গোপালগঞ্জে ছিনিয়ে নেওয়া খাবার ফেরত পান আনসার সদস্যরা, নিষিদ্ধ ছাত্রলীগ প্রচার করছে তারাই সরবরাহ করেছিল
টুপটাপ বৃষ্টি, হাতে খিচুড়ির ডেগ, মুখে স্লোগান। বৃষ্টির মধ্যেই গোপালগঞ্জে আনসার সদস্যদের জন্য খাবার নিয়ে হাজির হয়েছেন ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) নেতা–কর্মীরা। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে তাঁরা আনসার সদস্যদের হাতে খিচুড়ি তুলে দিচ্ছেন। আনসার সদস্যরাও সেই খাবার গ্রহণ করছেন। এমন বর্ণনা দিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার ছড়ানো ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশা থেকে বড় একটি সসপ্যান নামানো হচ্ছে। কয়েকজন ব্যক্তি সেটি হাতে নিয়ে আনসার সদস্যদের কাছে পৌঁছে দিচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘গোপালগঞ্জে বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ!’
তবে বিজ্ঞপ্তি দিয়ে ভিন্ন তথ্য দিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গতকাল শুক্রবার পাঠানো বিজ্ঞপ্তিতে আনসার দাবি করেছে, গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের জন্য নেওয়া খাবার একদল দুর্বৃত্ত ছিনিয়ে নিয়েছে। খাবার বহনকারী ব্যক্তিদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেওয়া হয়। এরপর তা বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
এ কারণে ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে প্রচারিত তথ্যকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
নিজেদের সংবাদমাধ্যম দাবি করা Bartamandesh.com নামের একটি ফেসবুক পেজ থেকে ৪৪ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টের শিরোনামে লেখা হয়, ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ!’ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ভিডিওটি ১৯ লাখের বেশিবার দেখা হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে ১ লাখ ২৩ হাজারের বেশি এবং শেয়ার হয়েছে ১১ হাজারের ওপরে।
ভিডিওটি ইউটিউবের পাশাপাশি ৩৯টির বেশি ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে।
আনসার বাহিনীর বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে
ভিডিওটির সত্যতা যাচাই করতে গিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেসবুক পেজে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তি পাওয়া যায়। ২০ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিটির শিরোনাম, ‘গোপালগঞ্জ জেলা কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রকৃত ঘটনা’।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। তাঁদের জন্য জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বেসামরিক কর্মীরা খাবার নিয়ে যাওয়ার সময় পথে বিভিন্ন বাধার সম্মুখীন হন।
একপর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত খাবার বহনকারী ব্যক্তিদের জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেয়। পরে ওই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের উদ্যোগ হিসেবে প্রচার করা হয়। একই সঙ্গে আনসার সদস্যদের খাবার সরবরাহের বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে আনসার বাহিনী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে প্রকাশিত সংবাদ প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। খাবার সরবরাহের সঙ্গে যুক্ত কর্মীদের জিম্মি করে, ভয়ভীতি দেখিয়ে এবং পরিস্থিতির সুযোগ নিয়ে ভিডিও ধারণের মাধ্যমে প্রকৃত ঘটনা আড়াল করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তির সঙ্গে প্রকাশিত ছবিতেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওর একটি স্থির চিত্রের মিল পাওয়া যায়।
বিজিবির খাবার ও পানি সরবরাহ নিয়েও অপপ্রচার
১৯ নভেম্বর গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে খাবার ও পানি পৌঁছে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়। ৩২ সেকেন্ডের ওই ভিডিওতে পেছন থেকে একজনকে বলতে শোনা যায়, ‘আমরা গোপালগঞ্জবাসী যে অতিথি আপ্যায়নে সব সময় এগিয়ে, এটা তার একটা উদাহরণ। আমাদের বিজিবি ভাইয়েরা, যাঁরা গোপালগঞ্জের দায়িত্বে আছেন, তাঁরা বলতলীতে অবস্থান করছেন।’
ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ‘শেখ হাসিনার (ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী) নির্দেশে গোপালগঞ্জে অবস্থানরত বিজিবি সদস্যদের খাবার পানিসহ যাবতীয় জিনিসপত্র সরবরাহ করছে আওয়ামী লীগ।’
ভিডিওতে একটি ভ্যানগাড়িতে করে পানির বোতল নিয়ে বিজিবি সদস্যদের অবস্থানস্থলে প্রবেশ করতে দেখা যায়। একই দাবিতে ২৭টির বেশি ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রচার করা হয়েছে। এর মধ্যে দ্বীন ইসলাম মোল্লা জয়িন নামের একটি প্রোফাইল থেকে পোস্ট করা ভিডিওটি ১২ লাখ বার দেখা হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে ৬৩ হাজার। শেয়ার হয়েছে ৬ হাজারের বেশিবার।
তবে এ ঘটনাতেও বিজিবির একটি বিজ্ঞপ্তি পাওয়া যায়। এতে গোপালগঞ্জে দায়িত্ব পালনরত সদস্যদের খাবার ও পানি সরবরাহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার দাবি নাকচ করেছে বিজিবি।
২০ নভেম্বর ‘গোপালগঞ্জে বিজিবি সদস্যদের খাবার পানি সরবরাহ নিয়ে রাজনৈতিক সম্পৃক্ততার অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ শিরোনামে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাহিনীটি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার নির্দেশে বিজিবি সদস্যদের খাবার ও পানি সরবরাহ করছে বলে প্রচার করা হচ্ছে। তবে এ তথ্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের জন্য সরবরাহকারীর মাধ্যমে প্রয়োজনীয় রসদ ও খাবার নগদ অর্থের বিনিময়ে কেনা হয়। আর স্থানীয় দোকানদারের কাছ থেকে মূল্য পরিশোধ করে পানি কেনা হয়। দোকানদার ভ্যানে সেই পানি বিজিবি সদস্যদের কাছে পৌঁছে দেন। এটি বিজিবির নিজস্ব অর্থায়নে পরিচালিত স্বাভাবিক ক্রয় ও সরবরাহ কার্যক্রম। এর সঙ্গে আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তির সম্পৃক্ততা নেই।
সূত্র: প্রথম আলো
-
গোপালগঞ্জে ছিনিয়ে নেওয়া খাবার ফেরত পান আনসার সদস্যরা, নিষিদ্ধ ছাত্রলীগ প্রচার করছে তারাই সরবরাহ করেছিল
-
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
-
আব্বার সাথে খেলা দেখা
-
নাহিদ রানা থেকে হাসান মাহমুদ—কেন পেসাররা চোটে পড়ছেন
-
ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষার সার্টিফিকেট কোর্স, ফি ৫০০০, সপ্তাহে তিনদিন ক্লাস
-
অপেক্ষা
-
ফুটবলে দেশসেরা জোড়গাছার মেয়েদের স্বপ্নের পথে অভাবের বাধা
-
পাশের বাড়ির মানুষগুলো ছিল রুশ গুপ্তচর!
-
বলিউডের বহু সিনেমাই এখন কেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে?
-
কোয়ান্টাম জগৎ: মাপার আগ পর্যন্ত কোয়ান্টাম কণাগুলো একাধিক অবস্থায় থাকতে পারে
-
মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা
-
সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব: মাহফুজ আলম
-
ঢাকায় ২৪ ঘণ্টায় সাবেক এমপি, অভিনেতাসহ ১২৪ জন গ্রেপ্তার
-
মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেয়েছেন, দাবি বিএনপি নেতার
-
‘১০০ টাকায়’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে স্লোগান, আটক ছয় কিশোর