নির্ভুল হাদিস সংরক্ষণে হাজার বছরের পদ্ধতি: ‘সনদ’ ও ‘ইজাজত’
ইসলামি জ্ঞানচর্চার ইতিহাসে জ্ঞান অর্জনের পাশাপাশি তার বিশুদ্ধতা, প্রামাণিকতা ও সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো জ্ঞান বা বক্তব্যের উৎস কী, তা কার কাছ থেকে বর্ণিত হয়েছে এবং বর্ণনাকারীদের মাধ্যমে তা কতটা নির্ভরযোগ্যভাবে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছেছে—এসব বিষয় যাচাইয়ের একটি সুসংবদ্ধ পদ্ধতি গড়ে তুলেছেন মুসলিম মনীষীরা।
এ পদ্ধতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো সনদ ও ইজাজতব্যবস্থা।
সনদব্যবস্থা ইসলামি জ্ঞানচর্চাকে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছে। বিশেষত হাদিসশাস্ত্রে এর গুরুত্ব অপরিসীম। অন্যদিকে ইজাজতব্যবস্থা জ্ঞান অর্জন, পাঠদান ও বর্ণনার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ককে একটি ধারাবাহিক ও জবাবদিহিমূলক কাঠামো দিয়েছে।
কয়েক শতাব্দী ধরে মুসলিম বিশ্বের মসজিদ, মাদ্রাসা ও জ্ঞানকেন্দ্রগুলোতে এ দুটি ব্যবস্থার চর্চা ইসলামি শিক্ষার ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আরবি ভাষায় ‘সনদ’ শব্দের অর্থ নির্ভর করা বা অবলম্বন করা। হাদিসশাস্ত্রের পরিভাষায় কোনো হাদিসের মূল বক্তব্য (মতন) পর্যন্ত পৌঁছানোর জন্য যেসব বর্ণনাকারী ধারাবাহিকভাবে যুক্ত থাকেন, তাঁদের পরম্পরাকে সনদ বলা হয়।
অন্যদিকে ‘ইসনাদ’ বলতে কোনো বর্ণনাকে তার বর্ণনাসূত্রের সঙ্গে সম্পৃক্ত করার প্রক্রিয়াকে বোঝানো হয়। একটি হাদিস মূলত দুটি অংশে গঠিত—‘সনদ’ ও ‘মতন’। সনদে বর্ণনাকারীদের পরিচয় এবং মতনে বর্ণিত বক্তব্য সংরক্ষিত থাকে। (ইবনুস সালাহ, মুকাদ্দিমাতু ইবনিস সালাহ, সম্পাদনা: নুরুদ্দিন ইতর, দারুল ফিকর, দামেস্ক, ১৯৮৬)
ইসলামের প্রাথমিক যুগে সাহাবিরা রাসুলের বাণী, কর্ম ও অনুমোদন সরাসরি প্রত্যক্ষ করে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতেন। তাবেয়ি ও তাঁদের পরবর্তী হাদিসের অধ্যাপকেরা (মুহাদ্দিস) সাহাবিদের কাছ থেকে হাদিস গ্রহণ করতেন। এভাবেই হাদিস বর্ণনার একটি ধারাবাহিক পরম্পরা গড়ে ওঠে।
‘ইলমুর রিজাল’ শাস্ত্রের মাধ্যমে হাদিসের বর্ণনাকারীদের জীবন, পরিচয়, শিক্ষাগুরু (শায়খ), শিক্ষার্থী ও বর্ণনাগত যোগ্যতা সম্পর্কে তথ্য সংরক্ষণ করা হয়। আর ‘জারহ-তাদিল’ শাস্ত্রের মাধ্যমে তাঁদের নির্ভরযোগ্যতা ও দুর্বলতা মূল্যায়ন করা হয়; আধুনিক গবেষণায় যাকে ‘প্রাইমারি সোর্স যাচাই’ বা ‘ফ্যাক্ট-চেকিং’ কথা বলা হয়।তবে রাজনৈতিক বিভক্তি, বিভিন্ন মতাদর্শের উত্থান এবং হাদিসের নামে মিথ্যা বর্ণনা প্রচলনের আশঙ্কা দেখা দেওয়ার পর বর্ণনাকারীদের পরিচয় ও গ্রহণযোগ্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়।
এ প্রসঙ্গে তাবেয়ি মুহাম্মদ ইবনে সিরিন বলেন, ‘প্রথম দিকে মানুষ সনদ সম্পর্কে জিজ্ঞাসা করত না। কিন্তু যখন ফিতনা দেখা দিল, তখন তারা বলতে শুরু করল, তোমাদের বর্ণনাকারীদের নাম বলো। এরপর ‘আহলুস সুন্নাহ’র বর্ণনা গ্রহণ করা হতো এবং বিদআতিদের বর্ণনা গ্রহণ করা হতো না।’ (সহিহ মুসলিম, মুকাদ্দিমা, বাবু বায়ানি আন্নাল ইসনাদা মিনাদ দীন, ১/১৪–১৫, দারু ইহইয়াইত তুরাসিল আরাবি, বৈরুত)
হাদিসশাস্ত্রে সনদের বিকাশহাদিসশাস্ত্রে সনদ বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতা যাচাইয়ের প্রধান মাধ্যম। কোনো হাদিস গ্রহণযোগ্য কি না, তা নির্ধারণে সনদের ধারাবাহিকতা, বর্ণনাকারীদের ন্যায়পরায়ণতা (আদালাত), স্মৃতিশক্তি (জবত) ও বর্ণনার নির্ভুলতা বিশেষভাবে বিবেচনা করা হয়।
এ উদ্দেশ্যে মুসলিম মুহাদ্দিসরা ‘ইলমুর রিজাল’ ও ‘জারহ-তাদিল’ নামে দুটি স্বতন্ত্র ও সূক্ষ্ম জ্ঞানশাস্ত্রের বিকাশ ঘটান।
‘ইলমুর রিজাল’ শাস্ত্রের মাধ্যমে হাদিসের বর্ণনাকারীদের জীবন, পরিচয়, শিক্ষাগুরু (শায়খ), শিক্ষার্থী ও বর্ণনাগত যোগ্যতা সম্পর্কে তথ্য সংরক্ষণ করা হয়। আর ‘জারহ-তাদিল’ শাস্ত্রের মাধ্যমে তাঁদের নির্ভরযোগ্যতা ও দুর্বলতা মূল্যায়ন করা হয়; আধুনিক গবেষণায় যাকে ‘প্রাইমারি সোর্স যাচাই’ বা ‘ফ্যাক্ট-চেকিং’ কথা বলা হয়।
এ ক্ষেত্রে ইমাম ইয়াহইয়া ইবনে মাইন, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারি ও ইমাম মুসলিমের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। ইমাম বুখারির আত-তারিখুল কাবির ও হাফিজ আল-মিজ্জির তাহজিবুল কামাল ফি আসমাইর রিজাল এ ধারার অনন্য সংকলন।
এভাবে বর্ণনাকারীদের মান ও সনদের ধারাবাহিকতা বিচার করে সহিহ, হাসান ও জইফসহ হাদিসের বিভিন্ন শ্রেণিবিন্যাস এবং সেগুলোর গ্রহণযোগ্যতার নীতিমালা সুসংবদ্ধ রূপ লাভ করে। (ইবনুস সালাহ, মুকাদ্দিমাতু ইবনিস সালাহ, ১৯৮৬)
এ প্রসঙ্গে ইমাম আবদুল্লাহ ইবনে মোবারকের একটি কালজয়ী উক্তি রয়েছে, ‘ইসনাদ ধর্মেরই অংশ। ইসনাদ না থাকলে যে কেউ যা ইচ্ছা তা-ই বলতে পারত।’ (ইমাম মুসলিম, সহিহ মুসলিম, মুকাদ্দিমা, ১/১৫)
ইজাজতব্যবস্থার উদ্ভব যেভাবে
‘ইজাজত’ আরবি শব্দ, যার অর্থ অনুমতি প্রদান বা অনুমোদন করা। হাদিসশাস্ত্রের পরিভাষায় কোনো শিক্ষকের (শায়খ) পক্ষ থেকে তাঁর শিক্ষার্থীকে নির্দিষ্ট হাদিস, গ্রন্থ কিংবা বর্ণনাসমূহ অন্যের কাছে বর্ণনা করার অনুমতি প্রদানকে ইজাজত বলা হয়।
এটি মূলত জ্ঞান গ্রহণ ও পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার একটি স্বীকৃত পদ্ধতি।
প্রাথমিক যুগে হাদিস গ্রহণের প্রধান পদ্ধতিগুলোর মধ্যে ছিল সরাসরি শ্রবণ (সামা) এবং শিক্ষকের সামনে পাঠ করে শোনানো (কিরাআত)। পরবর্তী সময়ে জ্ঞানচর্চার বিস্তার, শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি এবং বিভিন্ন অঞ্চলে মুহাদ্দিসদের সফরের কারণে ইজাজতসহ অন্যান্য পদ্ধতির ব্যবহার ব্যাপকতা লাভ করে।
ইমাম খতিব বাগদাদি (রহ.) হাদিস গ্রহণ ও বর্ণনার বিভিন্ন পদ্ধতি আলোচনা করেছেন। পরে ইবনুস সালাহ (রহ.) তাঁর মুকাদ্দিমা গ্রন্থে হাদিস গ্রহণ ও বর্ণনার আটটি প্রসিদ্ধ পদ্ধতির বিবরণ দেন—সামা, কিরাআত, ইজাজত, মুনাওয়ালাহ, মুকাতাবাহ, ইলাম, ওসিয়ত ও উইজাদাহ। (বাগদাদি, আল-কিফায়া ফি ইলমির রিওয়ায়া, ১/২১৪ ও ৩৩৬, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত, ১৯৮৮; ইবনুস সালাহ, মুকাদ্দিমাতু ইবনিস সালাহ)
ইসলামি ইতিহাসে কারিমাহ আল-মারওয়াজিয়্যাহ ও ফাতিমা বিনতে সাদ আল-খায়রের মতো অসংখ্য বিদুষী নারী মুহাদ্দিস ছিলেন, যাঁদের কাছ থেকে বড় বড় পুরুষ ও নারী আলেমরা হাদিসের সনদ ও ইজাজত গ্রহণ করেছেন।মুসলিম শিক্ষাব্যবস্থায় প্রভাব
সনদ ও ইজাজতব্যবস্থা শুধু হাদিসশাস্ত্রেই সীমাবদ্ধ থাকেনি; ধীরে ধীরে মুসলিম বিশ্বের বৃহত্তর শিক্ষাব্যবস্থার মূল কাঠামোয় পরিণত হয়। মধ্যযুগে বাগদাদ, দামেস্ক, কায়রো ও নিশাপুরের মতো জ্ঞানকেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে খ্যাতিমান আলেমদের কাছে অধ্যয়ন শেষে ইজাজত লাভ করতেন।
অনেক সময় ইজাজতনামায় শিক্ষকের পাশাপাশি পূর্ববর্তী শিক্ষকদের নামও উল্লেখ থাকত।
বদরুদ্দিন ইবনে জামাআ (রহ.) দেখিয়েছেন যে মুসলিম শিক্ষাব্যবস্থায় জ্ঞান অর্জন শুধু পাঠ্যবিষয় আয়ত্ত করার মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক, শিষ্টাচার ও নৈতিক দায়বদ্ধতাও এর অবিচ্ছেদ্য অংশ ছিল। (ইবনে জামাআ, তাজকিরাতুস সামি ওয়াল মুতাকাল্লিম ফি আদাবিল আলিম ওয়াল মুতাআল্লিম, দারুল বাশায়িরিল ইসলামিয়্যাহ, বৈরুত, ২০১২)
ইজাজতব্যবস্থার একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক দিক হলো, এটি শুধু পুরুষদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ইসলামি ইতিহাসে কারিমাহ আল-মারওয়াজিয়্যাহ ও ফাতিমা বিনতে সাদ আল-খায়রের মতো অসংখ্য বিদুষী নারী মুহাদ্দিস ছিলেন, যাঁদের কাছ থেকে বড় বড় পুরুষ ও নারী আলেমরা হাদিসের সনদ ও ইজাজত গ্রহণ করেছেন। (মোহাম্মদ আকরাম নদভি, আল-মুহাদ্দিসাত: দ্য উইমেন স্কলার্স ইন ইসলাম, ইন্টারফেস পাবলিকেশনস, অক্সফোর্ড, ২০০৭)
তা ছাড়া আধুনিক শিক্ষাব্যবস্থার ইতিহাসেও ইজাজতের গভীর প্রভাব রয়েছে।
ইতিহাসবিদ জর্জ মাকদিসি তাঁর গবেষণায় দেখিয়েছেন যে মধ্যযুগের ইসলামি শিক্ষাব্যবস্থায় পাঠদান ও ফতোয়া প্রদানের অনুমতি (ইজাজাতুত তাদরিস ওয়াল ইফতা) থেকেই পরবর্তীকালে ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ‘লাইসেন্সিয়া দোসেন্দি’ (পাঠদানের সনদ) বা আধুনিক ডক্টরেট ডিগ্রির ধারণা বিকশিত হয়েছে। (জর্জ মাকদিসি, দ্য রাইজ অব কলেজেস: ইনস্টিটিউশনস অব লার্নিং ইন ইসলাম অ্যান্ড দ্য ওয়েস্ট, এডিনবরা ইউনিভার্সিটি প্রেস, ১৯৮১)
জ্ঞান সংরক্ষণে সনদব্যবস্থার স্বাতন্ত্র্য
প্রাচীন গ্রিস, ভারত বা পারস্যেও শিক্ষক-শিক্ষার্থীর মাধ্যমে জ্ঞান স্থানান্তরের ঐতিহ্য ছিল। তবে ইসলামি জ্ঞানচর্চায় সনদব্যবস্থা এক অনন্য উচ্চতা অর্জন করে। হাদিসশাস্ত্রের পাশাপাশি কোরআন পাঠ ও কিরাআতশাস্ত্রেও বিশুদ্ধতা সংরক্ষণে শিক্ষক-শিক্ষার্থীর ধারাবাহিক সনদ অপরিহার্য ভূমিকা পালন করেছে। (ইবনুল জাজারি, আন-নাশর ফিল কিরাআতিল আশর, ১/৫৮, আল-মাতবাআতুত তিজারিয়্যাহ আল-কুবরা, কায়রো)
তবে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়—সনদ বা ইজাজত থাকা মানেই কোনো বক্তব্য স্বয়ংক্রিয়ভাবে বিশুদ্ধ কিংবা কোনো ব্যক্তি সংশ্লিষ্ট শাস্ত্রে সর্বোচ্চ দক্ষতার অধিকারী, এমন নয়।
সনদ বর্ণনার ধারাবাহিকতা নির্দেশ করে এবং ইজাজত নির্দিষ্ট গ্রন্থ বর্ণনার স্বীকৃতি দেয়। এর পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত যোগ্যতা ও বিষয়বস্তুর বিশুদ্ধতা যাচাই করাও জরুরি।
সলামি সনদ ও ইজাজতব্যবস্থার মূল চেতনা—অর্থাৎ যেকোনো তথ্য গ্রহণের আগে তার উৎস, প্রামাণিকতা ও বর্ণনাকারীর নির্ভরযোগ্যতা যাচাই করা—আজ আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক।সমকালে সনদ ও ইজাজত পদ্ধতিআধুনিক যুগে ডিজিটাল মাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের ফলে তথ্য ও জ্ঞান প্রচারের গতি বহুগুণে বেড়েছে। কিন্তু তথ্যের সহজলভ্যতার পাশাপাশি ভুয়া খবর, বানোয়াট হাদিস ও বিকৃত ধর্মীয় ব্যাখ্যা ছড়িয়ে পড়ার ঝুঁকিও ভয়াবহ আকার ধারণ করেছে।
এই বাস্তবতায় ইসলামি সনদ ও ইজাজতব্যবস্থার মূল চেতনা—অর্থাৎ যেকোনো তথ্য গ্রহণের আগে তার উৎস, প্রামাণিকতা ও বর্ণনাকারীর নির্ভরযোগ্যতা যাচাই করা—আজ আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক।
বিশ্বের বিভিন্ন প্রান্তের ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজও মুহাদ্দিস ও আলেমদের কাছ থেকে হাদিসের সনদ ও ইজাজত গ্রহণের চর্চা অব্যাহত রয়েছে। রমজান মাসে সহিহ বুখারি ও অন্যান্য হাদিসগ্রন্থের বিশেষ দরস, সামা ও ইজাজতের আয়োজন সেই হাজার বছরের জীবন্ত ঐতিহ্যেরই ধারাবাহিকতা।
ইফতেখারুল হক হাসনাইন: আলেম ও লেখক
সূত্র: প্রথম আলো
-
নির্ভুল হাদিস সংরক্ষণে হাজার বছরের পদ্ধতি: ‘সনদ’ ও ‘ইজাজত’
-
ফুটবল খেলতে গিয়ে চোট, অস্ত্রোপচারের পর ক্রাচে ভর দিয়ে হাঁটছেন জোহরান মামদানি
-
বিপিও ও আইটিইএস খাতে ১০ শতাংশ নগদ প্রণোদনার প্রস্তাব বাক্কোর
-
শেয়ার করা এআই-চ্যাট ও মেমোরি, আপনার কথোপকথন কতটা নিরাপদ
-
বছরের শেষ ম্যাচটা খেললেন মেসি, কেমন গেল তাঁর ২০২৬
-
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা হামলা
-
ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
-
বুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারত
-
সীমান্তে ১০৬ ঝুঁকিপূর্ণ রুট, মাদক আসছে নদী-সমুদ্রপথেও
-
ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫
-
আবার দুই লাখ টাকা ছাড়াল সোনার ভরি, তিন দিনে বাড়ল ৪৭২৪ টাকা
-
সন্তানের বয়সের পরিবর্তন এবং মানসিক চাপগুলোকে গুরুত্বের সাথে নিন
-
ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!
-
বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন
-
চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫