ম্যানিফেস্টেশন কী, জেন–জি কেন ইচ্ছা দিয়েই স্বপ্নপূরণ করতে চায়
স্ক্রল করতে করতে হঠাৎ সামনে একটা ভিডিও চলে এল। ভিডিওতে এক ইনফ্লুয়েন্সার হাসিমুখে বলছেন, ‘আমি রোজ সকালে খাতায় লিখতাম, “আমি ভালো ফল করেছি। তিন মাসের চেষ্টায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে গেছি!” বিশ্বাস করো, মহাবিশ্ব তোমার কথা শোনে।’ আবার স্ক্রল করতেই এল আরেকটি ভিডিও। সেখানে একজন বলছেন, ‘৩-৬-৯ পদ্ধতিতে নিজের ইচ্ছার কথা লিখে পূরণ করে ফেলো সব স্বপ্ন।’
এমন শত শত ভিডিও আমাদের সামনে আসে। কোথাও বলা হচ্ছে ভিশন বোর্ড বানাতে, কোথাও ইতিবাচক চিন্তা করতে। তাহলেই নাকি বদলে যাবে জীবন। এসব এখন আমাদের রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
‘ম্যানিফেস্টেশন’ বিষয়টা আসলে কী?‘ম্যানিফেস্ট’ শব্দের সহজ বাংলা অর্থ হলো, কোনো কিছু প্রকাশ করা, বাস্তবে নিয়ে আসা বা চোখের সামনে হাজির করা। অর্থাৎ ম্যানিফেস্টেশন মানে মনের ভেতরে থাকা কোনো ইচ্ছা বা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে এসে ম্যানিফেস্টেশনের ধারণা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। প্রথমটি সাধারণ ও বাস্তববাদী। এখানে তুমি কিছু একটা চাও। সেটা নিয়ে পরিষ্কারভাবে ভাবো, লক্ষ্য ঠিক করো, নিজের ওপর বিশ্বাস রাখো যে তুমি পারবে। তারপর সে লক্ষ্য অর্জনে কাজে নেমে পড়ো। অর্থাৎ এখানে চাওয়া আর কাজ, দুটোই আছে।
দ্বিতীয় ধারণাটি ‘মহাবিশ্বের শক্তি’কে ঘিরে। এখানে বলা হয়, তুমি যা ভাববে, মহাবিশ্ব তোমাকে তা-ই ফিরিয়ে দেবে। বলা হচ্ছে, তোমার চিন্তার একটা ‘কম্পাঙ্ক’ আছে। ভালো চিন্তা করলে ভালো জিনিস আকর্ষণ করবে, খারাপ চিন্তা করলে খারাপ জিনিস। একে বলা হয় ‘আকর্ষণের সূত্র’। এ ধারণা অনুযায়ী, চুপচাপ বসে শুধু কোনো কিছু ভাবলেও একসময় তা তোমার কাছে চলে আসবে।
ম্যানিফেস্টেশনের অর্থ যা-ই হোক, এর মূল বিশ্বাসটা হলো, কোনো কিছু পাওয়ার জন্য মন থেকে জোরালোভাবে চাইতে হবে এবং সেটি পাওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতে হবে।
সে সময় ফিনিয়াস পার্কহার্স্ট কুইম্বি নামের এক ঘড়ির মিস্ত্রি হাজির হলেন নতুন এক দর্শন নিয়ে! তাঁর ধারণা ছিল, মানুষের অনেক শারীরিক অসুস্থতার কারণ শরীরের কোনো সমস্যা নয়, বরং মনের ভুল বিশ্বাস। তাই চিন্তা ও বিশ্বাস বদলাতে পারলে অসুস্থতাও সেরে যেতে পারে। কুইম্বির বিশ্বাস ছিল, চিন্তা থেকেই অসুস্থতার জন্ম, আবার চিন্তার মাধ্যমেই সম্ভব নিরাময়।
এভাবেই উনিশ শতকের আমেরিকায় গড়ে ওঠে নতুন এক আধ্যাত্মিক ও দার্শনিক আন্দোলন—নিউ থট। এর মূল কথা তিনটি: এক. মানুষের মন খুব শক্তিশালী। দুই. চিন্তা শুধু মাথার ভেতরেই সীমাবদ্ধ থাকে না; তা মানুষের স্বাস্থ্য, চরিত্র ও জীবনের পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে। তিন. ইতিবাচক চিন্তা ভালো ফল আনে আর নেতিবাচক চিন্তা খারাপ ফল।
অনেকেই ফিনিয়াস কুইম্বিকে নিউ থট আন্দোলনের অন্যতম পথিকৃৎ মনে করেন। তবে এ আন্দোলন গড়ে ওঠার পেছনে বিভিন্ন ধারণা ও দর্শনের প্রভাব ছিল। বলে রাখা ভালো, এসব ধারণা বিজ্ঞানের পরীক্ষাগারে প্রমাণিত কোনো তত্ত্ব নয়। এগুলো মূলত কিছু মানুষের দর্শন ও বিশ্বাস।
তবে খুব দ্রুতই এ ধারণা ডালপালা মেলতে শুরু করল। ১৮৬৬ সালে আধ্যাত্মবাদী অ্যান্ড্রু জ্যাকসন ডেভিস প্রথমবারের মতো ‘ল অব অ্যাট্র্যাকশন’ শব্দবন্ধটি ব্যবহার করেন। তখন অবশ্য তিনি এ শব্দ দিয়ে মৃত্যুর পর আত্মারা কীভাবে বিভিন্ন স্তরে বিভক্ত হয়, তা বোঝাতেন। পরে ১৯০৬ সালে উইলিয়াম ওয়াকার অ্যাটকিনসন তাঁর ‘থট ভাইব্রেশন অর দ্য ল অব অ্যাট্র্যাকশন ইন দ্য থট ওয়ার্ল্ড’ বইয়ে ধারণাটির অর্থ বদলে দিলেন।
অ্যাটকিনসনের মতে, চিন্তারও একধরনের কম্পন আছে। আর সেই কম্পন একই ধরনের জিনিসকে নিজের দিকে টেনে আনে। এভাবেই ধারণাটি ধীরে ধীরে ‘মনে মনে ভাবলেই পেয়ে যাবে’ এমন রূপ নিতে শুরু করল।
এর সঙ্গে টাকাপয়সা ও সাফল্যের ধারণা জুড়ে দিলেন বিখ্যাত লেখক নেপোলিয়ন হিল। ১৯৩৭ সালে প্রকাশিত হলো তাঁর বই ‘থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ’। বইটির মূল কথা, তুমি যদি কোনো কিছু খুব তীব্রভাবে চাও এবং মনে মনে বিশ্বাস করো যে তা পাবে, তাহলে সেটি পাওয়ার পথ খুলে যাবে। হিলই আকর্ষণের আধ্যাত্মিক ধারণার সঙ্গে টাকা ও বস্তুগত সাফল্যের বিষয়টি জনপ্রিয় করে তোলেন।
এরপর ২০০৬ সালে এল আরও বড় এক মোড়। অস্ট্রেলীয় টেলিভিশন প্রযোজক রোন্ডা বার্ন প্রথমে ‘দ্য সিক্রেট’ নামে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেন। পরে একই নামে বই প্রকাশ করেন। বইটির মূল বিষয়ই হলো ম্যানিফেস্টেশন ও আকর্ষণের সূত্র। বিশ্বজুড়ে কোটি কোটি কপি বিক্রি হয় বইটি।
ম্যানিফেস্টেশনের যত ধরনইন্টারনেটে ঢুকলে মনে হবে, ম্যানিফেস্টেশনের পদ্ধতির কোনো শেষ নেই। প্রতিটি নতুন ভিডিওতে হাজির হয় নতুন নতুন কৌশল। তবে মজার ব্যাপার হলো, বেশির ভাগ পদ্ধতিই আসলে একই ধারণার এদিক-ওদিক। এর মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো—
১. ভিশন বোর্ড (স্বপ্নের কোলাজ)
একটি বড় বোর্ড বা দেয়ালে নিজের স্বপ্নের সঙ্গে মেলে, এমন সব ছবি সাঁটিয়ে রাখা। যেমন ধরো, তুমি চিকিৎসক হতে চাও। তাহলে বোর্ডে রাখতে পারো স্টেথোস্কোপের ছবি, মেডিক্যাল কলেজের ছবি কিংবা যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তার লোগো। আবার স্বপ্নের ভ্রমণ, নতুন ল্যাপটপ ইত্যাদির ছবিও রাখতে পারো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বোর্ডটির দিকে তাকালে লক্ষ্যটা চোখের সামনে ভাসবে।
২. স্ক্রিপ্টিং (আগাম লিখে ফেলা)
ডায়েরির পাতায় এমনভাবে নিজের স্বপ্নের কথা লেখা, যেন ঘটনাটি ইতিমধ্যে ঘটে গেছে। যেমন তুমি লিখলে, ‘আজ আমার চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আমি বোর্ডে সেরা ফল করেছি। মা আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছেন।’ অর্থাৎ পুরো ঘটনাটি এমনভাবে লিখতে হবে, যেন তুমি সত্যিই সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছ।
এই পদ্ধতিতে সকালে ৩ বার, দুপুরে ৬ বার আর রাতে ৯ বার একই ইচ্ছার কথা লিখতে হয়। অনেকে বলেন, বিজ্ঞানী নিকোলা টেসলা নাকি ৩, ৬ ও ৯ অঙ্ককে বিশেষ গুরুত্ব দিতেন। তবে টেসলা এ পদ্ধতি শিখিয়ে গেছেন, এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। তিনি আদৌ এ ধরনের কোনো পদ্ধতির কথা জানতেন কি না, তা-ও নিশ্চিত নয়। তাই এটিকে ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি গল্প হিসেবেই ধরে নেওয়া ভালো।
৪. অ্যাফারমেশন (নিজের সঙ্গে ইতিবাচক কথা বলা)
আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বারবার বলা, ‘আমি আত্মবিশ্বাসী’, ‘আমি যোগ্য’, ‘আমি পারব’, ‘আমি সফল’। লুইস হের মতো লেখকদের হাত ধরে এ পদ্ধতি বেশ জনপ্রিয় হয়েছে। এর একটি জনপ্রিয় ধরন ৫৫–৫ পদ্ধতি। এতে একই বাক্য টানা ৫ দিন প্রতিদিন ৫৫ বার করে লিখতে বলা হয়।
৫. ভিজ্যুয়ালাইজেশন (চোখ বন্ধ করে কল্পনা করা)
চোখ বন্ধ করে কল্পনা করা, তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেছ। তুমি মঞ্চে দাঁড়িয়ে আছ, তোমার গলায় মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে, সবাই হাততালি দিচ্ছে। সেখানে তুমি কী দেখছ, কী শুনছ, কেমন অনুভব করছ—সবকিছু যতটা সম্ভব নিখুঁতভাবে কল্পনা করার চেষ্টা করো।
৬. ‘ইতিমধ্যে পেয়ে গেছি’ ভাবনা
এক লেখকের দর্শন থেকে আসা এ ধারণাও এখন বেশ জনপ্রিয়। এখানে বলা হয়, কোনো কিছু একদিন পাবে, এমন আশা না করে বরং এমনভাবে ভাবো, যেন জিনিসটি ইতিমধ্যেই তোমার কাছে আছে! ধরো, তোমার বিড়াল পোষার শখ। তাহলে এমনভাবে কল্পনা করো, যেন বিড়ালটি ইতিমধ্যেই তোমার পাশে ঘুরঘুর করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ কৌশলকে অনেকে ‘অ্যাজ ইফ’ বলেও উল্লেখ করেন।
৭. কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড
যা এখনো পাওনি, তার জন্যও মহাবিশ্বকে আগাম ধন্যবাদ জানানো। ডায়েরিতে লিখতে পারো, ‘ধন্যবাদ ইউনিভার্স, আমাকে এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য’। পদ্ধতিটি দেখতে অনেকটা প্রার্থনার মতো।
একটু ভালো করে লক্ষ করলেই বুঝতে পারবে, এসব পদ্ধতির বেশির ভাগের মূল উদ্দেশ্য তোমার মস্তিষ্ককে বারবার মনে করিয়ে দেওয়া যে তোমার লক্ষ্য কী। অনেকটা রিমাইন্ডারের মতো কাজ করে এগুলো। পাশাপাশি নিজের ওপর বিশ্বাস রাখতেও উৎসাহ দেয়। তবে শুধু বিশ্বাস করলেই তো আর সব পাওয়া যায় না। বাস্তবে বিশ্বাস তৈরি হয় কাজের মধ্য দিয়েই।
যেভাবে করা হয়ম্যানিফেস্টেশন করতে চাইলে এর অনুসারীরা সাধারণত কয়েকটি ধাপ মেনে চলার পরামর্শ দেন।
১. লক্ষ্য নির্দিষ্ট করা: ‘ভালো ফল করতে চাই’ বললে চলবে না। বরং বলতে হবে, ‘আমি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেতে চাই’। অর্থাৎ নিজের ইচ্ছা বা লক্ষ্যটা স্পষ্ট করে নিতে হবে।
২. খাতার পাতায় লিখে ফেলা: পরের ধাপে নিজের ইচ্ছার কথা ডায়েরিতে লিখতে হবে। অনেকেই লেখেন বর্তমান কালে, যেন লক্ষ্যটি ইতিমধ্যে পূরণ হয়ে গেছে। যেমন, ‘আমি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। আমি ভীষণ খুশি। আমি কৃতজ্ঞ’।
৩. মনের মধ্যে ছবি আঁকা: প্রতিদিন রাতে ঘুমানোর আগে পাঁচ মিনিট চোখ বন্ধ করে নিজের সফলতার দৃশ্য কল্পনা করতে হবে। যেমন ফল প্রকাশের দিন ফোনে বার্তা আসছে, সবাই অভিনন্দন জানাচ্ছে। পুরো ঘটনাটি কল্পনা করে সেই অনুভূতি পাওয়ার চেষ্টা করতে হবে।
৪. সন্দেহ দূরে রাখা: ম্যানিফেস্টেশনের জগতে সন্দেহকে সবচেয়ে বড় শত্রু মনে করা হয়। তাই যা চাইছ, তা পাওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতে বলা হয়।
৫. অপেক্ষা ও চেষ্টা: ম্যানিফেস্টেশনের অনুসারীরা বলেন, নিজের ইচ্ছার কথা মহাবিশ্বের কাছে সমর্পণ করে বাকি সময় নিজের শতভাগ দিয়ে কাজ করে যেতে হবে।
বিজ্ঞান আসলে কী বলে?আবারও বলি, ‘মনে মনে চাইলেই মহাবিশ্ব তোমার জন্য সবকিছু এনে দেবে’ এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।
তবে ম্যানিফেস্টেশনের কিছু পদ্ধতি মানসিকভাবে কাজে লাগতে পারে। যেমন নিজের লক্ষ্য লিখে রাখা, সেটি নিয়মিত মনে করা, ইতিবাচকভাবে নিজের সঙ্গে কথা বলা কিংবা সফলতার দৃশ্য কল্পনা করা। এসব অভ্যাস লক্ষ্য ঠিক রাখতে ও কাজে মনোযোগ বাড়াতে সাহায্য করতে পারে। এগুলো তোমাকে নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখতে এবং লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যেতে উৎসাহ দিতে পারে।
ধরো, তুমি ডায়েরিতে লিখে রাখলে, এইচএসসি পরীক্ষায় ভালো ফল করতে চাও। প্রতিদিন লেখাটি চোখে পড়লে নিজের লক্ষ্যের কথা মনে পড়বে। হয়তো তখন পড়ার টেবিলে একটু বেশি সময় বসবে, পড়াশোনার পরিকল্পনা করবে কিংবা পরীক্ষার প্রস্তুতিতে আরও মনোযোগী হবে। অর্থাৎ তোমার লক্ষ্যটা মনে রাখার ফলে কাজেও পরিবর্তন আসতে পারে।
কিন্তু শুধু খাতায় লিখে রাখলেই পরীক্ষায় ভালো ফল হবে না। তার জন্য পড়তে হবে, অনুশীলন করতে হবে, ভুল থেকে শিখতে হবে। দিন শেষে এটি মহাবিশ্বের কোনো জাদু নয়; বরং তোমার নিজের চেষ্টা, পরিকল্পনা আর লেগে থাকার ফল।
তাই ম্যানিফেস্টেশন করতে চাইলে করতেই পারো। তবে মনে রেখো, স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন পূরণের জন্য কাজও করতে হবে। কারণ, মহাবিশ্ব তোমার হয়ে পরীক্ষার খাতায় লিখে দেবে না!
সূত্র: প্রথম আলো
-
ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা, এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা
-
দুধে ধোয়া রাজনীতি!
-
ম্যানিফেস্টেশন কী, জেন–জি কেন ইচ্ছা দিয়েই স্বপ্নপূরণ করতে চায়
-
অনুবাদে মানুষের প্রয়োজনীয়তা কি ফুরিয়ে যাবে
-
ইরানের অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স, এবার স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরে নজর
-
ড্রোন হামলায় ইরাকের গ্যাসক্ষেত্রে আগুন, গ্যাস উৎপাদন বন্ধ, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত
-
Untitled Nov 08, 2026 10:37 pm
-
'পৃথিবীর ধ্বংস ১৩ই নভেম্বর'- ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে আবারও বিতর্ক কেন?
-
ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ কীভাবে হয়, প্রতিকার কী আছে?
-
‘ইত্যাদি’র শুটিংয়ে মুঠোফোন খুইয়েছেন অনেকে, সন্দেহভাজন হিসেবে একজন আটক
-
‘বরিশল’ নামে নতুন উপজেলায় আপত্তি, ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ–অবরোধ
-
ভুল পরিচয়ে গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা নিরপরাধ আলমাস অবশেষে মুক্তি পাচ্ছেন
-
ঢাকা কর অঞ্চল-১৭ এর অধীন চাকরি, পদ ৫৫
-
এনএপিডির মহাপরিচালক নিয়ম মানেন না, বেশি ক্লাস নেন নিজে, ভাতার ভাগও দেন না
-
২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: প্রতিমন্ত্রী