ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা, এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা
ছোটবেলায় একই উঠানে ফুটবল খেলেছেন। কখনো দেয়ালে বল মেরে অনুশীলন, কখনো বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের লড়াই। একজনের গোল হলে অন্যজনের মুখে হাসি। আবার কখনো ভাইয়ের কাছে হেরে অভিমান। ফুটবল–দুনিয়ায় এমন ভাইয়ের গল্প নতুন নয়। চার্লটন ব্রাদার্স থেকে নেভিল ব্রাদার্স, কত ভাই যে একসঙ্গে ফুটবলকে সমৃদ্ধ করেছেন!
তবে সময় বদলেছে। বদলেছে ভাইয়ে–ভাইয়ে ফুটবল লড়াইয়ের হিসাবও। আগে হিসাব হতো কে কত ট্রফি জিতলেন, জাতীয় দলের হয়ে কার ম্যাচ বেশি। এখন সেই হিসাবের সঙ্গে যোগ হয়েছে বাজারদর। আর সেই বাজারদর শুনলে অনেকেরই চোখ কপালে উঠতে পারে।
ফুটবলে এখন সবচেয়ে দামি ভাইয়ের জুটি কিলিয়ান ও এথান এমবাপ্পের। দুজনের সম্মিলিত বাজারমূল্য ২১ কোটি ২০ লাখ ইউরো! অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৯৪৯ কোটি টাকা!
ট্রান্সফার মার্কেট বিশ্বের পেশাদার ফুটবলে খেলা ভাইদের জুটির বাজারমূল্য হিসাব করে সেরা পাঁচ জুটির একটা তালিকা তৈরি করেছে। মজার ব্যাপার, তালিকায় এমন কয়েকজনও আছেন, যাঁদের ভাই যে ফুটবল খেলেন, সেটাই হয়তো অনেকের জানা নেই।
তালিকার এক নম্বরে কিলিয়ান ও এথান এমবাপ্পে, এটা তো আগেই বলা হয়েছে। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ানের বাজারমূল্য ২০ কোটি ইউরো। বাজারমূল্য বিচারে গ্রহের তৃতীয় সর্বোচ্চ দামি ফুটবলার তিনি। এ মৌসুমে রিয়ালের হয়ে দুর্দান্ত ছন্দেও আছেন। অন্যদিকে ছোট ভাই এথান লিগ আঁ-তে লিলের হয়ে খেলছেন। ১৯ বছর বয়সী এই উইঙ্গারের বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ইউরো। চলতি মৌসুমে লিগে ৮ ম্যাচে করেছেন ২টি গোল।
দুই নম্বরে জুড ও জোব বেলিংহাম। তাঁদের সম্মিলিত বাজারমূল্য ২০ কোটি ইউরো। ২০২৩ সালে ১০ কোটি ৩০ লাখ ইউরোতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর জুড বেলিংহাম ফুটবল–বিশ্বে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন। রিয়াল ও ইংল্যান্ড, দুই দলেরই গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। সর্বশেষ বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন। তাঁর বাজারমূল্য ১৬ কোটি ইউরো। ছোট ভাই জোবের বাজারমূল্য ৪ কোটি ইউরো। ২০২৫ সালে সান্ডারল্যান্ড থেকে ডর্টমুন্ডে যোগ দিয়ে তিনিও এগোচ্ছেন ভালোভাবেই।
তিন নম্বরে ফ্রান্সের দুই ভাই দেজিরে দুয়ে ও গুয়েলা দুয়ে। তাঁদের সম্মিলিত বাজারমূল্য ১৫ কোটি ইউরো। পিএসজির হয়ে দেজিরে এখন ১২ কোটি ইউরোর ফুটবলার। চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় শিরোপার লক্ষ্যে ছুটছে তাঁর দল। বড় ভাই গুয়েলা খেলেন বায়ার লেভারকুসেনে। ২৪ বছর বয়সী এই রাইটব্যাকের বাজারমূল্য ৩ কোটি ইউরো।
চার নম্বরে জর্জিয়ার দুই ভাই খিচা কাভারাস্কেইয়া ও তর্নিকে কাভারাস্কেইয়া। সম্মিলিত বাজারমূল্য ১৪ কোটি ১৫ লাখ ইউরো। পিএসজিতে ২০২৪ সালে যোগ দেওয়ার পর খিচা বিশ্ব ফুটবলের অন্যতম ভয়ংকর উইঙ্গার হয়ে উঠেছেন। তাঁর বাজারমূল্য ১৪ কোটি ইউরো। সম্প্রতি এসিএল চোটে পড়েছেন।
তবে কাভারাস্কেইয়া পরিবারে ফুটবলের গল্প এখানেই শেষ নয়। ১৬ বছর বয়সী ছোট ভাই তর্নিকেও নিজের পরিচয় তৈরি করতে শুরু করেছেন। দিনামো তিবিলিসিতে খেলা এই কিশোরের বাজারমূল্য ১৫ লাখ ইউরো। ইউরোপের কয়েকটি বড় ক্লাবও নাকি তাঁকে দলে নিতে আগ্রহী।
পাঁচ নম্বরে ব্র্যাডলি ও ম্যালকম বারকোলা। সম্মিলিত বাজারমূল্য ১০ কোটি ইউরো। লিভারপুলের নতুন উইঙ্গার ব্র্যাডলির নাম নিশ্চয়ই অনেকের পরিচিত। গত গ্রীষ্মে পিএসজি থেকে বড় অঙ্কের চুক্তিতে লিভারপুলে যোগ দিয়েছেন। ফ্রান্সের হয়ে বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন। তাঁর বাজারমূল্য ১০ কোটি ইউরো।
কিন্তু তাঁর বড় ভাই ম্যালকম বারকোলা যে গোলকিপার, সেটি হয়তো অনেকেরই অজানা। ২৭ বছর বয়সী ম্যালকম খেলেন মরক্কোর ক্লাব ইত্তিহাদ তাঞ্জিয়েরে। তাঁর বাজারমূল্য মাত্র ৫০ হাজার ইউরো। এক পরিবারে ১০ কোটি ইউরোর উইঙ্গার, আর ৫০ হাজার ইউরোর গোলকিপার! বাজারদরে এত বড় ফারাক, এ নিয়ে পারিবারিক আড্ডায় কে কাকে কতটা খোঁচা দেন, তা অবশ্য জানা যায়নি।
সূত্র: প্রথম আলো
-
ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা, এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা
-
দুধে ধোয়া রাজনীতি!
-
ম্যানিফেস্টেশন কী, জেন–জি কেন ইচ্ছা দিয়েই স্বপ্নপূরণ করতে চায়
-
অনুবাদে মানুষের প্রয়োজনীয়তা কি ফুরিয়ে যাবে
-
ইরানের অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স, এবার স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরে নজর
-
ড্রোন হামলায় ইরাকের গ্যাসক্ষেত্রে আগুন, গ্যাস উৎপাদন বন্ধ, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত
-
Untitled Nov 08, 2026 10:37 pm
-
'পৃথিবীর ধ্বংস ১৩ই নভেম্বর'- ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে আবারও বিতর্ক কেন?
-
ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ কীভাবে হয়, প্রতিকার কী আছে?
-
‘ইত্যাদি’র শুটিংয়ে মুঠোফোন খুইয়েছেন অনেকে, সন্দেহভাজন হিসেবে একজন আটক
-
‘বরিশল’ নামে নতুন উপজেলায় আপত্তি, ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ–অবরোধ
-
ভুল পরিচয়ে গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা নিরপরাধ আলমাস অবশেষে মুক্তি পাচ্ছেন
-
ঢাকা কর অঞ্চল-১৭ এর অধীন চাকরি, পদ ৫৫
-
এনএপিডির মহাপরিচালক নিয়ম মানেন না, বেশি ক্লাস নেন নিজে, ভাতার ভাগও দেন না
-
২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: প্রতিমন্ত্রী