বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

ভাঙাচোরা ভ্যানের কষ্ট ঘুচল সহপাঠীদের ভালোবাসায়

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ পিএম
৩৯৯ Shares
সড়কের পাশে ভাঙাচোরা ভ্যানে বিদ্যালয়ের সহপাঠীকে ঝালমুড়ি বিক্রি করতে দেখে তাঁকে সহায়তায় এগিয়ে আসেন অন্য সহপাঠীরা।

প্রায় তিন দশক পর দেখা। একসময় একই বিদ্যালয়ে পড়তেন তাঁরা। পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সম্প্রতি সেই সহপাঠীকে কুলাউড়া পৌর শহরের সড়কের পাশে ভাঙাচোরা ভ্যানে ঝালমুড়ি বিক্রি করতে দেখেন মোহাম্মদ নূরুল ইসলাম খান। বন্ধুর দুরবস্থা দেখে এগিয়ে আসেন তিনি। খবর দেন অন্য সহপাঠীদের। সবাই মিলে প্রায় ২৫ হাজার টাকা চাঁদা তুলে সেলিম উদ্দিনকে (৪৭) কিনে দেন নতুন একটি ভ্যান।

গতকাল সোমবার সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উত্তর বাজার এলাকায় সেলিমকে নতুন ভ্যানটি বুঝিয়ে দেওয়া হয়। এ সময় তাঁর সহপাঠী মিশকাত মজিদ, তাফহীম আহমদ, সাকেল আহমেদ, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, নাসির জামান খান, সঞ্জয় দেবনাথসহ অন্যরা উপস্থিত ছিলেন।

.সেলিমের বাড়ি কুলাউড়া শহরের শিবির এলাকায়। তাঁর বাবা মারা গেছেন। বৃদ্ধ মা, স্ত্রী ও এক ছেলেকে নিয়ে তাঁর সংসার। শারীরিক অসুস্থতা ও অভাবের কারণে নবম শ্রেণিতে পড়ার সময়ই লেখাপড়া বন্ধ হয়ে যায়। এরপর সহপাঠীদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন।

নূরুল ইসলাম খান বলেন, ‘১০-১৫ দিন আগে মিলি প্লাজায় (স্থানীয় একটি বিপণি) কেনাকাটা করতে যাই। হঠাৎ ঝালমুড়ি খাইতে মন চাইল। মার্কেটের সামনেই ভ্যানে একজন ঝালমুড়ি বিক্রি করছিলেন। পুরান-ভাঙাচোরা ভ্যান। ঝালমুড়ি বানানোর সময় কথা বলতে বলতে জানলাম, দোকানদার আমাদেরই সহপাঠী সেলিম। নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে একলগে পড়তাম। ক্লাস নাইন থেকে তারে আর খুঁজে পাইনি। আমিও বেশ কয়েক বছর চীনে ছিলাম। সেলিমের লগে অনেক কথা হইল। নিজের, পরিবারের অনেক কথা কইল। ভাঙাচোরা ভ্যানের কষ্টটাই তার বেশি মনে হইল।’

.নূরুল ইসলাম খান আরও বলেন, ‘মেসেঞ্জারে আমাদের এসএসসি ৯৪ ব্যাচের একটি গ্রুপ আছে। সেখানে সেলিমের বিষয় নিয়ে আলোচনা করলাম। অনেকে সাড়া দিল। প্রায় ২৫ হাজার টাকা চাঁদা তুলি সেলিমের লাগি একটি ভ্যান তৈরি করলাম। সহপাঠী-বন্ধুর পাশে সবাই মিলে দাঁড়াইলাম আরকি।’

নতুন ভ্যান পেয়ে আনন্দিত সেলিম বলেন, ‘ক্লাস নাইনে উঠে হঠাৎ টাইফয়েড রোগ হইল। স্কুলে যাওয়া বন্ধ হই গেল। আব্বা দিনমজুরি করতেন। সংসার, আমার চিকিৎসার খরচ চালানি খুব কষ্ট হইছিল। অসুখ কমতে অনেক দিন সময় লাগল। এর মাঝে ক্লাসের বন্ধুরা এসএসসি পাস করি কলেজে উঠল। লেখাপড়া নিয়া তারা ব্যস্ত হই গেল।’

.জীবিকার তাগিদে একসময় রাস্তার পাশে পান-সিগারেট বিক্রি করেছেন সেলিম। পরে মুদিদোকানে কাজ নেন। সেই আয়েও সংসার চলছিল না। পরিচিত এক ব্যক্তির পুরোনো ভ্যান ধার নিয়ে বছরখানেক আগে শুরু করেন ঝালমুড়ি বিক্রি। কিন্তু ভ্যানটি প্রায়ই নষ্ট হতো।

সেলিম বলেন, ‘বন্ধুরা নতুন ভ্যান দেওয়ায় খুব উপকারে লাগছে। এখন আর টেনশন নাই। বন্ধুরার লাগি ঝালমুড়ি ফ্রি।’

সূত্র: প্রথম আলো