শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

জমির নামজারি করতে দিতে হয় বাড়তি টাকা, তদন্তে দুদক

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ১১:১৫ এএম
৪০০ Shares
সেবাগ্রহীতাদের অভিযোগ, সরকারি ফি পরিশোধের পরও বিভিন্ন সেবা পেতে তাঁদের অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। টাকা না দিলে তাঁদের ফাইল আটকে রাখা হচ্ছে। যে কারণে নির্ধারিত ফির বাইরে তাঁরা অতিরিক্ত টাকা দিতে বাধ্য হন।

শরীয়তপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি কার্যালয়ে সেবা নিতে গিয়ে সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা দেওয়ার অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। টাকা না দিলে ফাইল আটকে রাখা, দিনের পর দিন ঘোরানো ও নানা অজুহাতে হয়রানি করার অভিযোগও রয়েছে। গত দুই মাসে জেলার ১০টি ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার তথ্য পেয়েছে প্রথম আলো।

জেলার ৬টি উপজেলার ৬৫টি ইউনিয়নে ৪৬টি ইউনিয়ন ভূমি কার্যালয় রয়েছে। এসব কার্যালয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উপসহকারী ভূমি কর্মকর্তা ও অফিস সহায়কেরা কাজ করেন। নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ভূমি-সংক্রান্ত বিভিন্ন মামলার তদন্ত, খাসজমি বন্দোবস্তসহ নানা কাজে এসব কার্যালয়ে যেতে হয় সাধারণ নাগরিকদের।

সেবাগ্রহীতাদের অভিযোগ, সরকারি ফি পরিশোধের পরও বিভিন্ন সেবা পেতে তাঁদের অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। টাকা না দিলে তাঁদের ফাইল আটকে রাখা হচ্ছে। যে কারণে নির্ধারিত ফির বাইরে তাঁরা অতিরিক্ত টাকা দিতে বাধ্য হন।

সরকারি ফি ১ হাজার ১৭০ টাকা, দিতে হয় ১০ হাজার ৫০০ টাকা

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা আওলাদ হোসেন গত ২৮ সেপ্টেম্বর ২৮ শতক জমির নামজারির জন্য অনলাইনে আবেদন করেন। এ জন্য তিনি সরকারি ফি হিসেবে ১ হাজার ১৭০ টাকা পরিশোধ করেন। আওলাদের আবেদন তদন্তের দায়িত্বে ছিলেন কনেশ্বর ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী ভূমি কর্মকর্তা শরীয়তুল্লাহ।

আওলাদের অভিযোগ, তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য তাঁর কাছে অতিরিক্ত টাকা দাবি করা হয়। পরে ১০ হাজার ৫০০ টাকার বিনিময়ে নামজারি করে দেওয়ার কথা হয়।

নামজারি হওয়ার পর পর্চা দেওয়ার জন্য আবার টাকা দাবি করা হলে বিষয়টি উপজেলা ভূমি কার্যালয় ও গণমাধ্যমকর্মীদের জানান আওলাদ। এরপর ১ নভেম্বর অতিরিক্ত নেওয়া টাকা তাঁকে ফেরত দেওয়া হয়। টাকা ফেরত দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে উপসহকারী ভূমি কর্মকর্তা শরীয়তুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে ব্ল্যাকমেল ও জিম্মি করে টাকা নেওয়া হয়েছে। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে।’

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখেছেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালাহউদ্দিন আইয়ূবী। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। দুই পক্ষের বক্তব্য শোনা হয়েছে। তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। এরপর জেলা প্রশাসক ব্যবস্থা নেবেন।

কার্যালয়ে বসেই টাকা লেনদেনের ভিডিও

শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়ন ভূমি কার্যালয়ে বসে একজনের কাছ থেকে টাকা নেওয়ার একটি ভিডিও পেয়েছে প্রথম আলো। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি টাকা গুনে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাঁন মোহাম্মদের হাতে দিচ্ছেন।

ভিডিওতে থাকা ব্যক্তি ভাস্করদি গ্রামের জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘আমার এক আত্মীয়র দুটি জমি জমির নামজারির জন্য সেখানে যাই। ভূমি কর্মকর্তা চাঁন মোহাম্মদ ২০ হাজার টাকা দাবি করেন। অনেক অনুরোধ করার পর ১৪ হাজার টাকায় রাজি হন। প্রথমে ১০ হাজার টাকা দিয়েছি। নামজারি হওয়ার পর বাকি ৪ হাজার টাকা দিয়েছি।’

তবে চাঁন মোহাম্মদ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, নামজারির জন্য কোনো টাকা নেওয়া হয়নি। অফিসে বসে টাকা লেনদেনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই ব্যক্তি (জাহাঙ্গীর) আমার কাছ থেকে ধার নেওয়া টাকা ফেরত দিয়ে গেছেন।’

গত ১১ অক্টোবর দুপুরে জাজিরার বড়কান্দি ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে দর-কষাকষির একটি ঘটনা দেখতে পায় প্রথম আলো।

কার্যালয়ের একটি কক্ষে ভূমি সহকারী কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও অফিস সহায়ক বাবুল ঢালীর সঙ্গে কথা বলতে দেখা যায় দালাল হিসেবে পরিচিত আবদুল মালেককে। একপর্যায়ে আবদুল মালেক অফিস সহায়ক বাবুল ঢালীর হাতে কিছু টাকা দেন। ঠিক সেই মুহূর্তে এই প্রতিবেদকের উপস্থিতি টের পেয়ে বাবুল টাকা দ্রুত পকেটে রেখে দেন।

আবদুল মালেক বলেন, পরিচিত এক ব্যক্তির জমির নামজারি করাতে তিনি সেখানে গিয়েছিলেন। ২০ হাজার টাকায় চুক্তি হয়েছিল। তিনি ১৭ হাজার টাকা দিতে চেয়েছিলেন। এ নিয়ে দর-কষাকষির জন্য তিনি ওই কক্ষে গিয়েছিলেন।

অভিযোগের বিষয়ে ভূমি সহকারী কর্মকর্তা সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘একজন সেবাপ্রার্থী আমাকে ডেকে কার্যালয়ের একটি নির্জন কক্ষে নিয়ে যান। সেখানে কিসের টাকা, কেন লেনদেন হয়েছে, তা আমি জানি না।’

১০টি ভূমি কার্যালয়ে একই অভিযোগ

গত দুই মাসে জাজিরার বড়কান্দি, জাজিরা পৌরসভা, জয়নগর ও মুলনা; নড়িয়ার ভোজেশ্বর, চামটা ও নশাসন; শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ও পালং এবং ডামুড্যার কনেশ্বর ইউনিয়ন ভূমি কার্যালয়ে যান প্রথম আলোর এই প্রতিবেদক। এসব কার্যালয়ে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যায়। নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ভূমিসংক্রান্ত মামলার তদন্ত ও খাসজমি বন্দোবস্তের ক্ষেত্রে সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা দিতে হয় বলে অভিযোগ তাঁদের।

ভুক্তভোগীরা জানান, জমির পর্চা জেলা প্রশাসকের রেকর্ড রুম থেকে সংগ্রহ করার নিয়ম থাকলেও টাকা দিলে ইউনিয়ন ভূমি কার্যালয় থেকেই পর্চা দেওয়ার ব্যবস্থা করা হয়। এতে নির্ধারিত নিয়মের বাইরে অতিরিক্ত টাকা দিয়ে দ্রুত সেবা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

সেবাগ্রহীতাদের হয়রানি ও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ওঠার পর ১৯ নভেম্বর ১৫টি ইউনিয়ন ভূমি কার্যালয়ের ১১ জন উপসহকারী ভূমি কর্মকর্তা ও ৪ জন সহকারী ভূমি কর্মকর্তাকে বদলি করেছে জেলা প্রশাসন।

এর আগে ১৬ নভেম্বর ডামুড্যার কনেশ্বর এবং ২৫ নভেম্বর জাজিরার মুলনা ইউনিয়ন ভূমি কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।

১৬ নভেম্বর জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, বিভিন্ন গণমাধ্যম ও ভিডিওতে সেবাগ্রহীতাদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি দেখেছেন। সেগুলো খতিয়ে দেখতে অভিযান চালানো হয়েছে। বিভিন্ন নথি সংগ্রহ করেছেন এবং ভুক্তভোগীদের বক্তব্য শুনেছেন।

জনগণকে সচেতন হওয়ার আহ্বান

সেবাগ্রহীতাদের অভিযোগ, ভূমি কার্যালয়ে গিয়ে তাঁরা অনেক সময় কাজ আটকে যাওয়ার আশঙ্কায় বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দেন। সরকারি ফি নির্ধারিত থাকলেও বাস্তবে সেবা পেতে তাঁদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে।

তবে ভূমি কার্যালয়ে সেবা নিতে আসা নাগরিকদের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম স্থানীয় সাংবাদিকদের বলেন, কোনো সেবাগ্রহীতা তাঁদের কাছে অভিযোগ করেননি। তবে কিছু ভিডিওতে তাঁরা দেখেছেন, প্রত্যন্ত এলাকায় লোকজনও টাকা দিচ্ছেন। তাঁদেরও সচেতন হতে হবে। তাঁরা কেন টাকা দিচ্ছেন? যেসব ঘটনা বা ভিডিওর তথ্য পাওয়া গেছে। সেগুলোর বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, কোনো ঘটনার তদন্ত করতে গেলে সংশ্লিষ্ট সেবাগ্রহীতাই বলেন, ‘এমন কিছু ঘটেনি; আমাদের মধ্যে ভুল–বোঝাবুঝি হয়েছে। তখন আমরাই–বা কী করতে পারি?’

সূত্র: প্রথম আলো