শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০৪:০০ পিএম
২৮৩ Shares
শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তাঁর দলকেও জনগণের প্রত্যাখ্যান করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা দেশে ফেরার আওয়াজ দিচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না। শুধু শেখ হাসিনা নন, তাঁর দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরও কবর হোক জনগণের মনে। জনগণ যেন তাঁদের প্রত্যাখ্যান করে।

আজ শনিবার ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন জাহেদ উর রহমান। জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাদুঘর কর্তৃপক্ষ এ প্রদর্শনীর আয়োজন করেছে।

জাহেদ উর রহমান বলেন, ডিসেম্বর আসছে। পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে ফেরার আওয়াজ তুলছেন। কিন্তু তাঁর দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। শেখ হাসিনা ও তাঁর দল বাংলাদেশে কী করেছে, কী পরিমাণ বিপর্যয় সৃষ্টি করেছে, তা এ ধরনের প্রদর্শনী ও জাদুঘরের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে হবে।

তিনি বলেন, ‘এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে, এ ধরনের জাদুঘরের মাধ্যমে আমরা ক্রমাগত এই স্মৃতিকে সজীব, সতেজ রাখতে চাই। বাংলাদেশে এই পার্টি, শেখ হাসিনা তো বটেই, এই পার্টিরও কবর হোক জনগণের মনের দিক থেকে। গায়ের জোরে কিছু না, জনগণ যেন রিজেক্ট করে।’

শহীদদের স্মৃতি ও তাঁদের ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণে জুলাই জাদুঘর আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, সব স্মারক একসঙ্গে জাদুঘরে প্রদর্শনের মতো জায়গা নেই। এ জন্য শহীদদের স্মারক পর্যায়ক্রমে প্রদর্শনের পরিকল্পনা করা হচ্ছে। জাদুঘরে সর্বোচ্চ দুটি কক্ষ এ কাজে ব্যবহারের চেষ্টা চলছে। ১৫ দিন বা এক মাস পরপর স্মারক পরিবর্তন করে প্রদর্শন করা হবে। এতে পর্যায়ক্রমে সব শহীদের স্মারক দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

৫৯০ শহীদের স্মৃতিস্মারক প্রদর্শন

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্যোগে আজ ও আগামীকাল রোববার দুই দিনব্যাপী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ৫৯০ জনেরও বেশি মানুষের ব্যবহৃত সামগ্রী ও স্মৃতিস্মারক সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হচ্ছে।

প্রদর্শনীতে এসে শহীদদের স্বজনদের কেউ হারানো স্বজনের স্মৃতিচিহ্ন দেখে আবেগাপ্লুত হয়েছেন। আবার কেউ স্মৃতিচিহ্ন খুঁজে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এমনই একজন শহীদ ইব্রাহিম খলিলুল্লাহর মা সখিনা বিবি। যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকা থেকে এসেছেন তিনি। তাঁর ছেলে ১৯ জুলাই শহীদ হন।

ছেলের স্মৃতিচিহ্ন দেখতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন সখিনা বিবি। তিনি জানান, ছেলের ব্যবহৃত টুপি, বই, খেলার সামগ্রী, মাছ ধরার বড়শি ও বিছানার চাদরসহ বিভিন্ন জিনিসপত্র জাদুঘরে জমা দিয়েছিলেন। কিন্তু প্রদর্শনীতে এসে ছেলের ব্যবহৃত একটি ডায়েরি ছাড়া তেমন কিছুই খুঁজে পাননি।

সখিনা বিবি বলেন, ‘সবার স্মারক আছে। কিন্তু আমার ছেলের স্মারক তো আসল, খালি আমার ছেলেটার ছবিটা আর ডায়েরি ছাড়া তেমন কিছুই পাইলাম।’

স্মারক প্রদর্শনে জায়গার সংকট ও পর্যায়ক্রমে স্মারক দেখানোর পরিকল্পনার কথা জানিয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শহীদদের পরিবারের কষ্ট ও আবেগ তাঁরা বোঝেন। প্রত্যেক পরিবারই স্বজন হারানোর অসীম বেদনা নিয়ে বেঁচে আছে। রাষ্ট্র সব শহীদকে সমানভাবে মূল্যায়ন করতে চায়। তবে জাদুঘরে জায়গার সীমাবদ্ধতার কারণে সব স্মারক একসঙ্গে প্রদর্শন করা সম্ভব নয়।

মন্ত্রী বলেন, শহীদদের ব্যবহৃত জিনিসপত্র আরও সংগ্রহের চেষ্টা চলছে। এ জন্য জাদুঘরে সর্বোচ্চ দুটি কক্ষ বরাদ্দের পরিকল্পনা করা হচ্ছে।

প্রদর্শনী সম্পর্কে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ ও তাঁদের স্মৃতি সংরক্ষণ এবং মানুষের সামনে তুলে ধরতেই এ বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শহীদদের স্মারক সংগ্রহের জন্য জাদুঘর কর্তৃপক্ষ উন্মুক্ত আহ্বান জানিয়েছে। এখন পর্যন্ত ৫৯০ জন শহীদের স্মারক সংগ্রহ করা হয়েছে।

এহসান মাহমুদ বলেন, জাদুঘরের গ্যালারিতে ইতিমধ্যে ২০৫ জন শহীদের স্মারক প্রদর্শন করা হচ্ছে। এ ছাড়া শহীদদের ব্যবহৃত প্রায় ১ হাজার ৮০০টি স্মারক জাদুঘরে সংরক্ষিত আছে। জায়গার সীমাবদ্ধতার কারণে সব স্মারক একসঙ্গে প্রদর্শন করা যাচ্ছে না। এ জন্য দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পর্যায়ক্রমে শহীদদের সব স্মারক প্রদর্শনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সূত্র: প্রথম আলো