত করেছেন এবং লেখাগুলো বই আকারে সংকলিত করতে সাহায্য করেছেন। তাঁর সহযোগিতা ও পরামর্শ ছাড়া “আমার বাংলাদেশ” ও “রক্ত ও কাদা ১৯৭১”–এর মতো কয়েকটি বই ঢাকা থেকে প্রকাশ করা কখনোই সম্ভব হতো না। আমি জানি, মনজু ভাইয়ের স্মৃতি জাপানিদের মনে গেঁথে রাখতে হবে এবং সে জন্য আমার অনেক কিছু করার আছে। কিন্তু এই মুহূর্তে তাঁকে হারানোর শোক মনে ধারণ করা এবং তাঁর স্মৃতির রোমন্থন করা ছাড়া আর কিছু করতে পারব বলে মনে হয় না।’
মনজুরুল হকের স্মৃতি এ রকমই অনুরণিত হচ্ছে জাপানে অবস্থানরত আরও অনেকের মধ্যে। আগামী দিনগুলোতেও তাঁর অনবদ্য সাংবাদিকতা ও ক্ষুরধার লেখনী সংশ্লিষ্ট জাপানি সমাজে তাঁকে প্রাসঙ্গিক করে রাখবে, তা নিশ্চিতভাবে বলা যায়। মনজুরুল হক জাপানে বাংলাদেশের এক জ্বলজ্বলে তারকা। তাই তাঁকে বিদায় জানানোর অবকাশ নেই। এটুকুই বলব, ‘মনজু ভাই দেখা হবে—লেখার টেবিলে, চিন্তার কুঠুরিতে, সূর্যোদয়ের এই জনপদের নানা প্রান্তে সংবাদ সংগ্রহের প্রতিটি পদক্ষেপে।’
সূত্র: প্রথম আলো
-
কর্মনিষ্ঠা আর সহযোগী মনোভাবের জন্য স্মরণীয় হয়ে থাকবেন সাংবাদিক মনজুরুল হক
-
ইলন মাস্ক তারুন্যের হিরো নাকি ভিলেন
-
বারবার পরিষ্কারের পরও ভরাট কুতুবখালী খাল, আবার খনন শুরু করল ডিএসসিসি
-
ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, পথে নবজাতকের মৃত্যু
-
ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বিজনেস কনফারেন্সে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ
-
বাংলাদেশের পতাকা হাতে জলবায়ু সম্মেলনে নটর ডেম কলেজের ৬ শিক্ষার্থী
-
যশোরে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
-
রূপপুরের বিদ্যুতের দাম কত দাঁড়াবে, মানুষের খরচ কমবে কি
-
১৬৭ বছরের অমীমাংসিত রিম্যান হাইপোথিসিস সমাধান করল এআই
-
এআই–নির্ভর পৃথিবীতে শিশুদের কোন দক্ষতাগুলো শেখানো উচিত
-
শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
-
যশোরে মারধর করে পুলিশে দেওয়া সাংবাদিক সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার
-
অসমাপ্ত গল্প
-
ছয় বছরের সংসার ভাঙল স্বপ্নার, স্বামীর পরকীয়ায় জড়ানোর ইঙ্গিত
-
ঢাকার প্রথম সংবাদপত্র ও ছাপাখানা