শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

বিশ্ববাজারের সঙ্গে দেশেও তেলের দাম কমানোর দাবি-এড: আতিকুর রহমান

তৌহিদ হোসেন সরকার
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৮ পিএম
৯৪২ Shares

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজি. নং বি-২২২৩)। 


গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমেছে, দেশেও অবিলম্বে কমাতে হবে।


তিনি আরও বলেন, ইতোমধ্যে সরকার তিন ধাপে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। কোনো গণশুনানি ছাড়া রাতের অন্ধকারে কার স্বার্থে, কী কারণে এবং কাকে খুশি করতে অযৌক্তিকভাবে তেলের দাম বাড়ানো হয়েছে—জনগণের কাছে একদিন এর জবাবদিহি করতে হবে। প্রধান অতিথি  বলেন,সরকার নিজেদের ‘সাত মাসের শিশু সরকার’ বলে জনগণের কাছে বারবার সময় চাইতে পারে না। জনগণ সাত মাসের শিশুর হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়নি। রাষ্ট্র পরিচালনায় দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিতে না পারলে জনগণ এর জবাব চাইবে।


অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, গত সাত মাসে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় যে অদক্ষতার পরিচয় দিয়েছে, তাতে জনগণ হতাশ। সরকার দুই হাজার টাকার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে জনগণের পকেট থেকে আরও বেশি অর্থ নেওয়ার ব্যবস্থা করেছে বলেও তিনি অভিযোগ করেন।



তিনি আরো বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হলে জনগণ সরকারের কাছে জবাব চাইবে—এটাই স্বাভাবিক। কৃষিপ্রধান দেশের কৃষকদের ওপরও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বড় ধরনের প্রভাব পড়বে। এ পর্যন্ত ডিজেলের দাম ৩৫ টাকা বাড়ানো হয়েছে। উৎপাদন ব্যয় বেড়ে গেলে কৃষিকাজে আগ্রহ হারাতে পারেন।


সারের সংকট প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রী বলছেন সারের কোনো অভাব নেই; অথচ কৃষকরা বলছেন ডিলারের কাছে সার নাই,তাহলে কৃষকের হাতে সার পৌঁছে দিতে সরকার ব্যর্থ হয়েছে। জনগণ সরকারকে সেবা করার ম্যান্ডেট দিয়েছে; কিন্তু সাত মাসে জনগণের জন্য সরকার কী করেছে, সেই প্রশ্নের জবাব দিতে হবে।


সরকারের উদ্দেশে তিনি বলেন, কোনো বাহানা না করে অবিলম্বে জ্বালানি তেলের দাম কমাতে হবে। বিশ্ববাজারে তেলের দাম কমার পরও দেশের বাজারে দাম বাড়ানো যুক্তিসংগত নয়। সংসদে বসে মিষ্টি মিষ্টি কথা বললে হবে না; রাষ্ট্র পরিচালনায় দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিতে হবে।


তিনি বলেন, ২৪-এর পরবর্তী নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী আচরণ চলবে না। শ্রমিকরা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিল, প্রয়োজনে জনগণের স্বার্থে আবারও রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। আমরা  আপসকারি নই জনগণের স্বার্থেই আন্দোলন চালিয়ে যাব।


বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয়  সভাপতি কবির আহমদের সভাপতিত্বে এবং কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী সঞ্চালনা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আরও  বক্তব্য রাখেন  ফেডারেশনের সহ-সভাপতি এইচ এম আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আল মাহমুদ, কোষাধ্যক্ষ নরুল হক, অফিস সম্পাদক সুলতান মাহমুদ এবং প্রচার সম্পাদক নয়ন ইসলাম সরকার।


এ ছাড়া নরসিংদী জেলা সভাপতি জামাল উদ্দিন, নারায়নগন্জ মহানগরীর  সভাপতি  মিজানুর রহমান,গাবতলী বাস টার্মিনাল সভাপতি নজরুল ইসলাম চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।