শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

এক মেয়ে জাপানে মায়ের কাছে, অন্যজন বাংলাদেশে বাবার কাছে, আপিল নিষ্পত্তির অপেক্ষায়

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ এএম
৪৩২ Shares
দুই জাপানি শিশুর হেফাজত নিয়ে মা-বাবার পাঁচ বছরের আইনি লড়াই। এক মেয়ে জাপানে মায়ের সঙ্গে, অন্যজন বাংলাদেশে বাবার কাছে।

জাপান থেকে পাঁচ বছরের বেশি সময় আগে বাবার সঙ্গে বাংলাদেশে এসেছিল দুই শিশু। দুই শিশুকে পেতে আইনি লড়াইয়ে নামে তাদের মা ও বাবা। আইনি লড়াইয়ে ইতিমধ্যে পেরিয়েছে নানা ধাপ। দুই বোনের মধ্যে বর্তমানে বড়টি মায়ের সঙ্গে জাপানে আর মেজটি বাবার সঙ্গে বাংলাদেশে আছে। দুই মেয়ের হেফাজত নিয়ে শিশুদের মা ও বাবার পৃথক আপিল এখন সর্বোচ্চ আদালতে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়।

বাবার সঙ্গে দুই শিশুর দেশে আসা, সন্তানদের ফিরে পেতে জাপান থেকে দেশে এসে শিশুদের মায়ের মামলা, শিশুদের আদালতে উপস্থিত করা—এসব নিয়ে তখন আলোচনা তৈরি হয়। নথিপত্র থেকে জানা যায়, দুই শিশুর মা জাপানি নাগরিক এরিকো নাকানো। শিশুদের বাবা ইমরান শরীফ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাগরিক। কর্মসূত্রে জাপান থাকার সময় পরিচয়ের এক পর্যায়ে ইমরান শরীফ ও এরিকো নাকানো ২০০৮ সালের ১২ জুলাই জাপানের টোকিওর একটি মসজিদে বিয়ে করেন। এই দম্পতি তিন মেয়ের মা-বাবা। অ্যাপার্টমেন্ট কেনা, ধর্ম ও সংস্কৃতি নিয়ে বিরোধের জেরে একপর্যায়ে ২০২১ সালের জানুয়ারিতে ইমরানের কাছ থেকে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এরিকো। এ সময় তাঁদের দুই সন্তানকে নিজের কাছে এনে রাখেন ইমরান। পরে দুই মেয়েকে নিয়ে দুবাই হয়ে ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন ইমরান। এরপর দুই শিশুসন্তানের হেফাজত চেয়ে বাংলাদেশের পারিবারিক আদালতে মামলা করেন তিনি।

.জাপানি দুই শিশু: যে যাঁর সঙ্গে আছে, সে তাঁর সঙ্গেই থাকবে.শিশুসন্তানকে পেতে রিট

এর আগে জাপানের আদালতে ২০২১ সালের ২৮ জানুয়ারি মামলা করেন শিশুদের মা এরিকো নাকানো। টোকিওর পারিবারিক আদালত ওই বছরের ৩১ মে এরিকোর অনুকূলে বড় দুই মেয়ের জিম্মা হস্তান্তরে আদেশ দেন। ছোট মেয়েকে নানির (এরিকোর মা) কাছে রেখে ২০২১ সালের ১৮ জুলাই শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসেন এরিকো। ওই দুই শিশুকে ফিরে পেতে ঢাকায় এসে ২০২১ সালের ১৯ আগস্ট হাইকোর্টে রিট করেন তিনি। জাপানে থাকা তৃতীয় সন্তানকে পেতে আরেকটি রিট করেন ইমরান। শিশুদের মায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২২ আগস্ট দুই শিশুকে বারিধারার বাসা থেকে উদ্ধার করে হাইকোর্টে উপস্থিত করা হয়। কয়েক দফা শিশুদের বক্তব্যও শোনেন আদালত।

এরিকো ও ইমরানের পৃথক রিটের শুনানি নিয়ে ২০২১ সালের ২১ নভেম্বর হাইকোর্ট অভিমতসহ কয়েক দফা সিদ্ধান্ত দেন। এতে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দুই শিশু তাদের বাবার হেফাজতে থাকবে। বাবা শিশুদের বাংলাদেশের বাইরে নিয়ে যেতে পারবেন না। শিশুদের মা সব সময় শিশুদের সঙ্গে সাক্ষাতের অধিকার ভোগ করবেন। প্রতি চার মাস পরপর বাংলাদেশে ১০ (দশ) দিন অবস্থানের জন্য তাঁর যাতায়াতের খরচ ও অন্যান্য ব্যয় শিশুদের বাবাকে বহন করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

.জাপানি দুই শিশু: ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনায় মেজ মেয়েটি বাবার কাছে থাকবে.আপিল বিভাগে মায়ের আবেদন

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে প্রথমে আবেদন ও পরে নিয়মিত লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করেন শিশুদের মা। লিভ টু আপিল নিষ্পত্তি করে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি আদেশ দেন আপিল বিভাগ। এতে বলা হয়, ঢাকার পারিবারিক আদালতে থাকা মামলাটি (২০২১ সালে শিশুদের বাবার করা) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাপান থেকে আসা দুই শিশু তাদের মায়ের হেফাজতে থাকবে। শিশুদের বাবা তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট পারিবারিক আদালতকে তিন মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হলো। মামলার পারিপার্শ্বিকতা ও শিশুদের স্বার্থ বিবেচনায় শিশুদের এই আদালতের এখতিয়ারের বাইরে (দেশের বাইরে) নেওয়া যাবে না।

পারিবারিক আদালত ও জজ আদালতের রায়

দুই শিশুর অভিভাবকত্ব ও হেফাজত চেয়ে বাবা ইমরান শরীফের করা মামলা খারিজ করে ২০২৩ সালের ২৯ জানুয়ারি রায় দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালত। রায়ে আদালত বলেন, পিতা হিসেবে ইমরান শরীফ নাবালিকা দুই সন্তানের সঙ্গে দেখাসাক্ষাৎ করার পূর্ণ হকদার। তবে মায়ের (এরিকো নাকানো) কাছেই দুই নাবালিকার হেফাজত তাঁদের শারীরিক, মানসিক ও পারিপার্শ্বিক, তথা সার্বিক মঙ্গলজনক বলে প্রতীয়মান হয়েছে। এই রায়ের বিরুদ্ধে ঢাকার জেলা জজ আদালতে পারিবারিক আপিল করেন শিশুদের বাবা ইমরান শরীফ। এই আপিল নামঞ্জুর করে ও পারিবারিক আদালতের দেওয়া সিদ্ধান্ত বহাল রেখে ২০২৩ সালের ১২ জুলাই রায় দেন ঢাকার সিনিয়র জেলা জজ।

.বাবার আবেদন ও হাইকোর্টের রায়

আপিল না মঞ্জুরের রায়ের বিরুদ্ধে ২০২৩ সালেই হাইকোর্টে আবেদন (সিভিল রিভিশন) করেন ইমরান শরীফ। এর ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি রায় দেন। রায়ে বলা হয়, ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনায় সাবালিকা হওয়া পর্যন্ত মেজ মেয়েটি তাঁদের বাবার হেফাজতে থাকবে। তবে তার বড় বোন তাঁদের মায়ের হেফাজতে থাকবে। উভয় পক্ষের (শিশুদের বাবা ও মা) নিজেদের শিশুদের দেখার অধিকার নিশ্চিত করতে হবে। বড় মেয়েকে পরিদর্শনে (সাক্ষাৎ করার) তাঁর বাবাকে অনুমতি দেওয়া মায়ের দায়িত্ব। তেমনি মেজ মেয়েকে পরিদর্শনে (সাক্ষাৎ করার) তার মাকে অনুমতি দেওয়াও তাদের বাবার দায়িত্ব।

.বাবা ও মায়ের পৃথক আপিল

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০২৪ সালে পৃথক লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করেন শিশুদের বাবা ও মা। শিশুদের মা ও বাবার করা পৃথক লিভ টু আপিল মঞ্জুর করে ২০২৪ সালের ১ আগস্ট আদেশ দেন আপিল বিভাগ। জাপানি দুই শিশুর সঙ্গে তাদের মা-বাবার দেখাসাক্ষাৎ, সময় কাটানো ও ব্যবস্থাপনা পদ্ধতি ঠিক করে দেওয়া হয়। লিভ টু আপিল মঞ্জুরের পর ওই বছরই শিশুদের মা ও বাবা নিয়মিত আপিল করেন। এই আপিল এখন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

জানতে চাইলে শিশুদের বাবা ইমরান শরীফ ২৪ নভেম্বর প্রথম আলোকে বলেন, মেজ মেয়েটি তাঁর সঙ্গে বাংলাদেশে আছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাঁর করা আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। বড় মেয়েটি মায়ের সঙ্গে জাপানে আছে বলে জানান শিশুদের মা এরিকো নাকানোর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি প্রথম আলোকে বলেন, মেজটি বাবার সঙ্গে ঢাকায় আছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এরিকোর আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

সূত্র: প্রথম আলো