শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিতে বুলগেরিয়া যাচ্ছে ছয় সদস্যের বাংলাদেশ দল

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ১১:১৫ এএম
৩৯২ Shares

২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও ২০২৬) অংশ নিতে বুলগেরিয়া যাচ্ছে ছয় সদস্যের বাংলাদেশ দল। আগামী ২ থেকে ৯ ডিসেম্বর বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৫০টি দেশের অনূর্ধ্ব-১৬ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নেবে। বাংলাদেশ দলের সদস্যরা হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আবরার জাহিন, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আহমেদ সাদ ও মোহাম্মদ সাইফান হায়দার, এস এফ এক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী কাজী সুনেরাহ ইসলাম ও মারজানা মানহা এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নাশওয়ান হক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।

.সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও ২০২৬) মাধ্যমে বাংলাদেশ দলের ছয়জন শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুনির হাসান।

দলের প্রধান দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের সমন্বয়কারী মো. রেজাউল ইসলাম এবং একাডেমিক সমন্বয়কারী ফারজানা আক্তার। ২৯ নভেম্বর বুলগেরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ দল।

.সংবাদ সম্মেলনে মুনির হাসান বলেন, ‘আমরা আইজেএসওতে এই পর্যন্ত সিলভার ও ব্রোঞ্জ পদক মিলিয়ে ৪৫টা পদক অর্জন করেছি। কিন্তু এখনো গোল্ড পদক পাওয়া হয়নি। আশা করি আমাদের দল এবার গোল্ড পদক নিয়ে আসবে।’

দলের প্রধান দলনেতা ফারসীম মান্নান মোহাম্মদী বলেন, ‘এবার দলের সদস্যদের ভিসা পাওয়াটা বেশ চ্যালেঞ্জিং ছিল, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আমাদের অনেক সহযোগিতা করেছে। সে জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী বাংলাদেশ দলের সদস্যদের শুভকামনা জানিয়ে বলেন, ‘তোমরা কিন্তু আইজেএসওতে ব্যক্তি পরিচয়ে যাচ্ছ না। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছ। সে জন্য তোমরা দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখবে এবং ভালো ফল নিয়ে আসবে—এটাই আমাদের প্রত্যাশা।’

.উল্লেখ্য, ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৬) যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)। প্লাটিনাম স্পনসর হিসেবে ছিল আনিসুল হক ফাউন্ডেশন। পুরো আয়োজনে সহযোগিতায় ছিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), ম্যাসল্যাব, রকমারি ডটকম, এসিআই অদম্য মেধাবী ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। মিডিয়া ও ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, যমুনা টিভি, বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো। প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্বে অংশ নিতে সহযোগিতা করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ও কমিউনিটি ব্যাংক।

সূত্র: প্রথম আলো