বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

জুলাই গণ–অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের সেই খতিব আটক

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৮:৩০ পিএম
৩৯৬ Shares

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমীনকে আটক করেছে পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানের পর তিনি পালিয়ে গিয়েছিলেন।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রুহুল আমীনের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া।

ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, রুহুল আমীনের বিরুদ্ধে ঢাকা ও গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

মুফতি রুহুল আমীন ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম মসজিদের খতিব ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। আত্মগোপনে যাওয়ার দেড় মাস পর ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররমে যান রুহুল আমীন। ওই দিন খুতবা চলাকালে তাঁর অনুসারীদের সঙ্গে অপর পক্ষের সংঘর্ষ হয়। পরে ২২ সেপ্টেম্বর তাঁকে খতিব পদ থেকে অপসারণ করা হয়।

রুহুল আমীন কওমি মাদ্রাসা অঙ্গনে আওয়ামী লীগপন্থী আলেম হিসেবে পরিচিত। তিনি কওমি মাদ্রাসা শিক্ষা সনদের স্বীকৃতি দেওয়ার জন্য ২০১৮ সালের ৪ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘শোকরানা মাহফিলে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচিত হয়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে এলাকায় পোস্টারও লাগিয়েছিলেন।

সূত্র: প্রথম আলো